দিনগুলি মোর
ইলা মজুমদার
সাহিত্য প্রকাশ,
ঢাকা, ২০০৫
৮০ টাকা
জীবনী, আত্মজীবনী, স্মৃতিচারণ, দিনলিপি, পত্রসাহিত্য ইত্যাদি পাঠ বর্তমান লেখকের একটি অন্যতম প্রিয় প্যাশন। তাই কালি ও কলম সম্পাদক যখন পুস্তক-সমালোচনার জন্য একগুচ্ছ বই বাড়িয়ে দিলেন তখন তার মধ্য থেকে সংগীতগুণী ইলা মজুমদারের সদ্য প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ দিনগুলি মোর বেছে নিতে বিশেষ বেগ পেতে হয়নি। তাছাড়া বইটি সম্পর্কে ইতোমধ্যেই একাধিক প্রশস্তিবাচক লেখা পাঠের সুযোগও হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকার পাতায়। তাই এই বই ঘিরে এক ধরনের কৌতূহল যে আগে থেকেই জাগ্রত ছিল মনে, সে-কথা অস্বীকার করার জো নেই। কিন্তু সত্যি বলতে কী, পাঠান্তে সেই কৌতূহল যেন তার যোগ্য পুরস্কার খুঁজে পায় না, তৃপ্তির চেয়ে তাই অতৃপ্তির রেশই বেশি রয়ে গেল মনে। প্রারম্ভেই এই সরল স্বীকারোক্তিটুকু সেরে নিয়ে আমরা বইটির বিশদ আলোচনায় প্রবেশ করতে পারি এবার।
ইলা মজুমদার বাংলাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী
ওস্তাদ বারীণ মজুমদারের সুযোগ্য সহধর্মিণী, নিজেও একজন গুণী গাইয়ে। তিনি জন্মেছিলেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলবর্র্তী পাবনা জেলার নন্যে নামক এক গণ্ডগ্রামে। তাঁর জন্মের সালটা অবশ্য বইয়ের কোথাও বলা নেই, এ-জাতীয় গ্রন্থে ইতিহাসের খাতিরে যার উল্লেখ জরুরি ছিল। সাল-তারিখের ব্যাপারে তিনি অবশ্য আগাগোড়াই উদাসীন ও অনুৎসাহী। তবু বইয়ের এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু সূত্র ও ইঙ্গিত একত্রে জোড়া লাগিয়ে ধারণা করা গেছে, তাঁর জন্ম চল্লিশের দশকের গোড়ার দিকে। গৌরচন্দ্রিকার ভাষ্য-অনুযায়ী গ্রন্থকার ‘মূলত তার ছেলেবেলার ফেলে-আসা দিনগুলো থেকে মাঝে-মধ্যে মনে পড়ে যাওয়া কিছু কিছু ঘটনা এলোমেলোভাবে’ লিখে গেছেন এই বইয়ে। বাস্তবিকই গ্রন্থের দুই-তৃতীয়াংশ জুড়ে রয়েছে তাঁর শৈশব ও কৈশোরের ঘটনাবহুল দিনগুলোর মেদুর ও মর্মস্পর্শী স্মৃতিচারণ, আর বাকি একাংশে পরবর্তী প্রাপ্তবয়স্ক জীবনের কথকতা। এবং তা আসলেই খানিকটা এলোমেলো ও বিশৃঙ্খলভাবে। এই বিশৃঙ্খলাটুকু একটু সইয়ে নেওয়া গেলে অবশ্য প্রাপ্তিযোগের নিশ্চয়তা ষোলোআনা, বিশেষ করে শৈশব ও কৈশোরকালের স্মৃতিবর্ণনায়।
বস্তুত আলোচ্য গ্রন্থের প্রধান আকর্ষণই হচ্ছে পূর্ববাংলার এক নিভৃত পল্লিতে বনেদি হিন্দু-পরিবারে জন্ম নেওয়া ও নিস্তরঙ্গ মফস্বল শহরে বড় হয়ে-ওঠা এক সংবেদনশীল বালিকার অকপট ও অকৃত্রিম, মন ছুঁয়ে যাওয়া স্মৃতিরোমন্থনের গল্প। এই বর্ণনায় একদিকে যেমন রয়েছে এক ঘনিষ্ঠ ঘরোয়া জীবনের মমতামাখা ছবি, অন্যদিকে উদার পল্লিপ্রকৃতির অনুপুঙ্খ উপস্থাপনা। নিজের বাবা-মা, বড়দি-ছোড়দি,
দাদু-দিদিমা, ঠাকুমা-ঠাকুরদার অনাবিল ভালোবাসার অবারিত উৎসার, পাশাপাশি কণা মাসিমা, ভোম্বলদা, ভবেশ মামা, পরিতোষ কাকিমা, বিশু, ঝরনা প্রমুখ আত্মীয়-বান্ধবের সøেহ প্রশ্রয়ের ভেতর দিয়ে বেড়ে-ওঠা জীবনের যে বহুবর্ণিল আলোময় ছবি আঁকেন লেখিকা, তা পাঠককে ঈর্ষাকাতর করে তুলবে সন্দেহ নেই। উল্লিখিত চরিত্রগুলোর মধ্যে বিশেষ করে ‘কণা মাসিমা’-র চরিত্র-চিত্রণে তিনি যে দরদ ও মুনশিয়ানা দেখিয়েছেন, তা কোনো বড় ঔপন্যাসিকের সমতুল্য বললেও অত্যুক্তি করা হবে না। এই পর্বটি পাঠের সময় অজান্তেই কারো যদি বিভূতিভূষণের কথা মনে পড়ে যায় তাহলে তাঁকে খুব একটা দোষ দেওয়া যাবে না, এতটাই অনুপুঙ্খ, মানবিক ও প্রকৃতিঘনিষ্ঠ তাঁর বর্ণনাভঙ্গি।
‘গণেশ ঠাকুরের আরাধনার পর সন্ধ্যায় দইয়ের ঠান্ডা শরবত দিয়ে শুরু হতো বোশেখ মাস। জ্যৈষ্ঠে আমযষ্টি, আষাঢ়ে রথ আর øানযাত্রার মেলা, শ্রাবণে খন্দের লক্ষ¥ী, মনসা পূজা, ঝিঙেযষ্টি। আশ্বিন-কার্তিক জুড়ে দুর্গাপূজা, লক্ষ¥ীপূজা, কালীপূজা আর ভাইফোঁটার ঘটা। পৌষে পিঠেপুলি আলপনা, মাঘে সরস্বতী পূজা, ফাল্গুনে ফাগের ধূম, চৈত্রে হাজরা খেলার রোমাঞ্চ।’ বাংলার বারো মাসে তেরো পার্বণের এমন মনমাতানো, নজরকাড়া বর্ণনা আমরা এই অংশেই পাই। সেই সঙ্গে আরো পাই গ্রামীণ উপাখ্যান, ব্রতকথা, প্রাচীন পাঁচালি, লোকছড়া আর পল্লিগানের অজস্র আয়োজন। চৈত্রসংক্রান্তিতে চড়ক ও গাজনের মেলা, বৈশাখের অন্যরকম হালখাতা ও শারদীয় দুর্গোৎসবের সপ্তাহব্যাপী আচার-অনুষ্ঠান আর আনন্দ-উল্লাসের বিশদ বয়ান আমাদের আপ্লুত ও আলোড়িত করে। তার পরিপার্শ্বের বর্ণনায় তিনি সযত্নে তুলে আনেন ইছামতি-করতোয়া, কুন্দ-কদম, ডুমুর-জামরুল আর মাছরাঙা-শালিকের স্মৃতিজড়িত মায়াবী জগৎখানি। এই বই পড়ে বহুদিন বাদে পুনরায় ঢ্যাপের মোয়া, চাঁছির নাড়ু, আলো চাল, মুড়ি খাগড়াই, বেলের মোরব্বা আর কাশীর পেয়ারার স্বাদ পাওয়া গেল যেন। শোনা গেল ফের পাঙ্খাপুলারের কথা। আর জানা গেল কলকি, কানাইবাঁশি, বাবুইঝুপি, সিঁদুরে, চারা, কলাবোঁটা, খিরসেপাতি, জালিবাধ, গোপালভোগ, বেলে, মোরগা, বালসে ইত্যাকার কত নাম না-জানা আমের নাম। রূপার রেকাবি, জালিকাটা বিরিদানি, বলাকা সিল্কের শাড়ি, চিক-জসম, বাজুবন্ধ-গুলবন্ধ আর টায়রা-টিকলির ঝলমলে অতীতের চারুচিত্রটিও বড় মনোহর হয়ে ধরা পড়ে গ্রন্থের পাতায় পাতায়।
এই বইয়ের আরেকটি বড় আকর্ষণ গ্রামবাংলার লোকজ সংস্কৃতির, বিশেষ করে হিন্দুসমাজে প্রচলিত উৎসব-অনুষ্ঠান, মেলা-পার্বণের সানুপুঙ্খ উল্লেখ ও বর্ণনা। পুকুরপুজো, চণ্ডীপাঠ, আরতি নৃত্য, রামমঙ্গলের আসর, যাত্রাপালা, জলসা-থেটার, রথযাত্রা, উলটোরথ আর ঝুলনযাত্রা ইত্যাকার নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তখন সম্বৎসর ভরে থাকত গ্রামবাংলার জনজীবন। সেই মোহিনী জীবনেরই নিখুঁত ছবিটি এঁকেছেন তিনি চালচিত্রের খুঁটিনাটিসমেত, তাঁর স্মৃতিতাড়িত কলমের কারুকাজ মিশিয়ে।
ইলা মজুমদার তাঁর কৈশোরকালীন সংগীতশিক্ষা এবং সেই সূত্রে পরবর্তীকালে জীবনসঙ্গী বিশিষ্ট সংগীতগুরু ওস্তাদ বারীণ মজুমদারের সঙ্গে পরিচয়, প্রণয় ও পরিণয়পর্বের যে-অকপট ও অন্তরঙ্গ বর্ণনা দেন, তা একদিকে যেমন তাঁর সংবেদনশীল খোলামনের পরিচয়বাহী অন্যদিকে তেমনি সংগীত-বিষয়ে নানা তথ্য ও ব্যাখ্যার কল্যাণে সংগীতরসিকদের কাছেও যথেষ্ট আকর্ষণীয় ও মূল্যবান বলে প্রতীয়মান হবে। হারিয়ে যাওয়া বেশকিছু দুর্লভ লোকগীতি, স্বদেশী ও ভক্তিমূলক গানের সন্ধানও পাবেন আগ্রহীজন এই গ্রন্থের জায়গায় জায়গায়।
তাঁর ভাষা ও গদ্যভঙ্গি মোটের ওপর স্বাদু ও সাবলীল হলেও ক্ষেত্রবিশেষে বাক্যসমূহ অস্পষ্টতা দোষে দুষ্ট বলে মনে হয়েছে। ‘কখনো অন্য মাসি-মামাদের ছেলেমেয়েরাও আমাদের সঙ্গী হয়ে এসব আধিভৌতিক দেখেশুনে শিহরিত হতো’, ‘ভাদ্র মাসের খটখটে রোদের জন্যেই কি আমাদের মনে ব্যাকুলতার অন্ত থাকতো?’, ‘আমাদের সব কজনকে উদ্ধার করে কোন রকমে বাড়ি নিয়ে এলেন আমাদের অভিভাবক যারা ছিলেন সেখানে।’ এ-জাতীয় বাক্যগুলো সেই শিথিলতারই নমুনা। আরেক জায়গায় তিনি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে না-পারার অর্থে লিখেছেন, ‘আমরা ভাইবোনরা তাই সবার রঙে রঙ মেশাতে পারিনি।’ কিন্তু আমরা যতদূর জানি, বাক্যবন্ধটির রচয়িতা রবীন্দ্রনাথ এটি নেতিবাচক অর্থে লিখেননি মোটেও। ‘গাছপালা, ফলফুল, নদীনালা, খাদ্যাখাদ্যের সঙ্গে পরিচিত হতাম আর নিত্যনতুন অভিজ্ঞানে পূর্ণ হতো আমাদের জ্ঞানভাণ্ডার’ – এই বাক্যটিতে ‘অভিজ্ঞান’ শব্দটির প্রয়োগ কি যথাযথ হয়েছে? আমরা তো জানি, একমাত্র স্মারকচিহ্ন কিংবা শনাক্তকারী নিদর্শন হিসেবেই এই শব্দটির ব্যবহার হয়ে থাকে, অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের হারানো অঙ্গুরীয়টির ক্ষেত্রে যেমন।
গ্রন্থের পেছনের মলাটে বিষয়বস্তুর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে এই বইয়ে, ‘ব্যক্তিজীবনের মধ্য দিয়ে অজান্তেই উম্মোচিত হয়েছে বৃহত্তর সামাজিক বাস্তব, রাষ্ট্র ও রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পরিবর্তমান জীবন বাস্তবতার ছবি।’ কিন্তু বইটি পড়ার পর এই উক্তিকে কিঞ্চিৎ অতিশয়োক্তি বলেই মনে হয়েছে। প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও রাজনীতির অঙ্গনে পা রাখার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখা যায়নি লেখিকার। তাঁর ষাটোর্ধ্ব জীবতকালে তিনি অতিক্রম করেছেন বাংলার ইতিহাসের একাধিক যুগান্তকারী পর্ব; শৈশবে ব্রিটিশবিরোধী আন্দোলন ও দেশভাগ, কৈশোরে ভাষা-আন্দোলন এবং যৌবনে উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
অথচ ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য তিনি ব্যয় করেছেন সাকুল্যে পৃষ্ঠা দুই আর দেশভাগের জন্য এই একটি বাক্য: ‘দেশভাগের পর হঠাৎ করেই যেন হারিয়ে গেল কে কোথায়।’ ঠাকুরমা ও ব্রিটিশবিরোধী উত্তাল সময় অধ্যায়ে লেখা, ‘আরেকটা ঘটনাও স্মৃতিতে ভেসে ওঠে। সেটা কত সালের কথা বলতে পারবো না। বড়দের চোখেমুখে দেখেছিলাম চাপা উত্তেজনা, দুশ্চিন্তার ছায়া। সম্ভবত খাবার-দাবারের সঙ্কটই তাদের উদ্বিগ্ন করে তুলেছিল।’ বাক্যটিতে লেখিকার ইতিহাসচেতনার অভাবটিও প্রকট হয়ে ধরা পড়ে। তখন না হয় তাঁর বয়স কম ছিল, কিন্তু গ্রন্থরচনার সময় তো তাঁর জানার কথা যে, সেটা তেতাল্লিশের মন্বন্তরের কাল। একাত্তরের মুক্তিযুদ্ধকেও তিনি খুব কাছ থেকে দেখেছিলেন এবং সেই যুদ্ধে তাঁর ব্যক্তিগত ক্ষতির পরিমাণও কম নয়। কিন্তু এই ক্ষেত্রেও তাঁর অকারণ তাড়াহুড়োর কারণে একাত্তরের সেই বিশালতা ও তাঁর ব্যক্তিগত বেদনার ট্র্যাজিক মহিমাটুকু শেষ পর্যন্ত অধরাই থেকে যায়।
তবে এই বইয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা সম্ভবত তাঁর শৈশব
ও কৈশোরকালের বর্ণনায় তৎকালীন পূর্ববাংলার বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান সম্প্রদায়ের দৃষ্টিকটু অনুপস্থিতি। আমরা এতকাল গর্বসহযোগে জেনে এসেছি যে, অন্তত বিভাগপূর্বকাল পর্যন্ত পূর্ববাংলার গ্রামীণ
জনপদে হিন্দু-মুসলমান দুই সম্প্রদায় অত্যন্ত সৌহার্দ্যময় পরিবেশে পাশাপাশি বসবাস করত যথেষ্ট সম্প্রীতির মধ্যে। পরস্পরের মধ্যে ছিল আত্মীয়সুলভ যাতায়াত ও আদান-প্রদান, উভয়ের উৎসবে-ব্যসনে, সম্পদে-বিপদে
উভয়ের অবাধ অংশগ্রহণ। কিন্তু ইলা মজুমদারের এই স্মৃতিকথা পড়ে কোনো সরলমনা পাঠক যদি এই সত্যকে চ্যালেঞ্জ করে বসেন, তাহলে কী জবাব দেওয়া যাবে তাকে? কেননা এটি তো সত্যি যে, আমরা এই বইয়ে লেখিকার ছেলেবেলায় একজন মুসলিম বন্ধুরও দেখা পাইনি, পাইনি তাঁর পরিবারের সঙ্গে একটি মুসলিম পরিবারেরও ঘনিষ্ঠ মেলামেশার খবর। এটি তাঁর অনবধানতাবশত প্রমাদ, নাকি স্মৃতিবিভ্রম, নাকি আদতেই কোনো বিশেষ কারণে অপর সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার সুযোগ ছিল না, এই তথ্যটি জানার কৌতূহল রয়েই গেল।
পরিশেষে বলি, এইসব অকিঞ্চিৎকর ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও লেখিকার হৃদয়মথিত বর্ণনায় দ্রুত অপস্রিয়মাণ আমাদের সেই নিসর্গনমিত, বাৎসল্যসিক্ত, লোকাচারলিপ্ত, আটপৌঢ়ে জীবনের স্পন্দনমথিত শাশ্বত বাংলাকেই যেন আমরা তার পূর্ণ পরিচয়ে ফিরে পাই পুনরায়, তাঁর দিনগুলি মোর গ্রন্থের দুই মলাটের মধ্যখানে। এ বড় কম পাওয়া নয়। বইটির বহুল প্রচার কামনা করি, বিশেষ করে এই প্রজন্মের তরুণদের মধ্যে, যাদের কাছে বৃহৎ বাংলার এই মোহনীয় রূপটি ক্রমেই রূপকথা হয়ে যাচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.