এপার ওপার

কেমন আছিস শবনম তুই কেমন আছিস একা

শেষ চিঠিতে লিখেছিলিস

বিয়েটা তোর পাকা।

সেই থেকে যে কতো চিঠি লিখেছি রোজ তোকে

মন-বাকসোয় ফেলেছি সব

লিখেছি এক ঝোঁকে।

থাক্ সে কথা – এখন বল্ কেমন আছিস একা

স্থাপত্যপাট ছেড়ে এসে

লাগছে কি খুব ফাঁকা?

আসলে দ্যাখ জীবনটাই তো কাঁটায় কাঁটায় ঘেরা

তোকে কি আর আগলে রাখে

কাঁটাতারের বেড়া?

ভয় করে রে, ভয় করে খুব – ধোঁয়া অসন্তোষ –

চারপাশের এই ধোঁয়াশার

সামিল যেন না হোস।

আদ্যপান্ত ভাঙচুরেও নতুন কি আর পাবি –

কায়ায় মায়ায় বাঁধা শেকল

কেটে কোথায় যাবি?

এ-সবকিছুই ভালোবাসা থেকে – পারিস তো চিঠি দিস

এখন জানিস, তোকেই শুধু -তোকেই করি মিস।

Published :


Comments

Leave a Reply