কোটিবর্ষব্যাপী শুধুই নিরঙ্কুশ শক্তি হয়ে, খুঁজেই চলেছি
তথাপি এই ধরিত্রী, ঐ অন্তরীক্ষের সকল জ্যোতিষ্কমালা
অস্বীকার করেই চলেছে, ‘তুমি যা চাও তা নেই, কখনো হয় না’
অনাদি মৃত্তিকার ভ্রƒণরাশির ধুলোর মোহর হয় না
হয় না নীহারিকাপুঞ্জের জ্যোতির্ময় কণিকা-মোহরও
মহাজাগতিক প্রত্নখনির পাথরের মলাট খুলে খুলে
পরতের পর পরত ছেনে-ছেঁকে বারবার দেখেছি
কোথাও তোমার খেয়ালি শখের সেই মোহর নেই
পার্থিবে অপার্থিব মিলিয়ে দিচ্ছ খেয়ালিপনার জেদে!
তথাপি তোমার এই যাচ্ঞাকে অবাস্তব বলে আমি উড়িয়ে দিই না
কেননা সম্ভব-অসম্ভব সকল সুন্দরগুলো প্রাচীন সত্যের মতো
জড়ো হয়ে আছে তোমার মুখে হাতে পায়ে শরীরের সবখানে
এক একক পরমা কেবলই শরীরী,
তাইতো তোমার মিথ্যাটাও সত্য বলে মানি
তথাপি আমার মগজে সৃষ্ট কবিতার ধুলো দিয়ে হীরের গোলাপ
তোমাকে উপহার দিতে পারি, আরও দিতে পারি ভালো না বেসেও
দূরতম নক্ষত্রপুঞ্জের ধুলোয় তৈরি শুধুই কবিতা-মোহর
হেসে হেসে যদি নির্দ্বিধায় হাত বাড়িয়ে তুলে নাও সেই কবিতা-মোহর,
যদি চুমু খাওয়ার মতো ঠোঁট গোল করে
খল প্রেমিকার মতো বলে ওঠো
‘ওমা, এইতো বেশ! কী দরকার ছিলো, শুধু শুধু…!’
তবেই বুঝবো আবারও আমি তোমার কাছে হেরে যেতে পেরেছি
ইচ্ছের বিরুদ্ধে ইচ্ছে করেই!

Leave a Reply
You must be logged in to post a comment.