‘একজন শিল্পীর জীবনে একটা ঝগড়া ও মীমাংসার ব্যাপার চলতে থাকে আজীবন’

সাক্ষাৎকার গ্রহণ : মিনার মনসুর

মিনার মনসুর : প্রায় অর্ধশতক ধরে আপনি কবিতা লিখছেন। আপনি যদি কবিতা না লিখতেন তাহলে কী করতেন?

শামসুর রাহমান : আমি ভাবতেই পারি না যে, কবিতা না লিখে আমি থাকতে পারতাম। অবশ্য খুব ছোটবেলা থেকেই কবিতা লিখব এমনটি ভাবিনি। যেমন, আমি যখন স্কুলে পড়ি তখন আমি কবিতা লিখিনি। আমার এক ছোট বোন ছিল, সে এত ছোট ছিল যে কথা বলতে পারত না। সে খুব হাসত। মিষ্টি মিষ্টি হাসত আর আমি যে-টেবিলে পড়তাম সেই টেবিলের কাছে আসত এবং আমার খাতা পেনসিল নিয়ে নাড়াচাড়া করত। আমি যে এটা ঠিক পছন্দ করি না, এটা সে জানত। ওর ব্যাপারে আমি কিছু বলতাম না। সে যাই হোক, ওকে আমি খুব ভালোবাসতাম। সব ভাইবোনকে ভালোবাসলেও ওর প্রতি কেমন জানি আলাদা একটা টান ছিল। ও আমার ভাইবোনদের মধ্যে একমাত্র, যাকে আমি কোলে নিয়ে বাইরে গেছি। ওর এবং আমার বড়ভাই যে এখন ব্যারিস্টার, তার বসন্ত হলো। মারা গেল সে। আমি স্কুলে গেছি, এসে দেখি সে নেই, ওকে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছে। আমার এত খারাপ লেগেছে যে, স্কুলের বইগুলো ছুড়ে ফেলে আমি কাঁদতে শুরু করলাম। কয়েকদিন পর আমি ওকে নিয়ে আট-দশ লাইনের একটা লেখা লিখলাম। তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণিতে পড়ি। লেখাটা নিয়ে আমার মাকে দেখালাম। দেখি মা আবার নতুন করে কাঁদতে শুরু করলেন। তারপর আমি ওটা ছিঁড়ে ফেলে দিই। এটাই আমার প্রথম লেখা। যদিও আমি কিছু ভেবে লিখিনি।

পরে কলেজ প্রায় শেষ হয়ে এসেছে, বিশ্ববিদ্যালয়ে পা দেবো, এমন সময়ে লিখতে শুরু করি। আমার এক বন্ধু ছিল, সে খুব নামকরা লোক। ওর নাম হামিদুর রহমান। আমরা একই এলাকায় থাকতাম। আমার বাবার প্রেস ছিল। ওখানে আমি একদিন দাঁড়িয়ে ছিলাম সেই প্রেসের সামনে। হঠাৎ দেখি যে, একটা ছেলে যাচ্ছে। সে ঘুরে আমার দিকে তাকাল। তাকিয়ে কেন জানি আমাকে জিজ্ঞেস করল, আপনি লেখেন নাকি? আমি বলে ফেললাম, হ্যাঁ, লিখি। কিন্তু তখনও আমি কিছু লিখিনি। তারপর সে বলল, আপনি আমাদের বাসায় আসুন। কাছাকাছি বাসা ছিল। পরে আমি যাই আর কী। এইভাবে আমি লিখতে শুরু করলাম।

মিনার মনসুর : সেই যে লিখতে শুরু করলেন আজ পর্যন্ত লিখেই যাচ্ছেন। এতদিন ধরে একটানা একই কাজ করছেন। কখনো কি আপনার বিরক্তিবোধ হয়েছে বা ক্লান্ত মনে হয়েছে নিজেকে?

শামসুর রাহমান : না, আজ পর্যন্ত হয়নি। জানি না কখনো এমন মনে হবে কিনা।

মিনার মনসুর : কী সেই মহার্ঘ জিনিস, যা আপনাকে পঞ্চাশ বছর ধরে কবিতার সঙ্গে যুক্ত করে রেখেছে?

শামসুর রাহমান : এটা ঠিক আমি বলতে পারব না। আমার মনে হয়, কবিতা না লিখলে আমি আর আমি থাকব না। আমি থাকব না মানে আমার থাকার কোনো অর্থ হবে না। কিন্তু আমি না লিখে পারি না। কেউ যে আমাকে অর্ডার দিয়ে লেখাচ্ছে এমন না। লেখা আমার ভেতর থেকেই আসে। ভেতর থেকে না এলে আমি লিখতে পারি না।

মিনার মনসুর : কিন্তু লেখা তো খুব কষ্টের কাজ। আপনি এখন যে লিখছেন – চোখে ভালো দেখেন না, শরীরও ভালো নেই অনেক দিন থেকে। শারীরিক মানসিক এতসব কষ্টসাধ্য শ্রম স্বীকার করেও কেন লিখছেন?

শামসুর রাহমান : লেখা তো কষ্টেরই কাজ। যেমন এই ধরুন, যারা পাহাড়ে ওঠে কিংবা কিছু একটা আবিষ্কার করে – সেটাও খুব কষ্টের। তারা কি ছেড়ে দেয়? এটা ভেতর থেকে আসে। ভেতর থেকে না এলে তো আমি লিখতে পারবো না। আমাকে শত বললেও আমি লিখতে পারবো না। কেউ ডিকটেশন দিলে সে তো আর আমার লেখা হবে না। সুতরাং আমি যে লিখি সেটা আমার ভেতর থেকে আসতে হবে। যখন এটা আসবে না তখন বন্ধ হয়ে যাবে লেখা। তখন আমি শেষ। কিন্তু আমার এখনো লেখা আসে। খারাপ হোক ভালো হোক, আসে।

মিনার মনসুর : জীবনে এমন কি কখনো হয়েছে যে, আপনি লিখতে চাইছেন কিন্তু লেখা আসছে না; যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু লিখতে পারছেন না একটা বর্ণও?

শামসুর রাহমান : যখন আসে না তখন লেখা হয় না। জীবনে খরা এসেছে, কিন্তু তা খুব লম্বা হয়নি। তবে এমন হয়েছে যে, লিখতে ইচ্ছে করছে কিন্তু লেখা হচ্ছে না। অনেক সময়ে লেখা নিয়ে বসেছি কিন্তু লেখা হচ্ছে না। হঠাৎ একটা লাইন লিখলাম আবার কেটে ফেললাম। আবার কখনো হয়তো একটি পাতাই ছিঁড়ে ফেলে দিলাম। লেখা যখন হয় তখন আস্তে আস্তে হয়ে যায়। খুব দীর্ঘকাল আমার লেখা বন্ধ থাকেনি। তাহলে তো আমার লেখাই হতো না।

মিনার মনসুর : অনেকেই বলেন লেখার পরিবেশ পাচ্ছি না। সেজন্যে লেখা হচ্ছে না। আপনার ক্ষেত্রে এমন কি কখনো হয়েছে?

শামসুর রাহমান : পরিবেশ-টরিবেশ আমার লাগে না। আমি গোলমালের মধ্যেও লিখেছি। বাড়িতে হইচই হচ্ছে তার মধ্যেও আমি লিখেছি। আবার একেবারে নীরবতার মধ্যে থেকেও দেখেছি – লেখা হয় না। এরকম হয়। তবে লিখতে চাইলে এবং মনের মধ্যে আবেগটা এলে তখন কিন্তু আমি লিখতে পারি।

মিনার মনসুর : অনেকেই যে বলেন আর দশজন মানুষের তুলনায় লেখকের জীবন আলাদা, শিল্পীর জীবন আলাদা – লেখককে একটা আলাদা জীবনযাপন করতে হয়। এগুলোকে আপনি কতটা গুরুত্ব দেন?

শামসুর রাহমান : মানুষের মধ্যেই লেখকের জীবন।

মিনার মনসুর : সাধারণ মানুষের চেয়ে লেখককে কি আলাদা কোনো জীবন যাপন করতে হয়?

শামসুর রাহমান : এটা বলা মুশকিল। কারণ, কার জীবন কীভাবে তৈরি হয়ে যায়, এটা বলা যায় না। এখন আমার জীবন অন্যদের জীবনের মতোই কিনা বলা মুশকিল। সেটা বুঝতে হলে তো তাদের জীবন আমাকে যাপন করতে হবে।

মিনার মনসুর : অর্ধশতকের লেখক-জীবনে আপনি কী সাধারণ মানুষের জীবন যাপন করেছেন নাকি ভিন্ন রকমের?

শামসুর রাহমান : আমার মনে হয় একটু আলাদা জীবন তো বটেই। কারণ আমার পরিবারের অনেকের মতো আমি জীবনযাপন করি না। এটা খারাপ কী ভালো আমি বলব না। হয়তো আমারটাই খারাপ। কিন্তু দুটো জীবন এক নয়। কিছু-না-কিছু বেশকম আছেই।

মিনার মনসুর : এই যে একটু আগেই বললেন – না লিখে আপনি থাকতে পারেন না। একটা কবিতা লেখার পরে আপনার কী ধরনের অনুভূতি হয়?

শামসুর রাহমান : লেখার পরে এক ধরনের রিলিফ হয় যে, আমি একটা কিছু করতে পেরেছি। এটা একটা আনন্দ। এবং আমি যা লিখতে চেয়েছিলাম ততটা যদি না হয়, তাহলে একটু কষ্ট হয়। অথচ ওটাকে আবার ফেলেও দিতে পারি না। কেমন জানি একটা মায়া জন্মে যায়। এটা বোধহয় একটা দুর্বলতা।

মিনার মনসুর : নতুন কিছু লেখার পরে আনন্দ পান, না লেখাটি প্রকাশিত হওয়ার পর বেশি আনন্দ পান?

শামসুর রাহমান : লেখাটি হয়ে গেলেই আমি আনন্দ পাই। আমার লেখা সবাই যে পছন্দ করবে এমন তো না। ছাপা হলে হলো, না-হলে হলো না। যখন আমার লেখা কেউ ছাপবে না, তখন আমি কারো দরজায় গিয়ে বলব না যে, আমার লেখাটি ছাপুন।

মিনার মনসুর : আমরা শুনি লেখকরা নানা ধরনের প্রেরণার জন্য অপেক্ষা করেন। এ-ধরনের প্রেরণাপ্রসূত বিখ্যাত কিছু কবিতার কথাও শোনা যায়। আপনার লেখার পেছনে এ-রকম কোনো প্রেরণার ব্যাপার কি আছে?

শামসুর রাহমান : প্রেরণা ঠিক কিনা বলতে পারবো না। তবে একটা কিছু অবশ্যই আছে। সেটা মানুষকে পরিচালিত করে। পরিচালিত বলতে আমি কোনো দৈব ব্যাপার বলছি না। একটা কিছু আছে, যেটা তাকে দিয়ে লেখার কাজটি করায়। আমি তো চালের ব্যবসা করতে পারতাম, আমি করিনি। আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু করিনি। আমার মনে হয়, আমার মধ্যেই এটা আছে। এটা ঐশ্বরিক ব্যাপার বলে আমি মানি না। তবে একটা ব্যাপার আছে। এটা অর্গানিক ব্যাপার থেকেও হতে পারে। কিন্তু একটা জিনিস আছে, তা না-হলে একই পাড়ায় অনেক লোক থাকে, একটা লোক কেন অন্যরকম? আর সবার মতো নয়?

মিনার মনসুর : আপনার দীর্ঘ লেখক-জীবনে প্রেরণার উৎস হিসেবে কারো কাছে কি আপনার কোনো ঋণ আছে?

শামসুর রাহমান : প্রেরণার উৎস যদি বলেন – নারী তো আছেই। কেবল নারী নয়, অনেক সময়ে রাস্তা দিয়ে একজন লোক হেঁটে গেল, সে হয়তো দরিদ্র হতে পারে, সে-লোকটাও প্রেরণা হতে পারে। নারী হতেই হবে তা না। নারী অনেক সময়ে প্রেরণা হয়। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে, তখন কবিতা আসে। আর সে-সময়ে প্রেমের কবিতা তো আসেই। এখানে কোনো বাঁধাধরা নিয়ম নেই।

মিনার মনসুর : আপনার জীবনে তাহলে সবচেয়ে বড় প্রেরণা কী?

শামসুর রাহমান : এটা বলা মুশকিল। মস্তিষ্ক এবং হৃদয়, এই দুটির সম্মিলনই আমার প্রধান চালিকা শক্তি। কখনো মস্তিষ্ক বড় হয়, আবার কখনো হৃদয়।

মিনার মনসুর : আমরা শুনি বড় কিছু পেতে হলে বড় ধরনের ত্যাগস্বীকারও করতে হয়। আপনার জীবনে এরকম কিছু কি ঘটেছে?

শামসুর রাহমান : আসলে ইচ্ছে করে আমি কিছু ছেড়ে দিয়েছি, এমনটি নয়। তবে আমি যদি কবিতা না লিখতাম, তাহলে হয়তো এরকম জীবন যাপন নাও করতে পারতাম। আসলে এগুলো ঠিক এ + বি এই রকমভাবে বিচার করা যায় না। কবির মন এবং যে-কোনো শিল্পীর মনই ব্যাখ্যা করা মুশকিল। তার মধ্যে একই সঙ্গে অনেক লোক বাস করে। কখনো সে অত্যন্ত ভালো শিল্পী এবং অত্যন্ত বদ লোক। আবার খুব ভালো লোক, কিন্তু কবি বা শিল্পী হিসেবে ভালো নয়, এরকম হতে পারে। আসলে এসব কোনো হিসেবে মেলে না। এসব হিসাব করা উচিতও নয়।

মিনার মনসুর : শিল্পের জন্য বড় কোনো বেদনার ঘটনা কী আছে আপনার জীবনে – যে-বেদনাকে আড়াল করার জন্য আপনি শিল্পকেই আশ্রয় করেছেন?

শামসুর রাহমান : বেদনা তো একটা-দুটো নয়। আমাদের অনেকের জীবনেই বেদনা – সূক্ষ্ম হোক কিংবা মোটা দাগেই হোক – আছে। এবং সেগুলো আনন্দের হতে পারে, অনেক সময়ে। খুবই কষ্টের হতে পারে। আমরা শিল্পীরা কিন্তু দুটোকেই ব্যবহার করি। আনন্দকে যেমন ব্যবহার করি, আবার দুঃখকেও ব্যবহার করি। কখন কোনটার ব্যবহার হবে সেটা পূর্ব থেকে বলা মুশকিল। এটা ঠিক ম্যাপ করে বলা যাবে না। এমনও হতে পারে যে, ব্যথা পাওয়ার কথা নয় কিন্তু ব্যথা পাচ্ছি; আবার আনন্দিত হওয়ার কথা নয়, কিন্তু আনন্দিত হচ্ছি। এগুলো আসলে গাণিতিক পদ্ধতিতে বিচার করা যায় না।

মিনার মনসুর : এই যে আপনি কবিতার পর কবিতা লিখছেন, এটা কীভাবে করছেন? অর্থ বা যৌক্তিকতার দিক থেকে আপনি আপনার পুরো সাহিত্যকর্মকে কীভাবে মূল্যায়ন করেন?

শামসুর রাহমান : আমার মনে হয়, আমার যেহেতু মৃত্যু আছে, সুতরাং আমার শেষও আছে, শেষ হয়ে যাওয়ার একটা বেদনাও আছে। শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমার জীবনে যা ঘটেছে এবং যা ঘটেনি তার মধ্যে একটা সংযোগ কখনো হয়, আবার কখনো কখনো একটা বিচ্ছেদও অনুভব করি। এবং এক ধরনের আনন্দও হয় কখনো কখনো, কখনো কখনো খুব বেদনাও হয়। এগুলো একেক সময়ে একেক ঢংয়ে, একেক সময়ে একেক রঙে আসে। এবং কখনো সেটা সার্থকভাবে প্রকাশিত হয়, আবার কখনো কখনো অসার্থক হয়। আমার মনে হয় এটাই হলো, একজন শিল্পীর জীবনের একটা ঝগড়া এবং একটা মীমাংসার ব্যাপার। এই ঝগড়া ও মীমাংসা আজীবন চলতে থাকে। আমার মনে হয়, এর মধ্যে তার সৃষ্টিটা হয়। আমি এইভাবে দেখি।

মিনার মনসুর : আপনি মৃত্যুর কথা বলেছেন। মৃত্যু দ্বারা নিয়ন্ত্রিত যে-জীবন ঝগড়া ও মীমাংসার মধ্য দিয়েই কি আপনি তার একটা সমাধানের সন্ধান করেন?

শামসুর রাহমান : সন্ধান করি, কিন্তু এটার আসলে সন্ধান মেলে না। এ-পর্যন্ত আমার কাছে বিষয়টি অমীমাংসিতই মনে হয়েছে। কেউ সন্ধান পেয়েছে বলে আমার মনে হয় না।

মিনার মনসুর : আপনার কবিতায় মৃত্যু কীভাবে এসেছে?

শামসুর রাহমান : মৃত্যু আমার কবিতায় অনেকবার এসেছে। আমি অনেক সময়ে তাকে এড়িয়ে থাকতে চাই। কিন্তু এড়িয়ে থাকা যায় না, কখনো কখনো সে উঁকি মারে। আমি চেষ্টা করি যাতে আমার কবিতায় সবসময়ে মৃত্যুভাবনা না থাকে। জীবনকে বাদ দিয়ে তো কিছু করা যায় না। তবে আমি ইচ্ছে করেই যে মৃত্যুকে আহ্বান করছি তা না; তবু কখনো কখনো মৃত্যু এসে যায়।

মিনার মনসুর : দীর্ঘ লেখক-জীবনে প্রথম কখন মৃত্যু-ভাবনা আপনার কবিতায় প্রকাশ পেয়েছে?

শামসুর রাহমান : আমার মধ্যে শুরু থেকেই মৃত্যুভাবনা ছিল।

মিনার মনসুর : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কবিতায় মৃত্যু কি কোনো বিশেষ প্রভাব বিস্তার করেছে বলে মনে হয়?

শামসুর রাহমান : জীবনের পাশাপাশি মৃত্যুও এসেছে আমার কবিতায়। যখন যা মনে করেছি লিখেছি। আমি এই মাটিতেই আছি। আমি তো আর আকাশে নেই। আমি চেষ্টা করেও এখান থেকে চ্যুত হয়ে কিছু করতে পারবো না। আমি যতই আকাশে যাই না কেন আমার সত্তার কিছু-না-কিছু এখানে থেকেই যাবে, এবং আমাকে নিচে নামতেই হবে। আবার আমি ডানা মেলে উড়ে যেতেও পারি। আমার মনে হয় প্রত্যেক শিল্পীরই এটা আছে। প্রত্যেক সাহিত্যিকেরই এটা আছে। কখনো সে ওড়ে, কখনো সে মাটিতেই থাকে।

মিনার মনসুর : আপনার সাম্প্রতিক কিছু কিছু কবিতায় দেখা যায় ভয়ংকর কিছু একটা যেন আপনার অস্তিত্বে তার থাবা প্রসারিত করছে। আপনাকে নিয়ে যেতে চাচ্ছে ঘোর কোনো অন্ধকারে। আবার কিছু কিছু কবিতায় আছে অন্যরকম এক আলো। আলো-অন্ধকারের এই খেলা কি মূলত মৃত্যুকে কেন্দ্র করে? মৃত্যু কি আপনাকে সত্যিই ভীত করে?

শামসুর রাহমান : ভয় তো অবশ্যই করে। যদি বলি করে না, তাহলে মিথ্যা হবে। ভয় করে এ-কারণে যে, আজকে যাদেরকে একবেলা না-দেখলে আমার মন খারাপ হয়ে যায়, তাদের আমি আর কোনোদিন দেখতে পাবো না। এই যে নাতনিরা – যাদের না-দেখলে অস্থির অস্থির লাগে, ওরা স্কুল থেকে না-ফেরা পর্যন্ত খারাপ লাগে – একদিন এদের দেখবোই না আমি। অবশ্য তখন আমার কোনো চেতনা থাকবে বলে মনে করি না। কিন্তু এই যে চিন্তা – এটা তো আসে। আমি মনে করি এই চিন্তা আমার হয়। আমি যতদিন বেঁচে আছি আমার মা-বাবাকে আমি আর কোনোদিন দেখবো না। এই ধরনের চিন্তা আমার হয়। তখন মন খারাপ হয়। এবং আমি খুব উৎফুল্ল হই না যে, আমার মা নেই, আমার বাবা নেই। আমার খারাপ লাগে। আমার যে-ছেলেটি পানিতে ডুবে মারা গেছে তার জন্যে আমার খারাপ লাগে। এমনকি আমার নানি, যিনি মারা গেছেন, যাকে আর কোনো দিন দেখবো না তার জন্যেও খারাপ লাগে। তেমনি আমার মনে হয়, মৃত্যুর পরে আমার তো চেতনা থাকবে না, মাটিতে মিশে যাব। তবুও কেন জানি মনটা বিষণ্ন হয়ে যায়।

মিনার মনসুর : আপনার কি মনে হয় মৃত্যুতেই আপনার সব শেষ হয়ে যাবে? আপনার কবিতা…

শামসুর রাহমান : আমার এটা মনে হয়। আমি তো থাকবো না। আমার কবিতা, আমার লেখার কী হলো, আমি তো বুঝতে পারবো না। কারণ আমিই তো থাকবো না।

মিনার মনসুর : মনে হচ্ছে, রবীন্দ্রনাথের মৃত্যুচেতনার সঙ্গে আপনার মৃত্যুচেতনার একটা পার্থক্য আছে। আছে কি?

শামসুর রাহমান : রবীন্দ্রনাথ অনেক বড় মাপের মানুষ। তাঁর সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি মনেই করি যে, আমি থাকবো না। আমার সৃষ্টির মাঝে আমি যে থাকবো – এটা আমি কী করে বলবো? কারণ আমি তো থাকবো না। আমার সৃষ্টি থাকবে কী থাকবে না, এটা তো আমি জানবো না। মৃত্যুর পরে আমার কোনো চেতনা থাকবে না।

মিনার মনসুর : আপনার আগের অনেক কবি-সাহিত্যিকের সৃষ্টিকর্ম এখনো আছে। শতাধিক বছর আগে লেখা রবীন্দ্রনাথের ‘১৪০০ সাল’ কবিতা এখনো পাঠককে আপ্লুত করে। রবীন্দ্রনাথ প্রবলভাবে বেঁচে আছেন তাঁর সৃষ্টির মধ্যে। আপনার কেন মনে হয় না যে, আপনার সৃষ্টিকর্মও বেঁচে থাকবে?

শামসুর রাহমান : এটা ভেবে আমি খুব শান্তি পাই না। আমি নেই, আমার সৃষ্টি আছে, তাতে আমার কী এসে যায়। আমি একজন লোক, যে বেঁচে ছিলাম, আমি নেই। আমার কী রইল, কী রইল না, তাতে কী আসে যায়। কারণ আমি তো নেই। যাঁরা মহান ব্যক্তি তাঁরা এসব ভাবতে পারেন। কিন্তু আমি পারি না। আমি পারি না।

মিনার মনসুর : এই যে আমরা বলি মানুষ শেষ পর্যন্ত নিজের সৃষ্টির মধ্যেই বেঁচে থাকে। এটা তাহলে কেন বলি?

শামসুর রাহমান : আমি তুলনা করে বলছি না। ধরুন, যাঁরা রবীন্দ্রনাথ বা শামসুর রাহমান নন তাঁরা কীভাবে বাঁচেন? তাঁদের ক্ষেত্রে কী হয়? তাঁরা জীবনের সার্থকতা কোথায় খোঁজেন?

মিনার মনসুর : তবে কি আপনি আপনার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করেন না?

শামসুর রাহমান : আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করতে চাই। এটার মধ্যে আমি বেঁচে থাকব কী থাকব না এ-ধরনের কিছু আমি ভাবি না।

মিনার মনসুর : রবীন্দ্রনাথে যেমন একটা আকুতি আমরা দেখি ‘আজি হতে শতবর্ষ পরে’ এবং অনাগত কালের মানুষের চেতনার মধ্যে, তাদের ভালোবাসার মধ্যে বেঁচে থাকার, এ-ধরনের কোনো আকুতি কি আপনার মধ্যে নেই?শামসুর রাহমান : আমার কাছে মনে হয়, যখন আমি থাকবো না, তখন মানুষ আমাকে মনে রাখলেই বা কী আর না-রাখলেই বা আমার কী?

মিনার মনসুর : আপনার কবিতায় কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে? কবিতার জন্য বিষয় আসলে কতোটা জরুরি?

শামসুর রাহমান : আসলে আমি আমার কবিতা নিয়ে বেশি ভাবিনি। যখন যে-বিষয় আমাকে তাড়িত করেছে আমি তা লিখেছি। একেক সময়ে একেকটা জিনিস হয়েছে। আমি এটা ভেবেও দেখিনি যে, আমি কী জিনিস লিখেছি আর কী লিখিনি। কে এটাকে থুথু দিচ্ছে আর কে এটাকে খাতির করছে, এটা ভেবেও লিখিনি। আমি লিখে গেছি আমি লিখতে চেয়েছি বলে। আমি আমার সাধ্যমতো সুন্দর করে লিখতে চেষ্টা করি। সবসময়ে যে হয়, তাও নয়। কিন্তু চেষ্টা করি। এটা ঠিক যে আমি লিখতে ভালোবাসি। না লিখে আমি পারি না। আমার ভেতরে যেদিন লেখা আসবে না সেদিন লিখব না। আমাকে শত বেত দিয়ে পেটালেও লিখতে পারবো না। আমি মনে করি, যতদিন আমার মধ্যে লেখা থাকবে ততদিন আমাকে বেত দিয়ে পেটালেও আমি লিখব।

মিনার মনসুর : আপনাকে কেউ বলে নগরের কবি, কেউ বলে রাজনীতির কবি, আবার কারো কাছে আপনি একজন নির্ভেজাল প্রেমের কবি। এইভাবে কোনো বিশেষণে চিহ্নিত হওয়ার ব্যাপারটিকে আপনি কতটা সমর্থনযোগ্য বলে মনে করেন?

শামসুর রাহমান : আমি এটাকে সমর্থন বা অসমর্থন কিছুই করি না। আমি নিজেকে খুব একটা মহৎ কিছু দেখাতে চাই না। আমি যা ভাবি তা লিখি। আমার যা লেখা এসেছে আমি তাই লিখেছি।

মিনার মনসুর : কিন্তু এটা তো ঠিক যে, আপনার কবিতায় পুরানো ঢাকার অনেক প্রসঙ্গ এসেছে। আবার গ্রামের প্রসঙ্গ তেমন একটা আসেনি বললে চলে। এ-বিষয়ে আপনার অভিমত কি?

শামসুর রাহমান : কারণ আমি তো এই শহরে জন্মেছি। আমি শহরে জন্মেছি এবং শহরেই আছি। কখনো কখনো গ্রামে যাই। কাজেই আমার লেখায় নগর প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক।

মিনার মনসুর : কিন্তু পুরানো ঢাকার নানা প্রসঙ্গ যেমন – ঘোড়া, আস্তাবল, সহিশ ইত্যাদি অনুষঙ্গ আপনার কবিতায় বারবার এসেছে।

শামসুর রাহমান : ছোটবেলায় আমি ঘোড়ার গাড়ি চালিয়েছি। গাড়োয়ানের সঙ্গে বসতাম। গাড়োয়ানের কাছ থেকে লাগাম আর চাবুক নিতাম। অবশ্য চাবুক দিয়ে ঘোড়াকে মারতে আমার খারাপ লাগত। আমি চাবুক ব্যবহার করতাম না, কিন্তু হাতে চাবুক নাড়াতে ভালোই লাগত।

মিনার মনসুর : ছোটবেলার এসব স্মৃতি কি আপনাকে বিশেষভাবে নস্টালজিক করে?

শামসুর রাহমান : আমি এগুলো নিয়ে অনেক লিখেছি।

মিনার মনসুর : পুরানো ঢাকার কোন বিশেষ স্মৃতি কি আছে?

শামসুর রাহমান : স্মৃতি অনেক আছে। কিছু কিছু লিখেছি। আমার জন্ম পুরানো ঢাকায় নানাবাড়িতে। আমি সেখানে অনেক দিন থেকেছি। সেইসব স্মৃতি বিস্মৃত হওয়া কঠিন।

মিনার মনসুর : আপনার কবিতায় ফারসি শব্দের ব্যবহার আছে। আপনি কি সচেতনভাবেই এটা করেন?

শামসুর রাহমান : আমার মধ্যে আপনা আপনি এটা আসে। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থা থেকেই এসেছে।

মিনার মনসুর : আপনি তো কবিতা, ছড়া, উপন্যাস, গল্প – সবই লিখেছেন। আপনার কবিতা গান হিসেবেও জনপ্রিয় হয়েছে। এ সবের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের মাধ্যম কোনটি?

শামসুর রাহমান : কবিতা। আসলে সন্তান সবগুলোই প্রিয়। কাউকে বাদ দিয়ে কাউকে প্রাধান্য দেয়া যায় না। কারণ আমিই তো লিখেছি। আমি তো বলতে পারবো না যে, আমি ওই লেখা লিখিনি। খারাপ হোক, ভালো হোক, সব আমারই তো।

মিনার মনসুর : আপনার প্রকাশিত কবিতার বইগুলোর মধ্যে কোনো বইকে কি আপনার বিশেষভাবে প্রিয় মনে হয়েছে কখনো?

শামসুর রাহমান : এটা আমার পক্ষে বলা মুশকিল।

মিনার মনসুর : আপনার নিজের লেখা কবিতার মধ্যে বিশেষ পছন্দের কোনো কবিতা কি আছে?

শামসুর রাহমান : আমি এটা বলতে পারবো না। বলতে পারবো না এইজন্য যে, বললে ভুল বলা হবে। এটা বললে আমিই অবিচার করব অন্য কবিতার প্রতি। এটা বলা বোধহয় ঠিকও না। এটা বিচার করবে পাঠক।

মিনার মনসুর : বাংলাদেশের সাম্প্রতিক সময়ের তরুণ কবিদের কবিতার সঙ্গে কি আপনার পরিচয় আছে?

শামসুর রাহমান : আমি যতটা পারি তরুণদের কবিতা পড়ি।

মিনার মনসুর : তরুণদের কবিতা আপনার কেমন লাগে?

শামসুর রাহমান : আমার মনে হয় তরুণরা ভালো করছে। কারো কারো লেখা তো বেশ ভালো।

মিনার মনসুর : আপনি তরুণদের লেখা কোথায় পড়েন – সংবাদপত্রে না লিটল ম্যাগাজিনে ?

শামসুর রাহমান : কারো কারো বই পড়েছি। আবু হাসান শাহরিয়ারকে আমার কাছে খুব শক্তিশালী কবি মনে হয়। আরো অনেকের কবিতাই আমার বেশ ভালো লাগে। তারা বেশ শক্তিশালী কবি।মিনার মনসুর : জীবন এবং কবিতা এ-দুটোকে কি আপনার আলাদা মনে হয়?

শামসুর রাহমান : আলাদা মনে হয় না। একটাই মনে হয়।

মিনার মনসুর : আপনার জীবনের অভিজ্ঞতা এবং কবিতার অভিজ্ঞতা কি সবসময়ে এক?

শামসুর রাহমান : একেবারে যে অবিকল এক, তা নয়। কিছু কিছু ছায়া থাকে। কবিতারও ছায়া থাকে জীবনের ওপর, আবার জীবনেরও ছায়া থাকে কবিতার ওপর। জীবনের ছায়াই বেশি কবিতায়।

মিনার মনসুর : আপনার জীবনের সবচেয়ে মধুরতম অভিজ্ঞতা কী?

শামসুর রাহমান : বলা মুশকিল।

মিনার মনসুর : জীবন আপনাকে কী শিখিয়েছে?

শামসুর রাহমান : জীবন শিখিয়েছে এই যে, জীবনকে ছেঁড়ে যাওয়া মুশকিল। জীবনকে আঁকড়ে থাকা, জীবনকে ভালোবেসে বেঁচে থাকাই জীবন। জীবন যতই যন্ত্রণার হোক আমি বেঁচে থাকতে চাই। আমার কখনো মনে হয়নি যে, মরে যাই না কেন। এইরকম মনে হয়নি কখনো।

মিনার মনসুর : জীবন আপনাকে যা দিয়েছে এবং আপনি জীবনের কাছে যা চেয়েছেন তার মধ্যে মিল-অমিল কতটুকু ?

শামসুর রাহমান : আমি সত্যিই কিছু চেয়েছি কিনা, জানি না। আমি একমাত্র এটাই চাই আর কিছু চাই না – আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি। জীবন যেভাবে এসেছে আমি গ্রহণ করেছি। সবকিছু নিয়েই আমি জীবনকে ভালোবাসি।

মিনার মনসুর : এমন কি কখনো মনে হয় যে, কোনো দরকারি লেখা যা আপনি লিখতে চেয়েছিলেন কিন্তু লেখা হয়ে ওঠেনি। এইরকম ভাবনা কি আপনার মধ্যে কাজ করে?

শামসুর রাহমান : জীবনের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমি এখন যা তাই হতাম। বাস্তবেও আমি যা হওয়ার তাই হয়েছি।

মিনার মনসুর : আপনি কতদিন বাঁচতে চান?

শামসুর রাহমান : আমি চিরকাল বাঁচতে চাই।

মিনার মনসুর : যদি চিরকাল বাঁচেন তাহলে আপনি আর কী কী কাজ করবেন?

শামসুর রাহমান : আমার যা ইচ্ছা তাই করবো।

মিনার মনসুর : আপনার কি কোনো অসম্পূর্ণ লেখা আছে?

শামসুর রাহমান : এইরকম কিছু নেই। কারণ আমি প্ল্যান করে কিছু লিখি না। আমার যা মনে আসে তাই লিখি। আমি জানি আমার যতটুকু ক্ষমতা তার বাইরে লিখতে পারবো না। আমি যা তাই। তবে মাঝে মাঝে মনে হয়, কেন আমি আর একটু ভালো লিখলাম না।

মিনার মনসুর : বাংলাদেশের সমাজকে সবসময়ে মুক্তচিন্তার অনুকূল বলা যাবে না। আপনার জীবন বা কাব্যচর্চায় সমাজ বা রাষ্ট্র কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে কি?

শামসুর রাহমান : কবিতা লেখার জন্যই তো তারা আমাকে মারতে এসেছিল। কবিতা লেখা ছাড়া আর আমি এমন কিছু করিনি যে, তারা আমাকে মারতে আসতে পারে।

মিনার মনসুর : আপনার কবিতায় আপনার পরিবার কতটা ছায়া ফেলে?

শামসুর রাহমান : আমার মাকে নিয়ে আমি একাধিক কবিতা লিখেছি। আমার পিতাকে নিয়েও লিখেছি। আমার জীবনে আমার মায়ের ভূমিকা অনেক। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তাঁর মধ্যে যে মনুষ্যত্বের ধারণা ছিল সেটা আমার মধ্যেও আছে। মানুষকে ভালোবাসার যে-ধারণা সেটাও আমি মায়ের কাছ থেকে পেয়েছি।

মিনার মনসুর : আপনার নাতনি – বিশেষ করে দীপিতা ও নয়নার নাম আপনার কবিতায় ও ছড়ায় পাওয়া যায়। আপনার মায়ের পর এরাই সম্ভবত আপনার ওপর বেশি প্রভাব বিস্তার করেছে?

শামসুর রাহমান : হ্যাঁ, এরাই করছে। এরা আমাকে খুব শান্তি দেয়। এদের দেখলেই আমার খুব ভালো লাগে।

মিনার মনসুর : যদি এখনই কেউ এসে বলে যে, তোমার সময় শেষ। কবি হিসেবে তুমি তোমার শেষ কথা বলে দাও। তখন আপনি কী বলবেন?

শামসুর রাহমান : যে আমাকে নিতে আসবে আমি তাকে বলবো, তুমি ঘন ঘন পৃথিবীর মানুষের কাছে এসো না।

মিনার মনসুর : আমাদেরকে, অর্থাৎ আপনার ভক্ত-অনুরক্ত ও পাঠকদের কী বলবেন?

শামসুর রাহমান : এটা বলার অধিকার আমার নেই। কারণ আপনারা এ-যুগের মানুষ; আপনারা আমার চেয়ে কম জানেন না। কম বোঝেন না। আপনারা যদি অন্যরকম হতেন তাহলে বলতাম। আর আমার পাঠক নিশ্চয়ই আমার মতোই। তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। এখন মানুষ অনেক এগিয়ে যাচ্ছে।

মিনার মনসুর : আপনার প্রেমিকাদের সম্পর্কে আপনি কিছু বলেননি। আপনি কি তাদের সম্পর্কে কিছু বলবেন?

শামসুর রাহমান : এটা বলা মুশকিল।

মিনার মনসুর : আপনাকে ধন্যবাদ।

শামসুর রাহমান : আপনাকেও ধন্যবাদ।

[এ সাক্ষাৎকার গ্রহণে সহায়তা করেছেন আনিসুজ্জামান মানিক]