উচ্চবিত্ত যুবসমাজের বয়ান

সামান্তা

নাসরীন জাহান

অন্যপ্রকাশ,

ঢাকা, ২০০৫

১০০ টাকা

প্রথম উপন্যাস উড়ুক্কুর প্রকাশসময় থেকে শেষ প্রকাশিত উপন্যাস সামান্তা পর্যন্ত নাসরীন জাহানের ঔপন্যাসিক-অভিজ্ঞতা যুগ-অতিক্রান্ত। সংখ্যার হিসাবে তাঁর উপন্যাসও কিন্তু বারো অতিক্রম করে গেছে। সামগ্রিক লেখালেখির বিচারে তাঁর গল্পগ্রন্থের সংখ্যাও হেলাফেলার নয়। বাংলাদেশের সাহিত্যমণ্ডলে নাসরীনের নিয়ত উপস্থিতি সাহিত্যামোদী যে-কোনো পাঠকের জন্যই প্রীতিকর এক সংবাদ। আর এ-লেখকের প্রধান যে চারিত্র্যবৈশিষ্ট্য অর্থাৎ নতুন উপন্যাসে নতুনতর বিষয়ের অনুসন্ধান, তা সামান্তাতেও স্পষ্ট। সমকালের উচ্চবিত্ত সমাজের উঠতি যুবক-যুবতীদের জীবন-ধরন নিয়ে রচিত

এ-উপন্যাসটি বিষয়বৈচিত্র্যের কারণেই যথেষ্ট মনোযোগ দাবি করতে পারে।

নাসরীন জাহান বাংলাদেশের কথাসাহিত্যিকের গত দেড় দশকের প্রধানতম ধারা

জাদুবাস্তবতার অন্যতম কারিগর। আখতারুজ্জামান ইলিয়াস এবং শহীদুল জহিরের সঙ্গে এ-ধারার আরেক শক্তিমান কুশলী তিনি। উড়ুক্কুতে (১৯৯৩) সে-মাত্রাটি স্পষ্ট না-হলেও অস্পষ্টও ছিল না। তৃতীয় উপন্যাস চন্দ্রলেখার জাদুবিস্তারে (১৯৯৫) প্রবেশমাত্র যে-কোনো অনুসন্ধানী পাঠক তাঁর এ-সাফল্যের পূর্ব-ইতিহাস খুঁজতে উৎসুক হবেন এবং পশ্চাদ্ধাবন করতে করতে চন্দ্রের প্রথম কলাকে (১৯৯৪) অতিক্রম করে পৌঁছাবেন উড়ুক্কুতেই। চন্দ্রলেখার জাদুবিস্তারের মতো একটি ক্ষীণকায় কিন্তু অত্যন্ত সার্থক জাদুবাস্তবতার উপন্যাসের উদাহরণ বাংলা সাহিত্যে অপ্রতুল এবং স্বভাবসিদ্ধভাবেই লেখক সে-ধারাতে স্থিত নন দীর্ঘকাল; যার প্রমাণ বৈদেহী (১৯৯৭)। গ্রামের একটি সাধারণ মেয়ের অধ্যাপক স্বামী পঙ্গু হয়ে যাওয়ার পর তাকে নিয়ে ঢাকা শহরে মেয়েটির যে দুর্বহ জীবন, তাই নাসরীন এঁকেছেন বৈদেহীতে – সন্দেহ নেই পরিমিতিবোধ এবং শিল্পচাতুর্যকে সহযাত্রী করেই। হয়তো উড়ে যায় নিশিপক্ষী (১৯৯৯) বা শঙ্খনর্তকীর (২০০৩) মতো দীর্ঘ কলেবরের উপন্যাসও সে-উচ্চমাত্রাকে ছুঁতে ততটা সফল হয়নি। সামান্তাতে তাঁর সাফল্য কতখানি, এবার সে-বিচারে আমরা যাবো।

সামান্তা উপন্যাসটি এর নামচরিত্রকে ঘিরে আবর্তিত। সামান্তার সঙ্গে আরো সেখানে আছে তার বন্ধুবলয়। আরো

যে-একজন বিশেষভাবে উল্লেখ্য তার নাম আনন্দ, সামান্তাদের বাড়ির সামনের ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।

উপন্যাসটি শুরু হয়েছে কিন্তু আনন্দকে দিয়েই। উপন্যাসটিতে আনন্দ একটি বিশেষ সমাজের প্রতিনিধি – যে-সমাজ সামান্তাদের সমাজ থেকে আলাদা। আর এভাবে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের আচরণ এবং বোধগত এক বৈপরীত্য উপন্যাসটিতে পরিস্ফুটিত।

সামান্তার সামাজিক অবস্থান স্পষ্ট হয় তার বন্ধুদের দিয়ে – যাদের মধ্যে নিকু, ভিক্টর, রনিত এবং নাতাশা অন্যতম। এ চারটি চরিত্র বিত্তবান বাংলাদেশের সমাজের প্রতিভূ – বিস্ময়কর তাদের আচরণ এবং মনোভঙ্গি। সে সবের সঙ্গে বাঙালি সমাজের দীর্ঘ ঐতিহ্যের বিরোধ তীব্র। শারীরিক সম্পর্ক এদের কাছে ডালভাত। প্রকাশ্যে অথবা আবডালে যৌনক্রীড়ায় তাদের কোনো নৈতিক অপরাধবোধ নেই। আর আমাদের সৌভাগ্য উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র সামান্তা সে-সমাজের বাসিন্দা হলেও সমাজটির অনেক কিছুই তার না-পছন্দ। আর তাই তার মৃত মায়ের স্মৃতিই তার প্রধান সম্পদ এবং আনন্দের জন্য নিজের মধ্যে ভালোবাসার বোধ জন্ম নিতেই সেই স্মৃতিকে সে ভাগ করে নেয় আনন্দের সঙ্গে।

আনন্দের যে-অবস্থান, সেখানে কিন্তু মূল্যবোধ এখনো মূল্যহীন হয়নি। ভালোবাসা সেখানে মুহূর্তেই শরীর ছোঁয়াছুঁয়িতে পর্যবসিত নয় – নয় সাময়িক শরীরলাভের বিষয়। আর সেসব কারণেই বোধহয় সামান্তা আকৃষ্ট আনন্দের প্রতি। সে-আকর্ষণ বাড়তে বাড়তে যখন আকাশ ছুঁতে চায়, ঠিক তখনই সামান্তার সমাজ এবং মানুষগুলোর প্রতি আনন্দের বিরূপতা দার্ঢ্য লাভ করে। রনিত-নিকুর অশ্লীলতা, সামান্তার মায়ের ফোনসেক্স ইত্যাদি সব বিষয়ে ক্লান্ত আনন্দ নিজেতে স্থিত হতে চায়। আর এ-চাওয়াতেই নেমে আসে সে দুর্বিষহতা – সামান্তা আবিষ্কার করে তার মতো নিঃসঙ্গ এবং অবহেলিত মানুষ পৃথিবীতে আর দুটি নেই। এ-নিঃসঙ্গতার ফলেই ভিক্টরের সঙ্গে সামান্তা আশ্রয় খোঁজে বিশাল মার্কেটের এক বড় হিজিবিজি স্টোরের মাটিতে পাতা মাদুরে – সেখানে সিগ্রেটের ভেতর নেশা ঢুকিয়ে বাস্তবতাকে ভুলতে চাইছে সামান্তার মতো আরো অনেকে।

উপন্যাসটিতে সামান্তার মৃত্যুদৃশ্য আমরা দেখেছি। উশৃঙ্খল উচ্চবিত্ত যুবসমাজের এমন চিত্র বাংলাদেশে আজ ব্যাপক। মূল্যবোধহীন সে-গোষ্ঠীতে প্রাপ্তি বলে সত্যিকার অর্থে কিছু নেই – শুধুই যেন গড্ডলিকায় গা ভাসানো। তবে কাহিনীকারকে অভিসম্পাত করতে ইচ্ছে করে এই বলে যে, সেসবের পরিণতিতে মৃত্যুর মতো ভয়াবহ এবং অনভিপ্রেত কোনো শাস্তি যদি পেতেই হয়, তার জন্য সামান্তা নামের মানুষটিকে বেছে নেওয়া কেন! বরং সামান্তার চারপাশের যে-অমানুষগুলোর সাক্ষাৎ আমরা পেয়েছিলাম শাস্তিটা তাদের কারো জন্য বরাদ্দ হলেই বোধহয় শ্রেয় হতো। বন্ধুগোষ্ঠীর ওপর আপাতত সে-শাস্তি ফিরিয়ে আনতে পারত সামান্তাকে তার কাক্সিক্ষত পথে। যে-সামান্তার কোমল বোধকে আমরা জেনেছি, পেয়েছি তাঁর সুখস্মৃতির পরিচয়, সে-সামান্তার মৃত্যু কোনো রূঢ় পাঠকও যে প্রত্যাশা করেননি, তেমনটি সহজেই অনুমান করা চলে।

আনন্দকে তার স্বস্থানে যথার্থভাবে উপস্থাপন করার জন্য পার্থ-সুমনরা প্রয়োজনীয় অনুষঙ্গ। কঙ্কণাও মূল্যহীন নয়। তবে কঙ্কণার দুর্বহ অতীতের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে সহজেই। কঙ্কণার সে-অতীতের নির্মাতা সে নিজেই। আনন্দের ভালোবাসাকে মাড়িয়ে সহজেই সে বিয়ে করেছিল সম্পন্ন এক পুরুষকে। টেকেনি সে-সম্পর্ক। পরে কঙ্কণার আশ্রয় হয়েছে শফিউদ্দিনের ক্রোড়ে। কীসের বিনিময়ে সেটি? হয়তো বা সচ্ছলতার। যদিও সে-যন্ত্রণা সহ্য করতে পারেনি কঙ্কণা দীর্ঘদিন – সব ছেড়েছুড়ে টিউশননির্ভর জীবনকে বেছে নিয়েছে সে। আর ওরকম একটি সময়েই আনন্দের সঙ্গে কঙ্কণার আবার যোগাযোগ।

কঙ্কণা-প্রসঙ্গটি উপন্যাসের এক বিস্তৃত অংশজুড়ে বর্তমান। কাহিনী শুরুর সামান্য পর থেকেই কঙ্কণা উপস্থিত। যখনই সামান্তার আবির্ভাব আনন্দের প্রাণে সুবাতাস বহাতে শুরু করে তখন থেকেই ফ্লাশব্যাকে কঙ্কণার গল্পের অনুপ্রবেশ। বোঝা যায়, আনন্দের মধ্যে কঙ্কণাকে নিয়ে ছিল গভীর এক উপলব্ধি : ‘তাছাড়া আরেক ঘোর আনন্দর, এর আগে রাত রাত, কঙ্কণার সাথে চলার সময়, কঙ্কণা ওর জীবন থেকে চলে যাওয়ার পরও, সুখ-বেদনার ছায়ায় স্বপ্নে কঙ্কণার মুখ, পাকিয়ে ওঠা দেহে উত্তাপময় স্পর্শ …’ (পৃ ১৩)। এরপর মাত্র তিনটি পৃষ্ঠা যেতে-না-যেতেই – ‘বিশেষত কঙ্কণা, আনন্দর সঙ্গে যার ছিল তীব্র প্রেমের সম্পর্ক … সবাইকে নিয়ে সমুদ্রভ্রমণ। কী আচ্ছন্নময় মধুরই না হয়েছিল, শাড়ির প্রান্ত ভিজিয়ে কঙ্কণা যখন স্রোতের শব্দের সঙ্গে সুর মিশিয়ে গুনগুন গাইছিল আনন্দর দেহঘনিষ্ঠ হয়ে, আনন্দর তো মনেই হচ্ছিল প্রাকৃতিক দৃশ্য মানুষের মন ভরায় না, মানুষের মন ভরায় মানুষ …’ (পৃ ১৬)। আর তখনই শাশ্বত প্রেমিকের প্রশ্ন ছিল, ‘আমি যদি তোমার জীবন থেকে চলে যাই?’ কম্পমান ঠোঁটে প্রেমিকার উত্তর ছিল, ‘বাঁচব না’। অথচ সে-প্রেমিকাই একদিন বিয়ে করে বরকে নিয়ে এসে দাঁড়াল আনন্দের সামনে। ‘এই ঘটনার পর আনন্দের সারা জীবনের বিশ্বাস-অবিশ্বাসের পৃথিবীটা ভোঁ করে এমন ঘুরতে শুরু করেছিল, ধপাস করে মাটিতে না পড়া পর্যন্ত সে নিজের অস্তিত্বই আদৌ এই পৃথিবীতে আছে কি-না বুঝতে পারেনি’। (পৃ ২৯)

উপন্যাসের প্রাসঙ্গিক সেসব চরিত্রের বাইরে আরো যারা উপস্থিত তাদের মধ্যে প্রীতিকর একটি মানুষ বাবলু – আনন্দের দোকানে থাকে। আনন্দকে ‘ভূগোলমামা’ ডাকে। স্নেহশীল রানুখালাও একটি মনোমুগ্ধকর চরিত্র।

উপন্যাসটিতে উচ্চবিত্ত-সমাজের চিত্রটি বেশ অনুপুঙ্খে চিত্রিত। শুধুমাত্র ধন-প্রাচুর্যই চিহ্নিত হয়নি তাদের, তাদের আচরণ-সংস্কৃতি-ভাবনা সবকিছুকেই মথিত করেছেন নাসরীন এবং মধ্যবিত্ত বাঙালি-লেখক সমাজের প্রতিনিধি হয়ে উচ্চতরবর্গের মানুষদের এমনসব জিনিসকে তুলে আনাতে ঔপন্যাসিক পারদর্শিতার পরিচয় দিয়েছেন, সেটি স্বীকার করতেই হয়। শুধুমাত্র জেনিফার লোপেজ বা ‘আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে’ই নয়, ওই যে সামান্তার সৎমা সম্পর্কে ভিক্টরের যে-কথা; ‘তোর এই মাম্মিটা সো প্রিটি, সো সেক্সি …’ এও কিন্তু ওই সমাজের প্রতিষ্ঠিত বাস্তবতা। আর তাই সামান্তার ওই মাম্মির সঙ্গে সামান্তার বন্ধুদের কিন্তু জমে ভালো। সুন্দরী, স্মার্ট, ডিভোর্সি এই মহিলার সঙ্গে সামান্তার বন্ধুরা ফিজিক্যাল সম্পর্ক থেকে শুরু করে সকল বিষয়েই আলাপন চালায়। স্লিভলেস, টাইটজামা, নাভির নিচে শাড়ি – সবই তাকে তার অবস্থানে পোক্ত করে। যদিও সামান্তার সঙ্গে তার দূরত্ব অনেক।

সামান্তা যে তার এই মাম্মিটাকে তার আচরণ এবং অন্য সকলবিধ কারণেই মানতে পারে না, সেটিই সামান্তাকে বিশিষ্টতা দিয়েছে। সামান্তাকে তার সমাজবলয়ের বাইরে মানুষ হিসেবে উপস্থাপন করেছে। মানুষ সামান্তার এ-নির্মাণ কি সম্ভব হয়েছে জন্মের সময় ওর মা মারা যাওয়ার কারণেই? মায়ের সেই মৃত্যু সামান্তাকে ছুড়ে দিয়েছে চূড়ান্ত এক নিঃসঙ্গতায়। আর তাইতেই হয়তো আনন্দের মনে এতদিন প্রশ্ন জেগেছিল :‘আউলা ঝাউলা ছেলেমেয়েদের সঙ্গে মিশে সামান্তার মতো মেয়ে কী করে প্রাণের মধ্যে এই বেদনাকে ধারণ করে রাখে?’ (পৃ ৪৯)

উপন্যাসের কাহিনী-সূত্রের সঙ্গে আরো যে-একটি অনুষঙ্গ সবার নজরে পড়ে তা হলো, সামান্তাসহ ওই সমাজের সবার বচনে ইংরেজির প্রাচুর্য, যা ওই সমাজবাস্তবতার জন্য একান্ত আবশ্যিক। ইংরেজি-মোহগ্রস্ত সে-মানুষদের অনেকেই ভুল ইংরেজি বললেও তাদের জন্য বিদেশী ভাষা ব্যবহার কৃতিত্বের পরিচায়ক। ঔপন্যাসিক নাসরীন ওই সমাজকে চিত্রিত করতে গিয়ে গুরুত্বপূর্ণ এ-অনুষঙ্গটির যথার্থ ব্যবহার ঘটিয়েছেন।

উপন্যাসের কাহিনী হিসেবে সামান্তা কতখানি সার্থক, তা নিয়ে বিতর্ক চলতে পারে সহজেই; তবে বাংলাদেশের কথাসাহিত্যে সামান্তা নামের চরিত্রটির চারপাশ নিয়ে রচিত উপন্যাস দুর্লক্ষ্য এবং সে-দারিদ্র্য থেকে নাসরীন জাহানের সামান্তা আমাদের মুক্তি দিয়েছে, তেমন প্রত্যয়ী বাক্য সহজেই উচ্চারণ করা যায়।

একশ বিশ পৃষ্ঠার ছোট্ট

এ-উপন্যাসটি মোটা দাগে কয়েকটি ভাগে বিভক্ত : তরল রঙিনে ভাসমান; আচমকা নেমে আসা পেছন আঁধার; ঝিনুক জল আর দূরবর্তী গাঙচিল; আঁধার নেশার চক্রবাজি; উড়ন্ত ডানার ভাঁজে নেশার শিশির; নীল নেশা; এবং আঁধার স্রোতের শেষ তলায়। কাহিনী-বিভাজনে এ-উপশিরোনামগুলো প্রীতিকর হলেও আরো অর্থবহ করা সম্ভব ছিল। তবে প্রতিটি বিভাগই কিন্তু প্রচলিতভাবে একাধিক আলাদা আলাদা অধ্যায়ে বিশ্লিষ্ট।

সবশেষে উপন্যাসটির প্রকাশনার মান নিয়ে কথা বলতে চাই। অন্যপ্রকাশের সাম্প্রতিক অন্যান্য প্রকাশনার মতো সামান্তা সুন্দর কাগজ, সুন্দর বাঁধাই, সুন্দর পরিমাজর্নাসম্পন্ন একটি বই। মাসুম রহমানের প্রচ্ছদটিও রীতিমতো দৃষ্টিনন্দন এবং ব্যঞ্জনাসৃষ্টিকারী। বাংলাদেশের প্রকাশনা জগতে গুণগতমান বৃদ্ধিতে অন্যপ্রকাশের অবদান সামান্তা হাতে নিলে যে-কোনো পাঠকের নতুন করে মনে পড়বে। শেষ ফ্লাপে ব্যবহৃত বিশ্বজিৎ সরকারের তোলা ঔপন্যাসিকের ছবিটিও সামগ্রিক সৌন্দর্যনির্মাণে ভূমিকা

রেখেছে।