অপ্রকাশিত কবিতা

১.

সেই যুবকটির কোনও চাকরি নেই

সমস্ত দিন – সমস্ত রাত – তার হাতের জিনিস…

কিন্তু এই দীর্ঘ অবসর হাঁপানি রুগির নিষ্ক্রিয় রাত জাগার মত

সে চাকরি খোঁজে না আর

কারণ, মা বেরিবেরিতে মারা গেছেন, বাবা বৃদ্ধাশ্রমে; একা সে

এরা দু’ জনে পরামর্শ ক’রে কেন যে তাকে জন্ম দিয়েছিল

কিন্তু তবুও অজস্র সন্তানের জন্ম দেবার জন্য

আবেগ আসে তার হৃদয়ে

এই সৃষ্টি সামান্য কুৎসিত অথচ স্বর্গীয় ব্যবহারের জন্য

চাকরির প্রয়োজন

কিন্তু তার চেয়েও প্রয়োজন ভাতের

বড়ো-বড়ো ইঁদুর পাইপের ভিতর থেকে বেরিয়ে আসে

মেঝের এঁটো থালার ভাত খেয়ে জ্যামিতির প্রমাণ শেষ করে – তার পর –

দাম্পত্যের গর্তে প্রবেশ করে

রাস্তায় বেরুলে কুষ্ঠ রোগী তাকে সেলাম করে – একটি পয়সার জন্য

এই হাত তার – এই হৃদয়

জীবনের কঠিন সঙ্গতিকে অসঙ্গত হতে দেয় না

২.

অন্ধকারের ভিতর চর্বিবাতি জ্বালিয়ে কী হবে?

বাইরে ট্রামের শব্দ থেমে গেছে

ঘরের ভিতর বড়ো-বড়ো ইঁদুর এসে পড়েছে

কলকাতার জরায়ুর ভিতর কর্কটরোগের দুঃস্বাদ নিয়ে

পৃথিবীতে ক’ আউন্স রেডিয়াম আছে?

কলকাতার রাস্তা সমস্ত রাত গ্যাসের আলো জ্বালিয়ে রাখে

ট্রামলাইনের আঁকাবাঁকা লাইনগুলো

সরীসৃপ-ফুর্তিতে চকচক করবে ব’লে

সাবান-সভ্যতার হৃদয়ে হাত রাখতে পেরেছ তুমি

কোনও জৈমিনি’কে ডাকবার প্রয়োজন নেই আর

সৌজন্য : ভূমেন্দ্র গুহ, অমিতানন্দ দাশ, প্রিয়ব্রত দেব ও গৌতম মিত্র