আয়ুষ্মান অর্জন : সেরা সচিত্র সন্ধানী

সেরা সচিত্র সন্ধানী

সম্পাদক :

গাজী শাহাবুদ্দিন আহমদ

সন্ধানী প্রকাশনী,

ঢাকা, ২০০৫

৫০০ টাকা

স্বাধীনতার পূর্বাপর প্রায় পাঁচ দশক সাময়িকী পত্রিকার মধ্যে সচিত্র সন্ধানী অন্যতম একটি উজ্জ্বল নাম। ১৯৫৬ সালের ২৩ জুন সচিত্র সন্ধানীর প্রথম প্রকাশ। শুরুতে কার্টুন-ব্যাঙ্গাত্মক পত্রিকা হলেও সময়ের প্রয়োজনে সচিত্র সন্ধানী সাহিত্য-সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। ১৯৭৮ সালে এসে সন্ধানী নবপর্যায়ে নতুন আঙ্গিকে প্রকাশিত হয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত এই ধারা বজায় ছিল। দেশভাগের পর সেদিনের তরুণ, আজকের অগ্রজ প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক এবং বাংলাদেশের স্বাধীনতার পরের লেখক, সবার উপস্থিতি ছিল সচিত্র সন্ধানীর পৃষ্ঠায়। আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতির বৈশিষ্ট্য, গতি-প্রকৃতি, বিভিন্ন প্রবণতা সচিত্র সন্ধানী ধারণ করেছে। আজকের ও ভবিষ্যতের পাঠকদের বিগত দিনের সৃজনশীল-রচনার সঙ্গে পরিচয় ঘটাতে সচিত্র সন্ধানী প্রকাশিত রচনাসমূহ থেকে বাছাই করে সম্প্রতি গাজী শাহাবুদ্দিন আহমদের সম্পাদনায় সেরা সচিত্র সন্ধানীর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে।

আজকের অস্থির সময়ে সমাজ-জীবনে যখন সূচিত হচ্ছে সর্বগ্রাসী ক্ষয়, সংকট, চলেছে রুচির আকাল; মানুষ বিস্মৃত হচ্ছে তার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে। তখন সচিত্র সন্ধানী তার গৌরবময় অর্জন বাঁচিয়ে রাখার প্রয়োজন অনুভব করেছে। সন্ধানী-কর্তৃপক্ষের অভিমত – সংকলন প্রকাশে ভেতরের উদ্দেশ্য, যারা শিক্ষিত এবং শিক্ষা-কর্ম প্রদানে সক্রিয়, যারা সাহিত্য-সংস্কৃতির তন্নিষ্ঠ তরুণ-কর্মী তাদের স্বভূমির উৎসের সন্ধান দিয়ে মনোজগৎ আলোকিত করা। এই সংকলন পাঠে এরা জানবে এবং জানাতে পারবে বহুস্তরের শিল্প-সংস্কৃতি ভিত্তি-নির্ভর কথকতা।

একটি নির্বাচকমণ্ডলীর তত্ত্বাবধানে সেরা সচিত্র সন্ধানীতে মুদ্রিত হয়েছে প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, গল্প-উপন্যাস-কবিতা ও বিবিধ বিষয়। লেখক-তালিকায় রয়েছেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক। এঁদের কেউ কেউ আজ প্রয়াত। মূলত প্রথমখণ্ডে উল্লেখযোগ্য জ্যেষ্ঠ লেখকদের লেখা স্থান পেয়েছে। নির্বাচন করা হয়েছে রবীন্দ্রসংগীত-বিশেষজ্ঞ আবদুল আহাদের শান্তিনিকেতনের স্মৃতিচারণ। এক একটি ঋতু এলে রবীন্দ্রনাথ সাজাতেন গানের ডালি। গানের প্রসঙ্গে আমরা পাই তৎকালীন শান্তিনিকেতনের পরিবেশ-প্রকৃতির বর্ণনা। কবির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই অংশের স্মৃতিকথা বেশ মর্মস্পর্শী। আবদুল আহাদের লেখা পড়ে জানি : সকালে সবাই দাঁড়িয়ে আছি লাইব্রেরির পাশের রাস্তাটির ধারে। একটু পরেই দেখতে পেলাম কালো রঙের গাড়িটি উত্তরায়ণ থেকে বেরিয়ে আসছে। শান্তিনিকেতনের চারিদিক চেয়ে চেয়ে দেখলেন। কী জানি তাঁর মনে হয়তো সংশয় দেখা দিয়েছিল – এই যাত্রাই বোধহয় শেষ যাত্রা, তাঁর সাধের গড়া প্রিয় শান্তিনিকেতনকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন। সত্যি কবিগুরু আর ফিরে আসেননি। কবি নজরুল ইসলামের জীবনে বিভিন্ন নারীর উপস্থিতি নিয়ে রফিকুল ইসলামের কবিপ্রিয়া কবিজায়া। সৈয়দা খাতুন যাঁর নাম কবি রেখেছিলেন নার্গিস আসার খানম, প্রমীলা যাঁর প্রেমে নজরুল অত্যধিক আচ্ছন্ন হয়েছিলেন, রাণু সোম, উমা মৈত্র, জাহান-আরা- চৌধুরী – এসব নারীর মধ্যে প্রমীলা ছাড়া কারো কারো প্রতি নজরুলের তাৎক্ষণিক আকর্ষণ থাকলেও স্থায়ী আবেগ ছিল না। নজরুলের বিভিন্ন কবিতা ও গানের উদ্ধৃতি দিয়ে রফিকুল ইসলাম জানিয়েছেন, নজরুলের হৃদয়ের সম্পর্কের অপেক্ষা বিরহের প্রাধান্য অধিক। সেক্সপিয়রের সনেটগুচ্ছে এক কৃষ্ণা রমণীর উদ্দেশে কয়েকটি প্রেমের কবিতা আছে। কিন্তু শেক্সপিয়রের এক ডার্ক লেডিকে নিয়ে লেখা সনেটে তার পরিচয় সন্দেহাতীতভাবে জানা যায় না। আনিসুজ্জামান ‘কৃষ্ণা প্রেমিকার বন্দনা’ শিরোনামে সেদিনের সনেট অনুবাদ প্রসঙ্গে এতোদিন পর জানাচ্ছেন, ‘যার পেটে বোমা মারলে কবিতার একটা লাইন বের হবে না, তার দুঃসাহস হলো সেক্সপিয়র অনুবাদের? বস্তুত, সন্ধানী ছিল বলেই এমন দুঃসাহস করেছিলাম।’ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ‘জয়নুল আবেদিনের কাজ’ প্রবন্ধ পাঠে একালের পাঠক জানতে পারবে, জয়নুল আবেদিন তাঁর স্বকালের সমাজের বিরুদ্ধে ঝাণ্ডার মতো তুলে ধরেছেন নিসর্গ প্রকৃতিকে, নষ্ট অতি-শহুরে এবং লোভের বিরুদ্ধে সরল সততাকে। জহুর হোসেন চৌধুরীর ‘একটি প্রশ্ন’ প্রবন্ধে বাঙালি-মুসলমান মধ্যবিত্তের বিকাশ প্রসঙ্গে প্রকৃতপক্ষে প্রশ্ন রয়েছে, যার উত্তর সন্ধান আজও প্রাসঙ্গিক। মধ্যবিত্তের একাংশের অকল্পনীয় শ্রীবৃদ্ধি ঘটলেও দুঃসহ অর্থনৈতিক সংকট কিন্তু মধ্যবিত্তের বৃহত্তর অংশকে বেশ দ্রুতই গ্রাস করেছে এবং এটি ক্রমশই তীব্রতর হচ্ছে। এটিই আশার কথা। মানুষের জন্মের ন্যায় মানস ও মননের স্ফুরণ হয় অনিঃশেষ বেদনার মধ্যেই। মানস ও মননে বিপ্লব সমাজ-বিপ্লবের অপরিহার্য পূর্বশর্ত। সে-পূর্বশর্ত সৃষ্টি হচ্ছে কি? কলিম শরাফীর ‘এ কী তৃষ্ণা’ একটি স্মৃতিকথা। এই স্মৃতিকথার মধ্য দিয়ে পাঠক প্রাথমিক পর্যায়ের রেডিও-টেলিভিশনের প্রতিষ্ঠা-কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। এই প্রতিষ্ঠান দুটি নিয়ে সে-সময়ের সরকারি মনোভাব ছিল বাঙালি সংস্কৃতি-বিরুদ্ধ। কলিম শরাফী জানিয়েছেন, ‘আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীত এ-দুটি গাইতাম দুটোই ছিল অপরাধজনক, তখনকার সরকারি দৃষ্টিতে। তখন রবীন্দ্রসঙ্গীতকে প্রায় নিষিদ্ধের মতোই ট্রিট করা হতো। যারা রবীন্দ্রনাথকে পছন্দ করতেন, এমন লোকদের মনে করা হতো যে, তিনি পাকিস্তানী মুসলমান নন।’ কামরুল হাসানের ‘রূপসী বাংলার চালচিত্র’ লেখার উপযোগিতা আজও সমান। লোকজ শিল্প বা গ্রামীণ শিল্প একবাক্যে সৌন্দর্যমণ্ডিত গ্রামীণ ব্যবহারিক-শিল্প নিয়ে আমরা জানতে পারি – সামাজিক অনুশাসন, ধর্মীয় বিশ্বাস, সংস্কার, আধ্যাত্মিক বা আদিভৌতিক সবকিছুরই সাবলীল প্রকাশ লোকজশিল্পে পরিলক্ষিত হয়ে আসছে। আবদুল গাফ্ফার চৌধুরী ‘পঞ্চাশের ক্রান্তি এবং রূপালি স্নানের ঈশ্বর’ লেখায় কবি শামসুর রাহমানের ‘রূপালি স্নান’ নামের কবিতাটি না-ছাপা হওয়ার প্রসঙ্গ ধরে পঞ্চাশের দশকের সরকারি সংস্কৃতির প্রভাব, সংস্কারের দাসত্ব, সাম্প্রদায়িক মনোভাব আলোচিত হয়েছে। এই লেখায় উঠে এসেছে সে-সময়ের দৈনিক পত্রিকার

স্ব-আরোপিত সেন্সরশিপ ও বিভিন্ন সাংবাদিকের অজানা কর্মকাণ্ড।

মুক্তিযুদ্ধ সেরা সচিত্র সন্ধানী প্রথম খণ্ডের মনোযোগ আকর্ষণের প্রধান বিষয়। সংকলিত বিভিন্ন লেখার সমন্বয়ে পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের ইতিহাস হয়ে উঠেছে কেন্দ্রীয় উপাদান। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর হত্যা-সন্ত্রাসে অবরুদ্ধ ঢাকা শহর, চলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঘটনা, বিদেশী সাংবাদিকের সংবাদ সংগ্রহ, এদেশের সংগীত-শিল্পীদের উদ্দীপনামূলক গান পরিবেশ করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা, খেলোয়াড়দের অংশগ্রহণ, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে বিশ্বখ্যাত শিল্পীদের সাহায্য-সহযোগিতা, পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম – একাধিক বিষয় সেরা সচিত্র সন্ধানীকে গুরুত্বপূর্ণ করেছে। মুক্তিযুদ্ধ পর্বে ছাপা হয়েছে এমনকিছু দুর্লভ রঙিন ছবি, যা আগে কখনো দেখা যায়নি। দেশের বিরাজমান বর্তমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা আজ নির্বাসিত। মুক্তিযুদ্ধকে একটা গন্ডগোলের বছর নামে যখন চালিয়ে দেয়ার অপপ্রয়াস, তখন মুক্তিযুদ্ধকে মুখ্যবিষয় হিসেবে তুলে ধরে সন্ধানী সামাজিক দায়িত্ব পালন করেছে। এই বিভাগের লেখকগণ হচ্ছেন : জহির রায়হান, শামসুর রাহমান, আবুল মাল আবদুল মুহিত, সন্জিদা খাতুন, জাহানারা ইমাম, মফিদুল হক, রেজাউল হাসান। একাত্তর প্রসঙ্গে বিবিসির সাংবাদিক মার্ক টালির সাক্ষাৎকার নিয়েছেন শফিক রেহমান।

বাংলাদেশের দশজন জ্যেষ্ঠ লেখকের বিভিন্নস্বাদের গল্পে আমাদের গল্প-সাহিত্যের গতিপ্রকৃতি-উত্তরণ, বহুমুখী বৈশিষ্ট্য পাওয়া যায়। চল্লিশ-পঞ্চাশ ও ষাটের দশকের লেখকদের গল্পের বিষয় বিচিত্র। ভাষাও আঙ্গিক স্বতন্ত্র। সেরা সচিত্র সন্ধানীর সম্পাদকমণ্ডলী গল্প নির্বাচনে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। সচিত্র সন্ধানী যখন নিয়মিত প্রকাশিত হতো, প্রতি সংখ্যায় একটি করে গল্প ছাপা হয়েছে। ভূমিকায় উল্লেখ করা হয়েছে : সচিত্র সন্ধানীতে প্রকাশিত প্রায় পৌঁনে দুইশ উপন্যাস ও চৌদ্দশ গল্পে দেশভাগ থেকে দুই হাজার সাল – এই দীর্ঘ সময়ের সমাজ ও জনজীবনের সামগ্রিক উৎসারণ, গ্রাম ও শহর পটভূমির নিবিড় বাস্তবতা শনাক্ত করা যায়। আমরা সেরা সচিত্র সন্ধানীর গল্পপাঠে বলতে পারি, কথাবস্তু ও লিপিকৌশলে যে-সব গল্প উত্তীর্ণ ও নতুন বৈশিষ্ট্যপ্রাপ্ত তাই-ই মুদ্রিত হয়ে সংস্কৃতিবানের পাঠতৃষ্ণায় শরিক হয়েছে। গল্পকাররা হচ্ছেন : শওকত ওসমান, আনিস চৌধুরী, সৈয়দ শামসুল হক, সুচরিত চৌধুরী, শহীদ আখন্দ, হাসান আজিজুল হক, বেলাল চৌধুরী, রাবেয়া খাতুন, আখতারুজ্জামান ইলিয়াস ও রশীদ হায়দার।

সেরা সচিত্র সন্ধানীর প্রথম খণ্ডকে মূল্যবান করেছে এদেশের দুটি আয়ুষ্মান উপন্যাস। জহির রায়হান ও মাহমুদুল হক – উভয়ে কথাসাহিত্যিক হিসেবে শক্তিমান। তাঁদের সাহিত্যভাণ্ডারের উজ্জ্বল শস্য এ-সময়ের পাঠকের মননকে শাণিত করবে। জহির রায়হানের উপন্যাস হাজার বছর ধরের পটভূমি পঞ্চাশের দশকের এবং মাহমুদুল হকের উপন্যাস খেলাঘর সত্তরের দশকের মুক্তিযুদ্ধকেন্দ্রিক। দুই উপন্যাসই গ্রাম-নির্ভর। জহির রায়হানের উপন্যাসটি পাড়াগাঁ, জীবন-যাপন, অস্তিত্বের পীড়ন, দাম্পত্য জীবন, গৃহস্থালি বিষয়-আশয় নিয়ে ছোট ছোট বাক্যে সুলিখিত। পঞ্চাশের দশকে আমাদের উপন্যাস সাহিত্যের আখ্যান প্রধানত গ্রামীণ, তা বর্তমানকালের পাঠক অনুধাবন করতে পারবেন। মাহমুদুল হকের উপন্যাস ঢাকা শহর ছুঁয়ে গ্রামে সরে গেছে। মুক্তিযুদ্ধের সময় পালিয়ে জীবন বাঁচাতে নারী-পুরুষ আশ্রয় নিয়েছে ঝোপঝাড় লতাগুল্মময় এক গ্রামে, যেখানে পাকিস্তান বাহিনীর আক্রমণ শুরু হয়নি। মাহমুদুল হক তাঁর অসাধারণ হাতে এমন জমাট শিল্পসম্মত কাহিনী রচনা করেছেন, যা পাঠককে অনায়াসে দখল করে। জীবনঘনিষ্ঠ বিষয় উপন্যাসকে সময়জয়ী করে। নিজস্ব মানবমণ্ডলীর জন্য রচিত স্বতন্ত্র গদ্য ও আঙ্গিকের উপন্যাস পুনঃপ্রকাশ করে সচিত্র সন্ধানী তুলে ধরেছে স্বকীয় সংস্কৃতির অংশ।

স্বাধীনতা-উত্তরকালে সচিত্র সন্ধানী নবপর্যায়ে প্রকাশিত হলে নিয়মিত ছাপা হয়েছে কবিতা। পঞ্চাশের দশকে ভাষা-আন্দোলনে নতুন বোধ-উৎসাহ এবং চিন্তার আলো এসে পড়ে কবিদের মনোভূমিতে। স্বদেশ প্রত্যক্ষভাবে অনুরণিত হলো কবিতায়। কবিদের কাব্যভাষাতেও আসে পরিবর্তন। ষাটের দশকে এসে আধুনিক কবিতার পঠন-অভিজ্ঞতা, ত্রিশের কবিদের ভাবসম্পদ আমাদের কবিদের সৃজনশীলতাকে বেগবান করে। নানা পরীক্ষা-নিরীক্ষা কবিতায় যোগ করে নতুন মাত্রা। এসবের প্রতিফলন দেখা যায় সেরা সচিত্র সন্ধানীর সংকলিত ২৯টি কবিতায়। চল্লিশ-পঞ্চাশ-ষাটের দশকের কবিদের কবিতায়

বিষয়ীভূত হয়েছে পুরনো মূল্যবোধে অনাস্থা জ্ঞাপন, সামাজিক এবং

অন্তঃপ্রদেশের মন্থন। কোনো কোনো কবিতায় পাওয়া যায় যুগের প্রতিবিম্ব ও তার উৎসারণ। কবিরা হচ্ছেন : আহসান হাবীব, আবুল হোসেন, শামসুর রাহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান হাফিজুর রহমান, সাইয়িদ আতীকুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, আতাউর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, ফজল শাহাবুদ্দীন, আবুবকর সিদ্দিক, জিয়া হায়দার, আল মাহমুদ, ওমর আলী, শহীদ কাদরী, মনজুরে মওলা, সিকদার আমিনুল হক, আবদুল মান্নান সৈয়দ, শামসুল ইসলাম, আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, মাহমুদ আল জামান, রফিক আজাদ, রবিউল হুসাইন, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, রুবী রহমান, সুরাইয়া খানম, হুমায়ুন আজাদ।

বিবিধ বিভাগের সংকলিত অধিকাংশ লেখাই স্মৃতিকথামূলক। এই স্মৃতির মধ্য দিয়ে উঠে এসেছে ব্যক্তিত্বদের সম্পর্কে অজানা তথ্য। এদেশের চলচ্চিত্র সংস্কৃতির অন্যতম পথিকৃত চিত্রালী পত্রিকার সম্পাদক, সজ্জন, পরিশ্রমী, সুস্থধারার প্রতি নিবেদিত এক-প্রাণ এস. এম. পারভেজের বিভিন্ন দিকের স্মৃতি ধরা পড়ে সৈয়দ শামসুল হক, কাইয়ুম চৌধুরী, গাজী শাহাবুদ্দিন আহমদ, এ.টি.এম. হাইয়ের লেখায়। কাইয়ুম চৌধুরী লোকায়ত শিল্পের সঙ্গে আধুনিক জীবনচেতনার নবায়নে সৃষ্টি করেছেন চিত্রশিল্পে এক স্বতন্ত্র ঘরানা। তিনি পরিণত জীবনে ‘পুরানো সেই দিনের কথা’য় আর্ট কলেজের প্রতিষ্ঠা, পুরনো আমল, এর বিকাশ, সহপাঠী ও শিক্ষক-শিল্পীদের নিয়ে লিখেছেন। আমরা জহির রায়হানকে একজন চলচ্চিত্র পরিচালক ও কথাসাহিত্যিক হিসেবে জানি। এই শহীদ প্রতিভাবানের সমাজ ও রাজনৈতিক সচেতনতা, জীবন-সংগ্রাম, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন, নানা রাজনৈতিক উত্থান-পতনে তাঁর মানস-আলোড়ন নিয়ে জানতে পারলাম মতিউর রহমানের একুশের ঝড়ের পাখি লেখায়। একুশে ফেব্রুয়ারির চেতনা জহির রায়হানের গল্প, উপন্যাস, চলচ্চিত্রে বারবার ফিরে এসেছে। নির্বাচিত হয়েছে মালেকা বেগমের তিনটি লেখা। ১৫ আগস্ট রাতে এই দেশের রাজনীতিতে সংঘটিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটে অন্যায্য পরিবর্তন। বঙ্গবন্ধু হত্যার সূত্র ধরে খালেদ মোশাররফ, জিয়াউর রহমান হত্যাযজ্ঞ ঘটে। এই তিনজনের মৃত্যু শেখ হাসিনা, সালমা খালেদ এবং খালেদা জিয়ার জীবনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তার বিবরণ পাওয়া যায় এই তিন লেখায়। সৈয়দ শামসুল হকের সফল কাব্যনাটক ‘নূরলদীনের সারা জীবন’ নিয়ে সন্ধানীর প্রচ্ছদ প্রতিবেদন লিখেছিলেন শান্তনু কায়সার। ১৭৮২-এ নূরলদীনের নেতৃত্বে নিপীড়িত কৃষকরা রংপুরে বিদ্রোহ করেছিল। এই নাটকের ইতিহাসচেতনা থেকে দুইশ বছরের পুরনো কালচিত্র সমকালীনতার সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতার সঙ্গে সেদিনের সংগ্রামের সাযুজ্য আমরা খুঁজে পাই।

সচিত্র সন্ধানী শুরুতে ব্যঙ্গ-বিদ্রƒপ দ্বারা পাঠককে সচেতন ও বাস্তবধর্মী করার প্রয়াস নিয়েছিল। বিভিন্ন সময়ে নবপর্যায়ের সন্ধানীর প্রচ্ছদে মুদ্রিত হয়েছে কার্টুন। সেই ধারার উদাহরণ পাওয়া যায় কালাম মাহমুদের আঁকা কার্টুনে।

প্রথম খণ্ডের দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। পুরনো সচিত্র সন্ধানীতে বিভিন্ন সময়ে গল্প-উপন্যাসের সচিত্রীকরণ করেছিলেন কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, রফিকুননবী, কালাম মাহমুদ। একই ছবি গল্প-উপন্যাসে ছাপা হয়েছে। এমন সুন্দর ঝকঝকে সংকলনে কোনো কোনো যুক্তাক্ষর ভেঙে গেছে, যা পাঠবিঘ্ন ঘটায়। কোনো কোনো ছবির ক্যাপশনের বদলে কেবল কত বর্ষ, কত সংখ্যা ছাপা হয়েছে। এমন ছোটখাট ভুলও মূল্যবান সংকলনের জন্য কাম্য নয়। প্রবন্ধ-গল্প-উপন্যাস-কবিতা-শিল্প-সংস্কৃতি বিষয়ে একাধিকজনের লেখা ভূমিকা রাখার প্রয়োজন ছিল না। সম্পাদকীয়তে বলা যেতে পারত। সচিত্র সন্ধানী যে লক্ষ্য নিয়ে প্রথম খণ্ড প্রকাশ করেছে – লেখক ও শিল্পীর বিগত দিনের সৃষ্টিশীল কর্ম বাঁচিয়ে রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রবংশের চিন্তা-চেতনার উত্তরণ ঘটানো, তার জন্য সন্ধানীর আয়োজন ধন্যবাদার্হ।