বড় বড় ভাবের কথা মাথায় না আনাই ভালো। বললেন গৌতম বাবু। বলেই বললেন, আসুন, আমরা কী করছি কেউ তো জানে না। টিফিনে বেরিয়ে এই আধঘণ্টা আপনাতে-আমাতে ভালোই কাটে, কী বলেন! তা কী খাবেন বলুন। আমরা যা খাব, ওকেও তাই দেবো। ঠিক তো? পাকা পেঁপে কেমন লাগবে বলুন তো! ভালো না! বেশ ভালো। দেখবেন কেমন করে খায়! আজ নতুনই দেখলাম ওটাকে। ফ্রেশ, একদম ফ্রেশ। টলমল করে হাঁটছে। গায়ে জামা, তলায় কিছু নেই।
ঝুনুটা দেখা যাচ্ছে। ফর্সা, টকটকে ফর্সা। মায়ের মতো
না, বাপের মতো না। ওরা তো কালো। মেয়ে-মদ্দ
কালো, কিন্তু বাচ্চা শর্মিলা ঠাকুরের মতো ফর্সা। তাহলে পেঁপেই নিই।
বললাম, উপমাটা কিন্তু লাগসই হলো না গৌতম বাবু। ওটা তো ছেলে, ঝুনু না কী বললেন যেন!
আমার কথায় তেমন আমল না দিয়ে গৌতম বাবু বললেন, ওই হলো! জুতসই উপমা-রূপক আপনাদের ব্যাপার। কথা ধরবেন না, ভাবটুকু ধরুন। ভাবুন, এত ফর্সা কী করে হলো!
– কী করে!
– দূর মশাই। হয়, হয় Ñ এই রকমই হয়। ভগবানও জানতে পারেন না। এ বছর এ দিকটায় ফর্সাইবেশি। সারা তল্লাটে নতুন-নতুন এসে পড়েছে। এক-একটা চালান এই রকম হয়। সব ফর্সা। যেটাকে দেখাতে যাচ্ছি, সেটা সবচেয়ে ফর্সা। লাল পেঁপে নিতে হবে।
Ñ লাল!
Ñ হ্যাঁ, মানে হলদে নয় আর কি। হলদে আমরা খাব। লাল, টকটকে লাল ওর জন্য নেব। ফর্সা মুখে খাবে তো! শালপাতার ঠোঙায় করে নেব। খিল নেব একটা। না, দুটো নেব। আপনিও ওর মুখে দেবেন দু-এক টুকরো।
গৌতম বাবুর সঙ্গে আমার সমীহ-সম্ভ্রমের সম্পর্ক। একই খবরের কাগজের প্রতিষ্ঠানে আমরা কাজ করি। ওঁর হলো অ্যাকাউন্টস, আমার লেখালেখি। আমি যদি হই নামী লোক, তাহলে উনি দামি লোক।
খবরের কাগজের চাকরিতে না এলে এমন মানুষ দেখা হতো না। এই মানুষটি লেখকদের অযাচিতভাবে শ্রদ্ধা করেন, হিসেবের লোক হলেও স্বভাবে বিনীত এবং কিঞ্চিত এলোমেলো। সবসময় হাসিখুশি। নিজেকে নিয়ে তামাশা-মশকরা করে আনন্দ পান। লেখকদের সঙ্গে মেলামেশায় ওঁর অফুরন্ত দম। মানুষটি অকৃতদার। সন্দেহ নেই উনি ফর্সা-প্রকৃতির মানুষ।
ওঁর সঙ্গে মেশবার সময় আমি কিছুটা কুণ্ঠিত থাকি। কারণ মানুষটা ধনী এবং শিক্ষিত। অথচ অহংকারশূন্য। বলতে কী, ওঁকে মাঝে মাঝে শিশু-কিশোর গোছের লাগে, বিভূতিভূষণের প্রচণ্ড ভক্ত। শিবরামের ভক্ত। আমি কুণ্ঠিত, হয়তো উনি বুঝতে পারেন। কারণ এঁকে অফিসের দারোয়ানরা নমস্কার দেয়।
এই মানুষই ফুটপাতে নেমে আমার সঙ্গে অন্য এক মানুষ। একদিন কানের কাছে মুখ এনে চাপা গলায় বললেন, আমাকে এখন ন্যাপা ঘোষ বলে ডাকতে পারেন।
Ñ সেকি!
Ñ হ্যাঁ, পারেন। গৌতম নামটা উচ্চমার্গের কিনা।
Ñ আপনি বিয়ে করলেন না কেন?
Ñ সবার সব জিনিস হয় না। আপনি যেমন লেখেন, আমি লিখি না, সেই রকম।
Ñ আপনি লুকোচ্ছেন।
Ñ কই আর লুকোচ্ছি, না হওয়ার থাকলে হবে না। কী করতে করতে বেলা গড়িয়ে যাবে। হলো তো হলো, না হলো তো না হলো। ব্যস। ধরুন, একটা গল্প লিখতে লিখতে আপনি ফেলে রেখে দিলেন। হাতই দেওয়া হলো না আর। হয় না? শেষ না করা গল্প দু-একটি, সব লেখকেরই থাকে।
Ñ হ্যাঁ, থাকে।
Ñ বেশ, জবাব তো পেলেন। চলুন বেগুনভর্তা দিয়ে পোড়া-পোড়া তন্দুরি রুটি খাই। ওইদিকে একটা দোকানে যত্ন করে দেয়। খাবেন?
Ñ খেলেই হয়।
আজ হলুদ পেঁপে খেলাম আমরা। সঙ্গে নেওয়া হলো শালপাতায় করে লাল পেঁপে। এই বর্ণবোধ ন্যাপাবাবুর নিজস্ব। বললেন, দিলে ওরা নেয়, আমাকে বিশ্বাস করে। খাইয়ে দিলেও বকবে না। হাসবে।
Ñ কে হাসবে?
Ñ মা। বলেই এক টুকরো নিজে মুখে দিলেন গৌতম। তারপর বললেন, মা ঠিক বোঝে, বিষ দিচ্ছি না। নতুন ফল কাটিয়ে নিয়ে যাচ্ছি, ছাড়ানো থাকলে শিশুর জন্য নেব কেন! একটাও মাছি বসতে দিইনি। দেখলেন তো! বলতে বলতে প্যান্টের পকেট থেকে বিশুদ্ধ ধোয়া একখানা সাদা রুমাল বের করলেন অ্যাকাউন্ট্যান্ট। সেটি দিয়ে জড়িয়ে নিলেন ঠোঙাটাকে। লক্ষ রাখছেন, মাছি না বসে।
ওঁর হাঁটতে কষ্ট হয়। বছর দুই আগে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিলেন মোটরবাইকে। মরতে মরতে বেঁচেছেন। বিছানায় পড়ে থাকতে হয়েছে। খাড়া হয়ে দাঁড়িয়ে উঠতে ভয়ংকর কসরত করতে হয়েছে। এখন হাঁটতে হয় লেংচে। সিঁড়ি ভাঙার ক্ষমতা নেই। পথ অসমতল হলে চোখেমুখে ভয় ফুটে ওঠে ঈষৎ। উপর থেকে এক ধাপ নিচে পা পড়লে ব্যথায় চোখমুখ অল্প কুঁচকে যায়, বোঝা যায়, ব্যথা-বেদনা চাপতে হচ্ছে।
একদিন ব্যথায় চমকে উঠে বললেন, পাপ করেছি তো!
Ñ পাপ!
Ñ বিয়ে-শাদি না করলে পাপ হয় না বলছেন! হয় মশাই হয়। সেই শাপ লেগে কোমরটা ভাঙলাম। তাও তো ভাগ্য ভালো যে, কেঁচো হতে হয়নি।
Ñ ব্যথা-ব্যথা করে!
Ñ করেই তো।
Ñ আচমকা?
Ñ হ্যাঁ।
Ñ সাবধান থাকতে হয়। এখনো?
Ñ ব্যথা থাকলে সাবধান থাকবেন, নইলে কী আর! খচখচ করে তো! ভাবি, ভালোই হয়েছে। ব্যথা একটা থাকা ভালো। চলতে-ফিরতে। ভালোই।
অত্যন্ত সহজ বাংলায় কথা বলেন গৌতম বাবু। তাঁর প্রিয় লেখকদের নমস্কার করেন কপালে এক হাত ঠেকিয়ে অভিবাদনের ভঙ্গিতে। আর ওঁকে দারোয়ানরা সেলাম ঠোকে। এ এক বিচিত্র ব্যাপার। দারোয়ানরা আমাকে কখনো সেলাম দেয় না, ওরা বোঝে কার কী ‘পাওয়ার’।
এত বড় প্রতিষ্ঠানের হিসাব-রক্ষক যে এই রকম হবেন, আমার ধারণা ছিল না। একটা কোনো ব্যথা তাঁকে সর্বক্ষণ পাহারা দিচ্ছে, খোঁচাচ্ছে, অথচ সারাক্ষণই চোখেমুখে একটা প্রসন্নতা খেলা করছে। কোম্পানির হিসাবে ওঁর হয়তো ভুল হয় না, কিন্তু জীবনের হিসাবে কোথাও কি তিনি ভুল করেছেন! কিন্তু সে-কথা বুঝব কী করে! ওই যে বললেন, পাপ করেছেন।
হঠাৎ-ই ওই পাপ, ওই ব্যথার কথা আচমকা মুখে এসে পড়েছে ওঁর। আগে কখনো শুনিনি। মানুষটা দারোয়ানের সঙ্গেও ভদ্রভাবে কথা বলেন। এই মানুষকে রাগতেও দেখি না। কাউকে ‘ধমক’ দিচ্ছেন, এমনও দেখিনি। তাঁর কাজের বহর আমার পক্ষে বোঝা সম্ভব নয়। এমনকী তাঁর জীবনটাও আমার ঠিক জানা নেই। আঠারো বছর ধরে ওঁকে দেখছি, অথচ তাঁর কিছুই প্রায় জানা হলো না। রোজই কথা হচ্ছে, নমস্কার বিনিময় হচ্ছে, এই রকম টিফিনে আমি হঠাৎ কখনো, মাসে দু-চার দিন, আগে এই আসাটাও ছিল না। এভাবে আঠারো বছর কেটে গেল। এই যে পরস্পর একই অফিসে এতদিন পাশাপাশি, না পাশাপাশি নয়, কিছুটা কাছাকাছি রইলাম, অথচ কেউ কাউকে জানলাম না Ñ এমনই বা হয় কেন! ওঁকে আমি একটু-আধটু ছুঁয়েও দেখেছি, মানুষকে স্পর্শ করলেই কী মানুষকে স্পর্শ করা যায়!
উনিও যে আমাকে খুব একটা জেনেছেন, বুঝেছেন, তা-ও নয়। আমার গল্প-উপন্যাস পড়েছেন, তা নিয়ে কখনো উচ্ছ্বাস প্রকাশ করেছেন Ñ এমনটি উনি অন্য লেখকদের ক্ষেত্রেও করেন। ফলে বোঝা যায় না, জীবিত লেখকদের কাকে তিনি কীভাবে দেখেন। একজন পুরোদস্তুর নাগরিক মানুষ। আমার অনেক গ্রাম্য লেখা হয়তো ওঁর মনেও ধরে না। তবু আমাকে কখনো এই রকম টিফিনে ডাকেন, ফুটপাত দিয়ে পাশাপাশি হাঁটেন, কোনো এক ধরনের ভাব-বিনিময় চলে Ñ এও এক অভিজ্ঞতা, আলতো, অস্ফুট, বোঝা-না-বোঝায় দোলায়িত বন্ধুত্ব। বন্ধুত্ব বলাও ঠিক নয়, এই সম্বন্ধের নামকরণ হয় না। একটা কোথাও টানও আছে দুজনের মধ্যে।
ন্যাপা বললেন, ব্যথাট্যাথা বাদ দিন। সে কোনো কথাই না। আসলে সুন্দর বাচ্চার মতো সংসারে কিছুই নেই। একটা বাচ্চা যতদিন বাচ্চা থাকে ততদিনই সুন্দর। আমি দেখি, কতদিন একটা বাচ্চা সুন্দর থাকে। আমার একটা হিসাব আছে।
Ñ কী রকম?
Ñ সেটা চোখের হিসাব। আমার চোখই বলে দেয়, এ বাচ্চা খারাপ হতে চলেছে, ছমাস বাদে এ আর ভালো থাকবে না। এর শৈশব চলে যাচ্ছে। তখন আমি ধীরে ধীরে অন্য ফুটপাত ধরি, যেখানে নতুন বাচ্চা উঠেছে, সেখানে চলে যাই। ওই যে কবিতায় আছে না, ফুটপাত বদল হয় মধ্যরাতে, সেই রকম, আমারও ফুটপাত বদল হয়।
Ñ তাই বুঝি!
Ñ আজ যে-বাচ্চাটার কাছে যাচ্ছি, সেটার কাছে আমি হয়তো আর ছ-আট মাস যাব। এবং অনেকবার গিয়ে দেখেছি, ফুটপাত নয়, বাচ্চাটাই বদলে গেছে। মেয়ে-মরদ কোথায় চলে গেছে। অন্য দম্পতি এসে পড়েছে, তাদের বাচ্চাটা দেখার মতো নয়। তখন পালিয়ে আসি। পালিয়ে এসে এক ধরনের ব্যথা হয় বুকটায়। একটা বাচ্চাকে দেখলাম, কিছু মনে করবেন না, একটা কেমন শাবক-শাবক ভাব, মানুষের নয় মনে হলো। হায় ভগবান, এ যেন কী একটা! সরি! সব বাচ্চাই তো ভগবান। তাই না!
Ñ কী জানি!
Ñ সেকি! আপনি জানেন না! বাচ্চা আপনার ভালো লাগে না! আপনি কাঠি দিয়ে খাওয়াবেন না বাচ্চাকে? এই বাচ্চাটার আমি নাম দিয়েছি মাল্যবান। ওরা জানে না। আচ্ছা, নামটা কি খুব শক্ত হয়েছে!
Ñ ঠিকই হয়েছে। চলুন। আর কদ্দুর?
Ñ এই এসে গেলাম বলে। আজকাল তো আর ছুটতে পারি না, খোঁড়াতে হয়। তাছাড়া হাতে ফল ধরে হাঁটা তো! ফর্সা বাচ্চার গালে একটা লাল-গোলাপি আভা থাকে, দেখেছেন? আতুড়ের রং সেইটে। গোলাপি-লাল। সেই রংটা যদ্দিন থাকে, এই গোলাপি আভা, ততদিন কী ভালোই না দেখায়!
যা দেখলাম, সে ভারি আশ্চর্যই বটে। গৌতম বাবু ফুটপাতের বাচ্চাকে লাল পাকা পেঁপে খাওয়াচ্ছেন শালপাতার ঠোঙা থেকে কাঠি দিয়ে গেঁথে তুলে মুখের কাছে ধরে, ঠেলে দিয়ে, গুঁজে দিয়ে বলছেন, খাও মণি, বাবা এ তোমার ফলান্ন, ফল দিয়ে তোমার অন্নপ্রাশন হলো। দেখছেন কেমন চাখছে, স্বাদ পাচ্ছে, দেখুন জিভটা দেখুন, কী খুশি দেখুন, গালটা দেখুন, আহা! কেমন মেখে গেল দেখুন, লাল ফল, গোলাপি গাল, গলে নামছে, গালে, জিভে, গলায় এই যে মেখেচুকে গেল, এটাই ব্যাপার। হ্যাঁ, গো মা, এটাই তোমার প্রথম?
বাচ্চার মা হিন্দিতে কী বলল বোঝা গেল না। দেখে মনে হচ্ছে, এটাই তার প্রথম বাচ্চা। ফুটপাতে শুকনো রুটি মেলে দিয়ে শুকিয়ে নিচ্ছে, কোথা থেকে জোগাড় করেছে কে জানে!
গৌতম বাবু বললেন, এই রুটি বেচা হবে। কুড়ি-পঁচিশ পয়সা করে, যারা ভিখিরি তারা কেনে। তাই না রে মা! বলবে না। মা হাসছে দেখুন। মানে বেচবে। মরদটা কাজে গেছে। এই বিল্ডিংয়ের এই অংশের এইটুকু দেওয়াল, এটার মাত্র এইটুকু, এটা ওর ঘর। এই অংশটা উঠোন। এখানে বাচ্চা খেলছে। আমরা ওর অন্নপ্রাশন করে গেলাম। কী বলে, ফল মুখে দিয়ে পৃথিবীতে অভ্যর্থনা করা গেল। অন্নপ্রাশন, বুঝলেন! এই সংস্কার আপনি মানেন না! ফলও তো অন্নই। অন্ন-সংস্কার মানেন না? মণি তো এখনো ঘোরের মধ্যেই আছে Ñ তাই না!
Ñ ঘোর!
Ñ হ্যাঁ, ঘোর! কোথায় এলো সেই ঘোর, কোথায় ছিল সেই ঘোর। এটা দুনিয়া, বোঝো বাবা, এই হলো জগৎ। ফল খেলে, অন্ন দেওয়া গেল, যোগ হলে এই মাটির সঙ্গে, এই ফুটপাতে, স্বাদ পেলে কেমন একটা, এবার তুমি নিজে সামলাও। নিন আচ্ছা মশাই, আপনিও একটু দিন,কাঠিটা ধরুন। ওর গালে ইচ্ছে করলে একটু-আধটু মাখিয়ে দিতেও পারেন, সুন্দর দেখাবে। খুব আহ্লাদ হয়েছে, দেখুন। লাল ঠোঁট, গোলাপি গাল, এইসব ব্যাপার। মা হাসছে, দেখুন। ওরও আহ্লাদ হয়েছে। রাস্তার এই মায়েরা আমাকে বকেঝকে না। প্রশ্রয় দেয়। জানে, বিষ তো দিচ্ছি না। কিন্তু পরে এই ব্যাটা আমাকে চিনতে পারবে না। আমিও চিনব না। ব্যস। চলুন।
সরু আর নরম কাঠি সত্ত্বেও গৌতম বাবু কী সাবধানেই না খাওয়ালেন বাচ্চাটাকে। তারপর ওঁর সাদা রুমাল দিয়ে মুখটা মুছিয়েও দিলেন এবং রুমালটা অসংকোচে পকেটে পুরে রাখলেন। বাচ্চাকে খাওয়াতে আমি আর সাহসই পেলাম না। আমার কেমন শিরশির করছিল।
এই ঘটনার অনেক দিন বাদে এক নবীন বর্ষার বিকেলে আমি গৌতম বাবুকে লক্ষ করতে থাকি। বাইরে বৃষ্টি পড়ছে। আমার হাতে ছাতা। ন্যাপা ঘোষ ছাতা ব্যবহার করেন না। কারণ যাদের গাড়ি থাকে, তারা ছাতা নেন না। ছাতা আমরা নিই।
বললাম, আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই গৌতমদা। তারপর হেঁটে চলে যাবো শিয়ালদা। বৃষ্টি থামার লক্ষণ নেই। আসুন।
ছাতার তলে আসার পর অফিসের রাস্তায় কধাপ এগিয়েই বললেন, বরং একটু ঘুরে এলে হতো। চলুন, যাবেন! না, আমি একলাই যাই। আপনি অফিসেই থাকুন ততক্ষণ। যাবো আর আসব। আপনার ছাতাটা দিন।
বুঝতে পারছিলাম, ন্যাপা কোনো বাচ্চা দেখতে যাচ্ছেন। এ তাঁর অপরিসীম ঘোর। ফুটপাতেই তিনি তাঁর অন্য-এক জীবন ফেলে রেখেছেন, এক দেওয়ালের ঘর এবং উঠোন। এই বর্ষায় তিনি খুব শঙ্কিত বোঝা গেল।
সারা আকাশজুড়ে বাতাস আর বৃষ্টির পাগলামি। টানা শোঁ-শোঁ শব্দের কোনো বিরাম নেই। মাথায় ছাতা ধরে রাখা যায় না। হেলে পড়ে বাতাসে পেড়ে ফেলে, ছড়ছড় করে গা-মাথা ভিজে যায়। ফুটপাত ভেসে যাচ্ছে। এই অবস্থায় গৌতম খোঁড়াতে খোঁড়াতে আমাকে টেনে নিয়ে চললেন। পা পড়ল নিচে, কোনো গর্তই হবে, চমকে-মচকে গেলেন ন্যাপা। অদ্ভুত কষ্টে যেন-বা আর্তনাদ করলেন, মুখে দুর্বোধ্য আওয়াজ দিলেন। আমি শিউরে উঠলাম।
চারদিক ঝাপসা হয়ে এসেছে। ফুটপাতের একটা জায়গায় আনলেন উনি। দেওয়ালের একটা কোণের দিকে এগিয়ে গেলেন। স্থানটা আঁধারমতো, ওখানে রাস্তার খুঁটির আলো এসে পৌঁছতে না পারায় দূর থেকে মনে হচ্ছে অন্ধকারের গহ্বর। আমি অল্প তফাতে ছাদের তলায় দাঁড়িয়ে পড়লাম। ছাদটা মাঝখানে ফাঁক দিয়ে অন্য বিল্ডিংয়ের ছাদ ধরেছে, ওখানে ওই বিল্ডিংয়ের যেখানে সরু, সেখানে থামের একটা আড়াল কোণ। ছাতা নিয়ে সেখানে চলে গেলেন ন্যাপা।
ন্যাপাকে দেখে মনে হচ্ছিল, ফুটপাতও একটা আবিষ্কারের জায়গা Ñ সেখানেও গৃহের মতো আলো-আঁধারি আছে। এক দেওয়ালের ঘর, উঠোন, খাদ্যভাণ্ডার, রুটির জোগাড়, কেনাবেচা। যে-রুটিতে মাছি বসছিল সেদিন। যেখানে শিশুর অন্নপ্রাশন হয়েছে।
ছাতা বুজিয়ে বাঁ-হাতে ধরে পা টেনে লেংচে মৃদু কেতরে ওই গহ্বরে ঝুঁকে পড়লেন ন্যাপা Ñ একজন হিসেবি-বেহিসেবি মানুষ, যাঁর স্নায়ু শিশুর মতো পুরনো আর অর্ধনির্মিত বলে মনে হয়। ফুটপাত যাঁর পায়ের তলার বারান্দার মতো চলমান। ঝুঁকলেন ন্যাপা এবং একটা উৎকট চিৎকার দিয়ে উঠলেন, ‘মানুষ না, মানুষ না!’
বিদ্যুতের চমকে ওঁর মুখটা সাদা অক্ষরশূন্য খবরের কাগজ বলে মনে হলো। ছাতা হাতে, আমাকে ভুলে গিয়ে, বিরাট এক আতঙ্কে, গুহায়িত কোনো কিছু দেখে পালাতে থাকেন শ্রীঘোষ। কী দেখলেন অমন করে! আমি ডাকছি, উনি শুনছেন না।
দেখলাম, অন্য একটি কোণ থেকে, একটা কিশোর, সাহেবদের মতো ফর্সা, কিন্তু কালিঝুলি-শ্যাওলা-মাখা, খালি গা, ত্যানা পরা ওঁর দিকে ছুটে যাচ্ছে। পালাচ্ছেন গৌতম বাবু। মানুষের কী দেখলেন উনি? মানুষ নয় বলছেন কেন! পথশিশুদের না দেখলে তো থাকতে পারেন না। কী হলো আজ?
আমি ওঁর পিছু নিই। উনি ভয় পেয়েছেন। কিশোর ওঁকে আমারই চোখের সামনে জামা টেনে ধরে পয়সা চাইছে। ন্যাপা বলছেন, আমি তোকে চিনি না।
বালক বলল, আম্মা বুইলেছে, তুমি মোকে খাইতে দিবা। দিবা না! দেও, খাইতে দেও। তুমি ফল দিয়া এই ঝুনুডার ‘মুখে-ভাত’ কইরে হাস নাই? মুই বাবু, বেকার। দেও!
Ñ না, চিনি না তোকে। তুই কে? কার তুই? কোথাকার, কোন ফুটপাত তোর? ছেড়ে দে। অ্যাই, বলছি ছেড়ে দে। আমি অন্ন দেবার কে? কাউকে কিচ্ছু দিইনি। আমার ডেবিট-ক্রেডিট তুই বুঝবি আহাম্মক। আমার ওপেনিং, আমার ক্লোজিং, আমার ব্যালান্স কে বোঝে রে! ছেঃ, আম্মা কইছে, সাধের আম্মা! ছাড়, ছাড়! বলতে বলতে ছাতা ছুটে গেল হাত থেকে। জলের স্রোতে গিয়ে পড়ল।
একটা ফোটানো ছাতা কলকাতার রাস্তায় ভেসে যাচ্ছে, সেটা ধরতে গিয়ে আছাড় খেলেন গৌতম। প্রচণ্ড আঁধির মধ্যে বারবার আছড়ে পড়েছেন পথের ওপর। থেঁতলে, কনুই ছিঁড়ে গেছে। ওই বালক বলেই চলেছে, ‘আম্মা বুইলেছে, খাইতে দেও!’
ন্যাপা হাত তুলে আত্মরক্ষার ভঙ্গিতে বর্ষার ফুটপাতে পড়ে বলে চলেছেন, ‘মানুষ না, মানুষ না। কী দেখলাম, হায় ভগবান!’
এই ঘটনার পর সাতদিন জ্বরে পড়লেন ন্যাপা। পরে যখন দেখা হলো, হাতে শালপাতায় ধরা ফল, বললেন, ‘আর আমার সঙ্গে যাবেন না, তাই না!’
আমি চুপ করে আছি দেখে মুখ কাচুমাচু করে লেংচে একা এগিয়ে গেলেন গৌতম।
কেন কী-জানি, চোখে জল এসে পড়ল। থ হয়ে দাঁড়িয়ে রইলাম পথের ওপর। বড় বড় ভাবের কথা মাথায় আনতে মানা করেছেন গৌতম বাবু।
হাতে-কলমে বামপন্থি রাজনীতি করা লোক আমি। সহজে বড়লোকদের বিশ্বাস করি না। চাষি-ক্ষেতমজুরের মধ্যে ছিলাম। ওদের নিয়ে এক দশক কেটেছে জেহাদ করে করে Ñ বিস্তর লোক-অভিজ্ঞতা হয়েছে। তাই নিঃসংশয়ে মানুষকে বিশ্বাস করা আমার ধাতে নেই। কোনো ধনী-শিক্ষিত লোক দেখলেই আমার দৃষ্টি ঈষৎ বক্র হয়ে ওঠে।
কিন্তু গৌতমকে বাজিয়ে দেখে যা পেয়েছি, তা হলো, তাঁর ওই শিশুপ্রেম কোনো বানানো ব্যাপার নয়। কোনো এক অপরাধবোধে তিনি সবসময় আচ্ছন্ন থাকেন।
আমার ধারণা, কোনো কোনো মানুষের মনে অকারণ একটা অপরাধবোধ কাজ করে। তিনি নিজেও জানেন না, কী সেই অপরাধ!
একদিন এই ন্যাপা ঘোষকে বললাম, আচ্ছা মশাই, আপনি মানুষটা কেমন বলুন তো!
ঘোষ মশাই অবাক হয়ে বললেন, কেন বলুন তো!
Ñ সেদিন বৃষ্টি-বাদলার মধ্যে কী দেখলেন অমন করে, ওই ফুটপাতের কোনটায় কী ছিল?
Ñ বাচ্চা।
Ñ মানুষের বাচ্চা?
Ñ আবার কীসের! দু-একদিন আগে হয়েছে বা সপ্তা-দুই। বাদলা তো, বোঝা গেল না। হতে পারে, এক-দেড় মাস। গা থেকে বৃষ্টির ধোঁয়ার মতো ভাপ উঠছিল। চারদিকটা আঁধার করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোয় দেখলাম কিনা। মা ছেড়ে পালিয়েছে বাচ্চাটাকে। মুখে আফিম দিয়ে কেটে পড়েছে। বাচ্চা ঘুমন্ত। বৃষ্টির ঝাপটায় জাগছে না। বিদ্যুতের চমকানিতে চমকাচ্ছে না।
Ñ আপনি, ‘মানুষ না, মানুষ না’ বলে চেঁচিয়ে উঠলেন।
Ñ হ্যাঁ, হবে হয়তো।
Ñ অমন করে কাকে বললেন কথাটা! মাকে? মানে অনুপস্থিত মাকেই তো?
Ñ না।
Ñ তাহলে কাকে? কার উদ্দেশ্যে?
Ñ নিজেকেই বলেছি হয়তো।
Ñ হয়তো!
Ñ দেখুন, মানুষের সব কথা ধরতে নেই। তখন কী হলো, ওই রকম চেঁচালাম। মনে নেই সবটা। ভুলে গেছি।
Ñ আপনি গোপন করছেন।
Ñ গোপন কেন করব! মহা-মুশকিল। আরে, একী আর নতুন দেখলাম!
Ñ আগেও দেখেছেন?
গৌতম বাবু এবার আকাশে চোখ তুললেন। তারপর হঠাৎ আমার একটা হাত আঁকড়ে ধরে কিছুক্ষণ চুপ করে থেকে চোখ নামিয়ে বললেন, শুনুন তাহলে। একটা ফেলে রাখা গল্পকে খুঁড়ে তোলার মানে হয় না। কৌশিক নামে আমার এক আর্টিস্ট বন্ধু ছিল পাড়ার। চমৎকার ছবি আঁকত। গান গাইত। পাড়ার ক্লাবে নাটক করত। গুণী ছেলে, পড়াশোনায় এক নম্বর। এদিকে রিচ ফ্যামিলি। এই ছেলেই এম. এ. পড়বার সময় এক সহপাঠিনীর প্রেমে পড়ে দাগা খেয়ে একদম বিগড়ে গেল। অমন করে নষ্ট হতে কাউকে আমি দেখিনি।
Ñ কী হয়েছিল?
Ñ সীমা বা রমলা, এই ধরনের নাম ছিল মেয়েটার। প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ে। কৌশিককে সরাসরি ‘না’ বলে দিয়েছিল। কৌশিকের ডাকনাম কুশ। যেদিন ধাক্কা খেল, সেদিন ওর অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
Ñ কাঁদছিল?
Ñ না, একদম নয়। বাড়ি ফিরে আমাকে টেলিফোন করল। বলল, আই অ্যাম অলরেডি বিট্রেড ন্যাপা, তুই একবার আসবি? যখন গেলাম, প্রথমেই বলল, রমলা জাত তুলল গৌতম। আর কিচ্ছু না। বলল, তোমাদের সোনার ব্যবসা, ওই ফ্যামিলিতে আমি বউ হবো ভাবলে কী করে? আসলে সেসব নয়, কুশের ঠোঁট ছিল মোটা আর গালের হাড় বড় বড়। একটু চোড়াড়ে আর কোনো একটা ধাঁচা ছিল, যা একটু বিস্টলি ভাব আনত মুখটায়, ধরুন শিম্পাঞ্জির চোয়ালের মতো। কিন্তু ওর চোখদুটো অসম্ভব মানবিক আর সুন্দর।
Ñ ঠিকই তো আছে।
Ñ না, ঠিক নেই। ওর ওই চোখ একটা ব্যাপার নিশ্চয়। খুবই হিউমেনলি হিউম্যান (ঐঁসধহষু যঁসধহ)। এটা ওরই কথা। এত শক্ত কথা আমি বলিটলি না। কুশ ওর নিজেকে জানত। ও ভাবত, ওর চোখদুটো তো আছে। চেহারা পশুর মতো, কিন্তু চোখ তো মানুষের। আমি বলতাম, বড় বেশি মানুষের। তা সত্ত্বেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত আর বলত আমি বোধহয় ঠিক মানুষ নই, এই ঠোঁট, এই চোয়াল, এই থুতনি, কানদুটো শিম্পাঞ্জির Ñ একটা বন্য চেহারা ভাই ন্যাপা।
Ñ তখন কী বলতেন আপনি?
Ñ বলতে কী, একই সঙ্গে তাকে পশু আর মানুষ মনে হতো। প্রথমত পশুই, চোখে ভালো করে দেখলে আস্তে আস্তে মনে হতো, মানুষ। এটা একটা বিচিত্র ফিলিং। এর মধ্যে কিন্তু রূপক খুঁজবেন না। ও সত্যিই ওই রকম রূপ নিয়ে জন্মেছিল।
Ñ আছে।
Ñ এই রকম আছে না!
Ñ হ্যাঁ।
এবার হাত ধরে সামনে পা বাড়ালেন গৌতম বাবু। মনে মনে ভাবছিলাম, কী কঠিন গল্পের দিকেই না এগোচ্ছি আমরা। অথচ গৌতম নিজে নিতান্ত সহজ গল্পের পক্ষপাতী।
লেখা দুরূহ হলে ওর মনে অসন্তোষ জন্মে। রচনাকে সহজ করে তোলাটা কেউ কেউ মনে করেন বেশ বড় ধরনের আর্ট, সেটা একজন লেখকের সারাজীবনের তপস্যাও নিশ্চয়। তাই নিয়ে ওঁর সঙ্গে আমার তর্কও বাধে। আমি জানি জীবনটা সহজ নয়। জীব হিসেবে মানুষ সবিশেষ জটিল। মানুষের বাস্তব তার রচিত শিল্পের চেয়েও দুর্বোধ্য, অদ্ভুত এবং উদ্ভট। নইলে গৌতমই-বা ওই রকম, একটা আঁধি-পীড়িত বাচ্চা দেখে, ‘মানুষ না, মানুষ না’ করবেন কেন?
মানুষের দুর্বোধ্যতা এমন জিনিস যে, মাঝে মাঝে গলা শুকিয়ে কাঠ করে দেয়। কোথায় যেন পড়েছিলাম, এক পেশাদার খুনি খুনটুন করে বাড়ি ফিরে চানটান করে সাফসুতরো হয়ে ধুপগন্ধ দিয়ে বেহালা বাজাতে বসতেন, কী মধুর-করুণ সেই সুর। তাই-ই যদি হলো, তাহলে মানুষের গল্প আর সহজ রইল কোথায়!
এই যে ন্যাপা তাঁর বন্ধু কুশের চেহারার বর্ণনা দিচ্ছেন, সেটাই তো রীতিমতো জটিল। অনেক মানুষই দেখতে, না, অনেকে নয়, কেউ কেউ, একটু কেমন আদিম ধরনের হয়ে থাকে। চোয়াল-কপাল-থুতনি-নাক-ঠোঁট এবং মাথার গড়ন না Ñ মানুষ ধরনের হয়। চেহারায় পশুর আভাস প্রকট হয়ে সম্মুখে নিঃশব্দে ব্যক্ত হয়।
রবীন্দ্রনাথের কথাটা হুবহু মনে পড়ছে না, তবে কথাটা হয়তো এই রকম যে, রূপ মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ।
গৌতম হয়তো বলতে চাইছেন, যার চোখদুটো অমন মানবিক, তার মুখের আড়ায় পশুর প্রকট আকৃতি নিতান্ত কষ্টের।
গৌতম বললেন, বন্ধু তবু বলছি, ওর ঠোঁটজোড়া শুঁয়োপোকার মতো ছিল। না, জোড়া জোঁকের মতো। ওই ঠোঁটে রমলার পাতলা ঠোঁট চুম্বন দিতে চাইল না। অথচ রমলা কুশের চোখের দিকে দেখলে পারত!
Ñ আপনি নিশ্চয় কুশের চোখদুটোর প্রশংসা করেছেন?
Ñ নিশ্চয়। কতদিন কত রকমভাবে করেছি। তাতে অবশ্য ওর মন ভিজত না। শুনেছি রঁদার চেহারা নাকি ভালো ছিল না। অথচ সুন্দরী ক্যামিক্লদেল কী ভালোই না বেসেছিল ওই কদর্য শিল্পীকে। নাকি শোনা যায়, ভিনসেন্ট ভ্যানগগ্ দেখতে অসুন্দরই ছিলেন। ভালোবাসাও পাননি। এক বেশ্যা তাঁর কানের প্রশংসা করাতে ভিনসেন্ট একটা কান কেটে উপহার দেন ওই গণিকাকে। এইসব শুনলে মন খারাপ হয়ে যায় মশাই। তা-ও তো বিদেশের ব্যাপার। ওখানে পশুর মতো দেখতে হলেও সুন্দরী জুটে যেতে পারে। বাংলাবাজারে মানুষের দর কিন্তু আলাদা। পহলে দর্শনধারী, বাদমে গুণবিচারী।
Ñ কুশ জানত, দেখতে সে খারাপ।
Ñ আর্টিস্ট মানুষ, বুঝবে না! বলত, মাই আইজ হিউমেনলি হিউম্যান, রমলা দেখলই না ন্যাপা! এই কথা ভাবতে ভাবতে কুশ পাগল হয়ে গেল।
Ñ সেকি!
একটা ঢোঁক গিললেন গৌতম। থমকে দাঁড়ালেন। ফের হাঁটতে লাগলেন। আমার হাত ছেড়ে দিয়ে আবার ধরলেন। এভাবে ফুটপাত ধরে হাঁটা ওর সঙ্গে, হাত ধরা এবং ছেড়ে দেওয়া, লোকস্রোত এড়িয়ে, আমাদের দুজনেরই প্রিয় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
ন্যাপা ঘোষ আমাকে কুশের চেহারার যে-বর্ণনা দিচ্ছিলেন, তাতে করে কৌশিকের রূপ মোটামুটি কল্পনা করে নিতে পারি এবং বুঝতেও পারি শিম্পাঞ্জির মতো কপালটাও চেটালো, ভুরুজোড়া কিছুটা ঝুলো ধরনেরই হবে।
লেখক হিসেবে আমার কিছু
চিন্তামূলক বদঅভ্যাস আছে। বললাম, দেখুন গৌতমদা (কখনো কখনো ভুল করে ওঁকে গৌতম বাবু ডেকে ফেলি) মানুষের আড়া আসলে অল্পবিস্তর পশুসুলভই তো হয়ে থাকে।
Ñ কী বললেন! বলে ন্যাপা ঈষৎ বিরক্তি প্রকাশ করলেন। ওঁর চোখমুখ কেমন খানিকটা কুঁচকে গেল, যেন তিনি মনে মনে আহত হয়েছেন।
বললাম আমতা আমতা করে, কিছু-না-কিছু আভাস, কোনো-না-কোনো পশুর, মানুষের মুখের ছাঁদে থাকে নাকি!
Ñ না। থাকে না।
Ñ যেমন কোনো কোনো মেয়েকে বলা হয় উট-কপালী, কোনো ছেলের মুখ বোয়ালের মতো হয়। আমার ছেলেবেলার বন্ধু আসগারের মাথাটা কাতলা মাছের মতো ছিল। ওই যে বিদ্যাসাগর মশাইয়ের মাথাটা নাকি যশোরের কই মাছের মতো ছিল, তাই লোকে উনাকে যশুরে কই ডাকতে ডাকতে কশুরে যৈ ডাকত। অমন তো হয়ই মানুষের Ñ মানুষ তো পশু থেকেই ডেভেলপ করেছে, মানে ইভলিউশন থিওরি যা বলে আর কী!
রাগত গলায় ন্যাপা মাথা নাড়লেন, বাজে কথা।
তারপর মুখ নিচু করে হাঁটতে হাঁটতে বললেন, ধরা যাক আমরা পশু থেকেই হয়েছি। বেশ। এখন যদি বলেন, মধুবালার মুখ পশুসুলভ, আমি মানব কেন! মোনালিসার মুখে পশুর ছাপ কল্পনা করতে হলে কী হবে জানি না, আমি তো সুইসাইড করে ফেলব মশাই। এসব বলবেন না।
আমি হাসবার চেষ্টা করে বললাম, যাক গে।
গৌতম বললেন, গু-মুত মানুষের আছে, করোটি-কঙ্কাল আছে। কিন্তু সুন্দর চামড়া দিয়ে ঢাকাও আছে সবটা। কিছু মনে করবেন না। তত্ত্বছাড়াই বুঝি পদ্মফুলের পাঁক কিন্তু জলের তলায় লুকিয়ে রেখেছেন ভগবান। ঈশ্বরের ইচ্ছে নয়, তাই নিয়ে ঘাঁটাঘাঁটি হোক। পদ্মমধু কেমন জিনিস, তাই বলুন। সেটাই আসল। রূপ অত্যন্ত দামি জিনিস মানুষের।
Ñ আপনিও আজ ভাবের কথা বলছেন ন্যাপাদা।
ফের থমকালেন গৌতম। চায়ের দোকানটার দেওয়াল-ঘেঁষে দাঁড়িয়ে আমাকে মানুষের স্রোত থেকে টেনে নিয়ে বললেন, হ্যাঁ। ভাবের কথা কিনা জানি না, ভাববার কথা বটে। মধু খাও, পাঁকের কথা তুলবে কেন! তা যদি তুলতে হয়, তাহলে মধুকরকেও টানতে হবে। কী করে পদ্মের রস মধু হচ্ছে, অমন সুন্দর ফুলের, আমরা কী ছাই জানি! দেখুন, কৌশিকটা পশুর মতোই ছিল, ওর চোখে চোখ রাখবার আগেই নাক-ঠোঁট-কপাল, গালের হাড় চোখে পড়ে যেত। রমলার দোষ নেই।
Ñ তারপর কী হলো?
Ñ ওই দিকে চলুন। বলছি।
কৌশিকটা রমলার প্রত্যাখ্যান মেনে নিতে পারল না। কেবলই সে ভেবে চলল, তার চোখদুটি সুন্দর, সেই চোখে চোখ রাখবে না কেন মানুষ!
আর্টিস্টের মধ্যে ক্ষ্যাপামি কিছু থাকেই। আপন চোখের দিকে যখনই কুশ নিজেকে আয়নায় দেখত, বিভোর হয়ে পড়ত। বলত, এই চোখ রমলা দেখল না কেন?
গৌতম বোঝাবার চেষ্টা করে বলেছেন, প্রেমে পড়লে মানুষ মানুষের চোখে চোখ রাখে। রমলা তো প্রেমে পড়েনি তোর। প্রেমে পড়লে তবেই না!
Ñ তাহলে রমলা কী দেখত আমার? কুশের আহতজিজ্ঞাসা।
গৌতম কী বলবেন বন্ধুকে? চুপ করে থাকতেন। প্রকট পশু-আকৃতির ছাঁদ ঠেলে রমলা কুশের চোখের গহনে পৌঁছতে পারেনি। এই ব্যর্থতা চরম বিক্ষুব্ধ করে তোলে কুশকে।
সেই প্রত্যাখ্যাত বর্ষাপীড়িত দিনেই কৌশিক এক সর্বনাশ সম্পন্ন করে। ওদের পাড়ার কোনো বাড়িতেই পথচারীর দাঁড়াবার মতো বারান্দা নেই, ছাদ নেই। বৃষ্টি-বাদলায় কোনো বাড়িই অচেনা পথিককে, রাস্তার লোককে জায়গা দেয় না। মানুষকে ভিজতে ভিজতে পথ বেয়ে চলে যেতে হয়।
কেবল ব্যতিক্রম কৌশিকদের বাইরের গাড়ি-বারান্দার ছাদ। এখানে দাঁড়াবার জায়গা আছে।
একটি মেয়েকে ওখানে ভিজতে ভিজতে এসে দাঁড়াতে দেখা গেল। গৌতম এবং কৌশিক দুজনই ব্যালকনি থেকে লক্ষ করেছে।
কুশ হঠাৎ কেমন একটা গলায় গৌতমকে বলল, তুই এখন বাড়ি চলে যা ন্যাপা। তোকে ছাতা এনে দিচ্ছি।
গৌতম অবাক হলেন। বললেন, বাড়ি যাবো, এই বৃষ্টির মধ্যে!
কুশ বলল, কেন ছাতা দিচ্ছি তোকে! দাঁড়া, নিয়ে আসি। ছাতা এনে বন্ধুকে দেয় কুশ।
গৌতম ছাতা হাতে নিয়ে বললেন, তোর মতলব বুঝলাম না!
কুশ বলল, আজ এখন থেকে তোকে আমার ব্যাপারে আর কিছুই বুঝতে হবে না ন্যাপা। যা, চলে যা।
গৌতমের মনে সন্দেহ উঁকি দেয়। কুশের চোখদুটি যেন পশুর মতো ঠান্ডা হিংস্র দেখায়।
কুশ গৌতমের গায়ে ধাক্কা দিয়ে বলে, চ।
দোতলা থেকে নামে ওরা। ঘটনাচক্রে বাড়ি সেদিন ফাঁকা। কোনো কাজের লোকও নেই। সবাই বাইরে গেছে। সম্ভবত কোনো বিয়েবাড়ি। রান্নার মাসি হয়তো সন্ধ্যার পর আসবে। বৃষ্টি মাথায় নিশ্চয়ই এখনই আসবে না।
এমন বাদলা অতর্কিতেই এসে পড়েছে। ঘন বৃষ্টি, গাঢ় হাওয়া। বাইরেটা ঝাপসা এবং হালকা আঁধারে জড়ানো আকাশ-ঝরা বৃষ্টির মোটা সুতোয়। সন্দেহ, ভয়, অস্বস্তি এবং অল্প ঘৃণা গৌতমের মনে। তারপর মনে হলো, যা ইচ্ছে করুক।
মেয়েটা যুবতী। মাথায় সিঁদুর থাকলেও, যে-কারণেই হোক ঘরছাড়া হয়েছে। চোখমুখ উ™£ান্ত, অসহায়। মনে হচ্ছিল, আধাভিখিরি ধরনের। পুরোপুরি ভিখিরি হতে পারেনি এবং পুরোটা বেশ্যা হয়েও যায়নি। এখনো ঘরে ফেরার ইচ্ছে আছে। চোখে ভয় এবং বৃষ্টিফোঁটায় মেশানো হয়তো অশ্রু। এখনো ত্বক মসৃণ, খড়ি ওঠেনি। একে কোথাও দেখেছে ন্যাপা ঘোষ।
যা ইচ্ছে করুক। ভাববার পরই ভালো করে মেয়েটাকে দ্বিতীয় দফায় দেখতে গিয়ে চমকে উঠল গৌতম।
মেয়েটাকে কুশ সামান্য বাধা ঠেলে সম্ভোগ করল, হয়তো কিছুটা ধর্ষণও। করার আগেই জানত মেয়েটা বোবা।
তারপর একদিন সেই মেয়ে ন্যাকড়ায় জড়ানো একটা বাচ্চা কোলে করে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রইল চুপচাপ। মানুষ বুঝতে পারে না, কেন অমন করে দাঁড়ায় মেয়েটা! দেখা গেল, মাথায় তার সিঁদুর নেই।
কুশ তাকে দেখে আপাদমস্তক শিউরে উঠল।
গৌতম বললেন, মেয়েটা ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে একদিন কৌশিকদের বাড়ির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলে কৌশিক ক্ষেপে ওঠে। অস্থির হয়ে তেড়ে যায়। মারবার জন্য হাত তোলে।
কুশের এই আচরণ পাড়ার কারও চোখে স্বাভাবিক ঠেকে না। মেয়েটা বোবা হলেও দেখা গেল গলায় একটা অদ্ভুত আওয়াজ করছে। যেন সে কিছু একটা প্রতিবাদ জানাতে এসেছে। সে কিছু বিহিত চায়। কোলের বাচ্চাকে দেখিয়ে কুশের বাড়ির দিকে আঙুল তোলে।
পাড়ার লোক ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে। কিন্তু যেহেতু বোবা মেয়েটা কোনোভাবেই তার ক্ষোভের কারণ কাউকেই বুঝিয়ে দেবার মতো ভাষা-ক্ষমতা পায়নি, তাই মানুষ আনুমানিক সন্দেহের বশে কুশের কোনোকিছু করতে পারল না। কুশকে বলতে পারল না, এই বাচ্চাটার বাবা তুমি। বোবা মেয়েকে তুমি ধর্ষণ করেছ। তুমি একটা পশু। তুমি মানুষ না।
তা সত্ত্বেও, কুশের মনে হলো, লোকে যা বোঝার বুঝে গিয়েছে। তাকে পাড়ার লোক মনে মনে ঘৃণা করতে শুরু করেছে। এই অবস্থায় কুশ মনে মনে মতলব আঁটল। বোবা মেয়েটাকে একদিন গাড়ি-বারান্দায় ঢুকে আসতে দিলে। খেতে দিল। বাচ্চা নিয়ে শুয়ে থাকাতেও বাধা দিল না।
তাতে করে হলো কী, পাড়ার লোক আশ্চর্য হলো। কুশের চোখেমুখে একটা হিতকারী মানুষের গর্ব ফুটে উঠল। কোনো লজ্জা নেই। অনুশোচনা, পাপবোধ নেই, মাথা তার একটুও হেঁট হয়নি। যেন সে পথের মা আর সন্তানকে জায়গা দিয়েছে।এদিকে বোবা মেয়েটা আশ্রয় আর খাদ্য পেয়ে একেবারে বর্তে গেল। কুশের বাড়ির লোকেরাও বেশ স্বস্তিলাভ করল।
কৌশিক তারপর হৃষ্টভঙ্গিতে বাচ্চা আর মায়ের গল্প এখানে-ওখানে করত।
একদিন রমলার সামনে বলল, পথশিশুদের নিয়ে আমি কাজ করতে চাই। আশ্রম করব। ছবি আঁকব। শিশুদের দিয়ে পথনাটিকার মহড়া দিয়ে নাটক নামাবো রমলা। আর তুই দেখিস ন্যাপা, জিনিসটা কেমন জমে যায়।
কুশের এই-ই ছিল পাপ গোপন করার আশ্চর্য নির্লজ্জ শক্তি। ধোঁকা খেয়ে কুশটা ওই শক্তি সংগ্রহ করে নিয়েছিল। রমলাকে একদিন একান্তে পেয়ে কানে কানে বলল, বাচ্চাটা কিন্তু আমার ঔরসে, বুঝলে! আমি ওর বাপ।
শুনে রমলা শিউরে উঠল এবং পরক্ষণে বলল, বিশ্বাস করি না।
তখন কুশ হা-হা করে হাসতে লাগল।
রমলা ঘটনাটা মূঢ়ভাবে গৌতমকে বলে। গৌতম নিশ্চুপ।
গৌতম বললেন, বোবা মেয়েটা আর ওই বাচ্চা হঠাৎ একদিন কোথায় উধাও হয়ে গেল কেউ জানতেই পারল না।
কুশের বাড়ির লোকও জানে না, কোথায় চলে গেছে ওরা।
Ñ তারপর?
গৌতম বললেন, ওটা একটা ছেলে-বাচ্চা ছিল। আর হবি তো হ, মায়ের মতো হয়েছিল। মাতৃমুখ অমন সুন্দর বাচ্চা, কী বলব, যতবার দেখেছি, চোখে জল এসে পড়েছে। ভাবি, ওই বোবা মেয়ে কুশের কোনো অসম্মান হতে দেয়নি। কুশের চেহারার সামান্য ছাপও শিশুর আদলে পড়তে দেয়নি। সেসব পাপ তার নিজের রূপের মধ্যে আড়াল করে নিয়েছিল। দেখুন, আমি ভগবানে বিশ্বাস করি, আর এই গল্পটা তৈরি করলেন ঈশ্বর স্বয়ং।
Ñ তার মানে? অবাক হয়ে জানতে চাই।
গৌতম বললেন, মাতৃমুখের বাচ্চা নিশ্চয় দেখেছেন। বাপের ছাঁচ একটুও নেয় না। ঈশ্বর নিজেই অনেক পাপীর সহায় হন। মানুষ পাপ করবে আর ভগবান আড়াল করবেন।
পাকা পেঁপে কিনছেন ন্যাপা ঘোষ। শালপাতার ঠোঙা আর কাঠি হাতে নিয়ে বললেন, চলুন যাওয়া যাক। ওই বাচ্চাটাকে উধাও করে দিয়েছিল কুশ। সেই বাচ্চার মুখ কিছুতেই ভুলতে পারি না। বোবা মেয়ের ওই করুণ, অসহায় চোখ কী করে ভুলব!
Ñ ভগবান যা করেন, ভালোই করেন। বলে উঠি আমি।
গৌতম হাঁটতে শুরু করে বলেন, ওই যে অমন করে রূপ দিয়ে ঢেকে রাখলেন কুশের পাপ, লোকে ভাবল, ওই বাচ্চা অন্য কারও। কুশের হলে একটুও ছাপ থাকবে না, তাই কি হয়! পাড়ার এক পার্টির দাদা, এল. সি-র মেম্বার কাম প্রমোটার বলেছিল, কুশের ওই রকম অখাদ্য চেহারার ছাপ কিছুই নেই শালা! থাকলে কি আর ছাড়তাম, ডি.এন.এ টেস্ট করাতাম। দেখ, এই পিল্লেটা কোথাকার কে, কুশের ঘাড়ে চাপালে অন্যায় হবে। তাছাড়া, ওর বাচ্চা হলে, কুশ কি আর জায়গা দিত! মেরে তাড়াত। আর্টিস্ট লোক। দয়ামায়া বেশি। তাই বোবা-কালাকেও ঠাঁই দিয়েছে। যাও, মানুষের যা ইচ্ছে করুক। বোবা-কালা তো আর দরবার করতে আসছে না! এলে তবেই না দেখব! খামোখা পরচর্চা পার্টির লোক করে না। আপনারাও করবেন না। কারও নিন্দে করতে হলে ভেবে দেখে করবেন জ্যাঠা। ও মাসি, আপনি আর তড়পাবেন না, যান। ওই ফ্যামিলি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে।
বললাম, ঠিক যে ছিল না, তা আপনাকে দেখেই বুঝতে পারি গৌতম বাবু।
Ñ কী বললেন! বলে থমকে দাঁড়ালেন ন্যাপা।
বললাম, সবই বুঝতে পারছি।
রাস্তার ওপর দাঁড়িয়ে সহসা থরথর করে কেঁপে উঠলেন গৌতম। তাঁর হাত থেকে ঠোঙাটা খসে পড়ে গেল মাটিতে। একটা কুকুর কোথা থেকে ছুটে এসে পেঁপেতে মুখ দিল।
কুকুরটাকে তাড়াতে গিয়ে মনে হলো, আর কী হবে। কুকুরে পেঁপে শোঁকে, কিন্তু খায় না।
দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলেন ন্যাপা। তাঁর কাঁপুনি ধীরে ধীরে থামল। যখন উনি মুখের ওপর থেকে হাত সরালেন তখন দেখি ওঁর চোখে জল চিকচিক করছে।
গৌতম বললেন, সব ব্যাপারে পাড়ার রাজনৈতিক দাদা যে নাক গলায়, সে তো জানেন। ডি.এন.এ টেস্ট করাবে শুনে আমার হাসি পেয়েছিল। আসলে রাস্তার একটা বোবা মেয়ে বাচ্চা দিয়েছে, তাতে কার কী এসে যাচ্ছে বলুন। কৌশিকের দিকে আঙুল তুলে দেখালেই তো আর কুশের পিতৃত্ব সাব্যস্ত হয় না। লোকে সন্দেহ করল, ঠিক আছে। তাতে কী? যখন ওই বোবা মেয়েই আশ্রয় আর খাদ্য পেল, তখন কী খুশি! ও মনে করল, তার সমস্যা মিটে গেছে। আজও ভেবে পাই না, ওর মাথার সিঁদুর কোথায় গেল? ও কোথাকার বউ ছিল! কুশ ধর্ষণ করার আগেই ওর পেটে বাচ্চা এসে থাকতে পারে। পারে না?Ñ পারে।
Ñ কিন্তু গল্পটা অতটা সহজ ছিল না লেখক মশাই। ওই বোবা মেয়েকে আমি চিনতাম। হরিদেবপুরে আগেই ওকে দু-চারবার দেখেছি। আমার বিধবা ফুলপিসির কাজের মেয়ে। বোবাই শুধু না, পাগলও ছিল মেয়েটা। ওর স্বামী ছিল ইটভাটার মিস্ত্রি। ওকে ছেড়ে কোথায় চলে গিয়েছিল ফুলপিসিও হদিস করতে পারেনি। পিসির ছেলেমেয়ে বাইরে প্রতিষ্ঠিত। একাই থাকতেন ফুলপিসি। মেয়ের বিয়ে হয়েছিল, ছেলে আমেরিকায়।
Ñ তারপর?
Ñ ওই বাদলার দিনেই ফুলপিসি মারা যান। সেই মৃত্যুর খবর দিতেই কুসুম মেঘ মাথায় করে আমাদের পাড়ায় আসে। কিন্তু বুঝব কী করে, কুসুম আসলে এই পাড়ায় আমাকেই খবর দিতে এসেছে। ফুলপিসি ওকে সঙ্গে করে আমাদের বাড়ি এসেছিল, সেই যেন কবে, সেই থেকে কুসুম পাড়াটা চিনত।
Ñ বোঝা গেল। আপনি জ্ঞানত কুসুমকে ওই বাদলার মধ্যে বন্ধুর হাতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। এ-পাড়া থেকে ও-পাড়ায়।
Ñ না। কুশ যখন ছাতা ধরিয়ে দিয়ে বলল, চলে যা ন্যাপা, তখন আমি কুশকে সাবধান করে দিয়ে বললাম, একে আমি চিনি, বৃষ্টি থামলে, তবে ওকে সঙ্গে করে যাবো। ও কথা বলতে পারে না। আমাকে দেখতে পেয়েই কুসুম এখানে এসেছে। কুশ রেগে গিয়ে বলল, গল্প বানাচ্ছ ন্যাপা, একে তুই চিনলি কী করে! বললাম বা রে, চিনব না! কুসুম তো ফুলপিসির কাজের মেয়ে। ওর বর বেপাত্তা, কিন্তু এখনো কুসুম সিঁথিতে সিঁদুর নেয়। কুশ আমার কথা বিশ্বাসই করল না। বলল, দ্যাখ ন্যাপা, রমলাও তো আমার হাতে সিঁদুর নিতে পারত! দ্যাখ, এই সিঁদুরি বউটা কিন্তু তোর সঙ্গে যেতে চাইছে না। দ্যাখ, দ্যাখ, তোকে চেনে বলেও মনে হচ্ছে না।
– কুসুম কী করছিল তখন?
– কাঁদছিল আর হাত-মুখ নেড়ে একটা কোনো বিপদের কথা বোঝাতে চাইছিল আঁ-আঁ করে। আমি তাই দেখে কুশকে বললাম ওকে তুই ছেড়ে দে কৌশিক। কুশ এবার আশ্চর্য কথা বলল। বলল, আমার চেহারাটা বদ বলে মডেল জোগাড় করা কঠিন হয় ন্যাপা, তুই তো জানিস! আমি আধা-পাগলির মুখের সামনে টাকা নাচিয়ে ঘরে ডেকে আনি। যখন আনি, ওরা ভাবে, আমি একটা শয়তান।
– আশ্চর্য!
– বললাম, বৃষ্টি থামলে হতো না! কুশ বলল, একে আমি উলঙ্গ করব, কিন্তু ছোঁব না। আঁকব, ছেড়ে দেবো। কথা দিচ্ছি। এমন একটা ঘরের বউ তো পাওয়া যায় না ন্যাপা। বলে গ্রিলের দরজার বাইরে আমাকে ঠেলে দিল কুশ। একই সঙ্গে কুসুমকে সে আটকে দিল। অ্যাই, তুমি পাঁচশো টাকা পাবে। এই দেখ এক ঘণ্টা পর, না, বৃষ্টি থামলে ন্যাপা এসে তোমাকে নিয়ে যাবে।
– তারপর?
– সে এক বিচিত্র পরিস্থিতি। রমলার ধাক্কা খেয়েছে কুশ। জানতাম ওর মাথার ঠিক নেই। হঠাৎ মনে হলো, একশো টাকার পাঁচ-পাঁচটা নোট দেখে, চোখে লোভ দেখা দিয়েছে কুসুমের। কুশের ধমক খেয়ে সে ঠান্ডা হয়ে গেছে। আমাকে তখনো সে কী একটা যেন বলতে চাইছিল। ভাবলাম, কুসুমকে কুশ ন্যুডস্টাডির মডেল করলে আমি কেন আটকায়! তবু বললাম, ওর স্বামী নেই, তবু সিঁদুর পরে, ভেবে দেখ কৌশিক! কুশ পাগলের মতো বলে উঠল, কী ভাবব রে, এই বউটাই তো আমার রমলা। উলঙ্গ করল, কিন্তু ছোঁব না। এই দেখ, ও তো থাকতেই চাইছে! যাবে কেন, টাকা দেখেছে না! যা, চিন্তা করিস না। বৃষ্টি থামলে তোর কাছে চলে যাবে। দেখ ভালো মডেল হলে, বড্ড দর হাঁকে ন্যাপা। ফুলপিসির কাজের মেয়ে, পাঁচশো দেবো, কম তো দিচ্ছি না। গত মাসে একটা ভিখিরি মেয়েকে তুলে আনলাম তিরিশ টাকায়। যা, তুই একে আগে থেকেই এঁটো করে রাখিসনি তো! না হলে এত কিসের টান!
– ওইরকম, বলল কুশ!
– হ্যাঁ। আমি রেগে গিয়ে গাড়ি-বারান্দায় ছাদের বাইরে পা বাড়িয়ে এক ঝটকায় ছাতা ফুটিয়ে মাথায় ধরে পিছনে ফিরে চেয়ে মনে হলো, সত্যিই তো কুসুমকে এঁটো করিনি কেন! একটা মাত্র শব্দ এঁটো, কত মারাত্মক! বৃষ্টির শাঁ-শাঁ শব্দ, ঝাপটা, তারই মধ্যে চিৎকার করে বললাম, কুসুম কথা বলতে পারে না ভাই। ফুলপিসি জানলে কী করবে। দেখি, কুসুম বেরিয়ে আসবার জন্য কোঁকাতে শুরু করেছে, কুশের দুহাতের মধ্যে বন্দি হয়ে ছটফট করে চলেছে। ওর চোখে জল।
– তারপর? গল্পটা তাহলে কী?
– গল্পটা? ছাতা মাথায় মাঝপথ অব্দি এসে আমি ওই বাদলায় এঁটো শব্দটার টানে কুশের ওখানেই ফিরে গিয়েছিলাম। তখন ফুলপিসি হরিদেবপুরে মরে পড়ে আছে।
গল্প বলা শেষ করেছেন ন্যাপা ঘোষ। আমাকে পিছনে ফেলে দ্রুত চেষ্টা করছেন কোথাও পালাতে।
– কোথায় চললেন?
– আর এক ঠোঙা লাল পেঁপে ভাই, ওই ফুটে নতুন বাচ্চা উঠেছে গতকাল।
– থামুন। আমিও যাবো।
– আর কি, সবই তো বললাম।
– এখনো গল্পটা শেষ হয়নি ন্যাপাদা।
– হয়েছে। এঁটো শব্দটা মারাত্মক, বললাম তো।
– কার এঁটো?
– কেন, কুশের। ওর এঁটো আমি ভোগ করেছি, ওই বাদলার মধ্যে কুশ আমাকে বলেছিল, কুসুমকে তুই ফেলে আয় ন্যাপা, আমি নাইয়ে-খাইয়ে ওর চোখ বেঁধে দিচ্ছি। বেড়ালের মতো ফেলে আসবি।
- সেকি!
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে থমকে দাঁড়িয়ে সামান্য পিছনে ঘুরে আমাকে দেখলেন গৌতম। আশ্চর্য বিমর্ষ সেই চাউনি। টকটকে ফর্সা মুখটা কেমন কালো হয়ে এসেছে। ওঁর ঠোঁটদুটি কান্নার অব্যক্ত চাপে থরথর করে কাঁপছে।
ন্যাপা চাপা বিদীর্ণ স্বরে বললেন, যখন ওই এঁটো বউটাকে আমি নিজে ভোগ করছি, তখন কুসুম আমাকে ফুলপিসির মৃত্যুর খবর দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ও নিরাশ্রয় হয়ে খবর দিতে এসেছিল, সে-কথা বলছিল আমাকে। বুঝিনি। কুশের চাপা পড়ে এবং আমিও দাগি সে-কথা কুশ পাছে রাষ্ট্র করে দেয় সেই ভয়ে, ফুলপিসির কাজের মেয়েকে আমি চোখ বেঁধে বাচ্চাসুদ্দো একা গাড়ি করে অনেক দূরে ফেলে দিয়ে এসেছি। কিন্তু ওইরকম বাচ্চা ফুটপাতে ফিরে ফিরে আসে। ভয় করে, আমারই বাচ্চা নয় তো!
ন্যাপা ফের লাল পেঁপে কিনছেন ফুটপাতে।

Leave a Reply
You must be logged in to post a comment.