আমার মৃত্যু হলে
ভাববে সব চুকেবুকে গেল
আমি আর থাকবো না কোথাও,
কিন্তু আমি তো যাবো না এই লোকালয় ছেড়ে –
শূন্য কফিন নিয়ে আমাকে গোর দিতে যাবে তোমরা
অঝোরধারায় বৃষ্টি ঝরবে
তোমাদের চোখের অশ্রু আর বৃষ্টির জলের মিলিত ধারায়
সহস্র চাতক তৃষ্ণা মেটাবে,
পিপাসার্ত আমি কোথাও জল খুঁজে পাবো না,
কোথায় সে অবিরল ঝরনাধারা
সুপেয় জলের আধার;
নিদেনপক্ষে একটি ঝুপরি চায়ের দোকান
এক কাপ চায়ে কিছুটা তো বুকের শূন্যতা পূর্ণতা পেতো
কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না –
কেবল অন্ধকার
কালো পর্দার আড়ালে চলে গেছে আমার পৃথিবী,
আর তোমরা শূন্য কফিন নিয়ে ছুটছো
আমার চিহ্ন মুছে দিতে –
আমি তো লুকিয়ে থাকবো
যে অবিনাশী শব্দগুচ্ছ দিয়ে তোমরা অমর গ্রন্থ লিখবে
আমি সেই শব্দের ভেতর লুকিয়ে থাকবো,
তোমরা যখন নীরব শব্দগুলোকে প্রাণ দেবে
আমি তখন ফুল হয়ে ফুটে উঠবো,
সারা ঘর সুরভিত হবে –
আমি সৌরভ হয়ে বেঁচে থাকবো।

Leave a Reply
You must be logged in to post a comment.