কৃতীদের মুখ
মতিউর রহমান
সম্পাদিত
প্রথম আলো ও অবসর
ঢাকা, ২০০৪
১১০ টাকা
কৃ তীদের মুখ বইটির ভূমিকায় প্রথম আলো-সম্পাদক মতিউর রহমানের প্রথম কয়েকটি কথা হঠাৎ করেই অতীতের পাতায় চোখ বুলিয়ে নেবার অবকাশ করে দিল। তিনি লিখেছেন, ‘ইতিহাসের নায়কেরা কি কেবল অতীতেই বাস করেন? … আমাদের দুঃসংবাদলিপ্ত এ-দেশের অজস্র নেতির মধ্যেও কেউ কেউ জাতির আশার সলতে জাগিয়ে রাখার চেষ্টা করছেন। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা এগিয়ে চলেছেন ঘোর প্রতিকূলতা পেরিয়ে। তাঁরাই এ-সময়ের মহানায়ক।’ সত্যিই তো! বিশ্বের সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত দরিদ্র এই দেশে জন্মগ্রহণ করে অজস্র সীমাবদ্ধতা অতিক্রম করে যাঁরা এই দেশের কল্যাণে কখনো জীবনের সঙ্গে আপোস করেননি, তাঁদের চেয়ে মহানায়ক আর কারা হতে পারেন! মনে পড়ে গেল খুব ছোটবেলায় প্রথম যে-বইগুলো পুরস্কার পেয়েছিলাম তার মধ্যে দুটি জীবনীগ্রন্থ ছিল। একটি আব্বাসউদ্দীনের অপরটি মিয়া তানসেনের। এরপর অনেক জীবনীগ্রন্থ পেয়েছি উপহার বা পুরস্কার হিসেবে। তখন আইজ্যাক নিউটন, টমাস আলভা এডিসন, রবীন্দ্রনাথ, আইনস্টাইন এমনকী হিটলারের জীবনীগ্রন্থ পড়েও রোমাঞ্চিত হয়েছি। বইয়ের পাতায় লেখা ইতিহাসের এক একটি অধ্যায় যেন আমার সামনে ছবির মতো স্পষ্ট হয়ে উঠেছে। আজ যখন প্রথম আলো ও অবসরের যৌথ উদ্যোগে প্রকাশিত কৃতীদের মুখ বইটি হাতে এলো তখন ভূমিকার কথাগুলো পড়ে মনে হলো সত্যিই এ-কালের মুহাম্মদ হাবিবুর রহমান, সফিউদ্দিন আহমদ, শামসুর রাহমান, সরদার ফজলুল করিম, জামাল নজরুল ইসলাম, ফেরদৌসী মজুমদার, নাজমা চৌধুরী প্রমুখ ব্যক্তিত্বই তো আমাদের আদর্শ; এঁরাই তো আমাদের দারিদ্র্যপীড়িত দেশের সৃষ্টি-আদর্শের মহানায়ক!
১৪১০ বঙ্গাব্দের পয়লা বৈশাখে প্রথম আলো যে-বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছিল সেটিই কৃতীদের মুখ শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। গ্রন্থের লেখাগুলো তিনটি শ্রেণিতে বিন্যস্ত : মূল্যায়ন, স্মৃতিকথা ও আত্মস্মৃতি।
স্মৃতিকথা পর্বে স্থান পেয়েছে জিল্লুর রহমান সিদ্দিকী, কাইয়ুম চৌধুরী এবং ইমদাদুল হক মিলনের রচনা। এঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত। কিন্তু মানুষ হিসেবে, বন্ধু হিসেবে তাঁদের নতুন রূপ কৃতীদের মুখ বইটিতে পাঠকের সামনে উন্মোচিত হয়েছে। দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নাম সকলেই জানেন; কিন্তু ‘মুহাম্মদ হাবিবুর রহমান ওরফে শেলী’ শীর্ষক রচনায় জিল্লুর রহমান সিদ্দিকীর স্মৃতিচারণে তিনি যেন অন্য-এক মানুষ; দীর্ঘদেহী, সুদর্শন এক যুবা। ডাক নাম শেলী। এক স্বচ্ছ, প্রাণবন্ত মানুষ, যিনি ভাষা-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জেলে গিয়েছিলেন; আপোসহীন আদর্শের তাগিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদ ছেড়ে দেন নির্দ্বিধায়; ব্যারিস্টারি পাশ করার পরও তিনি নির্মোহ চিত্তে অজপাড়াগাঁয়ে মাস্টারি করেন; দায়িত্বপালনের প্রয়োজনে যিনি নিজের চারদিকে ব্যক্তিত্বের দেয়াল তুলে দেন। জিল্লুর রহমান সিদ্দিকী আবেগতাড়িত হয়ে বন্ধু শেলীর জীবনসংগ্রামের কথাই লিপিবদ্ধ করেছেন। তাই রচনার প্রথমে তাঁর অকপট স্বীকারোক্তি পাঠকের বিভ্রান্তির কারণ না হয়ে তার জানার আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। কেমন ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান ওরফে শেলী? ১৯৪৫ সালে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পরিচয় হয় দুজনের। ‘শেলী সকলের মনোযোগ আকর্ষণ করেছিলেন দুটি কারণে : এক. তার এই ডাক নাম, দুই. তার লিকলিকে শরীরের ঊর্ধ্বগামিতা।’ অত্যন্ত গোছালো স্বভাবের শেলীর সঙ্গে বিপরীত স্বভাবের জিল্লুর রহমান সিদ্দিকীর বন্ধুত্ব হতে সময় লাগেনি। একসঙ্গে ১৯৪৬-এর ভয়াবহ দাঙ্গাও প্রত্যক্ষ করেছেন তাঁরা। দেশভাগের পর গ্রাজুয়েশনের কারণে দুজন ছিটকে পড়লেন দুদিকে। ইতিহাসে গ্রাজুয়েশনের পর শেলী ঢাকা চলে আসেন এবং পুনরায় দুই বন্ধু একত্র হন। তারপর জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান একজন উজ্জ্বল আলোকিত মানুষ। জাতির কাছে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু মানুষ হিসেবে বন্ধু হিসেবে তিনি সকলের কাছে শেলীই থেকে গেছেন। পাঠকও জিল্লুর রহমান সিদ্দিকীর মতো নির্দ্বিধায় প্রত্যাশা করেন যে, তত্ত্বাবধায়ক সরকারে তাঁর দিনগুলো গ্রন্থাকারে লিপিবদ্ধ করে অনেক অজানা কাহিনী জানার সুযোগ তিনি করে দেবেন।
১৯৫৫ সালে বীরভূমের মায়া ত্যাগ করে শুধু ছবি আঁকা ও আর্ট স্কুলে শিক্ষকতা করার তাগিদে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে এসেছিলেন মোহাম্মদ কিবরিয়া। মৃদুভাষী, সাধারণ সাজ-পোশাক, ধীরগতিসম্পন্ন এই মানুষটির স্মৃতিচারণ করেছেন কাইয়ুম চৌধুরী ‘বিমূর্ত বিরাজ করে মূর্তের মধ্যে’ শীর্ষক রচনায়। চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার স্মৃতি আওড়াতে গিয়ে তা শুধু জীবনগাথায় সীমাবদ্ধ থাকেনি, বিশ্লেষিত হয়েছে জীবনের বিভিন্ন পর্যায়ে সংঘটিত তাঁর শৈল্পিক পরিবর্তন, প্যাটার্ন, মোটিফ ও আঁকার স্টাইলে।
মোহাম্মদ কিবরিয়ার সঙ্গে শিল্পী কাইয়ুম চৌধুরীর পরিচয় পঞ্চাশের দশকে। তখন তিনি থাকতেন আজিমপুর কলোনির একটি ফ্ল্যাটে চার-পাঁচজনের সঙ্গে। পরিচয়ের প্রথম পর্যায় থেকেই মোহাম্মদ কিবরিয়ার অঙ্কনরীতি ও বিষয় মুগ্ধ করেছে কাইয়ুম চৌধুরীকে। তাঁর আঁকা সেই সময়ের ছবিগুলোর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে জীবনানন্দ দাশের কবিতার পঙ্ক্তির সঙ্গে তুলনা করেন কাইয়ুম চৌধুরী। মোহাম্মদ কিবরিয়ার শিল্পীমানস ঋদ্ধ হয়েছিল কলকাতা আর্ট কলেজের শিক্ষক রমেন চক্রবর্তী, বসন্তবাবু, ঋষেণবাবু, মুকুল দে, জয়নুল আবেদিন প্রমুখের শিক্ষা ও আন্তরিক সহযোগিতায়। তারপর উচ্চশিক্ষার্থে জাপান গমন তাঁর অঙ্কন-পদ্ধতিতে নতুন মাত্রা যোগ করে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ তাঁর মানসপটে যে প্রচণ্ড ছাপ ফেলেছিল, পরবর্তী সময়ে তা তাঁর ক্যানভাসে আরেক দফা পরিবর্তন সাধিত করে। সবই যেন মুক্তিযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞকেই প্রতীকায়িত করে।
মোহম্মদ কিবরিয়ার মতে সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা শিল্পীকে প্রভাবিত করবেই, তবে তার প্রয়োগ শিল্পীর ব্যক্তিস্বাতন্ত্র্যের উপর নির্ভরশীল। বইপড়া ও সংগ্রহ করা দুটিই মোহাম্মদ কিবরিয়ার নেশা। সিনেমা দেখতেও ভীষণ ভালোবাসতেন। ষাটের দশকে যাঁরা গুলিস্তান-নাজে হলিউডের চমৎকার সব ছবি দেখতেন, তাঁদের মধ্যে মোহাম্মদ কিবরিয়া ও কাইয়ুম চৌধুরী ছিলেন অন্যতম। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছেন দুজনই। এই দীর্ঘ কালপরিক্রমায় উভয়ের সম্পর্কের আন্তরিকতায় যে ছেদ পড়েনি, কাইয়ুম চৌধুরীর লেখাটি সেই স্বাক্ষরই বহন করে।
আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আপা লাইব্রেরি থেকে একটি বই নিয়ে পড়তে দিয়েছিলেন। বইটি হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার। এর আগে পর্যন্ত হুমায়ূন আহমেদের বই পড়ার অনুমতি আমার ছিল না। কিন্তু এই বইটি পড়ার পর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর লেখা বই যেখানে পেয়েছি গোগ্রাসে গিলেছি। পড়তে পড়তে মনে হতো, মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলো কীভাবে এত সহজ ভাষায় প্রকাশ করা সম্ভব! এত হৃদয়গ্রাহী যাঁর লেখা, সেই মানুষটি না জানি কেমন! ‘আমাদের হুমায়ূন আহমেদ’ শীর্ষক স্মৃতিকথায় ইমদাদুল হক মিলনের দৃষ্টিতে নতুন করে চিনে নিলাম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে। তাঁর লেখা আমার ছেলেবেলা বইটির একটি জায়গায় পড়েছিলাম, তিনি জীবনে কখনো শিক্ষক হতে চাননি। কিন্তু সময়ের প্রয়োজনে বেছে নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, সঙ্গে লেখালেখি। তারপর একদিন দুম্ করে শিক্ষকতা ছেড়ে একনিষ্ঠভাবে লেখালেখিতে মনোনিবেশ করলেন। পাশাপাশি নির্মাণ করলেন নাটক, চলচ্চিত্র Ñ পেলেন জাতীয় পুরস্কার। অসম্ভব জনপ্রিয় এই মানুষটির জন্য বইমেলায় ভিড় করে হাজার হাজার ভক্ত। আমাদের সৌভাগ্য যে, আমরা হুমায়ূন আহমেদকে আমাদের মাঝে পেয়েছি; আর কৃতীদের মুখে সংকলিত ইমদাদুল হক মিলনের লেখাটি পড়ে মনে হয়েছে, ভাগ্যিস তিনিও একজন সুলেখক; নাহলে এত সহজ ও সাধারণ ভাষায় একজন অসাধারণ মানুষের কথা বলতে পারতেন না।
আত্মস্মৃতি বিভাগে স্থান পেয়েছে সফিউদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী এবং ফেরদৌসী মজুমদারের স্মৃতিচারণ।
আমাদের শিল্পজগতের অবিসংবাদিত কৃতী পুরুষ সফিউদ্দিন আহমদ। নয় বছর বয়সে বাবাকে হারানোর পর থেকে শুরু হয় তাঁর জীবন সংগ্রাম। ১৯৩৬ সালে ১৮ বছর বয়সে পরিবারের আর্থিক সচ্ছলতার কথা ভেবে ভর্তি হতে চেয়েছিলেন কলকাতা আর্ট স্কুলের আর্কিটেকচার ডিপার্টমেন্টে। কিন্তু ভাগ্য এখানে বিরূপ। স্কুল-কর্তৃপক্ষ তাঁকে ফাইন আর্ট বিভাগে একবছর পড়ে তারপর আর্কিটেকচার বিভাগে যাওয়ার জন্য সুপারিশ করলেন। আত্মীয়স্বজনেরা যখন চারুকলায় পড়ার বিষয়টি জানতে পারলেন তখন সহযোগিতার বদলে সমালোচনামুখর হয়ে উঠলেন। এরপর শত প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে তাঁকে। ১৯৪২ সালে যখন তিনি ‘টিচারশিপ কোর্সে’ ঢুকলেন তখন সারা বাংলায় চলছে দুর্ভিক্ষ। ভাবতে অবাক লাগে সেই সময় তিন পয়সা দিয়ে ট্রামে ওঠার বা সারাদিনে চার পয়সার রুটি কিনে খাবার সামর্থ্য তাঁর ছিল না। ১৯৪৫ সালে পেলেন একাডেমীর প্রেসিডেন্ট স্বর্ণপদকটি। তারপর শুরু হলো জীবনের নতুন অধ্যায়। তিনি স্বপ্ন দেখেন একটি ব্যক্তিগত স্টুডিওর, যেখানে তিনি সারাদিন ছবি আঁকবেন, সেখানে আমন্ত্রিত তাঁর বন্ধুজনেরা।
‘কখনো অস্থির কখনো শান্ত’ শীর্ষক রচনায় সিরাজুল ইসলাম চৌধুরী আত্মসমালোচনায় হয়ে উঠেছেন মুখর। জীবনের স্থির ও অস্থিরতার দ্বান্দ্বিক সহাবস্থান তাঁকে যেমন ঠেলে নিয়ে গেছে আমলাতান্ত্রিক ক্ষমতা বা কর্তৃত্বের দিকে তেমনি করেছে পাঠাভ্যাসের মাধ্যমে আত্মকেন্দ্রিক। প্রকৃত অর্থে আধুনিক মানুষ বলেই এই আত্মসমালোচনা ও জীবনাভিজ্ঞতা তাঁর প্রতি সাধারণের শ্রদ্ধাকে আরো বাড়িয়ে দিয়েছে।
দর্শকনন্দিত নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার, নাটকে যাঁর অবদান নিয়ে আবদুল্লাহ আল মামুন নির্মাণ করেছেন জীবন ও অভিনয় নামক তথ্যচিত্র। নিঃসন্দেহে একজন শিল্পীর জন্য এটি এক পরম পাওয়া, কিন্তু ফেরদৌসী মজুমদারের ঝুলিতে রয়েছে আরো মূল্যবান এক বস্তু Ñ দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। ‘আমার কোনো অতৃপ্তি নেই’ শীর্ষক রচনায় অকপটে তিনি বলে গেছেন তাঁর অভিনয়-জীবনের শুরু থেকে পারিবারিক প্রতিবন্ধকতা ও তা অতিক্রমের ইতিহাস। জীবনের প্রতিটি পর্যায়কে উপভোগ করেছেন তিনি; আর আনন্দ ও তৃপ্তি গোপন করার কোনো ইচ্ছাও তাঁর নেই। নির্দ্বিধায় তাই বলতে পারেন, ‘অভিনয়, সাফল্য, সম্মান, দর্শকের ভালোবাসায় আমি পূর্ণ’।
মূল্যায়ন বিভাগে স্থান পেয়েছে সাতটি গদ্য। বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের কবিতা, এর আঙ্গিক ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন খান সারওয়ার মুরশিদ ‘অপরাজিত শুভবাদের কবি’ শীর্ষক রচনায়। সরদার ফজলুল করিমের জীবনদর্শন ও সংগ্রাম সম্পর্কে আলোকপাত করেছেন মফিদুল হক ‘রাষ্ট্রের বিরুদ্ধে একা’ প্রবন্ধে। ‘চেনা মুখ, চেনা মানুষ তবুও চেনাতে হয়’- গদ্যে নারী-সংগঠক, অধ্যাপক ও গবেষক নাজমা চৌধুরীর কর্মজীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মালেকা বেগম। সন্জীদা খাতুন ‘বাঙালির জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব’। ‘সন্জীদা আপার সংগ্রাম ও সাধন’ Ñ শিরোনামের গদ্যে আবুল মোমেন তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। ‘উজান : হাসান আজিজুল হকের বাড়ি’ গদ্যে শাহাদুজ্জামানের লেখায় ধরা পড়েছে হাসান আজিজুল হকের ব্যক্তি ও সৃষ্টিশীল উভয় সত্তা। আবদুল্লাহ্ আবু সায়ীদকে চেনেন না এমন মানুষ নগরে কম আছে। বহু প্রতিভার অধিকারী এই স্বপ্নদ্রষ্টার জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করেছেন আনিসুল হক ‘ভালোবাসার সাম্পানের অক্লান্ত কাণ্ডারী’ শীর্ষক রচনায়। বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এমন একজন নির্লোভ, নির্মোহ মানুষ যিনি কেবল দেশের টানে কেমব্রিজের মতো লোভনীয় স্থান ছেড়ে এসেছেন। গণিতবিজ্ঞানী হিসেবে যাঁর অবদান বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান। ‘মহাবিশ্বের অন্তিম পরিণতি এবং জামাল নজরুল ইসলাম’ গদ্যে তীব্র আলী আলোচনা করেছেন তাঁর জীবন ও কর্ম নিয়ে। সামান্য কিছু বানানবিভ্রাটের প্রসঙ্গ বাদ দিলে চমৎকার প্রচ্ছদ ও ছাপা বইটিকে আকর্ষণীয় করে তুলেছে। তবে প্রতিটি লেখায় সংযোজিত ছবির সঙ্গে জন্মতারিখ ও সালের উল্লেখ করলে বইটি আরো তথ্যসমৃদ্ধ হতে পারত। বিষয় ও বিভাগ-অনুযায়ী লেখাগুলোকে বিন্যস্ত করা যেত। এই ছোটখাট সমালোচনা নিন্দুকের মতো ছিদ্রান্বেষণের জন্য নয়। তবে এটুকু বলতে পারি, কৃতীদের মুখ গ্রন্থে এত বিখ্যাত সব মানুষের অজানা কথা সংকলিত হয়েছে যে, প্রিয় পাঠক, পড়ে দেখুন, আপনাকেও অতীত হাতছানি দিয়ে ডাকতে পারে।

Leave a Reply
You must be logged in to post a comment.