আবিদ আজাদের অপ্রকাশিত একগুচ্ছ কবিতা

আমার মাফলারগুলি উড়ে যাক মাফলারের বনে

আমার মাফলারগুলি আজ ঝরে ঝরে পড়ছে দূরে …

উত্তুরে হাওয়ার টানে, কুয়াশায়, শীতের গলায় –

ঝরুক পাতার মতো, ঝরুক দূরের স্ট্রিটে, লেনে

আমি শুনব বসে তাদের অস্পষ্ট স্বর কান পেতে

আমার নিজের বুকে – শোঁ শোঁ শব্দে অজস্র মাফলার

নামছে পাখির মতো ঝাঁকে ঝাঁকে, নামুক ফুটপাতে –

বিকেলের পিলারের মতো রোদে, সুউচ্চ সিঁড়িতে

ঝলমল করুক সব মাফলার মাগরিবের আজানে

পশমের গন্ধ পেয়ে পশমবস্ত্রের দিক থেকে

আমার মাফলার আজ উড়ে যাক মাফলারের বনে

ও ভাবিজান সত্যি তুমি চিনতে পেরেছিলে?

ও ভাবিজান তুমি তাকে চিনতে পেরেছিলে?

গোপাট ধরে যেতে যেতে মাঠ পেরিয়ে হারিয়ে গেল যে?

খালপাড়ে ঐ ফিঙে-বসা বাঁশের ভাঙা সাঁকো

সর্ষেক্ষেতের পাশে তখন একটু ঘুরে দাঁড়িয়ে ছিল সে –

ও ভাবিজান সত্যি তুমি সেই মানুষকে বুঝতে পেরেছিলে?

ও ভাবিজান চোখ বুজে কি বলতে তুমি পারো?

ধানমাড়াইয়ের দিনে সেবার কাকের আশেপাশে

ঝাঁপিয়ে এসে পড়েছিল অন্য অনেক পাখি –

তাদের মধ্যে উড়ুঘুরু কখান ছিল সারো?

ও ভাবিজান আঙুল গুনে বলতে তুমি পারো?

ও ভাবিজান সত্যি তাকে বুঝতে পেরেছিলে?

কি বার ছিল সেদিন বলো আছে তোমার মনে?

নিরুদ্দেশের থেকে হঠাৎ যেবার ফিরে এসে

দিঘির ঘাটে অজু করে ঘাটপাড়ে সে নামাজ পড়েছিল?

ও ভাবিজান সত্যি তুমি তখন তাকে চিনতে পেরেছিলে?

ভরসন্ধ্যায় ব্যাগ কাঁধে যে খড়ের ধোঁয়ায় হারিয়ে গেল শেষে?

চারতলা বারান্দায় বসে

ঢাকা শহরে এমন একটা পাহাড় আর উঁচুনিচু টিলা ছড়ানো

অলস এবং আলুথালু জায়গা আছে

সত্যি বলছি, এখানে, এই চারতলার ফ্ল্যাটে ভাড়াটে হয়ে না এলে

আমিও ঠিক বিশ্বাস করতাম না কোনোদিন।

মনে হচ্ছে বেড়াতে এসেছি যেন একটা পাহাড়ি শহরে

উঁচুনিচু টিলাটালার ফরেস্ট কোয়ার্টারে

হাতে আমার কুয়াশাময় কয়েকখানা ছোট্ট দিন

আর আমার কবিতার শেষ পর্যায়ের কয়টি সাদা পাতা

গাছপালাদের একটা কুহকী প্রভাব সহজেই টের পাই আজ –

আসলে শীতের সময়টাই এমন – এই চারতলার বারান্দায়

সিলেটের চমৎকার বেতের রকিং চেয়ারে বসে

যাকেই দেখি – আমার স্ত্রী, তিনপুত্র কিংবা আকাশের তারা –

গাছপালার ভিতর দিয়ে দেখলে সব্বাইকে দূরে মনে হয়

পাখায় শাঁই শাঁই শব্দ তুলে একটা কাক উড়ে গেল হঠাৎ

বলপেনের তীক্ষè টানের মতো

কিংবা একটা ছোট্ট পাখি উড়ে এসে বসল হয়তো গাছের ভিতরে

কাঁপন উঠল চিকন – বাঁকা পঙ্ক্তির মতো ছড়িয়ে গেল সারা গাছে

যেন সাদা কাগজে একটা কবিতার খুব কাটাকুটি হচ্ছে –

আবার সত্যি সত্যি পাখিও দেখি উড়ে আসে এখানে

কখনো টুনটুনি, কখনো ময়না, কখনো ঝুটিওলা বুলবুলি

পাছায়, পালকের নিচে অদ্ভুত লাল

এমনকি দোয়েল – চড়ুইয়ের কিচিরমিচিরের ভিতর দিয়েও যার তীক্ষè শিস শোনা যায়

নিচে, পথের পাশে একটা হাফবস্তিও আছে –

এক দুপুরবেলা সেই বস্তির ঝগড়াঝাটির শব্দে

হঠাৎ তাকিয়ে দেখি – রাস্তার ওপাড়ে

দাউদাউ আগুন লেগেছে কৃষ্ণচূড়া গাছের ডালে ডালে

আতারি-মাতারিদের রক্তিম গালাগালের মধ্যে

ভাষার প্রকৃত শক্তিমত্তার একটা পরিচয় পাওয়া যায়

আসলে পাহাড়ও নেই উঁচুনিচু কোনো টিলাও নেই এখানে

আছে প্রচুর ধূলিবালি – ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি গাছ

আর শীত বলেই হয়তো

চারতলার বারান্দায় বসে – ওপর থেকে তাকিয়ে – কুয়াশা কিংবা রোদে

মনে হয় আছি একটি পাহাড় কিংবা উঁচুনিচু টিলার কোনো শহরে

দম্পতি

অনেকদিন ওদের দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না

একদিন খুব ভেবেচিন্তে স্বামীটি শেষমেষ খুন করে ফেলল তার স্ত্রীকে

আরেকদিন রাতে চরম এক ঘনিষ্ঠতম মুহূর্তে

প্রচণ্ড ঠান্ডা মাথায় স্ত্রীও হত্যা করে বসল তার স্বামীকে –

তারপর ওরা পরস্পরের মৃতদেহ

লুকিয়ে রেখে দিল পরস্পরের অগোচরে চিরকালের জন্য

টাইলস্ ও গ্রানাইট পাথরের ফ্লোরের ভিতরে

গ্যারেজে, গাড়ির নিচে, মাটিতে গর্ত খুঁড়ে –

হ্যাঁ, তারপরও ঐ দম্পতি, এখনও

ওদের অ্যাপার্টমেন্টে একই সঙ্গে আছে

কোনো রকমের বনিবনা ছাড়াই আছে আজো একই সঙ্গে

এখন কারো বিরুদ্ধেই ওদের কারো আর কোনো অভিযোগ নেই –

কারো জন্যই এখন কেউ আর ওঁৎ পেতে বসে থাকে না

পাউরুটি কাটার ছুরি কিংবা ঝক্ঝকে ব্লেড

ঘুমের ট্যাবলেট কিংবা বিষাক্ত সিরিঞ্জ নিয়ে –

ওরা ভুলেই গেছে একদিন ওরা একজন আরেকজনের জন্য অপেক্ষা করে বসে থাকত

ওরা ওদের পরস্পরকে খুন করে

নিঃশব্দে, নিখুঁতভাবে গায়েব করে ফেলার পর

এখন আর কারো বিরুদ্ধেই ওদের আর কোনো অভিযোগ নেই

বলা যায় ওদের জীবনে বনিবনা হওয়ার সব সম্ভাবনা ফুরিয়ে গেছে আজ

তবে একটা উৎপাত খুব বেড়ে গেছে আজকাল ওদের জীবনে

এই উৎপাতটা নতুন – তাতে ঐ দুজনের কারোই কোনো সন্দেহ নেই

যখনই – দূরের কিংবা কাছের কেউ খুঁজতে আসে ওদের

হয়তো কোনো নিকটাত্মীয় হয়তো কোনো পুরনো বন্ধু

কিংবা নিত্যদিনের কোনো জরুরি মানুষজন

যেমন কাগজের হকার, সেনিটারি মিস্ত্রি, পিয়ন

কিংবা টিভি-ফ্রিজের মেকানিক

যে কেউ এসে ওদের অ্যাপার্টমেন্টের ডোরবেলের সুইচ টিপলেই

কিংবা বেজে উঠলে টেলিফোন

ওদের মধ্যে এক মর্মান্তিক প্রতিযোগিতা শুরু হয়ে যায়

কে কার আগে আগন্তুককে খুলে দেবে দরজা

কিংবা রিসিভার হাতে নিয়ে কে কার আগে বলে উঠবে হ্যালো, হ্যালো, হ্যালো

ওদের সেই ‘হ্যালো, হ্যালো, হ্যালো’ শব্দের মধ্যে

দুলতে দুলতে কখন স্কুলে যায়, কখন ক্লান্ত হয়ে

টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে টিভির সামনে –

এখন ওরা শুধু অদৃশ্য পানি নিয়ে চোখে ওদের দুটি সন্তানের দিকে তাকিয়ে থাকে

ওই দম্পতি, ওরা যে ওদের পরস্পরের জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে

এ কথা কেউ, জীবিত কেউই বুঝতে পারে না

নজরুলের কাল

এমন একটা সময় এসেছিল বাংলা কবিতায়

যখন সবার জন্য খুলে গিয়েছিল দুয়ার

সূচনা হয়েছিল একটা নতুন কালের –

হ্যাঁ, সেটাই ছিল নজরুলের কাল

অদ্ভুত, চলচঞ্চল, আত্মবিহ্বল, অগ্নিগর্ভ এবং দুঃখী এবং আপামর পাঠকের

সত্যি সত্যি ঘনিয়ে উঠেছিল এমন একটা তোড়জোড় সময়

যেন দীর্ঘ প্রতীক্ষিত একটা অবশ্যম্ভাবী ট্রেন

বাংলা ভাষার সমস্ত নদীপথে ঘূর্ণিতোলা একটা ফেরি

ভিড়েছিল এসে স্টেশনের প্লাটফর্মে, ঘাটে –

আর হুড়মুড় করে উঠে পড়েছিল সবাই

গায়ে গা লাগিয়ে বসেছিল সিটে, মেঝেয়, এমনকি লাগেজ ক্যারিয়ারে –

দাঁড়িয়েও ছিল চিড়াচ্যাপ্টা হয়ে একজন আরেকজনের কাঁধের ওপর ঝুঁকে

ব্যাপারটা এমন হয়েছিল

কিছুতেই যেন মিস করা যাবে না

উঠে পড়তে হবে যে কোনোভাবে

এবং যেভাবেই হোক পৌঁছুতে হবে গন্তব্যে।

কবিতার সেই গন্তব্য কোথায় এখন?

কবিতার ওপর মানুষের আশা এবং ভরসাও

এমন জমাট বাঁধে না সবসময় –

যেমন বেঁধেছিল নজরুলের কালে

নজরুল বাড়িয়ে দিয়েছিলেন বাংলা কবিতার আশার দিগন্ত

ভরসার তিন পায়ের নিচের ভিত্তি করেছিলেন মজবুত

দিয়েছিলেন বাড়িয়ে ছন্দের লম্বা জিহ্বার লবণের চাহিদাও

কান মুচড়ে, ধমকে, থাপ্পড় দিয়ে গালে

নজরুল তার কালকে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে

শিখিয়ে দিয়েছিলেন –

নিজের ঝোড়ো ঝাঁকড়া-চুলের জীবনের মতোই।

পিঁপড়ের সঙ্গে

একটা পিঁপড়ের সঙ্গে কাটল সারা দুপুর

ভালোই কাটল সময় একটা পিঁপড়ের সঙ্গে

তবে আরো একটু সময় কাটাতে পারলে

পিঁপড়েটার সাথে

আরো একটু বেশি ভালো লাগত আমার

মনে হয়

কিন্তু পিঁপড়েদের ব্যস্ততার শেষ নেই

দলছুট পিঁপড়েটা আমার দিকে তাকিয়ে

সাদা কাগজ থেকে দ্রুত

ছুটে গিয়ে মিশে গেল অন্য পিঁপড়ের দলে

এখন আমি কবিতা লিখতে বসব

বলপেন খুলে –