বাংলা একাডেমী ১৯৮৪-র একুশে একটা নতুন স্লোগান দিয়েছিল : ‘একুশ আমাদের পরিচয়।’ স্লোগানটি জনপ্রিয় হয়েছে। ‘একুশে আমাদের পরিচয়’ – কথাটার মানে কী? কথাটা ব্যঞ্জনাধর্মী, তাৎপর্যময়, বহুমাত্রিক। ইতিহাসের অনেক গলিখুঁজি এবং বাঁকঘুরে বেরিয়ে আসা একটা সুদৃঢ় উচ্চারণ। আমাদের জাতিগত স্বভাব, কাজ করার ধরন, চিন্তাভাবনার মানবিক ও অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য, জীবন-যাপনের পদ্ধতি – যা কিছু আমাদের নিজস্ব, তার সৌন্দর্যটুকু বজায় রাখা এবং তাকে আরো সুন্দর ও নতুন করে গড়ে তোলার প্রয়াসই একুশে; এবং এতেই আমাদের পরিচয়। এই পরিচয়টা এখনো একটা ফুটন্ত গোলাপের মতো বিকশিত হয়ে উঠতে পারেনি। কিন্তু পারবে, একদিন পারবেই। এই প্রত্যাশা জাগিয়ে রাখা এবং তাকে নিরন্তর উসকে দেওয়ার নামই একুশে।
অতএব অনাগত সেই সুন্দর দিনের আকাক্সক্ষার মতো একুশের কাছে আমাদের প্রত্যাশা অনেক।
আমরা যে জাতি হিসেবে বাঙালি, একুশেই আমাদের তা জোর দিয়ে বলবার শক্তি দিয়েছে। একুশে আরো শিখিয়েছে, ‘সকল ভাষারই সমান মর্যাদা’। কোনো ভাষা যত ছোটই হোক তাকে খাটো করে দেখা অন্যায়। তাই আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেসব অবিকশিত জাতি আছে – যাদেরকে অনেকে, ‘বাংলাদেশের উপজাতি’ বলে – তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও স্বকীয় জীবনধারার বিকাশ হোক; এটা আমরা চাই। কারণ এটা একুশের শিক্ষা।
আজ একুশের শিক্ষার কথা না, একুশের ইতিহাসের কিছু কথাই নানা জায়গা থেকে চয়ন করে এনেছি।
একুশে বিশাল, মহান এবং নিশ্চিতভাবেই ‘অমর’। আসলে আমাদের প্রাণভোমরাই একুশে। একুশে বলে :জাতি হিসেবে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি, তবে বাংলাদেশে আরো অনেকগুলো অবিকশিত জাতি আছে Ñ যারা সমান সুযোগ-সুবিধা পেলে তাদের ভাষা, সংস্কৃতি ও সৌন্দর্য সৃষ্টি নিয়ে বাংলাদেশের বৃহৎ সংস্কৃতিতে আরো নতুন সম্পদ যোগ করবে; যেমন করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দাগেস্তান, কিরগিজিয়া বা অন্য কটি অঞ্চলের মানুষ। তাদের কোনো বর্ণমালাই ছিল না Ñ এখন তাদের শুধু বর্ণমালা নয়; এক চমৎকার সাহিত্য ও সংস্কৃতির অধিকারী তারা। রুশ বিপ্লব এটা সম্ভব করেছিল। ফলে দাগেস্তান থেকে আবির্ভূত হয়েছেন রসুল হামজাতোফের মতো মহান সাহিত্যিক, আর কিরগিজিয়ার চারণ-কবিদের মুখে মুখে বেঁচে থাকা হাজার বছরের পুরনো মহাকাব্য মানাস। ফিনল্যান্ডেও এমনটিই ঘটেছে। শূন্য থেকে এখন তারা কালেভালা মহাকাব্যের গর্বিত উত্তরাধিকারী।
আফ্রিকার দেশ তানজানিয়ায়ও বিদেশী ভাষাই ছিল প্রধান। এখন সেখানকার কবি-সাহিত্যিকরা চর্চা করছেন মাতৃভাষা সোহেলীর। স্বাধীনতা ও জনগণের চেষ্টায় সোহেলীর মতো ভাষাও এখন কত উন্নত হয়ে উঠেছে। সেদেশের সাবেক রাষ্ট্রপতি ঐতিহ্যপ্রেমিক চিন্তাবিদ জুলিয়াস নায়ারেরে স্বয়ং মাতৃভাষা সোহেলীতে শেক্সপিয়রের বিপুল রচনার অনুবাদ করেছেন।
বিদেশের উদাহরণ থাক। দেশের কথাই বলি। বাংলা একাডেমীতেই আশির দশকে একবার অনুষ্ঠান করে গেছেন ময়মনসিংহের গারোরা। সে-অনুষ্ঠান দেখে মনে হয়েছে ‘উপজাতি’ বলে তাদের উপেক্ষা করা অন্যায়। তাদের অনুষ্ঠানে ছিল উন্নত কল্পনাশক্তি, রুচি ও অপরূপ সৌন্দর্য। এমনকী একুশের ওপর লেখা আবদুল গাফ্ফার চৌধুরীর অমর গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ তারা গারো এবং বাংলা ভাষায় পরিবেশন করে। সে উপস্থাপনা, বলতে দ্বিধা নেই Ñ আমরা যেভাবে একুশের গান গাই, কোনো কোনো দিক থেকে ছিল তার চেয়ে তাৎপর্যময়, ব্যঞ্জনাধর্মী। ঠিক এমনি কথা বলা যায় চাকমা, মারমা, সাঁওতাল বা অন্য অবিকশিত জাতি সম্পর্কেও। সিলেটের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ মাধবপুরে দেখেছিলাম মণিপুরিদের সারারাতব্যাপী রাসলীলা আর দিল্লির হিমাচল প্রদেশ ভবনে দেখেছি মণিপুরি নৃত্য। আহা! কী সুন্দর, কী নয়ন-ভোলানো রূপ তার। রবীন্দ্রনাথ সিলেটে এসে আবিষ্কার করেন পূর্বভারতের এই অপরূপ সাংস্কৃতিক সম্পদ।
একুশের ইতিহাসের কথা বলতে চেয়েছি। তার মধ্যে কি অন্য কথা বলছি? না, তা বলছি না। বলছি ইতিহাসের ধারার কথা? ইতিহাসের পটভূমির কথা। একুশে তো সাধারণ ঘটনা নয়, তাই একে বুঝতে গেলে ইতিহাসের উজ্জ্বল পৃষ্ঠাগুলো একটু নাড়াচাড়া করে নেওয়া ভালো। দেশ-বিদেশের যেসব সাংস্কৃতিক উপাদানের কথা বললাম তা তো একুশেরই বহুমাত্রিক রূপ।
ইতিহাস ও নৃতত্ত্ব শেখায়, দেহের গঠনে, চুলের বৈশিষ্ট্যে, মাথার খুলির ধরনে, রক্তের ধারায়, আমরা বাঙালি এবং বাঙালিই; সেই সঙ্গে এটাও সত্য যে আমরা, ‘মানুষ’, আমরা দেশপ্রেমিক এবং বিশ্বনাগরিক। নিজ-সংস্কৃতি আমাদের প্রিয়, কিন্তু পৃথিবীর সংস্কৃতির যা-কিছু সুন্দর তাও আমাদের বুকের ভেতর রাখার মতো ধন। এই দুইকে মিলিয়ে বিজ্ঞানের কষ্টিপাথরে যা টেকার তার সবটাই আমার আপন, সবটাই আমার নিজস্ব। সেই জন্যেই তো কবি বলেন : ‘সারা জাহাঁ হামারা’ Ñ অর্থাৎ ‘সারা পৃথিবীটাই আমার’। সেখানে যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সংস্কৃতির মধ্যে বিভেদ সৃষ্টি করেন, সাম্প্রদায়িকতা আনে তারা ভালো মানুষ নয়, একুশে তাদের ঘৃণা করে। তারা একুশেকে দেখে ‘জানি দুশমন’ হিসেবে। তারাই ভাস্কর্যের মতো এক মহৎ শিল্পসৃষ্টিকে ভাঙবার ইতরতা দেখায়, যেমনটি করেছে বামিয়ানে তালেবানরা। এরা জানে না যে, প্রায় গোটা আরব বিশ্বেই ভাস্কর্যচর্চা কী প্রবল; কত সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপিত রয়েছে নানা আরব দেশের শহরে শহরে।
এইসব কথা বিশদে বলে একুশের মহিমা চিহ্নিত করা যায়। কিন্তু কলেবর স্ফীতির ভয়ে তা অন্য সময়ের জন্য তোলা থাক। এখন বলি, একুশের কটি প্রধান ঘটনার ইতিহাস। বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে-ঐতিহাসিক ছাত্রসভা হয়, তাতে সভাপতি ছিলেন গাজীউল হক। এখন তিনি একজন বিখ্যাত আইনজীবী, লেখক ও সংস্কৃতিসেবী। সেই সভায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ ছাত্রদের চাপেই এটা করা হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা কর্ম-পরিষদের আহ্বায়ক আবদুল মতিন প্ল্যান দেন একসঙ্গে মিছিল না করে দশজন করে ছোট ছোট দল এগিয়ে যাবে ১৪৪ ধারা ভাঙার জন্যে। তাই করা হলো। দশজন করে একেকটি দলের নাম লিখেছিলেন মরহুম মোহাম্মদ সুলতান। প্রথম দলটি হাবীবুর রহমান শেলী, না মেডিকেল ছাত্র আজমল হোসেনের নামে, প্রথম রাস্তায় নামে সে-বিষয়ে সংশয় আছে। ১৪৪ ধারা ভাঙার জন্যে প্রথম দলটি গলা ফাটিয়ে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে গেল। পরপর দশজনের আরো কয়েকটি দল তৈরি হলো। পঞ্চম দলে থাকলেন মেয়েরা। সুফিয়া ইব্রাহিমের নেতৃত্বে (বর্তমানে জাতীয় অধ্যাপক) এই দলে ছিলেন শাফিয়া খাতুন, রওশন আরা বাচ্চু প্রমুখ। মুহাম্মদ হাবিবুর রহমান তাঁর স্মৃতিকথায় লিখেছেন : ‘বেলা তখন সোয়া একটা। উত্তেজনায় সারা গা থেকে তখন আগুনের তাপ বের হচ্ছে।’…
কিছুক্ষণ পরে পুলিশ এঁদের গ্রেফতার করে তেজগাঁও থানার হাজতে রাখে। ভাষা-আন্দোলনের অগ্রণী ছাত্রনেতা মুহাম্মদ হাবিবুর রহমান পরে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং ১৯৯৬-এর জাতীয় সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। তিনি যশস্বী লেখকও। তাঁর যথা-শব্দ, মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ, কোরানসূত্র ইত্যাদি খুব বিখ্যাত বই।
একুশে ফেব্রুয়ারি ঠিক কখন কীভাবে গুলি করা হয় তার নিখুঁত বিবরণ পাওয়া যায় না। তবে মরহুম হাসান হাফিজুর রহমান তাঁর স্মৃতিকথায় লিখেছেন : ‘কলেজের (মেডিকেল কলেজ) গেটে আমি দেড়টার দিকে পৌঁছে দেখি ছেলেরা ঢিল ছুঁড়ছে এবং আমার যতদূর মনে হয়, সেখানে পৌঁছানোর মিনিট পনের পরেই গুলিটা হয়।’
কেউ কেউ বেশ জোর দিয়ে বলেন, গুলি হয়েছে আরো পরে, আড়াইটা থেকে তিনটার মধ্যে। প্রথম শহীদ হন জগন্নাথ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র রফিকউদ্দিন আহমেদ। খোঁজখবর নিয়ে শেষ দুটি তথ্যকেই আমার নির্ভরযোগ্য মনে হয়েছে। তবে আহমদ রফিকসহ অন্যরা মনে করে প্রথম শহীদ আবুল বরকত।
২১ ও ২২ তারিখে আর যাঁরা শহীদ হন তাঁরা হলেন সালাম, বরকত, শফিউর রহমান ও কিশোর অহিউল্লাহ।
হাসান হাফিজুর রহমান ভাষা-আন্দোলনের একজন নেতৃস্থানীয় কর্মীই শুধু ছিলেন না; তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্বও পালন করে গেছেন। বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে ছাত্রদের ওপর গুলি হওয়ার তিন-চার ঘণ্টার মধ্যে একুশের প্রথম লিফলেট লেখা ও তা ছেপে আনার দায়িত্বও তিনিই পালন করেন। এ সম্পর্কে তিনি লিখছেন : ‘আমি, আমীর আলী, আর-একজন আমার সঙ্গে ছিল Ñ আমরা তিনজন মধুর ক্যান্টিনে ফিরে আসি এবং জেলখানার উলটোদিকে ক্যাপিটাল প্রেসে চলে যাই। সেখানে বসে একটা লিফলেট লিখি। এ সময় আমি স্বেচ্ছায় লিফলেট লেখার কথা চিন্তা করে প্রেসে যাই। সেখানে ঘণ্টা তিনেকের মধ্যে প্রুফ দেখে লিফলেটটি ছাপিয়ে আনি। প্রেসটি সেদিন আমাদের সর্বাত্মক সহায়তা করেছিল।
চারটা সাড়ে চারটার দিকে আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। লিফলেট প্রায় দুতিন হাজার ছিল। চকবাজার, নাজিরা বাজার ও বিভিন্ন দিকে লিফলেটগুলো ছড়িয়ে দেয়া হয়।’
রফিকুল ইসলামও লিফলেট লেখার সময় হাসান হাফিজুর রহমানের সঙ্গে ছিলেন বলে এক সাক্ষাৎকারে বলেন। হাসান হাফিজুর রহমান-কথিত ‘আর-একজন’ সম্ভবত তিনিই অর্থাৎ ড. রফিকুল ইসলাম।
একুশের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারীও সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। ১৯৫৩ খ্রিষ্টাব্দে পুঁথিপত্র প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিককর্মী মরহুম মোহাম্মদ সুলতান। সংকলনটি পরে সরকার বাজেয়াপ্ত করে। প্রখ্যাত কবি, লেখক, সংগঠক ও কর্মী-পুরুষ হাসান হাফিজুর রহমান অন্তত তিনটা কাজের জন্য বাঙালি জাতির মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রথম কাজ, অবশ্যই তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ; দ্বিতীয় কাজ একুশের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারী সম্পাদনা এবং সবশেষের বড় কাজ তাঁর মৃত্যুর পূর্বে (১৯৮২-৮৩) সম্পন্ন আমাদের মুক্তিযুদ্ধের যাবতীয় দলিলের সংগ্রহ, সংকলন, সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা।
একুশের প্রথম কবিতা রচিত হয় চট্টগ্রামে। কবি মাহবুব উল আলম চৌধুরী। তখন তিনি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সংস্কৃতি ও রাজনৈতিক কর্মী; সীমান্ত নামের বিখ্যাত পত্রিকার সম্পাদক এবং চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। ঢাকায় ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের সংবাদ চট্টগ্রামে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যে কবি রচনা করেন তাঁর বিখ্যাত কবিতা, ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’। ২২ ফেব্রুয়ারি সতেরো পৃষ্ঠার একটি পুস্তিকায় কবিতাটি ছাপা হয়। পুস্তিকার দাম রাখা হয় চার আনা। ২২ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানের জনসভায় কবিতাটি পাঠ করে শোনান তখনকার প্রগতিশীল রাজনৈতিক কর্মী চৌধুরী হারুনুর রশীদ। কবি মাহবুব উল আলম চৌধুরী তখন জলবসন্ত ও জ্বরে আক্রান্ত। কবিতাটি অন্দরকিল্লার কোহিনুর ইলেকট্রিক প্রেসে যখন ছাপা হচ্ছিল তখন পুলিশ ওই ছাপাখানায় হামলা চালায়। কিন্তু প্রেসের কর্মীরা সতর্কতার সঙ্গে কবিতার পাণ্ডুলিপি, সাজানো ম্যাটার ও মুদ্রিত কপি গোপন করে ফেলতে সক্ষম হন। পুলিশ চলে যাওয়ার পর নতুন করে ছাপার কাজ শুরু হয়। প্রকাশিত হবার পরপরই একুশের প্রথম সাহিত্য ফসল মুসলিম লীগ সরকার বাজেয়াপ্ত করে।
বাংলাদেশের যে-কোনো শিশু-কিশোরও এখন জানে যে, আবদুল গাফ্ফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ই অমর একুশের গান। তবে এটি কিন্তু একুশের প্রথম গান নয়। একুশের প্রথম গান লেখেন এবং প্রথমবারের মতো গান, গাজীউল হক ১৯৫৩-র একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে (তখন সেখানেই জনসভা হতো) আয়োজিত জনসভায়। এ সম্পর্কে গাজীউল হক তাঁর স্মৃতিচারণে বলেছেন : ‘সভায় জনাব শেখ মুজিবুর রহমানের অনুরোধে ভাষা-আন্দোলনের ওপর লেখা আমার গানটি আমাকে গেয়ে শোনাতে হয়। এখানে বলা প্রয়োজন, ১৯৫৩-৫৫ সালে যে-গানটি গেয়ে প্রভাতফেরি করা হতো সে-গানটি লিখেছিলাম আমি। গানটির প্রথম লাইন ছিলো, ‘ভুলবো না, ভুলবো না, একুশে ফেব্রুয়ারি, ভুলবো না’। সময়ের প্রয়োজনে এ-গানটি লিখেছিলাম। গানের সুরটিও তেমন ভালো ছিল না। অন্য একটি গানের সুরের অনুকরণে সুর দেওয়া হয়েছিল। শব্দচয়নও ছিল দুর্বল। এসব কথা স্বীকার করতে আমার লজ্জা পাবার কিছু নেই। পরবর্তীকালে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত এবং আলতাফ মাহমুদ সুরারোপিত গানটি এদেশের মানুষ গ্রহণ করে এবং আজ পর্যন্ত সে-গানটিই প্রভাতফেরিতে গাওয়া হয়ে থাকে। গানটির আবেদন সর্বজনীন আর তাই তা আজ এদেশের মানুষের হৃদয়মন্দিরে স্থায়ী আসন করে নিয়েছে।
‘ভুলবো না, ভুলবো না’ গানটির সুর দেওয়া হয়েছিল : হিন্দি গান ‘দূর হাটো, দূর হাটো ঐ দুনিয়াওয়ালা, হিন্দুস্থান হামারা হায়’-এর অনুকরণে।
আমাদের হৃদয়মন্দিরে স্থান করে নেওয়া গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’রও একটি ইতিহাস আছে। এটি কবিতা হিসেবে ঢাকা কলেজ থেকে প্রকাশিত প্যামফ্লেট জাতীয় একটি সংকলনে প্রথম ছাপা হয়। এখন যেমন গানটিকে সুরের প্রয়োজনে সাধুভাষায় রূপান্তরিত করা হয়েছে, প্রথম ছাপার সময় তেমনটি ছিল না। ছাপা হয়েছিল চলতি ভাষায়। এ গানটির প্রথম গায়ক ও সুরকার বিশিষ্ট শিল্পী আবদুল লতিফ। তিনি তাঁর স্মৃতিচারণে বলছেন : ‘১৯৫৩ সালের মার্চ কি এপ্রিল। পুরনো রেলস্টেশনের কাছে ছিল তখন ঢাকা কলেজ। সেই কলেজের ছাত্ররা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। ওদের পক্ষ থেকে অনুষ্ঠানে গান গাওয়ার জন্যে আমন্ত্রণ নিলে এলেন (ড.) রফিকুল ইসলাম। তখন তিনি কলেজের ছাত্র। তিনি প্যাম্পলেটে ছাপানো একটা গান দিয়ে বললেন যে, আমাকে এই গানটিই অনুষ্ঠানে গাইতে হবে। তখনো জানতাম না গানের রচয়িতা কে? পরে জানলাম আবদুল গাফ্ফার চৌধুরী। যাই হোক, গানটি আদ্যোপান্ত পড়লাম। বেশ বড় আকারের একটি কবিতার মতো। গানের প্রথম যে ছ লাইন সাধারণত গাওয়া হয়, তাতে বেদনাবিধুর বক্তব্য থাকলেও পরের অংশের এক-একটা কথা যেন আগুনের ফুলকি। খুব স্বাচ্ছন্দ্যে গানের সুর করলাম এবং ব্রিটানিয়া সিনেমা (পরবর্তীকালের গুলিস্তান হলের কাছে) হলে প্রথম গাইলাম। শ্রোতারা গান শুনে উত্তেজিত হলো। লক্ষ করলাম সবার মধ্যে সংগ্রামের দৃঢ় চেতনা। সবার উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে সেদিন ঘরে ফিরলাম ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরই আমার কমলাপুরের বাসায় পুলিশ এলো।… বলে গেল, ভবিষ্যতে এ গানটি যেন আর কোথাও না গাই।’ ড. রফিকুল ইসলাম কিছুদিন আগে আমাকে বলেন, ‘লতিফ ভাইয়ের উপরের তথ্যে কিছু কিছু ভুল আছে’। তিনি বলেন : গাফ্ফার চৌধুরী ১৯৫৩-র শহীদ দিবসের আগে ধূপখোলা ময়দানে এক সভায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ কবিতাটি পাঠ করেন। শুনে আমার মনে হয় এটিই হতে পারে একুশের গান। সৈয়দ আহমেদ হোসেন (বাংলাদেশ জাতিসংঘ সমিতির সাবেক সম্পাদক) এটি আমাকে এনে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ঢাকা কলেজের ’৫৩-র একুশের অনুষ্ঠানে গাওয়ার জন্যে আমি ও আতিকুল ইসলাম গানটি লতিফ ভাইকে দেই। তিনি সুর করেন এবং আতিক, মমিনুন্নেছা প্রমুখকে শিখিয়ে দেন। এরা ওই অনুষ্ঠানে লতিফ ভাইয়ের নেতৃত্বে গানটি গায়। যতদূর জানা যায়, ১৯৫৬-১৯৫৭ সালের দিকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিতে নতুন করে সুর দেন মহান শহীদ মুক্তিযোদ্ধা শিল্পী আলতাফ মাহমুদ। সেই সুরে গাওয়া গানটি এখন অমর হয়েছে।’
কবর নাটকটি এখন শিক্ষিত বাঙালির ঘরে ঘরে পরিচিত। এটিই ভাষা-আন্দোলনের প্রথম নাটক। নাটকটি লিখেছেন আমাদের দেশের সেরা অধ্যাপক, বুদ্ধিজীবী ও সাহিত্যিক Ñ নাট্যকার মুনীর চৌধুরী। মুক্তিযুদ্ধের শেষলগ্নে আমাদের স্বাধীনতা যখন দোরগোড়ায় এসে গেছে সেই সময় ১৯৭১-এর ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদররা তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এই মহান শহীদের লাশটিও খুঁজে পাওয়া যায়নি।
ভাষা-আন্দোলনে জড়িত থাকার জন্যে মুনীর চৌধুরী, অজিত গুহ, ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, আবুল হাশিম প্রমুখ সাহিত্যিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে গ্রেফতার করা হয়। সে-সময়ে জেলে ছিলেন সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্ত, নলিনী দাস, অজয় রায় প্রমুখ। রণেশ দাশগুপ্ত তাঁর জেলের ঘর থেকে অন্য সেলে আটক মুনীর চৌধুরীকে ভাষা-আন্দোলনের ওপর একটি নাটক লিখে দেওয়ার অনুরোধ করে চিরকুট পাঠান। মুনীর চৌধুরীকে জানানো হয়, জেলের রাজবন্দিরাই শহীদ দিবস পালন-উপলক্ষে নাটকটি অভিনয় করবে। তাঁকে আরো বলা হয়, নাটকটি এমনভাবে লিখতে হবে যাতে খুব সহজে তা জেলের কামরাতেই অভিনয় করা যায়। জেলে মঞ্চসজ্জা ও আলোর ব্যবস্থা করা যাবে না। সেদিকে লক্ষ রেখেই নাটকটি লিখতে হবে। মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি লেখেন এবং ওই বছরের ২১ ফেব্রুয়ারি তারিখ রাত দশটার পর জেলকক্ষসমূহের বাতি নিভিয়ে দেবার পর নাটকটি অভিনীত হয়।
হারিকেনের আলো-আঁধারি পরিবেশে প্রথমবারের মতো অভিনীত হয় ভাষা-আন্দোলনের অমর নাটক কবর। এতে অংশ নেন জেলবন্দি নলিনী দাস, অজয় রায় প্রমুখ।
ভাষা-আন্দোলনের ওপর লেখা প্রথম উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন। পঞ্চাশের দশকে এটি পত্রিকায় ছাপা হয়েছিল, উপন্যাসটি বই আকারে বের হয় ১৯৬৯-এ। উনসত্তরের গণঅভ্যুত্থানের ওই বছরই জহির রায়হান নির্মাণ করেন তাঁর বিখ্যাত সিনেমা জীবন থেকে নেয়া। আরেক ফাল্গুন আর জীবন থেকে নেয়া জহির রায়হানের এই দুই শিল্পকর্ম মিলে যেন ভোরের সূর্যের মতো স্বাধীন বাংলাদেশের উঠে আসার উঁকিঝুঁকি।
বাংলা একাডেমী জহির রায়হানের আরেক ফাল্গুনসহ একুশের ওপরে লেখা আরো দুটো উপন্যাস, শওকত ওসমানের : আর্তনাদ এবং সেলিনা হোসেনের : নিরন্তর ঘণ্টাধ্বনি নিয়ে একত্রে প্রকাশ করেছে একুশের প্রথম উপন্যাস সংকলন একুশের উপন্যাস।
শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্যেই শহীদ মিনার নির্মাণের কথা চিন্তা করা হয়। প্রথমে একটা আকস্মিক চিন্তা থেকেই শহীদ মিনার তৈরির পরিকল্পনা করা হয়। এর পরিকল্পনা কারও একার নয়, অনেকের। শহীদ মিনারের একটা নকশাও তড়িঘড়ি করে তৈরি করা হয়। নকশা করেন মেডিকেল কলেজের তখনকার ছাত্র সাঈদ হায়দার (পরে ডাক্তার সাঈদ হায়দার) ও বদরুল আলম। ২২ ফেব্রুয়ারি রাত থেকেই শহীদ মিনার কেমন হবে, কীভাবে নির্মাণ করা হবে Ñ এসব কথা ভাবা হতে থাকে। বাহান্নর ২৩ ফেব্রুয়ারি বিকেল থেকে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। কারফিউর মধ্যে মেডিকেল কলেজের লাগোয়া বর্তমান শহীদ মিনারের কাছেই নির্মাণ করা হয় ভাষা-শহীদদের উদ্দেশে প্রথম স্মৃতির মিনার। ছাত্ররাই ইট এনে বালির সঙ্গে সিমেন্ট মিশিয়ে দুজন ওস্তাগারের সাহায্যে রাতারাতি তৈরি করেন একুশের প্রথম শহীদ মিনার। ছাত্রদের সঙ্গে সবচেয়ে বেশি সহায়তা করে মেডিকেল কলেজের পিয়ন ও বয়-বেয়ারারা। শফিউর রহমানের বাবা ২৪ ফেব্রুয়ারি মিনারটি উদ্বোধন করেন। পরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজাদ-সম্পাদক ও প্রাদেশিক পরিষদ সদস্য আবুল কালাম শামসুদ্দীন, যিনি ছাত্র-হত্যার প্রতিবাদে পরিষদ সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন।
প্রথম শহীদ মিনার নির্মিত হবার পর তা দড়ি দিয়ে ঘিরে রাখা হয় এবং তাতে মিনারের নকশাটা টাঙিয়ে দেওয়া হয়। ডা. সাঈদ হায়দার তাঁর স্মৃতিচারণে বলেছেন, শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। অনেকেই শহীদ মিনারে টাকা-পয়সা রেখে গিয়েছিলেন। অনেক কুলবধূ তাঁদের গয়নাগাটিও মিনারে ফেলে দিয়ে গিয়েছিলেন। আমি দেখেছি, ফজলুল হক সাহেব শহীদ মিনারের কাছে ১০নং ব্যারাকের খুঁটিতে হেলান দিয়ে অঝোরে কাঁদছেন। তিনি সেদিন একশ টাকার একটা নোট মিনারে রেখে গিয়েছিলেন। এ এক অভাবনীয় দৃশ্য। ২৬ ফেব্রুয়ারি পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলে।
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগ বাংলার মাটি থেকে নির্মূল হয়ে যায়। ক্ষমতায় আসে যুক্তফ্রন্ট। জনগণের এই বিপুল বিজয়কে সামনে রেখেই অনুষ্ঠিত হয় একটি স্মরণীয় সাহিত্য-সম্মেলন। এই সম্মেলনের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন’। কার্জন হলে এই সাহিত্য-সম্মেলন হয়। দেশের সেরা সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আগমনে গোটা ঢাকা শহর তখন প্রাণচঞ্চল। এই মহৎ অনুষ্ঠানের সময়েই ছাত্ররা বর্ধমান হাউজ দখল করে নেয় এবং যুক্তফ্রন্টের ওয়াদা-অনুযায়ী বর্ধমান ভবনকে বাংলা ভাষা গবেষণাগার হিসেবে ঘোষণার দাবি জানায়। রাষ্ট্রভাষা-আন্দোলনের ওপর প্রথম আলোকচিত্র ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয় বর্ধমান হাউজে (আগে এটি ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন), যা বর্তমানে বাংলা একাডেমীর মূল ভবন। এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী জয়নুল আবেদিন। তাঁর পাশে ছিলেন অধ্যাপক মুহম্মদ আবদুল হাই (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যক্ষ মরহুম আবদুল হাই)।
যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর শিল্পী হামিদুর রহমান বর্তমান শহীদ মিনারের নকশা করেন আর এতে শিল্পী নভেরা আহমদের ভাস্কর্যও যুক্ত হয়। নানা সময়ে নানা পরিবর্তনে হামিদুর রহমানের মূল নকশা এখনো বাস্তবায়িত হয়নি। একাত্তরের পঁচিশে মার্চের রাতেই গুঁড়িয়ে দেওয়া হয় মিনারটি। স্বাধীনতার পর নতুন করে এটি নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। কিন্তু হামিদুর রহমানের বিখ্যাত মুর্যালচিত্র ও অন্যান্য পরিকল্পনা বর্তমান মিনারে নেই।
বর্তমান মিনারে আছে মাঝখানে মাথা নোয়ানো একটি বড় স্তম্ভ, আর দুপাশে দুটি করে চারটি ছোট স্তম্ভ। হামিদুর রহমান এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘মা অর্থাৎ বড় স্তম্ভটি তার মাথা একটু বাঁকা করে তার চারজন ছেলেকে (যাঁরা শহীদ হয়েছে) আঁচলের আড়াল করে দাঁড়িয়ে আছেন। মা বাংলাদেশের আর ছেলেরা বাংলাদেশের তখনকার চার কোটি মানুষের প্রতীক।’
হামিদুর রহমান এক সাক্ষাৎকারে আমাকে বলেন : ‘হাসান হাফিজুর রহমানের কবিতা উৎকীর্ণ করে শহীদ মিনারের রেলিং হওয়ার কথা ছিল। তা হয়নি।’ তিনি বলেন, ‘শহীদ মিনারের মূল মডেল, নভেরা আহমদের ভাস্কর্য এবং কিছু খসড়া ১৯৫৮-র সাময়িক অভ্যুত্থানের পর নষ্ট করা হয়। আমিও দেশ ছাড়ি। ১৯৬৮-তে ফিরে পূর্তবিভাগের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা আরবিতে তোগড়া করতে বলেন। চারদিকে ৭ ফিট দেয়াল দিতে বলেন। উদ্দেশ্য পরিষ্কার। শহীদ মিনারে আমি বিমূর্তরীতির মুর্যাল করি Ñ যাতে পাকিস্তানিরা এর মেসেজ বুঝতে না পারে। তবে বিমূর্ত হলেও তা পূর্ব-বাংলার মানুষের সঙ্গে ভালোই পড়সসঁহরপধঃব করেছিল।’ তিনি বলেন : ১৯৭২-এর ২১ ফেব্রুয়ারির মুর্যালে চুনকাম করে মুছে দেওয়া হয়। তবে এর কোনো আঙ্গিকই আমার মন থেকে মুছে যাবে না। এর রং, এর সৌন্দর্য আমার মনে জ্বলজ্বল করছে। পাবলিক লাইব্রেরিতে মুর্যালের মোটিফগুলো নষ্ট হচ্ছে। আমি একটি দেয়াল চাই Ñ আমি মুর্যাল আঁকবো। শহীদ মিনারের মুর্যাল হতো এশিয়ার বড় মুর্যাল। আমি একে গোয়ের্নিকার সঙ্গে তুলনা করতেও দ্বিধা করি না। প্রত্যেক দশ বছরে শহীদ মিনারে পরিবর্তন হয়েছে Ñ তাতে পড়সঢ়ৎড়সরংব আছে। আমি মুর্যাল করতে পারিনি Ñ ভবিষ্যতের কোনো শিল্পী এ-কাজ করবেন।’
১৯৮৩-তে সংস্কার করা শহীদ মিনার সম্পর্কে তাঁর মত জানতে চাইলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমার শহীদ মিনার থেকে ইটের পাঁজা সরাও।’

Leave a Reply
You must be logged in to post a comment.