ইটবাঁধানো কষ্ট নিয়ে
বসন্ত এলো,
কাঁচামাটি দিয়ে তৈরি ঘরে!
বসন্তের অন্তরা খুলে ঘনিষ্ঠ হবো
অন্তরাত্মা শান্তি পাবে বলে
আমিও সবুজের মূলধন নিয়ে
নিজের হৃদয়ে সম্পাদকীয় লিখতে চেয়েছিলাম!
কিন্তু এবারের বসন্তে –
যে কুঁড়ি ফুটতে চাইছিল,
তা আর ফুটল না –
পুষ্পবাগানও হতবাক হলো!
বসন্তের দিনেও আত্মকলহ ও আত্মকর্তৃত্বে
কাঁচাগোল্লা খেয়ে নেয় কাঁচপোকা,
আমাদের আত্মনাশ হলো –
অন্তর্গত সৌন্দর্য আর থাকল না!
আমরা আশ্বাস পেয়েছিলাম –
রক্তগোলাপ বৃন্তচ্যুত হবে না,
আমরাও আশ্রয়চ্যুত হবো না!
এই বসন্তে –
বসন্ত রোগের প্রাদুর্ভাব ও মহামারিতে,
দুই চোখ অন্ধ হয়ে গেল!
ভেবেছিলাম বন্ধ চোখগুলো
এক এক করে খুলে যাবে,
বসন্তের উদার সৌন্দর্যে!

Leave a Reply
You must be logged in to post a comment.