গায়ক-নায়ক কুন্দনলাল সায়গল

সালটা ১৯৩১।

ভাগ্যের সন্ধানে কলকাতায় এসে বাসা বাঁধলেন এক তরুণ পঞ্জাব-তনয়। নাম কুন্দনলাল সায়গল। অনুরাগী মনে কে. এল. সায়গল।

১৯০৪-এর ১১ এপ্রিল সায়গলের জন্ম জম্মুতে। সেখানকার রাজার তহশিলদার ছিলেন বাবা অমরচাঁদ। মা কেশরবাই ছিলেন সংগীতের বিশেষ অনুরাগী। শিশু কুন্দন সদাসঙ্গী হয়ে মায়ের সঙ্গে যেত বিভিন্ন ধর্মানুষ্ঠানে। সেখানেই ধর্মগানে লালিত হতে থাকে শৈশব-অনুশীলন। বাবার সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগে কাশ্মির আর পঞ্জাবের লোকগানের শিক্ষায় জারিত হলেন কুন্দন সেই শৈশবেই। সংগীতের টানে রামলীলায় সীতার সাজে দেখা গেল সদ্যকিশোর কুন্দনকে। পাশাপাশি ঠুংরি-গজলের পাঠ নিতে থাকেন পীর সলমন ইউসুফের কাছে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা বেশিদূর এগোল না। লেখাপড়ার ইতি টেনে প্রথম পাড়ি দিল্লিতে। চাকরি নিলেন পূর্ত দফতরে বাতি জ্বালাবার। সে-চাকরি ছেড়ে রেলে। সেখানেও মন টিকল না। এবার সেলসম্যানের চাকরি নিলেন রেমিংটন টাইপরাইটার কোম্পানিতে। সেই সুবাদেই গন্তব্য হলো কলকাতা।

সমকালীন সংগীতশিল্পী ও পরিচালক পঙ্কজকুমার মল্লিকের বয়ানে –

যতদূর মনে পড়ে, ছুটি নিয়েই সে এসে পড়েছিল কলকাতায়। কিন্তু তার মন-প্রাণ সকলই ছিল সংগীতে সমর্পিত। অনুমান করা কঠিন নয়, সে তার জীবিকার ফাঁকে ফাঁকে প্রায়ই মুক্তির উপায় চিন্তা করতো।… পারিবারিক ঐতিহ্যসূত্রেই গজল, ভজন ও ঠুংরির ওপর তার ছিল অধিকার। তার কণ্ঠ ছিল স্নেহময় মাধুর্যে ও একটি বিশেষ মজলিসী ভঙ্গিমায় অনুপম। প্রাণখোলা মানুষ – কণ্ঠচালনা, স্বরক্ষেপ ও স্বরবিভঙ্গের অনায়াস কুশলতায় সে আশ্চর্যরকম সাবলীল ছিল। …কুন্দনকে কে প্রথম আবিষ্কার করেছিল, এ-নিয়ে নানান কৌতুকপ্রদ কথা শুনতে পাই। কিন্তু আমি জানি তার প্রায় সবই কপোল-কল্পিত। বস্তুত, সে নিজেই নিজেকে প্রকাশ করেছিল। একদিন সে হঠাৎ কলকাতা বেতার অফিসে একা এসে উপস্থিত হয়েছিল। সে তখন বাংলা জানত না, হিন্দি-উর্দু বলত এবং ইংরেজিও জানত। সে যখন বেতারে এলো তখন আমিও তরুণ। তবে ‘সংগীতশিক্ষার আসর’-এর শিক্ষক ও মহিষাসুরমর্দিনীর সংগীত পরিচালক হিসেবে তখন আমি প্রতিষ্ঠা পেয়েছি এবং বেতারে কিছুটা কর্তৃত্ব অর্জন করেছি। …প্রোগ্রাম ডাইরেক্টর নৃপেন মজুমদার, অর্থাৎ আমাদের নেপেনদা আমাকে ডেকে বললেন – পঙ্কজ দেখো তো, এই ছেলেটি রেডিওতে গাইবার ইচ্ছা প্রকাশ করছে, তুমি ওর অডিশন নাও তো একটু।

আমি অবাঙালি দেখে ইংরেজিতে শুধালাম – কী ধরনের গান গেয়ে থাকেন আপনি?

সে বললো – গীত, ভজন, গজল, ঠুংরি এইসব…।

গানের ঘরে ওকে নিয়ে বসালাম। গাইতে ইঙ্গিত করলাম। একটু ইতস্তত করে সে গান ধরল। …শুনে মুগ্ধ হয়ে ছুটলাম নেপেনদার কাছে। বললাম – ‘নেপেনদা আপনি নিজে এসে একবার শুনে যান।’

নেপেনদা তখনই রাইচাঁদকে (বড়াল) সঙ্গে নিয়ে এলেন। গান শুনলেন এবং চমৎকৃত হলেন। …বলা বাহুল্য, রাইচাঁদও একমত ছিল।…

কুন্দনলাল সায়গলের গান সেদিনই সন্ধ্যায় ব্রডকাস্ট করা হল। সে দুখানা গজল গেয়েছিল। [আমার যুগ আমার গান, পঙ্কজকুমার মল্লিক, পৃ ৭৪-৭৬]

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কুন্দনকে। রাইচাঁদের হাত ধরে নিউ থিয়েটার্সের মালিক বীরেন্দ্রনাথ সরকার সমীপে হাজির হলেন কুন্দন। রেমিংটনের চাকরিতে ইতি। ইতি হলো কেরানি-জীবনের।

নিউ থিয়েটার্সের সঙ্গে গায়ক-নায়কের ভূমিকায় চুক্তিবদ্ধ হলেন। নতুন জীবনের আর্ক-লাইটের সামনে দাঁড়ালেন কুন্দনলাল সায়গল। শুরু হলো চলচ্চিত্র-পরিক্রমা।

নির্বাক যুগের অবসানে তখন সবে কথা ফুটেছে ছবির মুখে। নিউ থিয়েটার্স বাংলা ছবির পাশাপাশি শুরু করল উর্দু আর হিন্দি ছবির প্রযোজনা। অবাঙালি উর্দু-হিন্দি-রসনা কুন্দনকে আরো কিছুটা এগিয়ে দিল। রোগা-শরীর আর বিরলকেশের কারণে প্রাথমিক আপত্তি উঠলেও সাহিত্যিক-পরিচালক প্রেমাংকুর আতর্থী অভিনেতা হিসেবে কুন্দনকেই বেছে নিলেন তাঁর প্রথম উর্দু ছবি মহব্বত কি আঁসুর জন্য। ছবি মুক্তি পেল ১৯৩২-এর ১৬ জানুয়ারি। একই বছরে সায়গলের আরো দুটো উর্দু ছবি মুক্তি পেল প্রেমাংকুর-পরিচালনায় – জিন্দা লাশ ও সুবহ কী সিতারা। মাথায় উইগ লাগিয়ে চুলের সমস্যা মেটানো হলেও ছবি সে-অর্থে মানুষকে টানল না। পরপর তিনটে ছবিই ফ্লপ করল। কিন্তু বিরলকেশ উইগ-মাথা সত্ত্বেও গানের টানে ছবির কাজ পেতে লাগলেন উর্দুভাষী কুন্দনলাল। ফলে ব্যর্থতা ঘুচে গেল পরের বছর (১৯৩৩)। তাঁকেই নায়ক করে আবার হিন্দি ছবি বানালেন প্রেমাংকুর – ইহুদি কী লেড়কী। এবার ছবি হিট। একই বছরে প্রেমাংকুর-পরম্পরায় সায়গলকে নিয়ে ছবি করলেন ভিন্ন পরিচালক দেবকীকুমার বসু। উর্দু দুলারি বিবির পাশাপাশি হিন্দিতে পুরাণ ভকত আর রাজরাণী মীরা। দেবকী-নির্মিত পুরাণ ভকতও দর্শকমহলে দারুণ সাড়া ফেলল। তবে সুপার-ডুপার সাফল্য এলো তার পরের বছর (১৯৩৪) চণ্ডীদাস ছবির হিন্দি ভার্সানে। পরিচালক দেবকী বসুর নির্মাণে রাইচাঁদ বড়ালের সুরে সায়গলের প্রেমনগর মে বনাউঙ্গা ঘর ম্যায় লোকের মুখে মুখে ফিরতে থাকে।

পাশাপাশি হিন্দুস্থান রেকর্ডস প্রকাশ করল সায়গলের দুটি বেসিক গান – ‘ঝুলনা ঝুলাওরি আমুওয়া কী ডারি পে’ আর ‘হোরি হো ব্রজ রাজ দুলারে’। রেকর্ডের চাকায় ঘুরতে থাকে ভাগ্যের চাকা। সফলতায় আর জনপ্রিয়তায় সায়গল হয়ে ওঠেন সেরা গায়ক-নায়ক – ‘সিংগিং সুপারস্টার’।

চারপাশের মানুষের সঙ্গে মেশার তাগিদে সায়গল শিখতে লাগলেন বাংলা ভাষা। বলতে পারলেও তখনও বাংলা পড়তে শেখেননি। সায়গলের সাফল্যকে মূলধন করে সে-সময় বাজি ধরলেন নিউ থিয়েটার্সের মালিক ধীরেন্দ্রনাথ আর পরিচালক প্রমথেশচন্দ্র বড়ুয়া। শরৎচন্দ্রের কাহিনী- আধারিত দেবদাস চিত্রায়িত হলো বাংলায়। দেবদাস-চরিত্রে স্বয়ং পরিচালক প্রমথেশচন্দ্র। ছবি মুক্তি পেল ১৯৩৫-এর ৩০ মার্চ। বাঙালি দর্শক চমকে উঠল গণিকা চন্দ্রমুখীর ঘরে এক মোসাহেবের ভূমিকায় সায়গলকে দেখে। বাংলা ছবির সংলাপ এবং গানের বাণী উর্দু অক্ষরে লিখে গানে গানে মাতিয়ে তুললেন বাংলার আপামর জনতাকে। অবাঙালি স্বরক্ষেপণে মূর্ত হলো বাংলা গানের নতুন আবির্ভাব তিমিরবরণের সুরসৃষ্টিতে –

গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙা কপোলখানি

ভোমরা সম গুনগুনিয়ে শুনিয়ে যাব প্রণয়-বাণী।…

দৃশ্যান্তরে –

কাহারে যে জড়াতে চায় দুটি বাহুলতা

কে শুনেছে মোর পরাণের নীরব আকুলতা।…

পরের ঘটনা ইতিহাস।

বাংলা দেবদাসের পরম্পরায় তৈরি হলো হিন্দি দেবদাস। প্রযোজক ও পরিচালক অপরিবর্তিত থাকলেও নায়ক-চরিত্রে স্বয়ং প্রমথেশ নিজের বদলে নিলেন সায়গলকে। বাংলা ছবির রেশ না কাটতে কাটতেই ছমাসের মধ্যে একই বছরে মুক্তি পেল হিন্দি দেবদাস। প্রযোজক-পরিচালকের আশা সার্থক হলো। সায়গল-গায়নে কালজয়ী হলো দেবদাসের গান তিমিরবরণেরই সুরারোপে – ‘বালম আয়ে বসো মেরে মন সে’, ‘দুখকে অব দিন বিতত নহি’ আর ‘পিয়া বিন নহি আবত চাহে’। একই সঙ্গে বিরহী প্রেমিকের প্রতীক হয়ে রইল সে-ছবির সায়গল-সংলাপ ‘তুম আজ রাত মেরে সাথ ভাগ সকতি হো?’

জনপ্রিয়তার জোয়ারে কখনও অহংকারে ভেসে যাননি সায়গল। শরৎকাহিনী বিজয়ার চিত্ররূপে (১৯৩৬) অভিনয় করেন এক মাঝি-চরিত্রে। সেখানে একটিমাত্র গানই ছিল তাঁর চরিত্র-সম্বল।

মন-পবনের ডিঙা বাইয়া বন্ধুর দেশে যাই

বিনি সুতার মালা দিব তারে যদি পাই।

সরাসরি গানের তাগিদেই এরপর বাংলা ছবিতেও নায়ক হয়ে উঠলেন কুন্দনলাল সায়গল। বাংলার নায়ক সায়গলের প্রথম ছবি দিদি। মুক্তি পায় ১৯৩৭ সালের ৩ এপ্রিল। সমকালীন সেরা রোমান্টিক নায়ক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয়-ক্ষমতায় পেরে না-উঠলেও গানে মাত করে দেন সায়গল। রাইচাঁদ আর পঙ্কজকুমারের সুরে মিলল সায়গলের গীত-স্ফুর্তি –

রাজার কুমার পক্ষীরাজে দেশ-বিদেশে ঘুরে এসে

তেপান্তরের বটের ছায়ায় ক্লান্ত হয়ে বসলো শেষে।

বা,

স্বপন দেখি প্রবালদ্বীপে তুলবো আমি বাড়ি

সাগর থেকে ঝিনুক এনে গাঁথবো সোপান তারি –

আমার তিন মহলা বাড়ি।

পাশাপাশি বিরহীগানেও তিনি স্বতঃস্ফূর্ত একই ছবিতে –

প্রেম নহে মোর মৃদু ফুলহার দিল সে দহনজ্বালা

তবু নিরজনে সে-প্রেম লাগিয়া গাঁথি যে-অশ্রুমালা।

পরের বছরে (১৯৩৮) পঙ্কজকুমারের সুরে আবারও মাত করলেন সায়গল দেশের মাটি ছবির গান –

বাঁধিনু মিছে ঘর ভুলের বালুচরে,

উজান ধারা আসি ভাঙিল চিরতরে।

পঙ্কজকুমার লিখছেন :

নিউ থিয়েটার্সের বহু ছবিতে গায়ক-অভিনেতার ভূমিকায় সে প্রশংসা পেয়েছিল। অভিনয়ে সে ছিল মোটামুটি ভালো, কিন্তু গানে ছিল অসাধারণ। আমার সুরে তার গাওয়া গান বহু বাংলা-হিন্দি ছবিতে ছড়িয়ে রয়েছে। এমন যার কণ্ঠ, তাকে রবীন্দ্রনাথের গান শেখাবার বাসনা আমার মনে ধীরে ধীরে প্রবল হয়ে উঠেছিল। কুন্দনও খুবই আগ্রহী হয়ে উঠেছিল। [আমার যুগ আমার গান, পঙ্কজকুমার মল্লিক, পৃ ৭৮]

দুজনের বাসনাই পূর্ণ হলো নীতিন বসুর পরিচালনায় জীবন মরণ ছবিতে (১৯৩৯)। অনুমতি মিলল স্বয়ং রবীন্দ্রনাথের। সায়গল গাইলেন ‘তোমার বীণায় গান ছিল’ আর ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’। মুগ্ধ রবীন্দ্রনাথ আবারও অনুমতি দিলেন সায়গলকে। এবার সংগীত পরিচালক রাইচাঁদ বড়াল। ছবি পরিচয়। পরিচালক নীতিন বসু। ১৯৪১-এর ২৫ এপ্রিল মুক্তি পেল ছবি। রবীন্দ্রগানেও মুক্তির নেশা। সহজ-সাবলীল গায়নে নায়ক সায়গল আলোড়ন তুললেন ‘একটুকু ছোওয়া লাগে’, ‘আমার রাত পোহালো শারদপ্রাতে’, ‘এদিন আজি কোন ঘরে গো’, আর ‘আজ খেলা ভাঙার খেলায়’।

খেলা সত্যিই ভাঙল। ১৯৪২-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জোরে বীরেন্দ্রনাথের পরামর্শে কলকাতা ছাড়লেন সায়গল। পাড়ি দিলেন বোম্বাই, অধুনা মুম্বাই। সেখানে ভক্ত সুরদাস আর শাহজাহানের পাশাপাশি তানসেন ছবিতে (১৯৪৩) জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন। দীপক রাগে বাঁধা খেয়াল ‘দীয়া জ্বালাও জগমগ জগমগ’ বা ধ্রুপদ ‘সপ্ত সুরন তিন গ্রাম, গাও সব গুণীজন’ আজও সমুজ্জ্বল সাহিত্যিক খুশবন্ত সিংয়ের স্মৃতিতে –

However, his voice lives to this day because no one before or after him had so rich a tone as his. I, who never was one for the cinema, swa Tansen in my college days in Lahore fourteen times – not because of the story but to hear Saigal sing. [This above all, khushawant Singh, The Telegraph, 8 January 2005]

সহশিল্পী কানন দেবীর আত্মকথায় –

সায়গলের গান ‘টেক’ করবার সময় আমি ‘মেক-আপ’ রুমে থাকলেও ছুট্টে গিয়ে সব কাজ ফেলে মুগ্ধ হয়ে ওঁর গান শুনতাম।… ভরাট গলা দরদভরা মীড়, অতুলনীয় গাইবার ভঙ্গি যেন চুম্বকের মতোই মনকে টানত। [সবারে আমি নমি, কানন দেবী, পৃ ৫৭]

গানের প্রতি ছিল সায়গলের অন্তরঙ্গ আবেগ। তখন প্লে-ব্যাক সিস্টেম চালু হয়ে গেছে। ফণি মজুমদারের পরিচালনায় তৈরি হচ্ছে সাথীর হিন্দি ভার্সান স্ট্রিট সিঙ্গার (১৯৩৯)। ছবির বিখ্যাত গান ‘বাবুল মোরা নৈহর ছুটহি জায়’ কিছুতেই প্লে-ব্যাক করতে রাজি হলেন না সায়গল। রাস্তায় শুটিংয়ের সময় সরাসরি গাইতে চাইলেন। পরিচালকও নাছোড়বান্দা – ‘অভিনয় করতে করতে এরকম রাগাশ্রিত গান গাওয়া অসম্ভব’। জেদ বজায় রাখলেন নায়ক-গায়ক। শুটিং শুরু হলো। সায়গল হারমোনিয়াম হাতে গান করে চলেন ক্যামেরার সামনে। তাঁকে অনুসরণ করে চলেন অর্কেস্ট্রা-শিল্পীরা। সঙ্গে চলেন সাউন্ড রেকর্ডিস্ট। সায়গল একশটে ‘ড়শ’ করেন পুরো গানটাই।

১৯৪৪-এ যুদ্ধশেষে সায়গল ফিরে আসেন কলকাতায়। ফেরেন নিউ থিয়েটার্সেও। শেষবারের মতো ফ্লোরে এলেন এনটির হিন্দি ছবি মাই সিস্টারের শুটিংয়ে। জীবন শুরুর দিন থেকে চোদ্দটা বছর কাটিয়ে গেলেন এনটিতেই। শুধু তাদের হয়ে ছবি করেছেন উনত্রিশটা। সাতটা বাংলা, আটটা উর্দু আর চোদ্দটা হিন্দি। ১৯৪৪-এর পর ফিরে যান আপন গৃহ – জলন্ধরে। কিন্তু মৌনীমনে যেন বাসা বাঁধল একাকিত্বের আপন গান –

যা কিছু গড়ি সুখে সকলি ব্যথা বুঝি

আলেয়া হেরি শুধু আলোক যবে খুঁজি

আজিকে শেষ খেয়া একাকী বাহিব রে – একাকী।

বিয়াল্লিশ-বসন্ত জীবনসায়াহ্নে অবশমনের সঙ্গে মিশল অসুস্থ শরীর। আলো-আলেয়ার শেষ খেয়া বাইলেন ১৯৪৭-এর ১৮ জানুয়ারি – নির্বান্ধব নির্জনতায় – একা।