জন্মদিনের চালচিত্র

বাবার ছোট্ট লাল-ডায়েরিতে লেখা

আজকের দিনটিতে আমার জন্ম হয়েছিল।

তিনিই আজান দিয়েছিলেন।

টিনের ঘরের বারান্দায় অস্থায়ী আঁতুড় ঘরে

মা অস্ফুট স্বরে নিশ্চয়ই কিছু দোয়া-দরুদ পড়েছিলেন।

বাবা গত হয়েছেন বহুদিন; মা-ও তার পরেপরেই।

বাবার আজান আর শোনা হয় না,

মায়ের দোয়া-দরুদও আর উচ্চারিত হয় না।

টিনের ঘরটিও উধাও।

জন্মের সেই দিনটিতে কতক্ষণে আমার চোখ খুলে গিয়েছিল

বাবা-মা কেউ জানাননি।

প্রথম কান্নার শেষে কী দেখেছিলাম,

কীই-বা অনুভব করেছিলাম?

আজ কেবল এটুকুই উপলব্ধি – এখনো একটি চোখও খোলেনি।

হাত-পা ছোড়ার কাল পার হয়ে এসেছি – সেও তো অনেক কাল।

এখনো সোজা হয়ে দাঁড়াতে শিখিনি।

মুখে বোল ফোটার এতোদিন পরেও

ঠিক ঠিক কথাগুলো জীবন্ত হয় না।

শৈশবে সাঁতার শিখেও এখনো পুকুর ঘাটের দু’তিন সিঁড়িতেই

ডুব-সাঁতারের খেলা।

চুনোপুঁটি আর মৌরলা মাছগুলো কী আনন্দে শরীরটাকে ঠুকরে খায়।

ভাসিয়ে রাখা গামছায় ব্যাঙাচিদের লুটোপুটি।

বাবা নেই – ‘এখনো বড়ো সাঁতারটাই শিখলিনে’

বলে টেনে তুলবেন।

মা নেই – ‘এখনো তুই ছোটটিই রয়ে গেলি’

বলে গা-মাথা মুছিয়ে দেবেন।

যারা আছে পাড়ে দাঁড়িয়ে, অথবা পুকুর ঘাটে,

মধ্য-জলের গজার বোয়ালের মতো ঘাই দিয়ে

ঘাটের অজস্র ফাটলের ভেতর

অথবা তলদেশের শ্যাওলার ঘনতায় ডুবিয়ে দিতে

উল্লাসে হেসে চলেছে – বিকট ও নিদারুণ।

বাবার আজান আর ডুমুর গাছের আন্দোলন থামিয়ে রাখে না।

মায়ের দোয়া-দরুদ ঘরের স্যাঁতাপড়া বাতাসকে আর স্নিগ্ধ করে না।

স্বপ্নের চন্দ্রালোকে

আঁতুড় ঘরের প্রতিচ্ছায়া।