জীবনানন্দের শেষ গল্প

বর্ষার গল্পটাও ছিঁড়ে গেছে অন্ধকারে

স্মৃতির নির্জন ব্যাধি মৃত্যু ছুঁয়ে থাকে

মনে পড়ে জীবনানন্দের শেষ গল্প

কী বিষাদ গভীর বৃষ্টির আর্তনাদ

নৈঃশব্দ্য পাঁজরে

সর্বনাশের করুণ পবিত্র গল্পের

হলুদ-আগুন ছায়া …।

বুনোরাত্রি। দীর্ঘ তাড়া খুব ছেঁড়া-প্রত্নপথ

ধ্বংসস্তূপের ভেতর হারানো খোয়ানো মানুষের

নিঃস্বতার অনিঃশেষ যাত্রা,

সময় ধারণ করে দাহভাষা। বিভ্রান্ত ভ্রমণ

মানুষের। নিদ্রাহীন বেদনার তীব্র

দাহ ভিজে না বর্ষার ক্ষিপ্র মেঘজলে;

অন্ধ নদী। বালি ওড়ে। জোনাকির ছেঁড়া –

ডানার ওপর নিয়ন বাতির প্লাস্টিকের আলো,

ঘুম নেই শহরের চোখে – খুব অসুস্থ অস্থির

কোলাহল;

ক্লান্তি নেভাতে শহর এখন বর্ষা দেখছে ওই

চিপাগলির জানালা খুলে।