অরিয়েন্টালিজম
এডওয়ার্ড ডব্লিউ সাঈদ
ভাষান্তর : ফয়েজ আলম
র্যামন পাবলিশার্স,
ঢাকা, ২০০৫
৩০০ টাকা
সমকালীন বিশ্বে এডওয়ার্ড ডব্লিউ সাঈদই (১৯৩৫-২০০৩) সবচেয়ে বেশি তোলপাড় করা নাম। অত্যন্ত শক্ত শিরদাঁড়ার অধিকারী এ বুদ্ধিজীবী ব্যক্তিত্বের অব্যর্থ সাম্রাজ্যবাদবিরোধী লেখনীর নিচে তাঁর সাহিত্য-সমালোচক, সংগীতজ্ঞ পরিচয় ঢাকা পড়ে গেছে। সবকটি অভিধায় তিনি উজ্জ্বল। প্রাচ্যের ওপর পশ্চিমের মানসিক (সাংস্কৃতিক) ও ভৌগোলিক (রাজনৈতিক) আগ্রাসনের স্বরূপ-উন্মোচক গবেষণাকর্ম অরিয়েন্টালিজম ১৯৭৮ সালে গ্রন্থাকারে বেরোনোর পর দ্রুত তাঁর চিন্তাপ্রবাহ নাড়া দেয় নানা দেশে, বিশেষত প্রাক্তন উপনিবেশিত দেশগুলোয়। এ বইয়ে সাঈদের উপস্থাপিত যুক্তি, তত্ত্ব ও বক্তব্যের প্রভাবে দেশে দেশে নানা বুদ্ধিজীবীগোষ্ঠী গড়ে ওঠে। ইউরোপের প্রতিষ্ঠিত-প্রচলিত ‘পাশ্চাত্য-প্রাচ্য’-তত্ত্ব তাসের ঘরের মতো একঘায়ে মুখথুবড়ে পড়ে প্রাগ্রসর পাঠকমনে। এ হলো বিশ্বব্যাপী বুদ্ধিবৃত্তিক পালাবদলের নতুন বাঁক। এখানেই সার্থক সাঈদ। অরিয়েন্টালিজম ছাড়াও তাঁর প্রকাশিত বেশকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কাভারিং ইসলাম (১৯৮১), দ্য ওয়ার্ল্ড দ্য ট্যাক্সট অ্যান্ড দ্য ক্রিটিক (১৯৭৯), দ্য কোশ্চেন অব প্যালেস্টাইন (১৯৮০), কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম (১৯৯৩), রিপ্রেজেন্টেশন অব দ্য ইন্টেলেকচুয়্যাল (১৯৯৪) বিশ শতকের মাস্টার পিসের মর্যাদা পেয়েছে। কিন্তু অরিয়েন্টালিজম প্রকাশের পর যে বিপুল আলোড়ন তিনি পঁচিশ বছর আগে সূচিত করেছিলেন, তা এখনো প্রবহমান। তাই তাঁর নামের সঙ্গে প্রথমেই উচ্চারিত হয় অরিয়েন্টালিজম-প্রসঙ্গ।
অসামান্য এ গ্রন্থটির বাংলা ভাষান্তর করেছেন ফয়েজ আলম। ১৯৭৮ সালে বইটি প্রকাশিত হবার পর এর অনুবাদ হয়েছে দু-ডজনের বেশি ভাষায় এবং প্রতিটি ভাষান্তরই সংশ্লিষ্ট দেশে বিপুল আলোড়ন তুলেছে। এত বছরকালেও গুরুত্বপূর্ণ গ্রন্থের বাংলা অনুবাদ কেন হয়নি – সে-প্রশ্নের দিকে যাচ্ছি না, এটি আমাদের জাতীয় প্রবণতার ফল, আমাদের নড়তে-চড়তে একটু বেশি সময়ই লাগে। তবে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই বইটির প্রথম অনুবাদ বেরুল, এও কম কথা নয়। ভারতীয় কোনো ভাষায় এর অনুবাদ এখনো হয়নি। সাঈদের বক্তব্য থেকে জানা যায়, পাকিস্তানে এর অংশবিশেষ অনূদিত হয়েছে, সম্পূর্ণ বইটি নয়।
অরিয়েন্টালিজম সাঈদের তো বটেই, গোটা বিশ শতকের গুরুত্বপূর্ণ একটি কাজ। এ গ্রন্থে সাঈদ সাম্রাজ্যবাদের উৎসমূলে সক্রিয় সাংস্কৃতিক আগ্রাসনের স্বরূপ-উন্মোচন করেছেন। মধ্যপ্রাচ্যের মুসলিম-অধ্যুষিত দেশগুলোয় পশ্চিমের সাম্রাজ্যবাদী শক্তিগুলো কী উপায়ে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করে, কোন সাংস্কৃতিক প্রবণতা থেকে তাদের সাম্রাজ্যবাদী মনোভাব জন্ম নেয়, তার পূর্বাপর বিশ্লেষণ এ গ্রন্থটি। সাঈদ দেখান, পশ্চিমের সাম্রাজ্যবাদী আগ্রাসনের মূলে সক্রিয় ছিল এবং এখনো আছে সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের বোধ। সেই সাংস্কৃতিক মনোভাব ব্যাখ্যার জন্য সাঈদ ব্যবহার করেন ‘অরিয়েন্টালিজম’ বা ‘প্রাচ্যতত্ত্ব’ পরিভাষাটি। অনেকে বলেন ‘প্রাচ্যবাদ’ – সে-প্রসঙ্গে পরে আসছি। সাঈদ পশ্চিমের প্রচুর গ্রন্থরাজি ঘেঁটে দৃষ্টান্ত ধরে ধরে দেখান যে, আমরা প্রাচ্য বলতে এখন যা বুঝি তা আসলে পশ্চিমের জ্ঞানজগতের কৃত্রিম নির্মাণ। প্রাচীন ও মধ্যযুগে পশ্চিমের চোখে প্রাচ্য ছিল এক দূরবর্তী অঞ্চল, তাই অজানা ও অচেনা। সেই অজানা অঞ্চলকে জানার চেষ্টায় প্রাচ্য হয়ে ওঠে পশ্চিমের কাছে ‘অন্য’ (ড়ঃযবৎ) – পশ্চিমের প্রতিপক্ষ। স্বাভাবিকভাবেই পশ্চিম (অর্থাৎ নিজে) হয় ভালো, প্রাচ্য (অন্য বা ড়ঃযবৎ) হয় মন্দ। পশ্চিমের ধারণার মধ্যে সূচিত এই অন্য ও মন্দ-প্রাচ্যকে জানার চেষ্টা অব্যাহত থাকে। হাজারো বছরকাল ধরে পশ্চিমের শাসকবর্গ, সেনাবাহিনী, অধ্যাপক, পণ্ডিত, পর্যটক, কবি, ঔপন্যাসিকেরা প্রাচ্যকে ‘অন্য’ ও ‘মন্দ’ মনে করেই তাদের প্রাচ্যবিষয়ক লেখালেখিতে হাত পাকিয়েছেন। ফলে তাদের ভুল ধারণাগুলো আরোপিত হয় প্রাচ্যের ওপর। যেমন, প্রাচ্যের শাসকরা একনায়কতান্ত্রিক, প্রাচ্যের মেয়েরা কামুক, প্রাচ্যের পরিবেশ বিপদসঙ্কুল ও রোগ-শোকময়। এভাবে পশ্চিমের জ্ঞানজগতে যে ‘প্রাচ্য’ জন্ম নেয় তা আসল প্রাচ্য নয়, খণ্ডিত স্বার্থান্ধ পশ্চিমের জ্ঞান ও অভিজ্ঞতাজাত মনোজাগতিক-প্রাচ্য। সে-প্রাচ্য যেহেতু নিকৃষ্ট ও অসভ্য, তাই তা দখল করে উপনিবেশ-প্রতিষ্ঠায় উৎসাহী হয় পশ্চিম। উপনিবেশিত প্রাচ্যে এসে পশ্চিমের মানুষরা কিন্তু
বাস্তবতার নিরিখে তাদের ধারণা সংশোধন করে নেয়নি। বরং আরোপিত মিথ্যাকে জোরদার ও পুনরুৎপাদিত করতে থাকে। তাই পশ্চিমের জ্ঞান আর প্রকৃত প্রাচ্যের বাস্তব ব্যবধান আর কমেনি, দিনে দিনে আরো বেড়েছে। পশ্চিমের এই মনোভাব ও তৎপরতার সমন্বিত রূপই হলো প্রাচ্যতত্ত্ব। ‘প্রাচ্যকে হেয়করণ, দমন ও শাসন করার সাংস্কৃতিক তৎপরতা ও মনোভাবই হলো প্রাচ্যতত্ত্ব। পশ্চিমা জ্ঞানজগতে প্রাচ্যতত্ত্বের পরিশোধিত বক্তব্য হলো : (পৃথিবীতে) … পশ্চিমের মানুষ আছে, আর আছে প্রাচ্যবাসী। প্রথমোক্ত আধিপত্য করবে। সেই আধিপত্যের শিকার হতে হবে, অবশ্যই দ্বিতীয়োক্তদেরকে; যা সচরাচর বোঝায় তারা তাদের ভূমি দখল করে নিতে দেবে, তারা তাদের রক্ত ও সম্পদ তুলে দেবে কোনো-না-কোনো পশ্চিমা শক্তির হাতে’ (অনুবাদের ভূমিকা, পৃ ১১)। প্রাচ্যতত্ত্বের ধারণা হলো প্রাচ্যনিকৃষ্ট, অযোগ্য, তাই নিজের শাসনে পরিচালিত হতে সে অক্ষম। এ বক্তব্য অত্যন্ত তীব্রভাবে এসেছে ক্রোমার, কার্জন, বেলফোর প্রমুখ প্রাচ্যতাত্ত্বিক প্রশাসকদের লেখায়। যেহেতু প্রাচ্য অযোগ্য ও অসভ্য, তাই প্রাচ্যজনকে কথা বলতে দেয়া যায় না। কারণ পশ্চিম তাকে যতটা চেনে, সে নিজেও নিজেকে তেমন ভালো করে চেনে না। সুতরাং প্রাচ্যের প্রতিনিধি হয়ে কথা বলে পশ্চিম। প্রাচ্য হয় নির্বাক, নিষ্ক্রিয় উপনিবেশ। প্রাচ্যতত্ত্বের সূচনা প্রাচীনকালে সেই এস্কিলাসের সময়কাল থেকে। আর তার সক্রিয় যাত্রা শুরু হয়
আঠারো শতকের শেষ থেকে, মিশরে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অভিযানের সময়কাল থেকে। এখনো তা সক্রিয় আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে; অবশ্য ভিন্নরূপে
নয়াসাম্রাজ্যবাদের মধ্য দিয়ে। যেমন, সমসাময়িক ইরাকে, বসনিয়ায়, আফগানিস্তানে।
দুই
অরিয়েন্টালিজমে সাঈদের বিশ্লেষণ-পদ্ধতিও অসাধারণ। প্রাচ্যতত্ত্বের সূচনা, উত্থান ও চূড়ান্ত বিকাশ চিহ্নিত করার জন্য তিনি পশ্চিমের সাহিত্য, ভ্রমণকাহিনী, ভাষাবিজ্ঞান ও ইতিহাস-বিষয়ক প্রামাণ্য গ্রন্থরাজিকে গবেষণাক্ষেত্র হিসেবে বেছে নেন। সেই বিপুলসংখ্যক গ্রন্থের সমুদ্র থেকে প্রাচ্যতত্ত্বের বিকাশ চিহ্নিত করার জন্য তিনি ব্যক্তিক ও সামগ্রিকের মাঝামাঝি একটি বিশ্লেষণ-পদ্ধতি গ্রহণ করেছেন। কোনো একটি বিশেষ প্রাচ্যতাত্ত্বিক-প্রবণতা নির্দেশ করার জন্য তিনি এ সম্পর্কিত গ্রন্থরাজি থেকে কিছুসংখ্যক গ্রন্থ বেছে নিয়ে সেগুলোর মূল অভিমুখ বিশ্লেষণ করেন। অতঃপর সেই বিশ্লেষণকে স্থাপন করেন সামগ্রিক পটভূমিকায়। এভাবেই তিনি ব্যক্তিক ও সর্বজনীন দৃষ্টিকোণের সংযোগ ঘটান। নিজেই তিনি উল্লেখ করেছেন যে, যদি প্রাচ্যতত্ত্বের বিভিন্ন প্রবণতার প্রমাণস্বরূপ একটি বা দুটি গ্রন্থের আলোচনা করা হতো, তাহলে অভিযোগ উঠত বিশ্লেষণটি সংকীর্ণ বলে। আবার সামগ্রিক আলোচনায় অগ্রসর হলে অভিযোগ উঠত সাধারণীকরণের। এজন্যই তিনি একেক ধরনের গ্রন্থগুচ্ছের সাধারণ কিছু প্রবণতার উল্লেখ করে সেগুলোর আলোকে প্রধান প্রধান গ্রন্থগুলোর বিশ্লেষণ উপস্থিত করেন। ফলে তার সিদ্ধান্তের ভিত্তিমূল এতটাই পোক্ত যে, প্রাচ্যতত্ত্বের বিশাল বুদ্ধিজীবী-সমাজের প্রবল আক্রমণ সত্ত্বেও অরিয়েন্টালিজমের গুরুত্ব এত বছরেও ম্লান হয়নি।
অরিয়েন্টালিজম গ্রন্থটি একটি বিশ্লেষণাত্মক ভূমিকা, তিনটি মূল অধ্যায় ও একটি সংযোজনী দ্বারা বিভক্ত। প্রথম অধ্যায় ‘প্রাচ্যতত্ত্বের সীমানা’ মোট চারটি উপ-অধ্যায়ে বিন্যস্ত। ‘প্রাচ্যকে জানা’, ‘কাল্পনিক ভূগোল ও তার প্রতিনিধিত্ব’, ‘প্রকল্প এবং সংকট’ – এ চারটি উপ-অধ্যায়ে মূলত সাঈদ দেখিয়েছেন, দূর ও অজানা প্রাচ্যকে পশ্চিম কীভাবে ‘জানা’ ও ‘নিকৃষ্ট’ প্রাচ্য হিসেবে জ্ঞানজগতে ঠাঁই দিয়েছে। ‘প্রাচ্যকে জানা’ শিরোনামযুক্ত আলোচনায় সাঈদ দেখান, প্রাচ্যকে জানার মধ্যেই গোলযোগ রয়েছে। তাছাড়া আঠারো-উনিশ শতকে প্রাচ্যকে জানার জন্য পশ্চিমের আগ্রহ নিছক জ্ঞানতৃষ্ণাজনিত ছিল না, তার সঙ্গে যুক্ত ছিল প্রাচ্যকে হেয় করা ও পদানত করার গোপন ইচ্ছে। অর্থাৎ প্রাচ্যকে জানার আসল উদ্দেশ্য ছিল কর্তৃত্ব খাটানোর উসিলা তৈরি করা। এ প্রসঙ্গে তিনি তৎকালীন মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রশাসক বেলফোর, ক্রোমার প্রমুখের বক্তব্য উদ্ধৃত করেন। যেমন, মিশরে ব্রিটিশ উপনিবেশের যৌক্তিকতা ব্যাখ্যা করার সময় বেলফোর ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘অভিজ্ঞতা দেখায় সমগ্র ইতিহাসে ওরা যে-ধরনের শাসনব্যবস্থায় ছিল, তারচেয়ে বর্তমান সরকারব্যবস্থা (অর্থাৎ ব্রিটিশ শাসন) অনেক ভালো। তা শুধু ওদের জন্যই মঙ্গলজনক নয়, গোটা সভ্য পশ্চিমের জন্যেও শুভ’ (পৃ ৬৬)। এখানে বেলফোর কথা বলেন উপনিবেশিত মিশরের পক্ষে। কোনো মিশরীয় কিন্তু তার নিজের পক্ষে কথা বলার সুযোগ পান না। মিশরীয়দের জিজ্ঞেস করা হয় না যে, স্বায়ত্তশাসন ভালো নাকি ব্রিটিশ উপনিবেশ। এটিই প্রাচ্যতত্ত্বের অন্যতম প্রয়োগিক উদাহরণ। একই পক্ষপাতদুষ্টতা লক্ষ করা যায় অন্যান্য প্রাচ্যতাত্ত্বিকের লেখাতেও। প্রসঙ্গক্রমে আরেক ব্রিটিশ প্রশাসক লর্ড ক্রোমারকে উদ্ধৃত করা যায়। তিনি লিখেছেন, ‘প্রকৃতিগত কারণেই যে-কোনো সত্যকে মেনে নেয়ার পূর্বে তিনি (অর্থাৎ ব্রিটিশ) প্রমাণ চান, তার প্রশিক্ষিত বুদ্ধি কাজ করে একটি যান্ত্রিক প্রক্রিয়ার মতো। অন্যদিকে, তার চিত্রবৎ রাস্তার মতোই প্রাচ্যজনের মনে সুষম গঠন-সৌষ্ঠবের অভাব। তার যৌক্তিক বিশ্লেষণ হলো তার অতীব নোংরা বর্ণনা’ (পৃ ৭৩)। এরকম আরো উদাহরণ উল্লেখ করে সাঈদ দেখিয়েছেন, পশ্চিমের জ্ঞানতৃষ্ণা একদিকে ছিল পাশ্চাত্য-প্রাচ্যের শ্রেষ্ঠত্ব-নিকৃষ্টতার ধারণায় কলুষিত, অন্যদিকে সাম্রাজ্যবাদী আকাক্সক্ষায় বিকৃত।
‘কাল্পনিক ভূগোল ও তার প্রতিনিধিত্ব’ অংশে সাঈদ প্রথম যুগের পশ্চিমা পণ্ডিতদের লেখায় প্রাচ্যতাত্ত্বিক প্রবণতা শনাক্ত করেন। এজন্য তিনি হানা দেন এস্কিলাসের দি পার্সিয়ান নাট্যকর্ম পর্যন্ত। ‘প্রকল্প’ অংশে দেখান কীভাবে এই শ্রেষ্ঠত্ব-নিকৃষ্টতার মনোভাব থেকে উপনিবেশ-প্রতিষ্ঠার বাসনা মাথাচাড়া দিয়ে ওঠে।
দ্বিতীয় অধ্যায়ে ‘প্রাচ্যতাত্ত্বিক কাঠামো ও পুনর্গঠিত কাঠামো’তে তুলে ধরা হয়েছে সক্রিয় প্রাচ্যতত্ত্বের মূল প্রক্রিয়াটির পরিচয়। ওখানে আর্নেস্ত রেনান, সিলভেস্ত্রা ডি সেসি, ফ্লবেয়ার, লেইন, বার্টন, গ্যাটে প্রমুখের রচনায় অভিব্যক্ত প্রাচ্যতত্ত্বের আলোচনা করেন। সর্বশেষ অধ্যায় ‘বর্তমান প্রাচ্যতত্ত্বে’ আলোচিত হয় প্রাচ্যতত্ত্বের চরম বিকাশের পর্বটি। ম্যাসিগনন ও গিবের মতো আধুনিক পণ্ডিতেরা এ পর্বে চরম তুলোধুনো খেয়েছেন। দীর্ঘ এই বংশপরম্পরায় দেখা যায়, প্রাচ্যতত্ত্ব সেই প্রথম যুগে সূচিত হয়ে ক্রমশ স্ফীত ও জোরদার হয়েছে। ক্রমে এ মনোভাব দখল করে নিয়েছে পশ্চিমের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, প্রচার মাধ্যমসহ প্রায় সমগ্র পরিসর।
১৯৯৫ সালে গ্রন্থটির নতুন সংস্করণে সাঈদ একটি তথ্যবহুল সংযোজনী যোগ করেন। ১৯৭৮ সালে বইটি প্রকাশিত হওয়ার পর পশ্চিমের বুদ্ধিজীবী সমাজে বিপুল সাড়া জাগায় এবং প্রথম ধাক্কাতেই সাঈদ বেপরোয়া আক্রমণের শিকার হন। সংযোজনীটি মূলত সেইসব আক্রমণের জবাব এবং বইটির প্রভাবে সূচিত বিভিন্ন ইতিবাচক আন্দোলনের পরিচায়ক।
চার শতাধিক পৃষ্ঠার গ্রন্থটির মর্মার্থ বোঝার জন্য শুরুতে একটি বিশ্লেষণাত্মক ভূমিকা দিয়েছেন সাঈদ। ভূমিকায় তিনি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন প্রাচ্যতত্ত্ব কী, কী তার কাজ ও কাজের প্রক্রিয়া এবং কেন এ বিষয়টি আমাদের জন্য এত জরুরি। অনেকে বলে থাকেন, অরিয়েন্টালিজম গ্রন্থের ভূমিকাটিই যথেষ্ট। এ কথাতেও অতিরঞ্জন আছে। আমরা বলব, গ্রন্থটি ভালোভাবে হৃদয়ঙ্গম করার পক্ষে এ অংশটি অবশ্যপাঠ্য। বিশেষ করে ইংরেজিভাষা বলয়ের বাইরে প্রাক্তন উপনিবেশিত ভাষাভাষীর জন্য।
অনুবাদ সম্পর্কেও কিছু বলা দরকার। বইটি অনুবাদ করেছেন ফয়েজ আলম। প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি (২০০৪) নামে তাঁর একটি গবেষণাগ্রন্থ এবং কাব্যগ্রন্থ ব্যক্তির মৃত্যু ও খাপ খাওয়া মানুষ (১৯৯১) পড়েছি। মৌলিক সাহিত্যের বিবৃত তথ্যাদির সাহায্যে বাঙালির সংস্কৃতির মূলরূপ পুনর্গঠনের প্রয়াস তার প্রথমোক্ত গ্রন্থটি। সেটি নিঃসন্দেহে আমাদের সাংস্কৃতিক অধ্যয়নে গুরুত্বপূর্ণ কাজ, তবে অরিয়েন্টালিজম অনুবাদ করে তিনি এরচেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন। অরিয়েন্টালিজম এমন এক গ্রন্থ, যা প্রভাবিত করেছে নানা দেশের বুদ্ধিবৃত্তিক চিন্তাধারাকে। বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসনকে চিহ্নিত করার পদ্ধতি-সংবলিত এ গ্রন্থ প্রাক্তন-উপনিবেশিত দেশের চিন্তাবিদদের জন্য জরুরি খোরাক। এজন্যও এটি বহুভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে। জরুরি এ বইটি আমাদের ভাষায় এতদিন অনূদিত হয়নি। ফয়েজ আলম বয়সে তরুণ হয়েও সে-দায়িত্ব পালনে কৃতার্থ করেছেন আমাদের সারস্বত সমাজকে। অরিয়েন্টালিজম তার চিন্তাধারা ও বিশ্লেষণ-পদ্ধতির কারণেই জটিল। এর অন্তর্গত বহু পরিভাষা ও ধারণা আমাদের জন্য নতুন। তাই এ গ্রন্থের ভাষান্তর করা নিঃসন্দেহে দুরূহ কাজ। ফয়েজ আলম সে-কাজটি করেছেন প্রশংসনীয় মুনশিয়ানায়। সাঈদকে সামগ্রিকভাবে জানার জন্য একটি তথ্যবহুল ও বিশ্লেষণাত্মক ভূমিকাও সংযোজন করেছেন। অনুবাদের ভাষা সহজ, অথচ গতিশীল। সাঈদের তীক্ষè বাচনভঙ্গির আস্বাদ অনুবাদেও অক্ষুণ্ন থেকেছে। অনেক নতুন পরিভাষা সংযোজনও ফয়েজ আলমের কৃতিত্ব। ভাবানুবাদে মূল রচনা নতুনরূপে আবির্ভূত হয়, আর আক্ষরিক অনুবাদে তা হয়ে ওঠে নিরস কাগুজে। এ দুইয়ের ভারসাম্য ক্ষুণ্ন হয়নি কোথাও।
সবশেষে পরিভাষা ও বানান নিয়ে দুয়েক কথা না বললেই নয়। আমাদের দেশে ঙৎরবহঃধষরংস-কে বাংলায় লেখা হয় ওরিয়েন্টালিজম। আমার সীমিত ইংরেজিজ্ঞান থেকে মনে করি, এর উচ্চারণ হবে অরিয়েন্টালিজম, ফয়েজ আলম অরিয়েন্টালিজমই লিখেছেন। প্রবীণ পণ্ডিত সিরাজুল ইসলাম চৌধুরীও অরিয়েন্টালিজম লিখেন।
এডওয়ার্ড সাঈদ সম্পর্কিত অধিকাংশ লেখায় অরিয়েন্টালিজমের বাংলা করা হয়েছে ‘প্রাচ্যবাদ’, ফয়েজ আলম লিখেছেন ‘প্রাচ্যতত্ত্ব’। ফয়েজ আলম তার ‘প্রাচ্যতত্ত্বে’র পক্ষে বিস্তৃত যুক্তি দিয়েছেন অনুবাদের ভূমিকায়। ‘রংস’-এর অর্থে ‘বাদ’ শব্দাংশটি আমাদের দেশে এমনভাবে চলে এসেছে যে, রাজনৈতিক পরিভাষায় ‘মতবাদে’র মতো মনে হয়। বিভ্রান্তিটা এখানেই। ‘অরিয়েন্টালিজমে’র সামগ্রিক সাংগঠনিক ভিত্তি নেই। দ্বিতীয়ত, সাঈদ বলেছেন, ‘অরিয়েন্টালিজম’ হলো একটি ‘ডিসকোর্স’ বা ‘জ্ঞানভাষ্য’ (সিরাজুল ইসলাম চৌধুরীর পরিভাষা)। ডিসকোর্স বা জ্ঞানভাষ্য কোনো ‘বাদ’ হতে পারে না। যেমন : মার্কসবাদ। মার্কসবাদকে ঘিরে গড়ে উঠেছে মার্কসবাদী ডিসকোর্স, অর্থাৎ মার্কসবাদ আছে, আছে মার্কসবাদী ডিসকোর্সও। কিন্তু অরিয়েন্টালিজম মূলতই ডিসকোর্স। এর বাংলা পরিভাষা ‘প্রাচ্যবাদ’ হলে বিভ্রান্তি আমাদের সংক্রমিত করে। সেক্ষেত্রে এর বাংলা পরিভাষা হওয়া উচিত প্রাচ্যতত্ত্ব-ই। সাঈদ স্বীকার করেন, প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বের প্রভাবাধীন অনেক পণ্ডিত ছিলেন, যারা ঐকান্তিক আগ্রহ থেকেই প্রাচ্য সম্পর্কে জানার চেষ্টা করেছেন। কিন্তু যেহেতু তাদের ঘিরে ছিল প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানভাষ্য, তাই তারা মুক্তচিন্তা করতে পারেননি। কিন্তু এরাও প্রাচ্যতাত্ত্বিক। এইসব পণ্ডিতকে কি আমরা ‘প্রাচ্যবাদী’ বলব? তাতে কি এমন মনে হয় না যে, তিনি সংগঠিতভাবে প্রাচ্যবাদ অঙ্গীকার করেছেন? আসলে তা করেননি। প্রকৃতপক্ষে, অরিয়েন্টালিজমের বাংলা অনুবাদ ‘প্রাচ্যতত্ত্ব’ তুলনামূলকভাবে সঠিক। পাশ্চাত্যের জ্ঞানভাণ্ডারের বিভিন্ন ‘রংস’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘অরিয়েন্টারিজম’কে ‘প্রাচ্যবাদ’ বলার মধ্যেও একরকম ঔপনিবেশিক জ্ঞানতাত্ত্বিক সীমাবদ্ধতার
প্রকাশ ঘটে।
অরিয়েন্টালিজম বিভিন্ন দেশে নতুন নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের জন্ম দিয়েছে। নিজেদের ঐতিহ্য ও মূলধারা চিনে নেয়ার অনুপ্রেরণা দিয়েছে। আমাদের দেশে পশ্চিমা জ্ঞান ও সংস্কৃতি এখনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, প্রভাবক। এ পরিস্থিতিতে এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম আমাদের আত্মহারা ভাবনাবিশ্বকে ঔপনিবেশিক প্রভাববলয় থেকে মুক্ত করার সৎসাহস জোগাবে নিশ্চয়।

Leave a Reply
You must be logged in to post a comment.