একরাত একদিন, তাও কাটাছাঁটা নয় বরং পুরা হয়েও বেশি, থুরা। থর্কথর্ক, ঝর্কঝর্ক। অবিরাম চলমান। বিপ্লব মহানগর থেকে মেরুশহর, কিলোমিটার ভুলে গেছি, তবে বেশ দীর্ঘপথ। আমি নিঃসঙ্গ, একদম একা। ভুল করেও যদি কেউ উঠতেন এ কামরায় অনাবশ্যক গুলতানি মেরে সময় কাটানো যেত। নাহ্, তাও হলো না। নিজেকেই মনে হচ্ছিল আমি নিজ নই, অন্যকোনো আদমি। রাতে ছিল দোসরা, সকাল থেকে তেসরা তারিখ, মাস ডিসেম্বর। অফিসিয়াল পোলার-ডে মে তেইশ থেকে জুলাই একুশ – তখন সূর্য দিগন্ত থেকে কখনো নিচে নামে না। ডিসেম্বর এক থেকে জানুয়ারি তেরো পর্যন্ত ঘোর মেরুরাত্রির অন্ধকারে আমার গন্তব্য মুরমান্স্ক ডুবে থাকে, যদিও অরোরা বোরেআলিসের স্বচ্ছ থামগুলো মাঝে মাঝেই জ্বলে ওঠে এবং বিচিত্র বর্ণালিতে রাতের আকাশ ভাসিয়ে দেয়। সে এক অনন্য দৃশ্য। অনেকের কাছ থেকেই তার নানারকম বিবরণ শুনেছি, তাই অচিরেই দেখতে পাব বলে বেজায় খুশি। অন্য আরো একটা বিশেষ আশ্চর্যও আছে, কর্মব্যস্ততার মধ্যে একটু থাকলেও যার স্পন্দন মনে টের পাই।
আমি থ মেরে ছিলাম। জানালার বন্ধ করা কাচের ধারে মাথা রেখে একটা বস্তার মতো কাত হয়ে আছি। রেলগাড়ি চলছে, আর আমার ভাবনার জোয়ারও থামছে না।একলা যখন আছি, চেষ্টা করি একটা ভাটিয়ালি গাইতে; কিন্তু গান আসে না, গলায় টান লাগে। ঠান্ডার কৌতুক!
বাইরের এধার-ওধার দুধারে ঢালু জুড়েই বরফের শাদা আবরণ এবং কাছাকাছি গাছগাছড়াগুলোতেও। সারাক্ষণ যেমন শুধু সুন্দরী দেখলেই মজা লাগে না, এও ঠিক তেমনি ছিল।
এসওএস, জরুরি আরজি। অফিসের চাপ ছিল আকাশপথে ভ্রমণ করি, বিশেষ করে সমতার দেশ এখানে ট্রেন-প্লেনের একই ভাড়া! কিন্তু আমার ভেতরে তখন আতঙ্কের ঢেউ – ধোঁয়াশা-কুয়াশার মধ্যে দুর্ঘটনা হলে আমি তো আর বাঁচবো না! ইস্, কী মর্মান্তিক! একেবারে মৃত্যু? কিন্তু ওদের কথার পাত্তা দিইনি এটা ভাবতে দেবো না, সুতরাং কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে বলেছিলাম, ওয়ান্ডারফুল সাজেশন! উড়ে গেলে তো চমৎকারই হতো! দিনেদুপুরে সার্চলাইট! কিন্তু আমার একটু ব্যাপার, এ-অঞ্চলের প্রকৃতি দেখতে দেখতে যেতে চাই। ইংরেজিতে যে ট্র্যাভলগটা লিখব, বিশ্বজুড়ে যেন সাড়া জাগায় এবং আমাদের দেশের গৌরব বাড়ে!
ওরা কিছ্ছুই বুঝল না। একজন শুধু বলল, বাহ্বাহ্ কী বিচক্ষণ!
আমি জানতাম, এদিকে যে নিয়ম-শৃঙ্খলা, হঠাৎ কেয়ামত হয়ে গেলেও যথাসময়ে নির্ধারিত জায়গাটায় গিয়ে পৌঁছব। হলোও তাই।
সব ঠিকঠাক, সাজানো ছিল। ব্যবস্থা করা ছাত্রাবাস, খাওয়া-দাওয়ার পর শয্যাগ্রহণ করে জলদি অকাতরে একটা লম্বা ঘুম দেবার জন্য আমি তৈরি।
ঘন হয়ে বসেছিল। ওরা বলেছিল, জীবন যেমন, এখানকার আবহাওয়াও রহস্যময়। এই কয়েকটা দিন আগেই তো ছিল সূর্যাস্ত আড়াইটায় এবং সূর্যোদয় এগারোটায়। ঘড়ি ও সময়, দুটোই দুর্বোধ্য। আর এখন? সব একাকার : ছায়া-ছায়া অদ্ভুত আঁধারের তলায় জনমানবহীন যেন অচেনা কোনো গ্রহের পরিত্যক্ত এলাকা!
আমাকে দেখলে তেলতেলে, চালাক-চালাক মনে হতে পারে যে-কারুর; কিন্তু আসলে আমি খুব সাদাসিধা এক প্রবীণ যুবক। বয়স তিরিশোত্তর। জিন্দেগির জাহাজটাকে যাতে সঠিকভাবে ইচ্ছার ঘাটে ভিড়াতে পারি সেজন্য বেশ কম্পাসপ্রবণ। উদ্দেশ্য ছাড়া কাউকে ধরি না, পরিকল্পনা ছাড়া কোনো কাজ করি না। একাধিক পশমি কম্বলের নিচে এমন গভীর আচ্ছন্নতায় ঢুকেছিলাম, চোখ মেললে ঠাহর হয় অনেককাল পার হয়ে গেছে, এক-দুই নয়, বারো বছরের কম না। কিন্তু পুরো সজাগ হলে বুঝি ভেলকি, বারো ঘণ্টার অতিরিক্ত হবে না, যা অভ্যাসের মাপকাঠি। সব মনে পড়ে। একঠেলায় উঠে পড়লাম। দশ মিনিটে প্রাতঃকৃত্য। এরপর দ্রুত জাপত্রাক সেরে, পালতুটা চাপিয়ে বেরিয়ে পড়েছিলাম। স্পোরটিভনায়া তেরো রাস্তায় অবস্থিত, খুব দূরে নয়, হায়ার মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ। একটানে গিয়ে উপস্থিত, নিজের কৃতিত্বে খুব খুশি শাফিওরা। এটাই প্রথম পরিদর্শন, শিডিউলের দশ মিনিট আগেই গিয়ে হাজির, বাঙালির সময়জ্ঞান জাহির করতে পেরে আনন্দিত আমিও। ছেলেরা সারবেঁধে দাঁড়িয়ে ছিল। প্রোরেক্টর ভিক্টর মিখাইলোভিচ দুই পা এগিয়ে স্বাগত জানালেন এবং আমাকে ভেতরে নিয়ে গেলেন।
হৃদ্যতামূলক পরিবেশ। প্রথম দিনে উভয়পক্ষের সার্বিক পরিচিতি এবং কী কী সমস্যা সেগুলোর বিবরণ। আলোচনার অগ্রগতি হচ্ছে, উপলব্ধি করি। এবং এরই জের চলল দ্বিতীয় দিনে। আমি দেখলাম গোলআলুই প্রধান সমস্যা! অবশ্য ঘাইঘুই করছেন, কিন্তু ওসব মানব না। ঝোপ বুঝে কোপ মারব যতক্ষণে না অতলপানির মধ্য থেকে বলিষ্ঠ ডলফিনের মতো ঢুঁশ মেরে উঠে এক ঝাপটায় নৌকার ঠোঁট ঘুরিয়ে দেবো। দেখাব কে বেশি শক্তিশালী – ভালুক না ব্যাঘ্র?
কিন্তু হায়, এ-কী গ্যাঞ্জাম! এবার সত্যই অরোরা! এবার বোধহয় আর পালাবার পথ পাবো না।
আমরা ইনফরমাল হয়ে গিয়েছিলাম – সাফল্যের সম্ভাবনায় আড্ডা ভালোই জমে যায়। হাসিখুশি, ঠাট্টা, মশকরা। আমার সামনে, আমার সঙ্গেও, এখন পদমর্যাদার কী দাম আছে, যখন দুর্যোগ পাখা মেলে আছে এবং প্রায় ভৌতিক পরিস্থিতি? আমাদের সন্তানেরাও কি এসব ধারায় অভ্যস্ত হয়ে গেছে? সবে তো তিন, সাড়ে তিন বছর। কিছু চা-নাশতা আর লালপানীয় সাবাড় করেই চলে যায় ওরা, তার প্রধান কারণ আজকেই আমাকে ডিনার খাওয়াবে। আগামীকাল অর্ধদিবস, কেবল সমঝোতা স্মারকে স্বাক্ষর করা, শহর দেখা বাকি সময়টা। পরশু ফিরতিযাত্রা। ওরা থাকতে কোনো আভাস দেয়নি জামিল, তাতেই বোঝা যায়, ওর কাছে ব্যাপারটার গুরুত্বের পরিমাপ। আমি কুঁকড়ে আছি। কর্তৃপক্ষ কিছ্ছু জানেন না, ভাবব কেমন করে যখন স্বচক্ষে দেখলাম, প্রতিটা ছাত্রের নাড়িনক্ষত্র তাঁদের নখদর্পণে? সেমিস্টার ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ রেকর্ড – কোর্স তো কোর্সই, কড়ায়গণ্ডায়, তাঁকে ফাঁকি দেয়া যায় না। কে তিন পেয়েছে, কে দুই, পাঁচ পেতে পেতে কে গর্তে পড়েছে। সবই আছে, রেজিস্টারের পাতায় পাতায়। কেজিবির রাজ্য, নিরর্থক নয়।
অল্পক্ষণে উঠে দাঁড়ালে মিখাইলোভিচ জবানের ঘোড়া ছুটিয়ে দিলেন। তুলাধুনা করবেন বোঝা গেল; কিন্তু তিনি নির্বিকার, যা বলবার বলেই যাচ্ছেন। একটানা রুশভাষা। সংগঠনের সভাপতি জহিরের লেখার হাত ভালো, নোট নিতে ওকে লাগিয়ে দিই। সেও সমানতালে চালাচ্ছে, জটিল কাজ, তরজমার সঙ্গে কখনো উক্তি কখনো বর্ণনা।
‘গাসপাদিন রিয়াজ মামুন, আপনি ছেলেদের দেখতে এসেছেন, সেজন্য আমরা আনন্দিত।
প্রথমত এই ছাত্রদের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক দায়িত্ব আছে, তা পালন করব। আমাদের দায়িত্ব বাংলাদেশের জন্য সুযোগ্য বিশেষজ্ঞ তৈরি করা। যদিও কঠিন, তবুও তা আমরা সমাধা করব। এখানে যদি ছাত্রসমিতিগুলোর প্রতিযোগিতা হতো, বাংলাদেশের সমিতি প্রথম হতো – এতে আমরা নিশ্চিত। এরা ভালো, তবু চার প্লাস ছাড়া পাঁচ দেয়া যায় না। এ-বছর নভেম্বর পর্যন্ত কাজ করে আমরা অত্যন্ত সন্তুষ্ট ছিলাম, কিন্তু নভেম্বর থেকে ওরা উদ্বিগ্ন প্রকাশ করছে।’
তিনি নিজে এর কোনো কারণ খুঁজে পাননি। বাংলাদেশের ছাত্রদেরকে অন্যদের সামনে তুলে ধরেছেন, উনি যা চেয়েছেন তা আরো ভালো কাজ। বাংলাদেশের ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়ে বন্ধুত্ব দৃঢ় করেছে।
‘কিন্তু জানি না, বাংলাদেশের ছাত্ররা কেন এখনো পাইওনিয়ারদের সঙ্গে চুক্তি করেনি।’
‘বিভিন্ন কলকারখানায় আমাদের উচিত আমাদের সম্পর্কে আরো বেশি করে বলা – যতবেশি যোগাযোগ ও কথা, ততবেশি পরিচয় ও সখ্য।
আমরা কেন আমাদের ছেলেদেরকে এমন একটা বদ্ধ আবহাওয়ায় গড়ে তুলি? উনিশশ চুয়াল্লিশ পর্যন্ত নৌবাহিনীর জন্য যে ক্যাডেট দরকার ছিল, তা আমরা যুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানে তৈরি করতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সমুদ্রের জন্য ক্যাডেট তৈরি করতে গেলে বদ্ধ পরিবেশেই করা উচিত। ইংরেজদের কাছ থেকে, সবটুকু না হলেও, আমরা শিখেছি: সে-সময় ইংরেজদের হাতেই ছিল পৃথিবীর সমুদ্র। তারপর থেকে দেখা গেল, যারা সমুদ্রে কাজ করে তাদের দোষে সমুদ্রে দুর্ঘটনা অনেক বেড়ে গেল। মেরিন ফ্লোট নামক পত্রিকায় লেখা হয়েছে, একলাখ টনেরও বেশি ওজনের জাহাজ ডুবেছে এ-বছর। কনভেনশনাল ফ্ল্যাগ লাইবেরিয়া পানামা হন্ডুরাস সোমালিয়া।
এইসব দুর্ঘটনার মূল কারণ ক্যাডেটদের সত্যিকার ট্রেনিংয়ের অভাব।
এই কারণেই নিয়ম-কানুনের প্রতি আমরা কড়াকড়ি করছি : তাতে হয়তো কিঞ্চিৎ স্বাধীনতা নষ্ট হয়, কিন্তু এটা প্রয়োজন।’
‘সাধারণত নাবিক ও পাইলটরা বলেন, বিধিনিষেধ রক্ত দিয়ে লেখা।’ একটু থেমে উনি বললেন।
আমি মাথা নেড়ে সায় দিয়েছিলাম, অবশ্যই অবশ্যই।
এই ফাঁকে, লেখা থামিয়ে জহিরও বলল, ওদেসা অথবা অন্য শহরে যেসব ছেলে আছে তারা এত কঠিন শৃঙ্খলায় নেই। ওসব জায়গায় আবহাওয়া ভালো এবং অবস্থাও অনেক উন্নত এই জায়গার তুলনায়।
‘হ্যাঁ, এটা ঠিক। রোমে গেলে রোমানই হতে হয়!’ মিখাইলোভিচের চেহারায় কঠোরতা, তিনি বলতে থাকেন, আমাদের ফ্লিটে সব পেশাদার স্থায়ীভাবে কাজ করে। বাংলাদেশ নৌবাহিনী শুধু বঙ্গে, বঙ্গোপসাগরে নয়, সারা পৃথিবীতে চালাক। তোমাদেরকেই গড়তে হবে সেই নৌশক্তি। সেজন্য পরিশ্রম চাই, আন্তরিকতা চাই – আর বিপ্লব কিংবা নতুন কিছু গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শৃঙ্খলা।’
দুই
হয় হয় তবু শেষ হয় না। পরদিনও চলল। এবং শুধু আলাপ-আলোচনা নয়, কিছু বচসাও। এক, পরিভাষা-বিভ্রাট, দুই নিজের হাতে নিজের কাজ। ব্যাখ্যা ও ধারণা দুপক্ষের দুরকম।
প্রশ্নোত্তরের কিছুটা স্মরণ করা যাক। প্রশ্ন বাংলা পক্ষ, উত্তর রুশপক্ষ।
প্রশ্ন ঃ আস্ত্রাখান, মস্কোয় অথবা যে-কোনো শহরে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছি। আমাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা করুন। আমরা তাই করব, ঠিক আছে?
উত্তর ঃ আগেই বলা হয়েছে ছাত্র এবং ক্যাডেট দুই শব্দ এবং কুরসান্তের ক্যাডেট শব্দ থেকেই উৎপত্তি।
প্রশ্ন ঃ আমরা মনে করেছিলাম, আমাদের দেশের ক্যাডেট এবং আপনাদের একই ধরনের। এ-ধরনের ক্যাডেট হতে আমরা রাজি নই। বুঝলেন?
উত্তর ঃ হ্যাঁ, আমাদের দেশে কোনো শ্রেণী নেই (গন্ডগোল, হৈচৈ)। আমাদের ছেলেরা টয়লেট পরিষ্কার করবে আর তোমরা করবে না, সে কেমন করে হবে। আমাদের ছেলেরা যতদিন টয়লেট পরিষ্কার করতে থাকবে, ততদিন তোমাদেরও করা লাগবে। আমাদের পঁচিশতম কংগ্রেস তিন উপায়ে যুবসমাজকে গড়ে তোলার পদ্ধতি নিয়েছে – এক, আদর্শগত; দুই, নৈতিক এবং তিন, একতা ও শ্রম। তোমাদেরকে বাইরে কাজে বিশেষভাবে পাঠানো হবে না। যখন রুশ ছেলেদের কাজে পাঠানো হয়, ক্লাস নেই। তোমরা তখন কী করতে চাও?
প্রশ্ন ঃ স্পষ্ট বলছি, ঠিক আছে? আমরা বলতে চাই, আমরা রুশভাষা শিখছি। আমাদের জন্য ও অত্যন্ত কঠিন। এ-সময়ে আমরা লেখাপড়া করতে চাই। অন্যান্য শহরে রুশরা যখন কাজে চলে যায় তখন বিদেশীরা পড়ালেখা করে।
উত্তর ঃ আমরা জানি, তোমাদের কষ্ট হচ্ছে। তবে আন্তর্জাতিক দায়িত্ব আছে তোমাদেরও। ফসল তোলার সময়ে আমাদের শ্রমের অভাব। তখন তোমরা সাহায্য করলে তা হবে তোমাদের বন্ধুত্বের পরিচায়ক।
প্রশ্ন ঃ বুঝেছি, কিন্তু তুষারপাতের সময়ে বাইরে দাঁড়িয়ে রেল থেকে আলুর বস্তা খালাস করি, এটাও চান নাকি?
উত্তর ঃ ও হো, আলু তো খাসা জিনিস, প্রচুর কার্বোহাইড্রেট ও ভিটামিন আছে। রোজ রোজ তোমরাও খাও। না নামালে সবাই উপোস, ব্যস! আমরা আর কী করব!
তিন
উদ্দীপনা না হলেও, কিছুটা উৎসাহিত হয়েছে – ছেলেদের এই প্রতিক্রিয়াটা বেশ ভালোই, কিন্তু ওপরে যাই থাক ভেতরে আমার মধ্যে কোনো আশারই সঞ্চার হলো না। এখন যা আছে তাই থাকবে, সামান্য রূপ বদলাতে পারে মাত্র। এক-দুই-তিন লাইন, সংক্ষিপ্ত, কোনো একটা দলিল সই করারও প্রয়োজন হবে না। অথচ বদভ্যাসবশত ভেবেছিলাম, একটা এবারত উভয়পক্ষে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সববিষয় পর্যালোচনা করা হয়েছে এবং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে-অবস্থার উৎকর্ষবিধানে দুদিকই আন্তরিকভাবে কাজ করে যাবে, যার এক বছর পর রিভিউ মারফত চূড়ান্ত সমাধানের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে। এর অর্থ কী? মনে হলো, সবকিছু এড়িয়ে যাওয়া।
সারাক্ষণ গুমরামুখ করে ছিল জামিল, সঙ্গী-সাথিরা চলে গেলে আরও বেশি বিষণ্ন হয়ে গেল। সকাল থেকে সুযোগ খুঁজেছে। কিন্তু ভীষণ ব্যস্ততা, সময় দিতে পারিনি। মনে হলো, একরত্তি আভাস যে দিয়েছে, সেটাই কারণ। উজ্জ্বল বাতি জ্বলছিল। জিজ্ঞাসুদৃষ্টিতে ওর দিকে তাকাতেই কাছে আসে, আমার দিকে একটু ঝুঁকে বলল, আংক্ল! একটু গলা ভেজাবেন? ভয়ে বলতে পারছি না।
ভয় কীসের? আমি একটু হেসে প্রশ্ন করি, কী আছে?
প্রায় সবই। কয়েকজনে মিলে জোগাড় করে এনে রেখেছে। আপনি আসছেন তাই।
ও আচ্ছা আচ্ছা, ডিপলোম্যাটিক সার্ভিসে এসব তো অচ্ছেদ্য। আর এটা তো কেবল শীতপ্রধান দেশ নয়, খোদ মেরুঅঞ্চল! ঠিক আছে। ব্রান্ডি থাকলে ছোট একটা দাও। ইন্টেলিজেন্ট বয়, চক্ষের নিমেষে নিয়ে এলো। ছোট গেলাশ ও অভাঙা বোতল! নিজেই হাতে তুলে নিই, খুলতেও হলো। সেইসঙ্গে বললাম, কথা শুনতে শুনতে ফেড্আপ। যদি কিছু দেখাবার থাকে, নিয়ে এসো।
দৌড়ে গেল ভিতর দিকে এবং একশিট লিখিত কাগজ এনে আমার হাতে দিল। একটা সিপ নিয়ে পড়তে থাকি, লেখা আছে :
‘অরোরা, অরোরা! অপরাধ নিয়ো না আমার, নিয়ো না। আমাকে দোষ দিয়ো না। আমি অসহায়। একান্ত অক্ষম। অনেক তো অপেক্ষা করলাম। এতকাল, স্বপ্নে তোমাকে পাবো বলে যখন-তখন ঘুমিয়ে পড়তাম। আর পারছি না। অসহ্য, অসহ্য। এই দূরত্ব। যেদিন থেকে জুবায়ের তোমার পিছনে লেগেছে তখন থেকে হিংস্র জানোয়ার হয়ে গিয়েছিলাম, আর এখন মৃত্যুর দুয়ারে আছি। সে পিছনে লেগেছে, না তুমিই প্রশ্রয় দিয়েছ? কেউ কেউ বলছে, তুমিই। কিন্তু আমার বিশ্বাস হয় না। সে তো একটা আস্ত গুণ্ডা, বাইরে ছাত্র কিন্তু আসলে আঁধার জগতের লোক। সামান্য ছুটির সময়েও সে লন্ডন প্যারিস যাতায়াত করে কেন? কেমন করে এমন সহজ ব্যবস্থা? উত্তর একটাই। এদেশের কিছু রাঘববোয়ালকে সে হাত করে রেখেছে বিশ্বসেরা বিদেশী পানীয় আর দামিদামি সিগারেট উপহার দিয়ে। মেয়েরা কি চোর আর লুচ্ছাকেই পছন্দ করে বেশি? ভদ্রছেলে তাদের কাছে বেমজা, পানসে? কিন্তু, কিন্তু। জেনে রাখো, আমি ছাড়বো না। আমার কাছে অস্ত্র আছে। আমি এখন পাগলপ্রায়। ওকে, সুযোগ পাওয়ামাত্র খতম করব, তারপর তোমাকে টেনে নিয়ে মঙ্গলগ্রহে উড়ে চলে যাবো। তৈরি থেকো। আশা করি ভুলবে না। অরোরা, তুমি আমার প্রিয়তমা। তুমিই আমার জীবন, তুমিই মরণ। তার কম কিছু না, বেশিও না।’
হুঁ, চিঠি মেয়েটার কাছে পাস-অন না করে ভালো করেছ। মনে হয়, স্বভাব ও বিকারের মাঝে ওর চেতনা দোল খাচ্ছে। আমি বললাম।
জামিল আমার হাত ধরে ফেলে, অধীরভাবে বলল, স্যার আমি ভেবে দেখেছি। ভেবে দেখেছি একমাত্র আপনিই পারেন নিশ্চিত ধ্বংস থেকে ওকে ফিরিয়ে আনতে। আমার ভয় লাগছে খুব। একটা কিছু না ঘটিয়ে ফেলে – দেশের ভীষণ কেলেঙ্কারি হবে। আমার রুমমেট, তাই আরো বিচলিত আমি। আপনি তো ছাত্রদের সুখ-দুঃখ জানতেই এসেছেন – এটা কি আপনার তালিকায় পড়ে না?
পড়ে, পড়ে। কেন পড়বে না? ছাত্রের স্বাস্থ্যই তো প্রথম বড় জিনিশ। একটু ধৈর্য ধর মাই ডিয়ার বয়, ধৈর্য ধর। আচ্ছা, তুমি না বলছিলে বল্গাহরিণের চামড়া দোকানে এসেছে কিনা দেখতে যাবে!
জি, আমি ভুলিনি। এক্ষুনি যাচ্ছি। একলা থাকতে আপনার অসুবিধা হবে না তো?
না, না। আমি পায়চারি করব। একটু থেমে বললাম, তুমি তো মেয়েটি সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছিলে।
জি, সবই সত্য। ওভারকোটটা দ্রুত গায়ে চাপায়, টুপিটা হাতে নিতেই হঠাৎ বলল, ও হ্যাঁ। আরেকটা জিনিস আপনাকে দিয়ে যাই, আপনি দেখবেন।
ঠিক আছে, দাও। আমি কিছু আন্দাজের চেষ্টাও না করে তাকিয়ে থাকি ওর ব্যস্ততার দিকে।
বিপরীত দিকের খাটের কাছে পড়ার টেবিল, মোটা বইয়ের ভেতর থেকে মাঝারি আকারের একটা শাদা খাম এনে আমাকে বাড়িয়ে দিল এবং বলল, ছবি!
ছবি? কীসের ছবি?
আপনি যার কথা ভাবছেন, তার! জামিলের ঠোঁটে হালকা হাসি যৎকিঞ্চিৎ।
খামটা খুলতে খুলতে বললাম, আমি কার কথা ভাবছি। তুমি জানলে কী করে!
জেনেছি! এটা দিব্যজ্ঞান নয়, কমন সেন্স! বেরিয়ে যেতে যেতে জামিল বলল, সভাপতি সম্পাদক আর অন্য কয়েকজন আপনাকে ডিনারে নিয়ে যেতে আসবে। তার আগেই আমি ফিরব। আসি আংক্ল।
দাঁড়াও! মিলিটারি কমান্ডার মতো শব্দ বেরিয়ে যায়, প্রশ্ন করি, এর নামটা না কী?
মারিয়া কারেনিনা। জামিল নিমেষে স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু একটু নড়ে ওর ঠোঁটজোড়া, ডাকনাম অরোরা!
আমার বুকের ভেতরটা ঢিব্ঢিব্ করছিল, মুখচুন, এ আমি কীসের জালে জড়িয়ে পড়ছি? সামান্য কর্তব্য করতে এসেছি, বড় কোনো ফ্যাসাদ না পাকিয়ে ওঠে। ম্যাক্স প্লাঙ্কের অনিশ্চয়তার তত্ত্ব শেষে চোখে দেখতে হবে? ঘটবে যা সে তো অটোমেটিক, কিচ্ছু করার থাকবে না।
ছবি দেখে কলজে ঠান্ডা! অচিন ক্রাসিভায়া দেবুসকা! আসমানে নয়, জমিনে আসল ডানাকাটা পরী। পেছনে স্টকহোমের একটি স্টুডিওর ছাপ আছে, একসেলেন্ট কালার প্রিন্ট; কিন্তু বাস্তবে বোধহয় আরো মোহনীয়। শাবাশ বেকুব বাঙাল, এতটা সে বুঝল কেমন করে! এমন একটার জন্য যদি সপ্তম এডওয়ার্ড সিংহাসন ত্যাগ করতেন, তাহলে শুধু দেশীয়রা নয়, সারাজাঁহাই নিশ্চয় আচ্ছা বলত।
আমার এক বন্ধু ভালো গায়ক, তার একটি গানের কলি মনে পড়ল :
‘তুমি নও শিল্পকলা, তুমি বিশ্বের অপূর্ব সৃষ্টি।
সোনালি মেঘকুন্তলা মুগ্ধ করে এই দৃষ্টি ॥’
হচ্ছে, এ আবার কী হচ্ছে। সরষের ভেতরে ভূত! বেশ চন্মন্। কিন্তু আরেকটা ছোট গলাধঃকরণ করতেই পুরা হুঁশে আসি। অভিজ্ঞ ছেলেরা সঙ্গে আছে, বিশেষ করে একজন, তা এক ভরসা । জামিলরা সত্যই
আমাদের
রক্তসম্পর্ক আত্মীয়, একটু দূরবর্তী এই যা । কিন্তু একই গ্রামে বাড়ি। এবং একই পাড়ায়, দুই প্রান্ত উত্তর-দক্ষিণ।
ওর বাবা লুৎফর রহমান এখন একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন । তখনকার প্রতিবাদ, মিছিল, আন্দোলনেও যোগ দিতেন। ছুটি- ছাটাতে বেড়াতে আসতেন। নানাবাড়ি ভৈরববাজার ৷ আসল টানটা ছিল ওদিক থেকেই : বড় মামা জিন্নাত আলীর কনিষ্ঠ কন্যা শিরিন জান্নাতের সঙ্গে ভাব হয়ে যায়। সুশ্রী মেয়ে, পাছে না হাতছাড়া হয়ে যায়, তাই এক বসন্তে তড়িঘড়ি শাদি মোবারকটা সেরে ফেলেছিলেন। এই লাভের নিট লাভ হয়েছিল পাঁচটি সন্তান, যার জন্য অন্য সবকিছুতে জলাঞ্জলি দিয়ে কাছা মেরে সংসারের রণক্ষেত্রে অবতীর্ণ হতে হয় ৷ মস্কোতে আমার পোস্টিং হলে দুজনে এসে হাজির। ছেলের জন্য শুকনো খাবার, তালমিশ্রি ও কদমা দিলেন। এবং কিছু মসুর ডাল, পান-সুপারি ।
আমি একজন প্রথম সচিব। শিক্ষা ও সংস্কৃতির সকল দায়িত্ব আমার ওপরে ন্যস্ত । তার ওপরেও কিছু আছে, তথ্য। প্রেস কাউন্সেলর একজন ছিলেন, তাঁকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাঁর কর্তব্য আমার ঘাড়ে পড়েছে, তাতে ফুর্তিই লাগল, কারণ রোজ সকল কাগজপত্র টেবিলে এসে জড়ো হয়। এবং আরও আহ্লাদিত এই কারণে যে, মাঝ ও শেষরাতে যেসব বরেণ্য ব্যক্তিত্ব কমিটি সমিতির প্রতিনিধি হিসেবে উড়ে আসেন, তাঁদেরকে শেরে মেতিয়েভো বিমানবন্দর থেকে নিয়ে এসে নির্দিষ্ট হোটেলসমূহে সশরীরে পৌঁছে দেয়ার নিয়মিত প্রোটোকল সম্পাদন ।
আমি মস্কো পৌঁছেছিলাম বারোই জুন, ছিয়াত্তর । নির্ধারিত ছিল উলিসা কালাঞ্জেভিসকায়া তেত্রিশ এগারোতলায় সংযুক্ত ফ্ল্যাট তেরো ও চৌদ্দ। কাছেই লেনিনপ্রতিষ্ঠিত কমসোমলস্কায়া পাতাল রেলওয়ে স্টেশন। দূতাবাস ভবন জেমলিডেল- চেসকি পেরেউলুক ছয়। দূরত্ব মন্দ নয়, কিন্তু মসৃণ যাতায়াত । একটি বহুমাত্রিক শক্তিশালী প্রতিষ্ঠান সোভিয়েত ইউনিয়নে
বাংলাদেশের ছাত্র সংগঠন । এই, মানে সাতাত্তর, জানুয়ারিতে সম্মেলন ছিল । ইউএসএসআর ছাড়াও আরো দুটি দেশের ডেলিগেটরা যোগ দেন, ফিনল্যান্ড ও বুলগেরিয়া। মেরুশহর নৌছাত্রদের মুখপাত্র সভাপতি ও সম্পাদক জহিরউল্লাহ এবং গাউস। আরো দুজন আসে ওয়াসিম, জামিল । জামিল এসে ব্যক্তিগতভাবে মূলত আমার কাছেই, কিন্তু অবাঞ্ছিত ঘটনায় নাজেহাল হয়। আমি নতুন । সবকজনকে চিনতাম না ঠিকমতো । ওয়াসিম, যে অসীম নামেও পরিচিত, ওপরে না এসে বেসমেন্টবাসী নূর আহমদ বেয়ারারের কুঠুরিতে ঢুকে পড়েছিল। ঘরে কেউ ছিল না ছিটকিনি দিয়ে পুরো এক বোতল কড়া ভদকা গলায় ঢেলে ঢেলে খেয়ে ফেলে। মহা কেলেঙ্কারি। জামিল সতর্ক থাকায় খুঁজে আবিষ্কার করে ফেলে; এবং চুপে চুপে আমাকে জানায় । আমি কৌশল খাটিয়ে অতিকষ্টে সামাল দিতে পেরেছিলাম । ব্যাপারটার মূল একই । জামিল জানত, আমাকে অল্পকথায় বুঝিয়ে দিল। কনফারেন্সের অছিলায় একটা কু- মতলব হাসিল করতে জুবায়েরও এসেছিল। পকেটভর্তি সঞ্চিত ডলার- পাউন্ড। কথামতো অরোরাও এসে পৌঁছে তার পরের দিন । কিন্তু একা সে ইউরোপে, পালিয়ে যাওয়ার জন্য অবৈধ পাসপোর্ট করার চেষ্টার পরিবর্তে যখন রাত্রে লুমুম্বার দুই ইয়ারের কক্ষে ওকে নিয়ে থাকার ব্যবস্থা দেখতে পেলো, তখন সুযোগ বুঝে কেটে পড়ে ।
তখন জামিল ওয়াসিমকে নিয়ে ওখানেই ছিল । সে নজর রাখছিল কপাটের ফাঁক থেকে। হঠাৎ দেখতে পায় জুতোয় খটখট্ আওয়াজ করে দ্রুত পদক্ষেপে নামছে। অস্থির, চঞ্চল, ভয়ার্ত চেহারা। দরোজা খুলে ওদিকে গেল; এবং ওকে আগলে ধরে জলদি নিয়ে আসে কামরার ভেতরে। কাণ্ডজ্ঞান ছিল না, ওকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমো খেতে থাকে । থেমে থেমে বলছিল ওয়াসিম, অরোরা, অরোরা! তুমি শুধু আমার! আমারই, আর কারো নও। তোমাকে ছাড়া। তোমাকে ছেড়ে আমি বাঁচব না।
নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল অরোরা, জুবায়ের ইজ এন ইম্পোস্টার। ফ্রড অলসো, অ্যান্ড ইমমোরাল। হি
ইজ ওয়ার্কিং এগেইনস্ট আওয়ার গ্রেট মাদারল্যান্ড। ইফ ইউ রিয়ালি ওয়ান্ট সি, ফিনিশ হিম। মাই ফাদার হ্যাজ লেফ্ট মি, মাই মাদার ইজ অ্যাট লার্জ বাট ইফ ইউ বিকাম এ ফাইটার, আই স্যাল ফাইন্ড দেম আউট ! ইয়া লুভলু ভাস্ আই স্যাল ডু ইট অর ডাই । দ্যাট উড বি মাই নিউ লাইফ। ডোন্ট ফরগেট উই ফার্স্ট মেট অ্যাট দ্য ওদেসা স্ট্যায়ারস! আওয়ার ওয়ার অব ফ্রিডম উইল নেভার এন্ড! ওয়ান ওয়ার উই হ্যাভ ফট অ্যান্ড ওয়ান, মেনি ওয়ারস আর দেয়ার এহেড আমরা চোদ্দ লিযনী লেনে সিক্সটি নাইন প্যারালাল হোটেলে সমবেত হয়েছিলাম । ডিনার হলো এবং আনাড়ি নাচ-গানও। বাইরে কনকনে ঠান্ডা এবং হাড়কাঁপানো বাতাস, তবু কিছু আমোদ-প্রমোদ । একটা অদ্ভুত অবস্থা, পয়লা ডিসেম্বর মেরুরাত্রি শুরু হলেও আজ পাঁচ তারিখ পর্যন্ত অরোরা দেখা দেয়নি। এটা স্বাভাবিক, না প্রকৃতির বিফলতা? একটু আগে মেট অফিস থেকে জানা গেছে আসছে ভোরের সম্ভাবনা সেভেনটি-এইট্টি ৷ সময় যতই পালটে যাক, আবার বহুবল্লভা প্ৰেমতৃষ্ণা তো বিকল হয়ে যেতে পারে আমাদের চেনা বিদেশভাষী শিক্ষয়িত্রী এবং স্বর্গের সম্রাজ্ঞীও এতে অবিচ্ছেদ্য নয় কি? উড়ে এসেছে গোপন সংবাদ, জুবায়ের-অরোরার এই সকালের আবির্ভাবটাই একটা উৎসব, তখনই সব ফাইনাল করে না!
ফেলবে। কিন্তু, কিন্তু। ওয়াসিমও তো ছাড়বে না ৷ অরোরার রূপমাধুরী দেখতে সারি সারি দাঁড়িয়ে থাক না শতশত লোক তাদের সামনেই ঘটবে একটা রক্তাক্ত নাটক ৷ এগারোটায় তো রুমে এলাম, তারপর থেকে শুরু প্রতীক্ষা দুজন বাদে সব্বাই মিলে গেলাশের গেলাশ । এবং সঙ্গে বাদাম চিবোনো ও ধূমপান । তারপর ভোর হওয়ার কিছুক্ষণ আগে দেশপ্রেমিক যুদ্ধের রাইফেল-কাঁধে উন্নত বীরমূর্তির একলাইনে আমরা এবং অনেকে সার বেঁধে দাঁড়ালাম। একসময়ে, ধীরে ধীরে, অপার সৌন্দর্য ও ঐশ্বর্যবতী অরোরার বর্ণাঢ্য রূপে পৃথিবী উদ্ভাসিত হলো। সবাই বিমুগ্ধ, শিহরিত । কিন্তু আমাদের কেউ ওদের তিনজনের কাউকে দেখতে পেলাম না।

Leave a Reply
You must be logged in to post a comment.