‘নজরুল ও তাঁর সমসাময়িক কবিগণ’ এই নামে একটি প্রবন্ধ লেখার ভাবনা প্রোদ্ভিন্ন হতে-না-হতেই চমকে উঠে মনে হলো : এরকম কোনো রচনা কি সম্ভব? তারপরই মনে হলো : কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) তো আকাশ থেকে নেমে আসেননি, এই মাটিরই সন্তান, একটি বিশেষ দেশ-কালে অধিবাস করেছেন, কাজেই তাঁর কালেও বাঙালি কবিরা উদ্গত হয়েছেন, কাজ করেছেন। কিন্তু এরকম প্রবন্ধ ফাঁদার দরকার কী? প্রয়োজন, নজরুল ইসলামকে বোঝবার জন্যেই। তারপরই নজরুল ইসলামকে কেন্দ্রে রেখে মোটামুটি তাঁর দশ বছর আগে-পরে জন্মানো কবিদের একটি খসড়া-তালিকা করা গেল। তালিকাটি এই :
কালিদাস রায় (১৮৮৯-১৯৭৫), নরেন্দ্র দেব (১৮৮৯-১৯৭১), নলিনীকান্ত সরকার (১৮৮৯-১৯৮৪), সুশীলকুমার দে (১৯৮৯-১৯৬৮), যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য (১৮৯০-১৯৭৫), অরীন্দ্রজিৎ মুখোপাধ্যায় (১৮৯০-১৯৬৬), শেখ হবিবর রহমান (সাহিত্যরত্ন, ১৮৯১- ১৯৬২), রাধাচরণ চক্রবর্তী (১৮৯৩-১৯৩৮), প্যারীমোহন সেনগুপ্ত (১৮৯৩-১৯৪৭), কালীকিঙ্কর সেনগুপ্ত (১৮৯৩-১৯৮৬), শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩), শেখ মোহাম্মদ ইদরিস আলী (১৮৯৫-১৯৪৫), শান্তি পাল (১৮৯৫-১৯৬৮), গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪), কৃষ্ণদয়াল বসু (১৮৯৭-১৯৭২), দিলীপকুমার রায় (১৮৯৭-১৯৮০), সুধীরকুমার চৌধুরী (১৮৯৭-১৯৮৩), সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় (১৮৯৮-১৯৬৫), পরিমলকুমার ঘোষ (১৮৯৮-১৯৬০), বিজয়লাল চট্টোপাধ্যায় (১৮৯৮-১৯৭৪), জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪), বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়, ১৮৯৯-১৯৭৯), সজনীকান্ত দাস (১৯০০-৬২), রামেন্দু দত্ত (১৯০০-৬০), অমিয় চক্রবর্তী (১৯০১-৮৬), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০), আশরাফ আলী খান (১৯০১-৩৯), মঈনুদ্দীন (খান মুহম্মদ, ১৯০১-৮১), প্রমথনাথ বিশী (১৯০১-৮৫), সুনির্মল বসু (১৯০২-৫৭), মনীশ ঘটক (১৯০২-৭৯), জসীমউদ্দীন (১৯০৩-৭৬), অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩-৭৬), বেনজীর আহমদ (১৯০৩-৮৩), রাধারানী দেবী (অপরাজিতা দেবী, ১৯০৪-৮৯), উমা দেবী (১৯০৪-৩১), হেমচন্দ্র বাগচী (১৯০৪-৮৬), অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২), প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-৮৮), অপূর্বকৃষ্ণ ভট্টাচার্য (১৯০৪-৬৪), প্রভাতমোহন বন্দোপাধ্যায় (১৯০৪-৭৯), শিবরাম চক্রবর্তী (১৯০৫-৮০), সন্ন্যাসী সাধুখাঁ (১৯০৫-৮২), ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৯০৫-৮৯), বিমলাপ্রসাদ মুখোপাধ্যায় (১৯০৬-৮৯), আবদুল কাদির (১৯০৬-৮৪), বন্দে আলী মিয়া (১৯০৬-৭৯), মহীউদ্দীন (১৯০৬-৭৫), অজয় (কুমার) ভট্টাচার্য (১৯০৬-৪৩), হুমায়ুন কবির (১৯০৬-৬৯), অজিত দত্ত (১৯০৭-৭৯), সুনীলচন্দ্র সরকার (১৯০৭-৮২), বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪), আজিজুল হাকিম (১৯০৮-৬২), প্রভাতকিরণ বসু (১৯০৮-৬১), নিশিকান্ত (রায়চৌধুরী, ১৯০৯-৭৩), বিষ্ণু দে (১৯০৯-৮২), সঞ্জয় ভট্টাচার্য (১৯০৯-৬৯), অরুণ মিত্র (১৯০৯-২০০১), কাদের নওয়াজ (১৯০৯-৮৩), নন্দগোপাল সেনগুপ্ত (১৯১০-৮৮), বিমলচন্দ্র ঘোষ (১৯১০-৮২), গোবিন্দ মুখোপাধ্যায় (১৯১০-৮১), অশোকবিজয় রাহা (১৯১০-৯০) প্রমুখ।
বলা বাহুল্য, কিংবা হয়তো আবশ্যিক, যে-কালপর্যায়ে নজরুল কবিতা-রচনায় নিরত (১৯১৯-৪২), এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) প্রায় পুরোটা সময়, এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৮-১৯৫৪) ও মোহিতলাল মজুমদারের (১৮৮৮-১৯৫২) মতো প্রধান কবি এবং উপরে উল্লিখিত কবিরা ছাড়াও আরো অনেকে, সক্রিয় ছিলেন। সব মিলিয়েই নজরুলের সমসাময়িক কবিদের তুলনায় তাঁর বিশেষতা নির্ণয় করতে হবে আমাদের।
সমকালীন এই কবিসঙ্ঘের মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধাচরণ করেছিলেন কয়েকজন। শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন ও শেখ মোহাম্মদ ইদরিস আলি ইসলাম দর্শন পত্রিকায়, সজনীকান্ত দাস শনিবারের চিঠি পত্রিকায়, গোলাম মোস্তফা দেশবিভাগের পরে নও-বাহার পত্রিকায়। নজরুলের খ্যাততম কবিতা ‘বিদ্রোহী’ নিয়ে ‘ব্যাং’ নামে ব্যঙ্গকবিতা লিখেছিলেন সজনীকান্ত, ‘নিয়ন্ত্রিত’ নামে জবাবি-কবিতা লিখেছিলেন গোলাম মোস্তফা। প্রমথনাথ বিশী নজরুল-সাহিত্যকে ‘হুংকার-সাহিত্য’ বলে আক্রমণ করেছিলেন। অমিয় চক্রবর্তী নজরুলকে ভালোমানুষ বলে বর্ণনা করেছেন একটি পত্রে, কিন্তু ‘সুকবি’ হিসেবেও মানতে নারাজ। কাদের নওয়াজ নজরুলের ফারসিজ্ঞানকে কটাক্ষ করেছিলেন, আবার নজরুল-অনূদিত রুবাইয়াৎ-ই-হাফিজ-এর প্রশংসা করেছিলেন আবদুল কাদির-সম্পাদিত জয়তী পত্রিকায়। নজরুল-সম্পর্কে এরকম বিমিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ ও হুমায়ুন কবির।
নজরুলের যেমন একটি প্রবল বিরোধীপক্ষ ছিল, তেমনি তাঁর সমসাময়িকদের মধ্যেই একদল ছিলেন তাঁর গভীর অনুরাগী। নলিনীকান্ত সরকার নজরুলের হাসির গান এবং দিলীপকুমার রায় নজরুলের গজল গান গেয়ে লোকপ্রিয় করে তুলেছিলেন। সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়-সম্পাদিত উপাসনা পত্রিকায় নিয়মিত লিখতেন নজরুল। প্রায়-সমবয়সী হয়েও মঈনুদ্দীন ও আবদুল কাদির ছিলেন নজরুল-ভক্ত। বেনজীর আহমদ-প্রতিষ্ঠিত নওরোজ পত্রিকায় নজরুল তাঁর অফুরান সৃষ্টিধারা নিয়ে উপস্থিত থাকতেন। নলিনীকান্ত সরকার, শাহাদাৎ হোসেন, দিলীপকুমার রায়, সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়, সজনীকান্ত দাস, মঈনুদ্দীন, জসীমউদ্দীন, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বেনজীর আহমদ, অন্নদাশঙ্কর রায়, প্রেমেন্দ্র মিত্র, শিবরাম চক্রবর্তী, আবদুল কাদির, বন্দে আলী মিয়া, বুদ্ধদেব বসু, মহীউদ্দীন, নিশিকান্ত, কাদের নওয়াজ, নন্দগোপাল সেনগুপ্ত প্রমুখ নজরুল-স্মৃতিচারণ করেছেন। দিলীপকুমার রায় নজরুল-সংগীতকে (এবং দ্বিজেন্দ্র-গীতিকে) রবীন্দ্রসংগীতের ঊর্ধ্বে স্থান দিয়েছেন, একটি পত্র-প্রবন্ধে। সজনীকান্ত দাস তাঁর স্মৃতিচারণায় ঘুরে দাঁড়িয়েছেন নজরুলের পক্ষে, Ñ উত্তরকালে নজরুলই সজনীকান্তকে বেতারে টেনে নিয়ে গিয়েছেন, সজনীকান্ত-রচিত গানে সুর দিয়েছেন, এবং সেই গান গেয়েছেন। মঈনুদ্দীন পূর্ণাঙ্গ নজরুল-স্মৃতি লিখেছেন, অচিন্ত্যকুমার সেনগুপ্ত পূর্ণাঙ্গ নজরুল-জীবনী। আবদুল কাদির প্রকৃতার্থে তাঁর সারাজীবন উৎসর্গ করেছেন নজরুলচর্চা ও গবেষণায়। অচিন্ত্যকুমার সেনগুপ্তের বিবাহে নজরুল গিয়েছিলেন বরযাত্রী হিসেবে, সুনির্মল বসু ও আবদুল কাদিরের বিবাহে নজরুল চমৎকার কবিতা লিখে দিয়েছেন, কমরেড মুজফ্ফর আহমদের কন্যার সঙ্গে আবদুল কাদিরের বিবাহে নজরুল ঘটকালি করেছেন। দিলীপকুমার রায় ও নলিনীকান্ত সরকারকে নজরুল গ্রন্থ উৎসর্গ করেছেন। নজরুলের সুপারিশেই বুদ্ধদেব বসুর কবিতাগ্রন্থ বন্দীর বন্দনা (১৯৩০) এবং অজিত দত্তের কবিতাগ্রন্থ কুসুমের মাস (১৯৩০) ডি.এম. লাইব্রেরি প্রকাশনসংস্থা থেকে প্রকাশিত হয়। বেনজীর আহমদের বন্দীর বাঁশী কবিতাগ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন নজরুল। আবদুল কাদিরের দিলরুবা (১৯৩৩) কবিতাগ্রন্থের সমালোচনা লিখেছিলেন নজরুল। আশরাফ আলী খান তাঁর কৃত ইকবালের কবিতানুবাদগ্রন্থ শেকোয়া নজরুলকে উৎসর্গ করেন। প্রেমেন্দ্র মিত্র ও বুদ্ধদেব বসু নজরুলকে নিয়ে অনেক লেখা লেখেন। বুদ্ধদেব বসুর গোলাপ কেন কালো উপন্যাসে নজরুল ‘দিলদার নওরোজ’ নামে একটি চরিত্রে রূপান্তরিত হন। শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, দিলীপকুমার রায়, বনফুল, আশরাফ আলী খান, সুনির্মল বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বেনজীর আহমদ, জসীমউদ্দীন, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অন্নদাশঙ্কর রায়, অরুণ মিত্র, কাদের নওয়াজ প্রমুখ নজরুলের প্রতি শ্রদ্ধার্ঘ্য-কবিতা রচনা করেন। হেমচন্দ্র বাগচী নজরুলের সঞ্চিতা, কাদের নওয়াজ রুবাইয়াৎ-ই-হাফিজ এবং আবদুল কাদির নামহীনভাবে নজরুলের মৃত্যু-ক্ষুধা উপন্যাস প্রকাশের পরপরই আলোচনা করেছিলেন।
রবীন্দ্র-নজরুলোত্তর যে-তিনজন কবি ও লেখক হিসেবে একত্র-উচ্চারিত হতেন, তাঁরা হচ্ছেন : অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র ও বুদ্ধদেব বসু। পরে দীর্ঘকাল, আজো, তিরিশের কবিদের চূড়া হিসেবে খ্যাতি অর্জন করেন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে। প্রথম পর্বে অজিত দত্তও খানিকটা নাম করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে প্রেমেন্দ্র মিত্র (এবং সমর সেনেরও) নাম কেউ কেউ যোগ করতে ইচ্ছুক। এই কবিদলের মধ্যে প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু ও জীবনানন্দ দাশকে নজরুল প্রাথমিক পর্যায়ে বিভিন্নভাবে স্পর্শ করে আছেন। সমর সেন তাঁর আত্মকথায় ‘ফৌজী কবি’র প্রতি তাঁর যৌবনের মুগ্ধতার কথা জানিয়েছেন। বলা বাহুল্য, ক্রমশ এঁরা যাঁর যাঁর নিজস্ব পৃথিবীলোক তৈরি করেছেন।
নজরুলের আতীব্র মানবতাবোধের দ্বারা উদ্বোধিত হয়েছিলেন বিজয়লাল চট্টোপাধ্যায়, আশরাফ আলী খান, মঈনুদ্দীন, বেনজীর আহমদ, প্রেমেন্দ্র মিত্র, মহীউদ্দীন প্রমুখ। আশরাফ আলী খানের কঙ্কাল (১৯৩৫) কবিতাগ্রন্থের পুরোটাই নজরুলের সাম্যবাদী (১৯২৫) কবিতাগ্রন্থের ধ্বনি-প্রতিধ্বনিতে ভরা। ১৯২৬ সালে প্রকাশিত হয় নজরুলের সর্বহারা কবিতাগ্রন্থ আর ১৯২৭ সালে প্রকাশিত হয় বিজয়লাল চট্টোপাধ্যায়ের সর্বহারাদের গান। বিজয়লাল চট্টোপাধ্যায় একাধিকবার কারাবরণ করেন। ১৯৩০ সালে তাঁর কবিতাগ্রন্থ কালের ভেরী এবং ১৯৩২ সালে তাঁর প্রবন্ধগ্রন্থ বিদ্রোহী রিয়ালিস্ট সরকার-কর্তৃক বাজেয়াপ্ত হয়। ১৯৩১ সালে কালীকিঙ্কর সেনগুপ্তের মন্দিরের চাবি কবিতাগ্রন্থটি বাজেয়াপ্ত হয়। স্মরণীয় ওই ১৯৩১ সালেই নজরুলেরও প্রলয়-শিখা কবিতাগ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছিল, এবং এজন্যে তাঁর ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল Ñ তবে শেষপর্যন্ত তা কার্যকর হয়নি। নজরুল-সমসাময়িকদের মধ্যে বেনজীর আহমদ সন্ত্রাসবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন। মঈনুদ্দীন ও মহীউদ্দীন জেল খেটেছিলেন। প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের মুক্তিপথে কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার-কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য বঙ্গবাণী পত্রিকার জ্যৈষ্ঠ ১৩৩১ সংখ্যায় ‘লেনিন’ নামে একটি কবিতা লিখে সরকারের বিরাগভাজন হয়েছিলেন Ñ রাজরোষ প্রশমনের উদ্দেশ্যে তিনি পরে ‘ব্রিটেন-বীর্য’ কবিতা লেখেন।
নজরুলের সঙ্গে তাঁর প্রথমা স্ত্রী নার্গিস আসার খানমের বিচ্ছেদের দীর্ঘকাল পরে কবি আজিজুল হাকিম নার্গিসকে বিবাহ করেন। আজিজুল হাকিম নজরুলের স্নেহধন্য ছিলেন।
কয়েকটি সাময়িকপত্র নজরুল সম্পাদনা বা পরিচালনা করেছিলেন। তার একটি ধূমকেতু (প্রথম প্রকাশ : ১৯২২), আরেকটি লাঙল (প্রথম প্রকাশ : ১৯২৫)। (নজরুল-সম্পাদিত দৈনিক নবযুগের দুই পর্যায়ের (১৯২০/১৯৪১) কোনোটিই আমরা দেখিনি।) এই দুটি পত্রিকায় নজরুলের সমসাময়িক কবিদের কেউ কেউ লিখেছেন মাঝেমাঝে। তার সূচি এরকম :
১. দীন (কবিবর কাজী নজরুল ইসলামের অনুসরণে) : প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়। ধূমকেতু, প্রথম সংখ্যা। ২৬শে শ্রাবণ, ১৩২৯।
২. পথশেষে : সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়। ধূমকেতু, চতুর্থ সংখ্যা। ৫ই ভাদ্র, ১৩২৯।
৩. হর্ষ-হিল্লোল : যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য। ধূমকেতু, ছাব্বিশতম সংখ্যা। ২৬শে অগ্রহায়ণ, ১৩২৯।
৪. জমিদারের রথ : শিবরাম চক্রবর্তী। ধূমকেতু, সাতাশতম সংখ্যা। ২৯শে অগ্রহায়ণ, ১৩২৯। এবং উনত্রিশতম সংখ্যা। ৮ই পৌষ, ১৩২৯।
৫. উন্মাদ : অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ধূমকেতু, আটাশতম সংখ্যা, ৫ই পৌষ ১৩২৯।
৬. জন্মোৎসবে : নরেন্দ্র দেব। লাঙল, পঞ্চম সংখ্যা। ৭ই মাঘ ১৩৩২।
অজয় (কুমার) ভট্টাচার্য, হুমায়ুন কবির (হুমায়ূন জহীরুদ্দীন আমির-ই-কবীর নামে) ধূমকেতু পত্রিকায় গদ্য লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক প্রমুখ অগ্রজ কবি কবিতায় আশীর্বাণী পাঠিয়েছিলেন।
রবীন্দ্রোত্তর আধুনিকতার প্রধান মুখপত্র ছিল তিনটি : দীনেশরঞ্জন দাশ-সম্পাদিত কল্লোল, প্রেমেন্দ্র মিত্র-শৈলজানন্দ মুখোপাধ্যায়-মুরলীধর বসু-সম্পাদিত কালি-কলম ও বুদ্ধদেব বসু-অজিত দত্ত-সম্পাদিত প্রগতি। এই তিনটি পত্রিকার প্রথম বর্ষে কোন কোন কবির কবিতা প্রকাশিত হয়েছে তার একটি হদিস নেওয়া যাক :
কল্লোল (প্রথম বর্ষ : ১৩৩০)
কবিতা লিখেছেন : দীনেশরঞ্জন দাশ, কালিদাস নাগ, নজরুল ইসলাম, জীবনময় রায়, নরেন্দ্র দেব, পুলকচন্দ্র সিংহ, বিজয়চন্দ্র মজুমদার, গিরিজাকুমার বসু, সুধীরকুমার চৌধুরী ও বনফুল।
কালি-কলম (প্রথম বর্ষ : ১৩৩৩)
কবিতা লিখেছেন : অতুলপ্রসাদ সেন, জীবনানন্দ দাশ, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নজরুল ইসলাম, প্যারীমোহন সেনগুপ্ত, প্রমথনাথ বিশী, প্রেমেন্দ্র মিত্র, মোহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়, সুবোধ রায় ও হেমচন্দ্র বাগচী।
প্রগতি (প্রথম বর্ষ : ১৩৩৪)
কবিতা লিখেছেন : অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অজিত দত্ত, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, মনীশ ঘটক, মোহিতলাল মজুমদার, নজরুল ইসলাম, আবদুল কাদির ও পরিমল রায়।
কল্লোল পত্রিকা শুরু হয়েছিল মোহিতলাল মজুমদারের (১৮৮৮-১৯৫২) সমবয়সী দীনেশরঞ্জন দাশের (১৮৮৮-১৯৪১) ‘কল্লোল’ নামের কবিতা দিয়ে। দ্বিতীয় সংখ্যার প্রথমেই ছিল নজরুলের ‘সৃষ্টিসুখের উল্লাসে’ কবিতা। প্রথম বর্ষের বারোটি সংখ্যার মধ্যে পাঁচটি সংখ্যারই মুখপাতে ছিল নজরুলের কবিতা। কল্লোল-এর প্রথম বর্ষে রবীন্দ্রনাথের কোনো কবিতা বা অন্য রচনা গ্রহণ করা হয়নি Ñ বোঝাই যায় যে স্বেচ্ছাকৃত (পিকাসোকে যেমন অনেক সময় তরুণ চিত্রকেরা তাঁদের প্রদর্শনীতে আমন্ত্রণ জানাতেন না, তেমনি)। কল্লোলের দ্বিতীয় বর্ষের প্রথমেই ছিল রবীন্দ্রনাথের কবিতা ‘শেষ অর্ঘ্য’। কালি-কলম-এর প্রথম বর্ষে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু প্রগতির প্রথম বর্ষে রবীন্দ্রনাথ অনুপস্থিত। (উত্তরকালেও সুধীন্দ্রনাথ দত্ত-সম্পাদিত পরিচয় (১৯৩১), বুদ্ধদেব বসু-সম্পাদিত কবিতা পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথকে এড়িয়ে যাওয়া হয়েছিল।) এই রচনার প্রথমাংশে নজরুল-সমসাময়িক যে-কবিদলের উল্লেখ করা হয়েছে Ñ দেখা যাবে Ñ কল্লোল, কালি-কলম, প্রগতি পত্রিকার অধিকাংশ নাম তাঁদেরই। নজরুল যেন অনিবার্যভাবে তিনটি পত্রিকাতেই উপস্থিত Ñ এবং লক্ষণীয় : এই তিনটি পত্রিকাতেই একমাত্র একা নজরুল ইসলামই এসেছেন ঘুরেফিরে। বিস্ময়কর, এবং একান্ত স্বাভাবিক।
আবার একটি তালিকার সহায়তা গ্রহণ করতে হবে আমাদের। বিংশ শতাব্দীর বিশের দশকে Ñ যে-দশকে নজরুল ইসলামের উত্থান ও বিজয় Ñ সেই দশকে যেসব কবির কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছিল, তাঁরা হচ্ছেন :
অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অজিত দত্ত, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, অমিয়চন্দ্র চট্টোপাধ্যায়, অরীন্দ্রজিৎ মুখোপাধ্যায়, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কামিনী রায়, কালিদাস রায়, কিরণধন চট্টোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, নরেন্দ্র দেব, নিরুপমা দেবী, প্যারীমোহন সেনগুপ্ত, প্রমথনাথ বিশী, প্রমথনাথ রায়চৌধুরী, প্রিয়ম্বদা দেবী, বিজয়লাল চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মানকুমারী বসু, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচী, রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাধারানী দেবী (অপরাজিতা দেবী), শিবরাম চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, সজনীকান্ত দাস, সত্যেন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র বাগচী ও হুমায়ুন কবির।
গ্রন্থকার-কবি হিসেবে এঁরাই নজরুলের সমসাময়িক। তখন, বিংশ শতাব্দীর বিশের দশকে, নজরুল ইসলামের কবিতাগ্রন্থ বেরিয়েছিল সর্বাধিক। অনুবাদ-কবিতা এবং গীতিগ্রন্থ বাদ দিয়ে ষোলটি কবিতাগ্রন্থ এবং ওগুলো ধরলে একুশটি (তারপর রবীন্দ্রনাথের Ñ কবিতা, গীতিগ্রন্থ, গীতিনাট্য ইত্যাদি মিলিয়ে আটটি; তারপর কালিদাস রায়ের চারটি কবিতাগ্রন্থ)। এই দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ও নবদিকদর্শী কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছিল। যেমন : রবীন্দ্রনাথের লিপিকা (১৯২২) ও পূরবী (১৯২৫); মোহিতলাল মজুমদারের স্বপনপসারী (১৯২২) ও বিস্মরণী (১৯২৭); যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা (১৯২৩), মরুশিখা (১৯২৭) ও মরুমায়া (১৯৩০); জসীমউদ্দীনের রাখালী (১৯২৭) ও নকসীকাঁথার মাঠ (১৯২৮); অচিন্ত্যকুমার সেনগুপ্তের অমাবস্যা (১৯২৯); অজিত দত্তের কুসুমের মাস (১৯৩০); বুদ্ধদেব বসুর বন্দীর বন্দনা ও অন্যান্য কবিতা (১৯৩০); জীবনানন্দ দাশের ঝরা পালক (১৯২৭); সত্যেন্দ্রনাথ দত্তের বেলাশেষের গান (১৯২৩) ও বিদায় আরতি (১৯২৪) প্রভৃতি (নজরুলের কথা পরে আসছে)। এই দশকে রবীন্দ্রনাথ তাঁর প্রেমের কবিতার একটি নতুন দিগন্ত স্পর্শ করেছিলেন, পূরবীতে Ñ এবং লিপিকার অন্তত কিছু কবিতায় তিনি যে বাংলা কবিতারই নতুন আয়তন নিয়ে আসছেন তা ছিল তাঁরই অজ্ঞাত; মোহিতলাল তাঁর সংরাগরক্তিম জগৎ, যতীন্দ্রনাথ তাঁর দুঃখময় পৃথিবী, জসীমউদ্দীন তাঁর গ্রামীণ স্বাপ্নিকতা নির্মাণ করেছিলেন; প্রেমের কবিতার দুরকম নতুন দীপ্তি দেখিয়েছিলেন অচিন্ত্যকুমার ও অজিত দত্ত; জীবনানন্দ ও বুদ্ধদেব বসু নজরুলকেই স্পর্শ করে ঈষদ্দূরে চলে গিয়েছিলেন।
বিশের দশকের কবিতায় নায়কত্ব দিয়েছিলেন নজরুল ইসলাম। আমরা বিশের দশকে প্রকাশিত নজরুলের এই কবিতাগ্রন্থগুলোকে একটি সমবায়ী নজরুলেরই সম্পাদিত পত্রিকার নাম ধার করে বলতে পারি, ‘নবযুগ’-সম্ভাবী : অগ্নি-বীণা (১৯২২), বিষের বাঁশী (১৯২৪), ভাঙার গান (১৯২৪), সাম্যবাদী (১৯২৫), সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), সন্ধ্যা (১৯২৯), প্রলয়-শিখা (১৯৩০) এই আটটি কবিতাগ্রন্থে নজরুল ইসলাম বাংলা কবিতাকে রবীন্দ্রোত্তর এক নতুন কালে পৌঁছে দিলেন। পত্রিকার নাম নবযুগ (আমাদের ধারণা শেরে-বাংলা এ. কে. ফজলুল হকের [১৮৭৩-১৯৬২] মালিকানাধীন নজরুল ও কমরেড মুজফ্ফর আহমদ (১৮৮৯-১৯৭৩)-সম্পাদিত নবযুগ [প্রথম প্রকাশ : জুলাই ১৯২০] পত্রিকার নাম নজরুল-প্রদত্ত), প্রবন্ধগ্রন্থের নাম যুগ-বাণী (১৯২২), কবিতাগ্রন্থের নাম অগ্নি-বীণা Ñ এ ছিল আশ্চর্য বিস্ময়কর। বিশের দশকে কবিতাগ্রন্থের নামগুলোই যেন ছিল স্বপ্নাক্রান্ত Ñ লিপিকা, লেখন, মহুয়া, পূরবী (রবীন্দ্রনাথ), কুসুমের মাস (অজিত দত্ত), রাখী (অন্নদাশঙ্কর রায়), ধানদূর্বা (করুণানিধান বন্দ্যোপাধ্যায়), দীপ ও ধূপ (কামিনী রায়), লাজাঞ্জলি (কালিদাস রায়), রজনীগন্ধা (কুমুদরঞ্জন মল্লিক), বালুচর (জসীমউদ্দীন), ঝরা পালক (জীবনানন্দ), গোধূলি (নিরুপমা দেবী), দেয়ালি (প্রমথনাথ বিশী), স্বপনপসারী (মোহিতলাল), নীহারিকা (যতীন্দ্রমোহন বাগচী), লীলাকমল (রাধারানী দেবী), মৃদঙ্গ (শাহাদাৎ হোসেন), পথ চলতে ঘাসের ফুল (সজনীকান্ত), দীপান্বিতা (হেমচন্দ্র বাগচী), স্বপ্নসাধ (হুমায়ুন কবির)। ওরকম নাম নজরুলও দিয়েছেন তাঁর কবিতাগ্রন্থের : দোলনচাঁপা (১৯২৩), ছায়ানট (১৯২৪), পূবের হাওয়া (১৯২৫), চক্রবাক (১৯২৯) ইত্যাদি। কিন্তু নজরুল যেখানে কবিতাগ্রন্থের নামে ও উপচারে নতুন, সেখানে ওই অগ্নিবীণা-বিষের বাঁশী প্রভৃতি কবিতাগ্রন্থ, সেখানে নজরুল অপ্রতিম।
বাংলা কবিতায় অমূর্ততাকে শব্দছন্দবন্ধনে প্রথম বেঁধেছিলেন রবীন্দ্রনাথ। ‘কেবল হৃদয়ে দেখি, দেখাইতে পারিনে।- বিহারীলাল চক্রবর্তীর এই আক্ষেপ রবীন্দ্রনাথ তাঁর শত শত কবিতায় ঘুচিয়ে দিয়েছেন। বাংলা কবিতায় এটাই রবীন্দ্রনাথের মহত্তম দান। ঊর্ণনাভের জাল বিস্তারের সঙ্গে রবীন্দ্র-কবিতাকে তুলনা দিয়ে আক্রমণ করেছিলেন বিপিনচন্দ্র পাল (১৮৫৮-১৯৩২)। বিপিনচন্দ্র পাল বুঝতে পারেননি বা চাননি যে, বাংলা কবিতার আপন অন্তরের ওই তন্তুজাল বিস্তারণ ছিল না, এবং সেই কাজ নিষ্পন্ন করেছেন বলেই রবীন্দ্রনাথ প্রাতঃস্মরণীয়। ‘রবীন্দ্রানুসারী কবি’ বলে যাঁদের আমরা চিহ্নিত করি, তাঁরা রবীন্দ্রনাথের কবিতার বহিঃশরীর যতখানি অনুসরণ করেছেন ততটাই সন্ধান পাননি তার অন্তঃসারের, তার শাঁসের, তার আত্মার। কিন্তু তারপরও রবীন্দ্রপ্রবর্তিত কবিতার অন্তত বহিরঙ্গ তাঁরা আশ্রয় করেছিলেন এবং শক্তিশালীরা তার মধ্যেই আপনাপন স্বাক্ষর মুদ্রিত করেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২), করুণানিধান বন্দ্যোপাধ্যায় (১৮৭৭-১৯৫৫), যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৭-১৯৪৮), কুমুদরঞ্জন মল্লিক (১৮৮৩-১৯৭০), কালিদাস রায় (১৮৮৯-১৯৭৫) প্রমুখ রবীন্দ্রঘরানার মধ্যেও নিজস্বতা খচিত করেছেন। নজরুল ইসলামের কবি হিসেবে মহত্ত্ব এখানে যে, তিনি রবীন্দ্র-প্রবর্তিত ও অনুসৃত অমূর্ত সরল-স্নিগ্ধ পল্লিপ্রাণ সুশান্ত কবিতার জায়গায় নিয়ে এলেন কবিতায় তীব্র দেশপ্রেম, স্বাধীনতাস্পৃহা, শ্রেণিগত সাম্যভাবনা হিন্দু-মুসলমান মিলনভাবনা। যে-সাময়িকতা ছিল খবরের কাগজের পৃষ্ঠায়, তা কবিতায়িত হলো। জনমানসকে এমনভাবে তা স্পর্শ করল যে, সাহিত্যেতিহাস-রচয়িতা সুকুমার সেন জানিয়েছেন যে, অগ্নি-বীণা বিক্রয়সংখ্যায় প্রাগ¦র্তী সব কবিতাগ্রন্থকে অতিক্রম করে গেল। তা যদি ‘অমার্জিত চীৎকৃত উচ্চারণ’ হতো (যেমন বলেছেন আলোক সরকার, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা-আলোচনা প্রসঙ্গে Ñ যে-বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবসময় নজরুলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন), তাহলে ১৯৪২ সালে যিনি স্তব্ধ হয়ে গেছেন Ñ ২০০৫ সালে তাঁকে পুনরালোচনার দরকার হতো না। চিৎকারকে বাণীবন্দনায় রূপান্তরিত করেছেন নজরুল। যদি নজরুলের কবিতা কেবল বিষয়মুখ হতো, তবে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে ফিরেফিরতি তাঁর পুনর্পাঠ পুনর্মূল্যায়নের প্রয়োজন হতো না। রবীন্দ্রসমকালীন কবি কামিনী রায় (১৮৬৪-১৯৩৩) রবীন্দ্রকবিতায় লক্ষ্য করেছিলেন ‘ছন্দ, সুর, নিখুঁত মিল, উপলাহত গিরিস্রোতের কলকল ধ্বনি, ইন্দ্রধনুর মতো বর্ণের ক্ষণিক মেলা, আবছায়া স্বপ্নের আবেশ।’ কিন্তু তারপরেই বলেছিলেন, ‘… কিন্তু কেবল এইগুলি দিয়াই হৃদয় পরিতৃপ্ত হয় না, আর কিছু চাই। সুখ, দুঃখ, ক্ষুধা, তৃষ্ণা, আশা-আকাক্সক্ষা, গভীর আনন্দ ও তীব্র বেদনা এইসকল দিয়া যে মানব-জীবন তাহার একটা জাগ্রত অস্তিত্বও আছে Ñ এবং তাহার একটা সরল সবল প্রকাশের উপযোগী কবিতাও আছে ও থাকিবে।’ রবীন্দ্রনাথের ইন্দ্রধনু-কবিতার পরে নজরুল আনলেন এই ‘সরল সবল’ কবিতা, ‘জাগ্রত অস্তিত্বে’র কবিতা। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রানুসারী কবিদের সঙ্গে এখানেই তাঁর মৌলিক পার্থক্য। রবীন্দ্রানুসারী কবিসমাজ (দে’জ সংস্করণ, ১৯৯৮) গ্রন্থে অরুণকুমার মুখোপাধ্যায় নজরুলকেও ‘রবীন্দ্রানুসারী’ বলে মার্কা দেওয়ার দুর্বল চেষ্টা করেছেন। একটি অনুচ্ছেদ উদ্ধৃত করতে হচ্ছে : ‘রবীন্দ্রানুসারী কবিসমাজ রবীন্দ্রপ্রভাবে বিকশিত ও পরিণত। আপত্তি উঠতে পারে নজরুল, মোহিতলাল, যতীন্দ্রনাথকে নিয়ে। কিন্তু গভীরভাবে আলোচনা করলে দেখা যায়, তাঁদের বিদ্রোহ রবীন্দ্র-প্রণতির নামান্তর মাত্র। নজরুলের যে-বিদ্রোহ তা রোমান্টিক বিদ্রোহ। যৌবনের যে-গান নজরুল গেয়েছেন তার সঙ্গে, রবীন্দ্রনাথের তারুণ্যবন্দনার মিল রয়েছে। বলাকা কাব্যের ‘সবুজের অভিযান’ কবিতার সঙ্গে নজরুলের ‘দুর্বার যৌবন’ কবিতার মিল স্পষ্টই ধরা পড়ে। আর নজরুলের প্রেমচেতনা মূলত রবীন্দ্রানুসারী, তার প্রমাণ দোলন-চাঁপার প্রেমকবিতা ও গজল গান।’ (পৃষ্ঠা ১৮) Ñ মোহিতলাল ও যতীন্দ্রনাথ সম্পর্কে অরুণকুমারের মন্তব্য-সম্পর্কে এখানে নীরব থাকব। কিন্তু ‘রোমান্টিক বিদ্রোহী’ হলেও রবীন্দ্রনাথ ও নজরুল এক নন, বলাকা আর অগ্নিবীণা একরকম কবিতাগ্রন্থ নয়, নজরুলের গজল গানের গৌরব হরণ করার চেষ্টাও অপচেষ্টা। কোনো-একটি কবিতার সঙ্গে অন্য একটি কবিতার সাযুজ্য থেকে একজন কবির সামগ্রিক চারিত্রচিহ্ন নির্ধারণ করার প্রয়াসও সরলীকরণ মাত্র। নজরুল তাঁর পূর্বজ রবীন্দ্রনাথ তো বটেই দ্বিজেন্দ্রলাল-সত্যেন্দ্রনাথ থেকেও সুপ্রচুর উপচার ও করণকৌশল আহরণ করেছেন, কিন্তু সব মিলিয়ে তিনি এক সম্পূর্ণ নতুন কবি।
তিরিশের কবি বলে যাঁদের আমরা চিনি Ñ জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, এমনকি প্রেমেন্দ্র মিত্র, এমনকি যদি সমর সেনকেও (১৯১৬-৮৭) ধরা হয় Ñ সকলেই তিরিশের দশকে আত্মচারিত্র খুঁজে পেয়েছেন। ১৯৩০ খ্রিষ্টাব্দটি তিরিশের প্রবেশদ্বার যদি বিবেচনা করি, তবে দেখতে পাব ওই সন্ধিসময়ে প্রকাশিত হয়েছে নজরুলের প্রলয়-শিখা, যা প্রকৃতার্থে নজরুলের সর্বশেষ কবিতাগ্রন্থ (তিরিশের দশকে প্রকাশিত তাঁর একমাত্র কবিতাগ্রন্থ নির্ঝর, তাঁর কৈশোরক ও পরবর্তী রচনার একটি এলোমেলো সংগ্রহ মাত্র), আর বুদ্ধদেব বসুর বন্দীর বন্দনা ও অন্যান্য কবিতা যেন নতুন কবিতার দরোজা খুলে দিয়েছে। প্রেমেন্দ্র মিত্রের প্রথমা, জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি, অমিয় চক্রবর্তীর খসড়া, বিষ্ণু দে-র উর্বশী ও আর্টেমিস, সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা, সমর সেনের গ্রহণ যখন প্রকাশিত হচ্ছে, তখন নজরুল ইসলাম সংগীতে নিমজ্জিত, কবিতা লেখায় আর তাঁর মন নেই। এঁরা বাংলা কবিতাকে সম্পূর্ণ এক নতুন স্থানে নিয়ে এসেছেন, রবীন্দ্র-নজরুলোত্তর নতুন আয়তনে, সমবয়সী হয়েও তাই নজরুল এঁদের অগ্রজ কবি।
নজরুল ইসলামের সমসাময়িক কবিদের মধ্যে একদল আছেন রবীন্দ্রানুসারী, একদল নজরুলানুসারীও, আরেকটি গ্রুপ রবীন্দ্র-নজরুলোত্তর নতুন কবিতা সৃষ্টি করেছেন। কিন্তু নজরুল বাংলা কবিতার ইতিহাসে একটি সম্পূর্ণ পরিচ্ছেদ। রবীন্দ্রনাথের মতোই তাঁরও কোনো উত্তরসূরি নেই। তিনি তাঁর সৃষ্টিসুখের উল্লাসে একক স্বতন্ত্র স্বাধীন।

Leave a Reply
You must be logged in to post a comment.