কথা ছিল – বৃষ্টি আসুক বা না আসুক মেঘমল্লার হবেই
ভীমসেন যোশীই গাইবেন –
আকাশে মেঘ দেখে এসব আসরের কথা ভেবে
নিয়ে মিলেছি সবাই
কিন্তু নান্দীপাঠ হচ্ছে মৃত্যু ও দালান-ভাঙার
রাজনীতিতে মেতে উঠেছে ছিন্নপত্র উড়োখই
আদেখ্লেপনার পৃষ্ঠপোষক সব চামড়াসর্বস্ব মধ্যবিত্ত
নিজেদের কথাই কেবল বলে যাচ্ছি শ্রোতা পাই বা না পাই –
ভুলে গেছি আজ মেঘমল্লার হবে –
অন্তত মেঘমল্লার শোনার কথা ছিল।
প্রচণ্ড গর্জনে ফেটে পড়ল বিদ্যুচ্চমক –
শুরু হলো আজ রাতের মেঘমল্লার,
তোমার একার জন্যে এর চেয়ে ভালো আর কী?
নির্জনে রাজনীতি নেই, স্বার্থসিদ্ধি নেই –
ঘৃণা নেই – অক্ষমের আস্ফালন নেই –
হাওয়াগাড়ি আমাদের উড়িয়ে নিয়ে চলেছে
মিশে গেছে মেঘ-গাড়ি-মন-পাখিরা!
১২-০৬-২০০৪

Leave a Reply
You must be logged in to post a comment.