ভাবি, মন দিয়ে কাজ করব এবার।

ফাঁকি দেবো না।

সকালে উঠেই আয়নাকে বলব, ‘এই আমি!’

বেরসিক আয়না অবশ্য মুখ বেঁকাবে

তেলতেলে চুল আর মোটা নাকওলা

একটা মেয়েকে ফিরিয়ে দেবে আমার দিকে।

আমি অবশ্য ওসব নিয়ে আর মাথা ঘামাব না

কাজে লেগে পড়ব। ঘরকন্না,

বাচ্চা, অফিস, স্বামী, ধোপার হিসেব,

বই পড়া, বোতাম লাগানো, জুতো পালিশ –

কাজের অভাব কী?

সারাদিন কেটে যাবে এভাবেই

গুচ্ছের ক্যালরি খরচ করব

কিন্তু খেতে ভুলে যাবো দুপুরবেলা

সন্ধেবেলা, সেই আয়নার সামনে দাঁড়িয়ে

ঝুলি থেকে বের করব কাজের লিস্টি

টোকা মেরে ঝেড়ে ফেলব আলস্য, অকাজ আর ফাঁকি

তারপর সদ্য ফোটা ফুলের মতো

আয়নার দিকে তুলে ধরব

একগোছা পুরুষ্টু অজুহাতের তোড়া