The Frontiers of Management
Peter F. Drucker
Bullerworth-Heinemann
London, 1987ss
485 Taka
একুশ শতকে প্রযুক্তির বিকাশের কারণে সাহিত্যের পরিধি এখন অনেক বিস্তৃত ও ব্যাপক। এখন সাহিত্য আর গল্প-কবিতা-উপন্যাস-নাটক-প্রবন্ধে সীমাবদ্ধ নেই। সাহিত্যের ভেতর এখন বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনীতি প্রবেশ করে একটি ভিন্নরকমের সাহিত্য তৈরি করেছে, রাজনীতি ও ক্রীড়া অনুপ্রবেশ করে সেইসব ভারী ভারী বিষয়ে চমৎকার সব পাঠকনন্দিত বই লেখা হচ্ছে। সেইসব লেখার ভাষা এত ঝরঝরে, এত হৃদয়গ্রাহী, এত চমৎকার যে মনেই হয় না, এ সাহিত্যের বাইরের কিছু। তেমনি একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় বিষয় ‘ম্যানেজমেন্ট’ বা ব্যবস্থাপনার ওপর অনেক ভালো ভালো বই ইংরেজি ও বাংলাভাষায় ইদানীং লেখা হচ্ছে। এইসব লেখা একবার হাতে তুলে নিয়ে শেষ না করে আর উপায় থাকে না। এত সম্মোহনী এর বিষয়বৈচিত্র্য ও ভাষাশৈলী।
আমরা যখন উপন্যাস-গল্প পড়তে পড়তে হাফিয়ে উঠি, প্রবন্ধ যখন আর নতুন তথ্যে ও তত্ত্বে আমাদের উজ্জীবিত করে না, কবিতার আঙ্গিক ও বিষয়বস্তু যখন মনে হয় হাজারবার পড়েছি, তখন এইসব গ্রন্থের কাছে আমরা আশ্রয় খুঁজি।
এ-কথাও আমাদের অনেকবার মনে হয়েছে যে, জীবনে কবিতা বা আরো ব্যাপক-অর্থে সাহিত্যই সবকিছু নয়, রাজনীতিও সবকিছু নয় জীবনের। তবুও জীবনে কবিতার বা সাহিত্যের প্রয়োজন একেবারে অস্বীকার করা যায় না, যেমন যায় না রাজনীতির। অনেকদিন আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গিয়েছেন : গধহ রং ধ ঢ়ড়ষরঃরপধষ ধহরসধষ. মনুষ্যজাতি যতই রাজনীতিমুখো হোক না কেন, তারপরও কথা থেকে যায়। সবসময় মানুষের জীবনকে রাজনীতি নিয়ন্ত্রণ করে না, কিংবা মানুষ রাজনীতির মন্ত্রে দীক্ষা নিয়ে প্রায়শ জীবনকে গড়ে না। রাজনীতি জীবনের অন্য অনেক অনুসঙ্গের মতো একটি মূল্যবান অনুসঙ্গ, এ-কথা নিঃসন্দেহে বলা চলে।
এসব কথা, এত কথকতা, এসে গেল এই সময়কার অত্যন্ত প্রভাবশালী একজন আধুনিক ব্যবস্থাপনা-গুরু পিটার ড্রাকারের বইটি পড়ে। বইটির নাম দ্য ফ্রন্টিয়ারস্ অব ম্যানেজমেন্ট। বইটি নতুন নয়, প্রথম প্রকাশিত হয় সেই সুদূর উনিশশ’ সাতাশি সালে। এরপর পৃথিবীতে অনেকগুলো সাড়া জাগানো ঘটনা ঘটে গেছে। অনেক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতিতেও এর প্রতিক্রিয়া পড়েছে। ১১ সেপ্টেম্বর ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ার আক্রান্ত হয়। তারপর ইরাক যুদ্ধ। এভাবে পৃথিবীর ঘটনাবলি সংঘাত ও সংকটের ভেতর দিয়ে এগোচ্ছে। কিন্তু পিটার এফ. ড্রাকারের ব্যবস্থাপনা বিষয়ের ওপর লেখা বইটি তিনটি কারণে আমার ভালো লেগেছে। প্রথম কারণ এর ভাষা ও উপস্থাপনা অত্যন্ত ঝরঝরে ও সাবলীল। গদ্য চমৎকার। দ্বিতীয় কারণ পৃথিবীর বাণিজ্য-জগতে উত্থান-পতন কীভাবে ঘটে থাকে, কেন ঘটে, কী তার রসায়ন ও পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাকার যাবতীয় তথ্য তুলে ধরেছেন। তৃতীয় কারণ পিটার ড্রাকার ভবিষ্যতের কথা বলেছেন। ভবিষ্যতের একটি রূপরেখা তিনি এঁকেছেন। মোট বৈচিত্র্যময় ৩৭টি নিবন্ধের এক অনন্য সমন্বয় ও সুগ্রন্থনা এই বইটি। মূল থিম হচ্ছে : পরিবর্তন হচ্ছে সৌভাগ্য – Change is opportunity. এই সুযোগ ও সৌভাগ্যের জন্য, সম্ভাবনাময় আগামীকালের জন্য বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বা ‘সিইও’দের রাতদিন পরিশ্রম করতে হচ্ছে। তারা শুধু পরিকল্পনা করেই ক্ষান্ত থাকছেন না, তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, সম্পদ আহরণ করে প্রতিষ্ঠান ও ব্যক্তির সুখ-স্বাচ্ছন্দ্যে নিশ্চয়তা প্রদানের প্রয়াস পাচ্ছেন। একজন নির্বাহী কর্মকর্তার কীরকম জ্ঞান রয়েছে, কী তার জ্ঞানের ব্যাপ্তি, কী তার দূরদৃষ্টি, কী তার ব্যবসাবিষয়ক প্রজ্ঞা ও মেধা ইত্যাকার যাবতীয় খুঁটিনাটি বিষয় ড্রাকার তুলে ধরেছেন। উদাহরণ টেনে এনেছেন, একাধিক প্রতিষ্ঠান থেকে। একটি প্রতিষ্ঠান কেন ধাই ধাই করে সফলতার চূড়া স্পর্শ করছে, অন্য প্রতিষ্ঠান কেন মুখ থুবড়ে মাটিতে পড়ে যাচ্ছে, এসব বিষয় থিওরি নয়, ফর্মুলা নয়, কিংবা একঅর্থে এসব কিছু বৈজ্ঞানিক সত্য, ধ্রুব সত্য; তবুও জীবনের গল্প যেন; এসব কিছু প্রতিষ্ঠানের মতো জীবনেও অহরহ, পৃথিবীর সবকটি দেশে ঘটেছিল, ঘটছে, আগামীকাল ঘটবে।
ড্রাকার পরিবর্তনের সপক্ষে বারবার রায় দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, অজস্র উদাহরণ দিয়ে যে, পরিবর্তন বাঞ্ছনীয়, পরিবর্তন প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার পথে এক দুর্জয় শক্তি, এক অনাবিষ্কৃত অনুপ্রেরণা।
সবচেয়ে সুখপাঠ্য লেখাটি হলো পিটার ড্রাকারের সাক্ষাৎকারটি। এটি বইয়ের প্রথম লেখা। টম রিচম্যানকৃত ১৯৮৫ সালের এই সাক্ষাৎকারটি সমগ্র গ্রন্থের মান অনেকটা বৃদ্ধি করেছে। সতেরো পৃষ্ঠার এই সাক্ষাৎকারে গবেষক ব্যবস্থাপনা-শিক্ষক ও লেখক ড্রাকারের জীবনবেদ খুঁজে পাওয়া যায়। জাতিতে ইহুদি, চিন্তা ও মননে মানবতাবাদী ও আন্তর্জাতিক এই মনীষী কোনো একটি নির্দিষ্ট দেশের নন, তিনি এই বিশ্বের। তিনি প্রসঙ্গত বলেন ‘না, আমি কখনোই রাজনীতির প্রতি উৎসাহ বোধ করিনি, আমি ধঢ়ড়ষরঃরপধষ. ক্ষমতার প্রতি আমার কোনো মোহ কোনোকালে ছিল না। আমাকে এক টুকরো কাগজ আর কলম দিন, আমি আনন্দ খুঁজে নেবো। ওটাই আমার একমাত্র সুখ।’
সাক্ষাৎকারের শেষ প্রশ্নটি ছিল : আপনাকে আর কী কী বিষয় আনন্দ দেয়? উত্তরে ড্রাকার বলেন : তরুণরা আমাকে খুব মুগ্ধ করে। তরুণদের অধিকাংশ অভিযোগ মিথ্যে। অনেকেই বলে থাকেন তরুণরা কাজ করে না। এটা ডাহা মিথ্যে। ওরা বরং কাজপাগল। এই পৃথিবীটা খুবই কঠিন জায়গা, আর বেশি অসহনীয় তরুণদের জন্য।
একটি চমৎকার ভূমিকা ‘ভবিষ্যত আজকেই তৈরি করে নিতে হবে’ সমন্বিত, ৩৬৮ পৃষ্ঠার এই গ্রন্থটি ৪টি সুলিখিত ও সুচারুভাবে সজ্জিত অধ্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম অধ্যায় : অর্থনীতি। দ্বিতীয় অধ্যায় : জনগণ। তৃতীয় অধ্যায় : ব্যবস্থাপনা। চতুর্থ অধ্যায় : প্রতিষ্ঠান।
শেষ অংশ জুড়ে দেওয়া হয়েছে : শেষকথা : সামাজিক উদ্ভাবনা : ব্যবস্থাপনার নতুন দিগন্ত।
প্রথম অধ্যায়ে যেখানে ‘অর্থনীতি’ শিরোনামে ১২টি বিষয় সন্নিবেশিত হয়েছে, প্রবন্ধগুলো বিদগ্ধ পাঠক শুধু নয়, সাধারণ পাঠকেরও ভালো লাগবে। তত্ত্ব আছে, তথ্য আছে, কিন্তু এত সাবলীলভাবে বলা হয়েছে যে, কখনোই তা তত্ত্বক্লিষ্ট-তথ্যাক্রান্ত মনে হয় না। এখানে শিরোনামগুলো উল্লেখ করলে বিষয়টি আরো স্পষ্ট হবে। যেমন প্রথম প্রবন্ধটি হলো : ‘পরিবর্তিত বিশ্ব অর্থনীতি।’ বিশ্ব অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া কখন কীভাবে লেগেছে এবং ফলাফল কী হয়েছে, তা চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় প্রবন্ধের শিরোনাম : ‘আমেরিকার বিনিয়োগকারীদের চাকরি যন্ত্র’, তৃতীয় প্রবন্ধ : ‘ওপেক (ঙচঊঈ)-এর কেন পতন হলো?’,
চতুর্থ প্রবন্ধ : ‘পরিবর্তনশীল বহুজাতিক’, পঞ্চম প্রবন্ধ : মুদ্রার ব্যবস্থাপনা, ষষ্ঠ প্রবন্ধ : ‘রফতানি বাজার এবং জাতীয় নীতিমালা।’ আমাদের দেশে যারা অর্থ নিয়ন্ত্রণে আছেন, মন্ত্রণালয় কিংবা মন্ত্রণালয়ের বাইরে, কিংবা সৃজনশীল অর্থনীতিবিদ, তাদের জন্যে এই নিবন্ধটি অবশ্যপাঠ্য। আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদ, যারা কথামালার রাজনীতিতে দীক্ষিত, তাদের জন্য এই নিবন্ধটি প্রথমপাঠ বলে বিবেচিত হতে পারে। সপ্তম প্রবন্ধ : ‘ইউরোপের প্রযুক্তি ভাবনা’। আট নম্বর প্রবন্ধটি হৃদয়বিদারক, কেননা এতে তাঁর নিজের অভিজ্ঞতার ছায়াপাত ঘটেছে। শিরোনাম : ‘জার্মানদের কাছ থেকে আমাদের কী শিক্ষণীয় আছে?’ নবম নিবন্ধ : ‘জাপানি বাজারের কথা’। দশম প্রবন্ধ : ‘জাপানের সাথে বাণিজ্য : কয়েকটি কলাকৌশল’। এই লেখাটি এশিয়ানদের কাছে বিশেষভাবে মূল্যবান বলে বিবেচিত হবে। জাপানের বাণিজ্য বিষয়ে, জাপানের অর্থনীতি বিষয়ে অনেক অজানা তথ্য গল্পের ঢঙে সন্নিবেশিত করেছেন বরেণ্য লেখক ড্রাকার।
বইটির দ্বিতীয় পর্বের নাম ‘জনগণ’। এখানে জনগণ তথাকথিত অর্থে ব্যবহৃত হয়নি। ‘মানবসম্পদ’ অর্থে ব্যবহৃত হয়েছে। এই আটটি বিচিত্র প্রবন্ধ রয়েছে। শিরোনামগুলো উল্লেখ করলে পাঠক উপলব্ধি করতে পারবেন লেখাগুলোর মান ও গুরুত্ব। যেমন : কর্মচারী নির্বাচনে কয়েকটি প্রাথমিক নিয়ম-কানুন, নির্বাহী কর্মকর্তাদের উৎপাদনশীলতা, প্রথমসারির পরিদর্শকদের প্রসঙ্গে, অতিরিক্ত ভাতাগ্রহণকারী নির্বাহী কর্মকর্তা, প্রবীণ নির্বাহী কর্মকর্তারা প্রতিষ্ঠানকে তারুণ্যভরে রাখে, পেশাদারি মতবাদ প্রসঙ্গে, চাকরি এবং জনগণ : ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা, প্রকৃত মানসম্পন্ন শিক্ষা : নতুন সম্ভাবনা। তৃতীয় পর্বে ‘ব্যবস্থাপনা’ বিষয়ে ৭টি গুরুত্বপূর্ণ নিবদ্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো শুধু গবেষক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক নন, সাধারণ পাঠকদেরও ভালো লাগবে।
চতুর্থ পর্বের শিরোনাম : প্রতিষ্ঠান। আটটি নিবন্ধের এক চমৎকার সমন্বয়। এই নিবন্ধগুলো হলো : সৃজনশীল প্রতিষ্ঠান, অনুৎপাদনশীল প্রতিষ্ঠান, আইবি-এর ওয়াটসন : আগামীকালের স্বপ্ন, বেল-এর ভেঙে যাওয়া থেকে শিক্ষা, সামাজিক প্রয়োজন ও বাণিজ্য সম্ভাবনা ইত্যাদি।
আজকের বিশ্বে একজন নির্বাহী কর্মকর্তা যে-চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেসব বিষয়ে ড্রাকার দীর্ঘ বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন। আমাদের এই শতাব্দী আমাদের কী দিয়েছে? কী আমাদের প্রাপ্তি এই শতাব্দীর কাছে? ড্রাকার বলেছেন, ‘এই শতাব্দী দু-দুটো বিশ্বযুদ্ধ দিয়েছে, একজন স্টালিন দিয়েছে, একজন হিটলার দিয়েছে, একজন মাও সেতুং দিয়েছে, এবং আরো ছোটমাপের বেশকজন বিশ্বের প্রতিনায়কও দিয়েছে।’
কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের বিশ্বে সংকট ও সংঘাত মাঝে মাঝে অনিবার্য হয়ে ওঠে এবং এই সংঘাতের ভেতর দিয়ে রাষ্ট্রের মতো একটি বাণিজ্য-প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হয়। তার চলার পথ কখনোই বন্ধুর নয়। প্রতিষ্ঠানে সংকট ও সংঘাত সবসময় লেগেই আছে। নির্বাহী কর্মকর্তার সুযোগ্য নেতৃত্ব, তার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে। তাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মিটিং ও উপস্থাপনা করতে হয়। তাকে কথা বলতে হয়। তিনি কথা বিক্রি করেন। কথার মায়াজাল দিয়ে তিনি কর্মচারীদের প্রভাবিত করেন। তাকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হয় মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে। এসব কিছু তিনি করেন একটি দল বা ‘টিমের’ মাধ্যমে। এই দলটিও তার নির্দেশে গড়ে ওঠে। কর্মচারীদের ভেতর কর্মস্পৃহা জাগিয়ে তোলার জন্য তাকে কিছু ছাড় দিতে হয়, অনুপ্রেরণা জোগাতে হয়; কখনো টাকার অংকে, কখনো বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে। এভাবে একটি প্রতিষ্ঠান ক্রমশ মুনাফা অর্জন করে এবং এভাবে প্রতিষ্ঠান অর্জন করে সম্পদ।
সরকার, বিশেষত আমেরিকান সরকার সম্পর্কে ড্রাকার খুব বেশি আশাবাদী হতে পারেননি। তিনি বলেছেন, আমেরিকান সরকার আর আগের মতো ভালো লোকজন আকর্ষণ করতে পারছে না। এখন সবাই উপলব্ধি করছে, সরকারের আর কিছু করণীয় নেই। পঞ্চাশ বছর, এমনকী বিশ বছর আগেও সরকারের প্রতি জনগণের আস্থা ছিল। এখন তা নেই। কিন্তু প্রাচ্যের জাপানে আছে। সে-দেশে এখনও সরকারকে জনগণ সমীহ করে।’
কিন্তু আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপট ভেবে বইটি পড়ি, তাহলেও এর তাৎপর্য এবং আনন্দের উৎস থেকে বঞ্চিত হবো না। দেশ, অর্থনীতি, বাণিজ্য, মানুষ, মানবসম্পদ, মানুষের দক্ষতা, দূরদৃষ্টি এসব বিষয়ে আমরা কতটুকুই-বা জানি। আমাদের ধ্যান-ধারণা সীমিত। বিশেষ করে, ব্যবস্থাপনা বিষয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। কিন্তু এই বিষয়টিও যে জীবনের অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে ইদানীং এবং মজার ব্যাপার আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিনকে যে-নিয়ন্ত্রণ ও প্রভাবিত করছে, এর পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি তথ্য ড্রাকার সাহেব তাঁর সাবলীল লেখায় বলেছেন। সাহিত্য নয়, তবুও পড়তে ভালো লাগে। পাতার পর পাতা অবলীলাক্রমে এগিয়ে যায়, মনেই হয় না এ-সময়কার একটি কট্টর বিষয় পড়ছি। হতে পারে এটা ড্রাকারের মুন্শিয়ানা, তাঁর গদ্যকীর্তির অপূর্ব সফলতা, তাঁর উপস্থাপনা শৈলীর পারঙ্গমতা।
আমরা জানি তিনি খুব সফল বক্তা। কিন্তু তিনি যে লেখক, মূলত লেখক, সে-তথ্য তাঁর কয়েকটি বই না পড়লে উপলব্ধি করা যায় না। এ-বিষয় ছাড়াও, পিটার ড্রাকার দুটো উপন্যাস এবং একটি আত্মজীবনীও লিখেছেন। তাঁর The Future of Industrial Man এবং The End of Economic Man পাশ্চাত্যের অধিকাংশ শিল্পপতির হাতে হাতে ঘোরে, এই বইদুটো তাদের সর্বক্ষণের সঙ্গী। বাইবেলের পর, সমালোচকদের ধারণা, পিটার ড্রাকারের ব্যবস্থাপনা বিষয়ক গ্রন্থগুলো পাশ্চাত্যের মানুষদের একান্ত পাঠ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ড্রাকার সারাবিশ্বের বড় বড় ব্যবসা-প্রতিষ্ঠানে বক্তৃতা ও কর্মশিবিরের আয়োজন করেন। তার কথা বেশ ব্যয়বহুল। তার এক-একটি সেমিনার বা ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা দীর্ঘদিন অপেক্ষা করেন, টিকিট এত সুলভে পাওয়া যায় না। আমরা যারা প্রাচ্যের দুঃখ-দারিদ্র্যক্লিষ্ট অঞ্চলের বাসিন্দা, যারা উন্নয়নের ভেল্কিবাজি ও রহস্যের প্রথম পাঠ বুঝতে বুঝতে জীবন পার করে দিই, তাদের কাছে এসব বই-পুস্তক ও তার বিষয়বস্তু গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, কিন্তু এই বইটির প্রয়োজনীয়তা এড়িয়েও যাবার উপায় নেই।
একটি বিষয় এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না বলেই আমরা মনে করি; তা হলো, প্রায়শ সভা-সমিতিতে, কবিতা ও উপন্যাসের আলোচনা সভায়, বই প্রকাশনা উৎসবে বিভিন্ন খ্যাতিমান শ্রোতার বক্তব্য শুনতে পাই। পত্রপত্রিকায় প্রতিদিন অনেককিছু ছাপাও হয়। প্রশ্ন জাগে, আমরা কী শ্রবণ করি, কেন শ্রবণ করি। আমরা কী পড়ি, কেন পড়ি? সবার কথা শুনতে কি ভালো লাগে? কেন লাগে না? কেন সবার লেখা পড়তে আমাদের ভালো লাগে না? কোথায় ফাঁক ও ফাঁকি? তথ্যের ঘাটতি না উপস্থাপনার সীমাবদ্ধতা? এসব আমরা না জেনে, না বুঝে ঘণ্টার পর ঘণ্টা সভা-সমিতিতে বলে যাচ্ছি। পত্রপত্রিকায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছি। আমাদের কেউ নেই যে বলে দেবে, এভাবে হয় না, এভাবে করো না। কিন্তু পিটার ড্রাকার আছেন। তিনি এসব বিষয় নিয়েই তার অবিস্মরণীয় গ্রন্থে কথা বলেছেন। আমাদের আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছেন, এভাবে কথাকে সাজাতে হবে, এভাবে উপস্থাপনা আকর্ষণীয় করতে হবে, শ্রুতিমধুর করতে হবে। গ্রন্থভুক্ত এই নিবন্ধগুলো হার্ভার্ড বিজনেস রিভিউ পত্রিকায় আগেই ছাপা হয়েছে। গত বিশ বছরের লেখাগুলো একত্রিত করে পিটার ড্রাকার নিজেই পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। বইটি বাংলাদেশের পাঠকদের জন্য বাংলায় রূপান্তরিত করা হলে সাধারণ পাঠক ইংরেজি যাদের প্রতিবন্ধকতা, তারা উপকৃত হবেন।
ভাবতে ভালো লাগে এ-ধরনের বিষয়বস্তু আজকাল বেশ জনপ্রিয় হচ্ছে। একইসঙ্গে আমাদের পাঠস্পৃহা ও পাঠ্যবিষয়ের দিগন্তও প্রসারিত হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.