কত দূর দিয়ে তুমি চলে যাও

ছুঁতে পারি না

মুখচোখ বুঝতে পারি না

অধরা তুমি

দূরান্তে পাখির ডানার মতো

আবছা মিলিয়ে যাও

তুমি আছ, না নেই

এ বিভ্রম ঘোচে না

ধান রুইতে যত্ন করতে বর্ষ যায়

সমস্ত ধানের ক্ষেত

পোকামাকড় ও পাখির হাত থেকে

বুক দিয়ে আগলাই আমি

মায়া পেতে রাখি মাঠ-ভর

বাতাস ঢুকতে পায়

সূর্যালোক ঢুকতে পায়

ধানগাছের চারা সবুজ হয়ে বাড়ে

আর তুমি আমাকে

আবছায়া হয়ে দেখা দাও সূর্যাস্তের গায়ে

প্রতিদিন

রাশিচক্রের যাবতীয় অবস্থান মেনে

আমি একবার ছায়ার সঙ্গে

যুদ্ধে নেমেছিলাম

বিদ্যুতের খুঁটি লম্বা ছায়া ফেলেছিল

আমার ক্ষেতে

বহু দোয়েলকে সে হত্যা করেছে

আমার শস্য খেয়ে ওরা ক্ষতি করে ঠিকই

কিন্তু প্রলম্বিত ওইসব ছায়াকে

গুরুদক্ষিণা দেবার ইচ্ছে হয় না আমার

যদিও আমার ইচ্ছের গুরুত্ব কে দেয়

সমস্ত শস্য যতদিন ভূমি আঁকড়ে থাকে

ততদিনই আমার

হত্যা সম্পর্কে আমার যাবতীয় আপত্তি

বীজ ফেটে তুলোর মতো

হাওয়ায় হারিয়ে যায়

শেষ পর্যন্ত

সকলের ক্ষেত্রে যা ঘটে

আমার বিষয়েও ঘটেছিল তাই

আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম

পরাজিতও

সামান্য চাষি আমি

ধান রুয়ে খুঁটে খুঁটে দিন চালাই

তোমার পরাক্রমের ওপর

আমি একান্ত নির্ভর

মেঘ জলভারানত হতে পারল কিনা

ভূমি উর্বরা হলো কিনা…

ছায়ার সঙ্গে যুদ্ধ করা

সাজে না আমার

তবু ছায়াকে পরাস্ত করে আমি

আবছায়ার নিকটবর্তী হতে চেয়েছিলাম

হলো না

এভাবেই কাটে আমার দিন

ধান রুয়ে

ক্ষেত আগলে

ধানের ওপর আমি মায়া বিছিয়ে দিই

মায়ার ওপর পাখিরা এসে বসে

কীট-পতঙ্গ বসে

আর আটকে যায়, ছটফট করে

আমারও যে ওদেরই দশা

মাটির মায়ায় আমার দুই পা

প্রোথিত করে দিয়ে

ও আবছায়া –

তুমি কেন অধরা থাকো

১৭/০১/২০০৫