মাছধরা
বাংলাদেশের বাস্তববাদী চিত্রকলার সৃজনধারায় রফিকুন নবী এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি যথেষ্ট দক্ষতা ও সিদ্ধি অর্জন করেছেন। বাংলাদেশের মানুষের মর্মযাতনা দুঃখ-কষ্ট ভূদৃশ্য তাঁর ছবিতে আশ্চর্য মমতা নিয়ে প্রতিফলিত হয়েছে। ষাটের দশকে বাংলাদেশের স্বরূপ-অন্বেষার আন্দোলনের সময় থেকে তাঁর সামাজিক অঙ্গীকারের চেতনা প্রখর হয়েছে। বাস্তববাদী চেতনায় তাঁর শিল্পিত মানস ঋদ্ধ হলেও রফিকুন নবীর সৃষ্টিতে নিরীক্ষার ছাপও স্পষ্ট। জীবনের নানা অনুষঙ্গ ও গ্রামীণ জীবনের নানা বাস্তবতা তিনি তাঁর ক্যানভাসে রূপায়িত করেছেন। জলরঙে যে-কজন হাতেগোনা শিল্পী চারিত্রিক বিশিষ্টতা অর্জন করেছেন তিনি তাঁদের একজন। রফিকুন নবী বিশেষ খ্যাতি অর্জন করেছেন রনবী নামে কার্টুনিস্ট হিসেবে। টোকাই-চরিত্রের সৃষ্টি রনবীর বিশেষ কীর্তি।
১৯৬৪ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩-৭৬ সালে তিনি গ্রিসের এথেন্স স্কুল অব আর্টস থেকে ছাপচিত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষাগ্রহণ তাঁর শিল্পচৈতন্যে নবমাত্রা সঞ্চার করেছিল। এ-সময় থেকে তিনি কাঠখোদাই মাধ্যমে পারদর্শী হয়ে ওঠেন। শৈলী, রূপারোপ নির্মাণ ও রং-ব্যবহারে তাঁর ছাপাই ছবি হয়ে ওঠে নবব্যঞ্জনায় সমৃদ্ধ। গতানুগতিক ধারামুক্ত তাঁর কাঠখোদাই সেই সময় থেকে শিল্পরসিকদের মধ্যে ভিন্ন মর্যাদা লাভ করতে সমর্থ হয়।
বর্তমানে তিনি চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর।
তাঁর জন্ম চাঁপাইনবাবগঞ্জে, ১৯৪৩ সালে।
প্রচ্ছদে ব্যবহৃত কাঠখোদাই ছবিটি (৫০ ী ৭৫ সেমি) ১৯৮১ সালে তাঁর একক প্রদশর্নীতে প্রদর্শিত হয়েছিল।

Leave a Reply
You must be logged in to post a comment.