আজকের জাদুঘর ও কিছু প্রসঙ্গ

ইউরোপের শহরগুলোতে একসময় সব বিল্ডিং ছাড়িয়ে চোখে পড়ত সুউচ্চ ও বিশাল ‘রোমানেস্ক’ বা ‘গথিক’ গির্জাগুলোর নিখুঁত কারুখচিত স্থাপত্য-সৌকর্য। এসব নির্মাণে অনুপ্রেরণা জোগাত প্রচণ্ড ধর্মীয় বিশ্বাস ও নগরবাসীর স্বতঃস্ফূর্ত অর্থায়ন। মধ্যযুগের ঈশ্বরকেন্দ্রিক চিন্তা ও কর্মকাণ্ড থেকে রেনেসাঁ যুগে মানুষকেন্দ্রিক চিন্তা ও কর্মকাণ্ডের উদ্ভবের ফলে ইউরোপের সমাজ বিশ্বাসের যুগ পেরিয়ে যুক্তি-বিজ্ঞানের যুগে পদার্পণ করে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্প-বিপ্লবের কারণে ধনতান্ত্রিক আর্থসমাজ-ব্যবস্থা যেমন বিকাশ লাভ করে, তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ক্রমশ ইহজাগতিক ও গণতান্ত্রিক কাঠামোনির্ভর হয়। শক্তিশালী গির্জাভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গত পঞ্চাশ বছরে ইউরোপ ও উত্তর আমেরিকায় সুউচ্চ গির্জাগুলো ছাড়িয়ে নির্মাণ করা হয় বহুতলবিশিষ্ট অসংখ্য বাণিজ্যিক ভবন। এছাড়া কিছু নতুন ধরনের ভবনাদিও শহরগুলোর জায়গা দখল করে নেয়। তার মধ্যে স্পোর্টস কমপ্লেক্স, জাদুঘর, এয়ারপোর্ট, শপিংমল, মাল্টিপ্লেক্স ইত্যাদি। এসব নতুন ধরনের স্থাপত্য-কর্মকাণ্ডের মধ্যে জাদুঘর সাধারণ মানুষ ও স্থপতি উভয়েরই বিশেষ সমাদর পেতে থাকে। ইদানীংকালে পশ্চিমের উন্নত বিশ্বে জাদুঘরের স্থাপত্য শহরগুলোর গর্বের বস্তুতে পরিণত হয়েছে। ১৯৯৭ সালে নির্মিত স্পেনের বিলবাউ শহরে গগেন্হেইম্ নামক জাদুঘরটি বিশিষ্ট মার্কিন স্থপতি ফ্রাংক্ গেহরি ডিজাইন করেন। জাদুঘরটি টাইটেনিয়াম নামক অত্যন্ত ব্যয়সাপেক্ষ নতুন এক ধাতবপদার্থ দিয়ে শুধু তৈরিই নয়, জাদুঘরটি নির্মাণপদ্ধতির সকল নিয়ম ভঙ্গ করে প্রায় অসম্ভবকে সম্ভব করে নির্মিত। এ ভবনে একটিও সরলরেখা নেই, শুধু বক্ররেখা। আবার দুটি একই রকম বক্ররেখাও নেই। এই অতিচমৎকার জাদুঘর-ভবনটিতে স্পেনের মূল্যবান চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। জাদুঘরটি নির্মাণের সঙ্গে সঙ্গেই পশ্চিমের উন্নত বিশ্বে বিলবাউ, শিল্প ও সংস্কৃতির মানচিত্রে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বর্তমানে জাদুঘরটিতে প্রতিদিন পৃথিবীর সর্বপ্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়, যতটা না শিল্পকর্ম দেখার জন্য তারচেয়ে ঢের বেশি ভবনটির স্থাপত্য-অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে। প্রদর্শিত বস্তুসামগ্রীই শুধু নয়, জাদুঘরগুলোর স্থাপত্যও শিল্পমনা মানুষকে যেমন আগ্রহান্বিত করছে, তেমনি সুশীল সমাজের প্রতিস্তরে এক অভূতপূর্ব সাড়াও জাগিয়েছে। দেখেশুনে প্রশ্ন জাগে, জাদুঘর কি তাহলে উন্নত দেশগুলোর বস্তুবাদী সমাজে এক নতুন উপাসনালয়ের ভূমিকায় অবতীর্ণ? জাদুঘর-চিন্তার নানা প্রসঙ্গ নিয়ে এই রচনার অবতারণা।

সাধারণভাবে জাদুঘর বলতে বোঝায় এমন এক ভবন যেখানে শৈল্পিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক অথবা বৈজ্ঞানিক আগ্রহ সৃষ্টি করে এমনসব সামগ্রী প্রদর্শিত হয়। বর্তমানে জাদুঘরের নানা সংজ্ঞা পাওয়া যায়। একটি বহুল প্রচলিত সংজ্ঞা-অনুযায়ী Ñ ‘জাদুঘর হচ্ছে সমাজের সেবায় ও উন্নয়নে নিয়োজিত, জনসাধারণের কাছে উন্মুক্ত, একটি অলাভজনক স্থায়ী প্রতিষ্ঠান, যা অধ্যয়ন, শিক্ষা ও আনন্দের জন্য মানুষ ও তার পরিবেশ থেকে বস্তু-নির্দশন সংগ্রহ, সুরক্ষা, গবেষণা, যোগাযোগ ও প্রদর্শন করে।’

জাদুঘর মানুষের স্মৃতি, সংস্কৃতি, স্বপ্ন ও আশা-আকাক্সক্ষার ধারক। জাদুঘর দর্শনার্থীকে তার নিজের অস্তিত্বের সরাসরি সম্মুখীন করে। জাদুঘর দর্শনার্থীর মূল্যবোধ জাগ্রত করে, সংস্কৃতিসচেতন করে এবং শেষ বিচারে জীবনের মান-উন্নয়নে অবদান রাখে। জাদুঘর কোনো জাতির বা মানবগোষ্ঠীর জাতিসত্তা বা পরিচয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের জাদুঘর সমাজের আর্থিক ও সাংস্কৃতিক অঙ্গনে এবং জাতীয় উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম।

দুই

আধুনিক জাদুঘর উদ্ভবের পূর্বে মানুষ বিভিন্ন উপায়ে আশ্চর্যজনক ও চমৎকার সব শখের বস্তু সংগ্রহ করত। প্রাচীন ভারতের চিত্রশালাগুলো আনন্দদানের সঙ্গে সঙ্গে চিত্রকলা ও ভাস্কর্যের মাধ্যমে ইতিহাস, ধর্ম ও শিল্পকলা শিক্ষা দিত। পারিবারিক সংগ্রহের দিক থেকে পঞ্চদশ শতকে ফ্লোরেন্সের মেডিচি পরিবারের সংগ্রহ ছিল সবচেয়ে সমৃদ্ধ। এসব সংগ্রহ দেখার অধিকার জনসাধারণের ছিল না। সপ্তদশ শতকেই ইউরোপে সর্বসাধারণের নিকট উন্মুক্ত, আধুনিক জাদুঘরের উদ্ভব হয়। ১৬৮২ সালে এলিয়াস্ অ্যাশমোল নামে এক ব্যক্তি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কিছু অদ্ভুত, দু®প্রাপ্য ও ভিনদেশী সুন্দর বস্তু উপহার দেন। ১৬৮৩ সালে এইসব সংগ্রহ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম পাবলিক মিউজিয়াম Ñ ‘অ্যাশমোলিয়ান মিউজিয়াম’ নামে প্রতিষ্ঠিত হয়। মিউজিয়াম শব্দটিও তখনই প্রথম ব্যবহৃত হয়। এরপর ১৭৫৯ সালে ব্রিটিশ মিউজিয়াম, ১৭৯৩ সালে প্যারিসের ল্যুভ মিউজিয়াম, ১৮৩৭ সালে লন্ডনের আলবার্ট মিউজিয়াম, ১৮৭০ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম, ১৮৯৭ সালে লন্ডনের টেট্ গ্যালারি ইত্যাদি প্রতিষ্ঠিত হয়। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে নাটকীয়ভাবে জাদুঘরের সংখ্যা বাড়তে থাকে। ১৮০০ সালে ১২টি থেকে ১৮৫০ সালে ৬০টি এবং ১৮৮৭ সালের মধ্যে ২৪০টি জাদুঘরে উন্নীত হয়। বর্তমানে ইউরোপে ন্যূনপক্ষে প্রতি বছর ৫০টি নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে।

কলকাতায় ১৭৮৪ সালে উপমহাদেশের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস-অনুসন্ধানের জন্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটির প্রচেষ্টায় ১৮১৪ সালে কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশের এটিই সর্বপ্রাচীন জাদুঘর। ঢাকা জাদুঘর প্রতিষ্ঠা হয় ১৯১৩ সালে। এই জাদুঘরটিই বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসেবে উন্নীত হয়েছে। বাংলাদেশের প্রথম জাদুঘরটি ১৯১০ সালে রাজশাহীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বরেন্দ্র গবেষণা জাদুঘর নামে পরিচিত।

জাদুঘর অনেক আকার ও প্রকারের হয়। ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের মতো বিশাল আন্তর্জাতিক জাদুঘর থেকে শুরু করে এক কামরাবিশিষ্ট ক্ষুদ্র জাদুঘর পর্যন্ত। জাদুঘরের উদ্দেশ্যেরও রকমফের দেখা যায়। কোনো জাদুঘর শুধু আনন্দ দিতে, আবার কোনো জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় ব্যস্ত। জাদুঘর যে-মাপের বা প্রকারেরই হোক না কেন এর কর্মব্যস্ততা Ñ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন এই তিন মৌলিক কর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে যুগে যুগে সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন সম্পর্কে ধারণা বারবার পালটেছে। সংগ্রহ আগের চেয়ে বেশি ব্যাপক, বিচিত্র ও সর্বস্তরের মানুষের সংস্কৃতি থেকে গৃহীত হচ্ছে; সংরক্ষণ কাজে নতুন প্রযুক্তিরব্যবহার হচ্ছে; প্রদর্শন সৃজনশীল ও নান্দনিক বিন্যাসে আগের চেয়ে অনেক আকর্ষণীয় হচ্ছে। জাদুঘর হচ্ছে একটি অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রচলিত স্কুল-কলেজে শিক্ষাদানের উপকরণ হিসেবে বই-পুস্তক, চিত্র, ড্রয়িং ইত্যাদি ব্যবহৃত হয়, যা দ্বিমাত্রিক। কিন্তু জাদুঘরের শিক্ষাক্রমে প্রকৃত বস্তু-নিদর্শন প্রদর্শিত হয়, যা ত্রিমাত্রিক। এ কারণে জাদুঘরের শিক্ষা অনেক বেশি প্রত্যক্ষ ও হৃদয়গ্রাহী।

তিন

প্রতিটি নতুন প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্মগুলো কর্তৃক নির্মিত খণ্ডিত রূপের যে-বিশ্বকে উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকে, তা পুনরায় পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়ার আগে এর পরিবর্তন, উন্নয়ন ও নির্মাণপ্রক্রিয়া চালু রাখে। এটাই হচ্ছে ধারাবাহিকতা বা পরম্পরা। এই পরম্পরার অন্তর্গত হয়ে প্রতিটি প্রজন্ম তার অতীতের অর্জন ও ভবিষ্যতের চিন্তাকে কাজে লাগিয়ে তার নিজস্ব নির্মাণের মাধ্যমে পৃথিবীর যেটুকু পরিবর্তন সাধন করে তার সম্পূর্ণ দায়দায়িত্ব বহন করে। এ কারণে প্রতিটি প্রজন্মের প্রয়োজন পূর্ববর্তী প্রজন্মগুলোর সঞ্চিত প্রজ্ঞা, অভিজ্ঞতা, সংস্কৃতির পর্যালোচনা ও সঠিক উপলব্ধি করা, কেননা এসবের মধ্যেই আত্মগোপন করে থাকে ভবিষ্যতে এগিয়ে চলার সূত্র। এ কারণেই গ্যাটে বলেছিলেন, ‘তুমি পূর্বপুরুষদের কাছ থেকে যা উত্তরাধিকারসূত্রে পাবে তা অধিকার করার আগে অর্জন করো।’ প্রতিটি মানুষকে অতীতের কৃতিত্ব ও উৎকর্ষের কথা শুধু মনে রাখলেই চলে না তাকে ওইসব অর্জন থেকে বারবার শিক্ষা নিতে হয়। তাকে ক্রমাগত বিশ্ব ও মানবতা পুনঃআবিষ্কার করতে হয়। এ প্রসঙ্গে অস্তিত্ববাদী দার্শনিক কির্কগার্ডের উক্তিটি বেশ তাৎপর্যপূর্ণ Ñ ‘জীবন যাপিত হয় সম্মুখপানে কিন্তু বোধগম্য হয় পশ্চাদ্পানে’। শিক্ষা, আবিষ্কার ও সৃষ্টি অথবা পুনরায় শিক্ষা, পুনরায় আবিষ্কার ও পুনরায় সৃষ্টি Ñ শিক্ষাগ্রহণের এই ধারাবাহিক প্রক্রিয়া যেহেতু আজো বিদ্যমান, সেহেতু এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের হাতে সবসময়েই এক উপাখ্যান হস্তান্তর করার থাকে। বাস্তব অভিজ্ঞতা, শিল্পচেতনা, বিজ্ঞানমনস্কতা ও প্রচণ্ড বিশ্বাসের উপাখ্যান। এক কর্ষিত পৃথিবীর উপাখ্যান।

ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও জলবায়ুর সঙ্গে ক্রমান্বয়ে বোঝাপড়া ও টানাপোড়েনে কোনো মানবগোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্য, ভাষা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও শিল্পরস নির্মিত হয়। তার অবচেতন ও চেতন মনের স্তরে স্তরে লালিত হয় বিশ্বাস, ঐতিহ্য, স্থায়িত্ব ও স্মৃতি-সমষ্টি। স্মৃতি-সমষ্টি থেকে উৎসারিত হয় কবিতা, দর্শন ও জাতিসত্তা। যে-জাতির স্মৃতি-সমষ্টি নেই সে-জাতির জাতিসত্তা নেই Ñ সে-জাতি সামনে এগিয়ে যেতে পারে না। বাঙালি-জাতিসত্তা ইতিহাসের দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে সর্বদাই বাধাগ্রস্ত হয়েছে, পরাধীনতার গ্লানি তাকে আহত করেছে বারবার। বায়ান্নর ভাষা-আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি তার জাতিসত্তাকে জাগ্রত করে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হলেও এখনো তা বিপদমুক্ত হয়নি। অশিক্ষা, ধর্মান্ধতা, রাজনৈতিক সহিংসতা ও নানা ভুল বোঝাবুঝির কারণে বাঙালি জাতিসত্তা আজও শঙ্কিত। বাঙালির ঐতিহ্যে স্থিত ঘুমন্ত স্মৃতি-সমষ্টিকে জাগ্রত করা, বাঙালির প্রকৃত ঐতিহাসিক, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক পরিচয় উন্মোচন করা, বাঙালির শিকড়ের উৎস-সন্ধান এবং জনগণের সামনে তা তুলে ধরা Ñ সম্ভবত এসবই জনগণের কাছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মৌলিক দায়বদ্ধতা।

চার

জাদুঘরে প্রদর্শিত বস্তুসামগ্রীর মধ্যে বিশাল জায়গাজুড়ে আছে চিত্রকলা ও ভাস্কর্য। প্রাচীন চিত্রকলা ও ভাস্কর্য সমাজের আর্থ-সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ এবং সমাজে প্রচণ্ড অর্থবহ ছিল। কিন্তু আধুনিককালে ইন্ডাস্ট্রিয়াল সমাজ ও যান্ত্রিক নান্দনিকতার উদ্ভবের ফলে সমকালীন শিল্পীদের ব্যক্তিগত একান্ত ধ্যান-ধারণা ও অভিব্যক্তির বহিঃপ্রকাশ হিসেবেই চিত্রকলা ও ভাস্কর্য রচিত হয়। এইসব আত্মকেন্দ্রিক শিল্পকলা সম্পূর্ণ ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে শিল্পী নিজে ও অল্পসংখ্যক শিল্পবোদ্ধা ছাড়া বাকি জনসাধারণের কাছে এখনো আগের মতো কোনো সামাজিক আবশ্যকতা নির্ধারণ করতে সক্ষম হয়নি। প্রকৃত অর্থে, তবুও শিল্পকলার এই ‘অনাবশ্যক’ অবস্থানটির ওপরই অদ্ভুতভাবে সামাজিক মূল্য একান্ত নির্ভর করে। গণতন্ত্রের জয়যাত্রার সঙ্গে ব্যক্তিস্বাতন্ত্র্য বিকাশলাভ করে এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রতীক হিসেবে সমকালের চিত্রকলা সহজেই চিহ্নিত হয়। কেননা একান্ত ব্যক্তিগত অভিব্যক্তির জোরালো বহিঃপ্রকাশ চিত্রকলায় বিদ্রোহীরূপ ধারণ করতে পারে। এ কারণেই উন্নত দেশগুলোর সমাজ যা মূলত ইহজাগতিক (সেক্যুলার) এবং বাজার অর্থনীতিনির্ভর, সম্ভবত ধর্মের অভাববোধ থেকে সহজেই আবিষ্কার করে এক নতুন বিকল্প ধর্ম Ñ শিল্পকলা। সেই অর্থে শিল্পকলার জাদুঘর আজকের দিনের উপাসনালয়।

শিল্পকলা সমাজ-নির্মাণের প্রয়োজন থেকে উৎসারিত না হয়ে সম্পূর্ণ ব্যক্তিসত্তা-আশ্রিত হওয়ায় সমকালীন বিভিন্ন দেশের সরকার শিল্পকলাবিষয়ক জাদুঘরের পৃষ্ঠপোষকতা-প্রশ্নে মিশ্রমনোভাব পোষণ অথবা অনীহা প্রকাশ করে থাকে। সরকারি অনুদানসমৃদ্ধ জাদুঘরের কর্মকাণ্ডে সরকারের রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটাতে অনেক সময় চাপ সৃষ্টি করা হয়। একনায়কত্ববাদী, স্বেচ্ছাচারী এমনকী সমাজতান্ত্রিক সরকারগুলোর ক্ষেত্রেও সরকারি আদর্শের বাইরে শিল্পচর্চা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় জাদুঘরকে প্রতিবাদী হতে হয়। কেননা জাদুঘর নিরপেক্ষ সকল প্রকার রাজনৈতিক মতের ঊর্ধ্বে বুদ্ধিবৃত্তি ও মেধাচর্চার এক অনবদ্য কেন্দ্র। জাদুঘর জনগণের অনুপ্রেরণার ভাণ্ডার। জাদুঘর জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক।

প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি সবই ছিল শিল্পকলার সুরক্ষিত আবাসস্থল। হিন্দুমন্দির-গাত্রের ভাস্কর্য Ñ রিলিফ, দেবদেবীর মূর্তি ও চিত্রকলা; মসজিদের ভিতর ও বাইরে আরবি হরফে নানা ধরনের লিপিকা (ক্যালিগ্রাফি), জ্যামিতিক নকশা বা প্যাটার্ন (এরাবেস্ক); গির্জার ভিতর যিশু ও বাইবেলভিত্তিক ভাস্কর্য, ফ্রেসকো ও স্টেন গ্লাসের চিত্রকলা ইত্যাদির উপস্থিতি উপাসনালয়গুলোকে শিল্পচর্চার সবচেয়ে শক্তিশালী পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে। ইদানীংকালে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে পর্যটকদের ভিড় লেগে থাকে। ঈশ্বরের কারণে নয়, তারা গির্জাটির সিলিংজুড়ে আঁকা মাইকেল অ্যাঞ্জেলোর ফ্রেসকো বিশেষ করে ‘আদমের সৃষ্টি’ চিত্রকলাটি দেখতে যায়। তাই বর্তমানে সিস্টিন চ্যাপেলকে গির্জা না বলে মাইকেল অ্যাঞ্জেলোর জাদুঘর বলাই শ্রেয়। এই অর্থে প্রতিটি ঐতিহ্যবাহী উপাসনালয়ই আজকের দিনের জাদুঘর। অন্যদিকে জাদুঘরগুলো বর্তমানে ক্রমশ ম্রিয়মাণ ধর্মের নিদর্শনগুলো সযত্নে সংগ্রহ ও রক্ষা করছে। উন্নত দেশগুলোতে জাদুঘরের এই ক্রমবর্ধমান নতুন ভূমিকাটির প্রতি দৃষ্টি রাখা সংগত কারণেই সমীচীন।

লর্ড কিন্স (Lord Keynes) ১৯৪৫ সালে শিল্পীদের সম্পর্কে মন্তব্য করেন Ñ ‘শিল্পীর কাজ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক, মুক্ত শৃঙ্খলাহীন, বিচিত্র এবং অনিয়ন্ত্রিত। শিল্পী হাঁটে তার স্পৃহা তাকে যেদিকে টানে সেদিকে। তার দিকনির্দেশনা কেউ বলতে পারবে না, কারণ সে নিজেও তা জানে না।’ সমাজের সঙ্গে শিল্পীর এই রহস্যময় ও কিছুটা কৌতুকপূর্ণ সম্পর্কটির আজও কোনো পরিবর্তন হয়নি। শিল্পীর এই সম্পর্কটিই তার বাজারদর নির্ধারণ করে। যার যত নাম তার বাজারদর ততধিক। ভ্যানগগের বিখ্যাত ‘আইরিসিস’ বিক্রি হয় ৩.২০ কোটি পাউন্ডে। ভ্যানগগ্ তাঁর চিত্রকলার বাজারমূল্য জেনে যেতে না পারলেও তাঁর চিত্রকর্ম সংগ্রহে আছে এমন চিত্রশালার বাজারদরও অনেক উপরে আর সেখানে দর্শকের ভিড় লেগেই থাকবে, এমনটাই স্বাভাবিক। শুধু ভ্যানগগ্ নন, এ সত্য অন্যসব বিখ্যাত শিল্পীর বেলাও সঠিক। শিল্পকর্মের বাজারদর বা আর্থিকমূল্য বর্তমানে অনেকক্ষেত্রেই শিল্পকর্মের গুণের চেয়ে আর্ট ডিলার ও আর্ট মিউজিয়ামগুলোর সুকৌশল ও সুদক্ষ বাজার-ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।

পাঁচ

আমাদের দেশে আধুনিক শিল্পকলা ১৯৫০-এর দশকে পশ্চিমের ভাবাদর্শে শুরু হয়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর কয়েক বছর যুদ্ধের বাস্তবতানির্ভর চিত্রকর্ম ও ভাস্কর্য কিছুটা ব্যতিক্রমী ও সমাজলিপ্ততা থেকে তৈরি হলেও ক্রমশ চিত্রকলা পশ্চিমের উন্নত দেশগুলোর মেজাজেই এগুতে থাকে। গত কয়েক বছরে ব্যক্তি বা গোষ্ঠীমালিকানায় বেশ কয়েকটি চিত্রশালা জন্ম নেয়। শিল্পকর্মের বেচাকেনার বাজারদর ইতোমধ্যেই অনেকটা বাজার-অর্থনীতির পথ ধরে এগিয়েছে। ফলে অল্পসময়ের মধ্যেই চিত্রকলার আর্থিকমূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বাজারদরের এই ঊর্ধ্বগামিতায় অংশ নিতে বেশ কজন বিদেশে বসবাসকারী বাঙালি শিল্পী, যাঁরা ইতিপূর্বে কালেভদ্রে নিজ দেশে আসতেন তাঁরা, বর্তমানে স্বল্পসময়ের ব্যবধানে নিয়মিতভাবে দেশে আসছেন এবং নবগঠিত আর্ট গ্যালারিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ছেন। দেশে বসবাসকারী খ্যাতনামা শিল্পীদের চেয়ে তাঁদের বাজারদর বেশি এবং মুনাফাও বেশি, তাই চিত্রশালাগুলোর কাছে তাঁদের কদরও বেশি। টেলিভিশনের পরদায় তাঁদেরকে দেখা যায় বেশি এবং এর ফলে তাঁদের বাজারদরের মাত্রা বাড়ে। মুক্তবাজার অর্থনীতির এটাই বৈশিষ্ট্য। সময়ের ব্যবধানে শিল্পকর্ম নির্মাণ করে গ্যালারিতে তুলে দেন। ফলে দেশে শিল্পকলাচর্চায় যে-স্বাভাবিক ‘সিরিয়াসনেস’ বজায় আছে তা বারবার বিঘ্নিত হয়। এর ফলে বিশেষ করে নবীন শিল্পীদের মধ্যে শিল্পচর্চার সুষ্ঠু পদ্ধতি সম্পর্কে দ্বিধার সৃষ্টি হয়। কাজেই চিত্রশালাগুলোর উচিত শিল্পীর গ্ল্যামার নয়, শিল্পকর্মের মৌলিকত্ব, সৃজনশীলতা ও সমাজের প্রতি কমিটমেন্টের প্রকৃত মূল্যায়ন করা এবং সব শিল্পীকেই তুষ্ট করে এমন শিল্প-লেখক নয় বরং প্রকৃত গঠনমূলক শিল্প-সমালোচকদের আবিষ্কার, সৃষ্টি ও অগ্রাধিকার দেওয়া।

ছয়

আধুনিক জাদুঘরের উদ্ভবের প্রথম পর্যায়ে ইউরোপে সংস্কৃতি বলতে শুধু সম্ভ্রান্ত, উচ্চবিত্ত ও শাসকগোষ্ঠীর সংস্কৃতিই বোঝাত। সাধারণ জনগণের সংস্কৃতি Ñ লোকসংস্কৃতি হিসেবে অবহেলিত ছিল। শিল্পবিপ্লবের সঙ্গে জীবনের মান উন্নত হতে থাকে এবং সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ায় জাতীয় সংস্কৃতির ধারণা সমাজে জন্ম নেয়। রাষ্ট্রীয় জাদুঘরগুলো জাতীয় জীবন ও জাতীয় বৈশিষ্ট্যগুলো ধারণ করতে শুরু করে। প্রথমদিকে জাদুঘরের দ্রব্যাদি সাদামাটাভাবে প্রদর্শিত হতো। স্ট্যান্ডার্ড মাপের কাচের আলমারি বা দেয়াল-কেবিনেটের ভিতর প্রদর্শিত বস্তু দর্শনার্থীর নাগালের বাইরে থাকত। ইদানীংকালে আলমারি বা দেয়াল-কেবিনেট বাদ দিয়ে রঙিন, নান্দনিক ও আকর্ষণীয়ভাবে বস্তুসামগ্রী প্রদর্শন করা হয়। ‘অডিও ইফেক্ট’ দিয়ে বাস্তব পরিস্থিতির সৃষ্টি করা হয়, মাল্টিমিডিয়া পরিবেশনার মাধ্যমে নাটকীয় পরিবেশ সৃষ্টি করা হয় এবং অন্তরঙ্গ উপলব্ধির জন্য প্রদর্শিত অনেক বস্তুকে হাত দিয়ে স্পর্শ করতে দেওয়া হয়। কিন্তু তবুও আজকের বিশেষজ্ঞরা এটুকু যথেষ্ট নয় বলে মনে করেন। কারণ এখনো অনেক জাদুঘরেই কোন বিষয় ও বস্তু প্রদর্শিত হবে এবং কীভাবে হবে তা জাদুঘর কর্তৃপক্ষ এককভাবে নির্ধারণ করেন, বিশেষজ্ঞরা এটাকে নিস্পৃহ বা ‘প্যাসিভ’ পদ্ধতি বলে মনে করেন। দর্শকদের আগ্রহ ও উদ্দেশ্য জেনে নিয়ে দর্শকদের সরাসরি অংশগ্রহণে এসব নির্ধারিত হওয়া উচিত বলে তারা মনে করেন। জাদুঘরের সংগ্রহ যেন দর্শনার্থী নিজেই আবিষ্কার করেন তার নিজের মতো করে, জাদুঘরের আরোপিত শর্তে নয়। বিশেষজ্ঞদের মতে, জাদুঘর তার নিজস্ব বিশেষজ্ঞদের অধিকারে থাকে আর দর্শকরা তা নিস্পৃহভাবে অবলোকন করেন, তা হয় না। জাদুঘরে যারা আসেন তারা যেন একটা উন্নত ও স্থায়ী অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে ফিরে যান। যে-অভিজ্ঞতা সাধারণ, অন্য দৈনন্দিন অভিজ্ঞতার মতো তা কোনো অভিজ্ঞতাই নয়। শেক্সপিয়রের নাটক দেখার পর মানুষের মধ্যে যে-ভাবান্তর দেখা যায় তেমন ভাবান্তর জাদুঘর ছেড়ে যাওয়ার সময় দর্শকদের চোখেমুখে ফুটে উঠবে, তেমনটাই কাম্য।

আজকের জাদুঘরগুলোকে সমাজের আর্থ-সামাজিক অবস্থা, যে-অবস্থার অন্তর্গত হয়ে জাদুঘর অস্তিত্ব বজায় রাখে তা আগের চেয়ে অনেক বেশি করে অনুধাবন করতে হচ্ছে। জাদুঘরের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, তাই জাদুঘরকে ও সবকিছু মানুষের প্রয়োজনে এবং মানুষের উপকারে আসে তেমন করে সাজাতে হয়। জাদুঘরকে ভালো সেবাদান করতে হলে মানুষের আগ্রহ-অনুভব, ভালোমন্দ, অভাব-অভিযোগ ইত্যাদি বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হয়। একটি সফল জাদুঘর বুঝতে পারে যে, দর্শকদের অংশগ্রহণেই জাদুঘর তার গণ্ডির বাইরে আসার সুযোগ পায়, যে-সুযোগ জাদুঘরের কর্মকাণ্ডে নতুন মাত্রা সংযোজনের জন্য অপ্রত্যাশিত সুযোগ করে আনে। এসব কর্মকাণ্ডে অবশ্যই জাদুঘরের ব্যবস্থাপনাকে অনেক বেশি তৎপর হতে হয়। মানুষের উপকারে আসতে হলে জনগণের ভিন্ন ভিন্ন স্বার্থ, উদ্দেশ্য, রুচি ইত্যাদির স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এজন্য জাদুঘরকে অনবরত ‘ডাটাবেস’ গবেষণা চালিয়ে যেতে হয়।সমাজের কাছে যেতে হলে জাদুঘরকে সমাজের প্রতিবিম্ব হিসেবে গড়ে তোলা প্রয়োজন। জনগণকে জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত করতে সম্ভাব্য সকল উপায় আবিষ্কার করা প্রয়োজন। মানুষের সঙ্গে জাদুঘরের তৈরি সকল নিয়মতান্ত্রিক বাধা অপসারণ করা দরকার। এইসব উদ্দেশ্যে জাদুঘরকে মার্কেটিং বা বাজারজাতকরণ-প্রক্রিয়া সম্পর্কে বিশেষজ্ঞ-ধারণা অর্জন করতে হয়। জাদুঘর তার শিক্ষা ও বিনোদনমূলক ব্যবস্থাসহ যা কিছু জনগণের কাছে তুলে ধরতে পারে, যার জন্য জনগণ অর্থ ব্যয় করতে রাজি, তাই জাদুঘরের পণ্য। এটা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে যে, জাদুঘর আসলে একটা বাজারের ভিতর তার সব কর্মকাণ্ড পরিচালনা করে। তাই ইদানীং জাদুঘরগুলো মার্কেটিং-বিষয়ে আগ্রহান্বিত হচ্ছে। মার্কেটিংয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অগ্রগামী। যুক্তরাষ্ট্রের সংস্কৃতি শহর নিউইয়র্কের বিশাল আন্তর্জাতিক জাদুঘরগুলো হলিউড বা ডিজনিল্যান্ডের ভাবমূর্তিতে ব্যাপক আকারে, শোবিজের কায়দায়, বিপণিকেন্দ্র ইত্যাদির সমন্বয়ে ‘ব্লকবাস্টার এক্জিবিশন’ ইত্যাদি আয়োজন করছে। এসব আয়োজনে টুটানখামেনের স্বর্ণ, চীনের স্বর্ণ, মেক্সিকো ও পেরুর স্বর্ণ ইত্যাদি নামের প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে আয়োজনের বিশালত্ব, গ্ল্যামার ও বিনোদন যেমন দিচ্ছে তেমনি স্যুভেনির বিক্রি করে মুনাফাও পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাজারের সঙ্গে মার্কিনিরা যুক্ত করছে সংস্কৃতি, রুচি ও ইতিহাসের প্রতি আকর্ষণ। ১৯৮২ সালের পরিসংখ্যান-অনুযায়ী শুধু নিউইয়র্ক শহরেই ১৪,০০০ শিল্পী আছেন যাঁরা কোনো-না-কোনো জাদুঘর বা গ্যালারির সঙ্গে যুক্ত। ১৯৮৪ সালের এক পরিসংখ্যান-অনুযায়ী, সেই বছর যুক্তরাষ্ট্রের আর্টস্কুলগুলো থেকে মোট ৩৫,০০০ চিত্রকর, ভাস্কর ও শিল্প-সমালোচক স্নাতক ডিগ্রি লাভ করেন। জাদুঘর ও গ্যালারিগুলোর ‘বাজারজাতকরণ’-পদ্ধতির জন্যই এত লোক আর্থিক ও মানসিকভাবে জাদুঘর থেকে উপকৃত হচ্ছে। এতেই বোঝা যায়, জাদুঘরের কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে কী বিশাল ব্যাপ্তি অর্জিত হচ্ছে।

সরকারি জাদুঘরের আর্থিক প্রয়োজন সাধারণত কেন্দ্রীয় সরকার অথবা পৌরসভা মিটিয়ে থাকে। বেসরকারি জাদুঘরগুলো কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানায় থাকে। সব জাদুঘরেই প্রথা-অনুযায়ী প্রবেশের জন্য মূল্য দিতে হয়। প্রবেশপত্রের মূল্য সাধারণত জনগণের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। কিন্তু এসব অর্থ প্রায়ই জাদুঘরের অনেক সৃজনশীল কর্মকাণ্ডকে বাস্তবায়িত করতে যথেষ্ট নয়। তাই ইউরোপ ও অন্যান্য উন্নয়নশীল দেশের জাদুঘরগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মার্কেটিং-পদ্ধতিতে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ পদ্ধতিতে স্পন্সর জোগাড় করা বা আবিষ্কার করা একটা বড় কাজ। এসব ক্ষেত্রে অবশ্যই জাদুঘরের নিজস্ব পরিকল্পনা ও উদ্দেশ্য থাকতে হবে, কেননা স্পন্সরদের কর্মসূচির বাস্তবায়ন নিশ্চয়ই জাদুঘরের কাম্য নয়।

সংস্কৃতির সঙ্গে মার্কেটিংয়ের এখনো কোনো সুসম্পর্ক সৃষ্টি হয়নি। সংস্কৃতির অঙ্গনে এই ধারণা যথেষ্ট বজায় আছে যে, সংস্কৃতিকে মার্কেটিংয়ের সঙ্গে জড়ালে সংস্কৃতি অচিরেই কাপড় ধোয়ার গুঁড়ো সাবানে পরিণত হবে। কিন্তু তা সত্ত্বেও উন্নত দেশগুলোর জাদুঘর মার্কেটিংয়ের দিকে দ্রুত ঝুঁকে পড়ছে। জাদুঘরের মান ও মূল্যবোধকে বিসর্জন না দিয়ে মার্কেটিং-পদ্ধতিতে কীভাবে কাজ করা যায় তা এদের আয়ত্তে ধীরে ধীরে আসছে। জাদুঘরের পরিচালক ও অন্যান্য কর্মকর্তার মধ্যে বর্তমানের ‘মিউজোলজি’-বিষয়ে উচ্চস্তরের শিক্ষাপ্রাপ্ত অনেকেই থাকেন যাদের সাধারণত ইতিহাস, শিল্পকলার ইতিহাস, ধ্রুপদ-ভাষা, নৃতত্ত্ব ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা থাকে, কিন্তু স্বাভাবিক কারণেই মার্কেটিং-প্রক্রিয়া সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা থাকে না। তাছাড়া মার্কেটিং একটি বিশেষ মানসিকতারও দাবি রাখে। এসব কারণে জাদুঘর পরিচালনায় বর্তমানে মার্কেটিং এখনো একটি নতুন ধারণা হিসেবে যথেষ্ট কার্যকর হয়নি। তবে বর্তমানের প্রবণতা থেকে এটা না বুঝে উপায় নেই যে, পশ্চিমের উন্নত ধনতান্ত্রিক দেশগুলোতে অচিরেই জাদুঘরের অস্তিত্ব নির্ভর করবে মার্কেটিং বা বাজারজাতকরণের পারদর্শিতার ওপর।

‘কাস্টমার সর্বদা সঠিক’ এই নীতিতে বর্তমানে মার্কেটিংকে লক্ষ করে জাদুঘরের ব্যবস্থাপনার পুনর্গঠন করা হচ্ছে। যেমন সবচেয়ে অমায়িক ও বন্ধুভাবাপন্ন কর্মচারীকে প্রবেশপত্র-বিক্রেতা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে; প্রবেশপত্র আধুনিক, রঙিন ও ঝক্ঝকে করে ছাপা হচ্ছে; জাদুঘরের বাউন্ডারি দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে; প্রবেশদ্বার প্রশস্ত ও কাচের তৈরি দরজায় রূপান্তরিত করা হচ্ছে; খাকি পোশাকের পরিবর্তে রঙিন ইউনিফর্মের প্রচলন করা হচ্ছে; প্রকাশনা উন্নতমানের ও আকর্ষণীয় করা হচ্ছে; উন্নতমানের দোকান ও রেস্তোরাঁর ব্যবস্থা করা হচ্ছে; কর্মকর্তাদের গাড়িগুলো প্রবেশদ্বারের কাছে না রেখে পার্কিংলটের শেষপ্রান্তে রাখা হচ্ছে Ñ ইত্যাদি নানা বিষয়ে জনগণকে তুষ্ট করতে জাদুঘর মনোযোগী হচ্ছে। ব্যবসার কাছে জাদুঘরকে বিকিয়ে দিতে নয়, বরং ব্যবসার সাহায্য নিয়ে জাদুঘরের স্বপ্নগুলোকে বাস্তবায়নের পথে এগিয়ে নিতে।

সাত

মানুষ অতীতে কৃষিবিপ্লব, রেনেসাঁ ও শিল্পবিপ্লব দেখেছে। একুশ শতকের শুরুতেই তথ্যবিপ্লবের মধ্যে মানুষ আজ নিজেকে আবিষ্কার করছে। তাই তথ্য-প্রযুক্তির এই যুগে সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রশ্ন Ñ জাদুঘর ভবিষ্যতে কোন পথে যাবে? জাদুঘর কি পুরানো ও সমকালীন ঐতিহ্যের প্রক্ষেপক হিসেবেই ভূমিকা পালন করবে, নাকি সম্পূর্ণ নতুন এক জনগণের সংস্কৃতিনির্মাণে সক্ষম হবে। সময়ই তা বলে দেবে।