সাহিত্যের জন্য নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী শ্বেতাঙ্গিনী লেখক নাদিন গর্ডিমার জন্মগ্রহণ করেন জোহানেসবার্গ থেকে মাইল ত্রিশেক দূরের খনি-শহর ¯িপ্রঙ্গে। তারিখটা ছিল ১৯২৩ সালের ২০ নভেম্বর। পিতা ইসিডোর গর্ডিমার, এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী, লিথুনিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন ভাগ্যোন্নয়নের সংকল্প নিয়ে। মা নান্ মেয়ার্স আসেন ইংল্যান্ড থেকে। নাদিনের জন্মের সময় দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ জনসংখ্যা ছিল দেশের মোট জনসংখ্যার সত্তর শতাংশ, কিন্তু দেশের সরকার, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের কোনো ভূমিকাই ছিল না। তখন সর্বত্রই বিরাজ করছিল চরম জাতিভেদ ও বর্ণবিদ্বেষ। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা বাস করত পৃথক পৃথক এলাকায়, এবং দুই বর্ণের জন্য আইনও ছিল দুইরকম। দক্ষিণ আফ্রিকার নাটালে মহাত্মা গান্ধীর অসহযোগ-আন্দোলন প্রসঙ্গে এসব তথ্যের অনেকখানি আমাদের জানা। স্কুলে নাদিন ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন না। ক্লাসের বইয়ের চাইতে অন্য বইপত্র পড়াতেই তাঁর আগ্রহ ছিল বেশি। তিনি দীর্ঘ সময় কাটাতেন লাইব্রেরিতে। পরবর্তী সময়ে নাদিন লিখেছেন যে, স্থানীয় পাঠাগারই ছিল তাঁর বিদ্যাপীঠ।
নাদিন গর্ডিমার তাঁর ছাত্রজীবন থেকেই রাজনীতি-সচেতন হয়ে ওঠেন, যদিও তাঁর বাবা-মা এ-বিষয়ে উৎসাহী ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গ জনগোষ্ঠী কর্তৃক সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ মানুষদের ওপর সংঘটিত অত্যাচার-অবিচার-নির্যাতন ও চরম বৈষম্যমূলক আচরণ নাদিনকে অত্যন্ত পীড়িত ও ক্ষুব্ধ করে। নাদিন গর্ডিমার প্রথম থেকেই ছিলেন একশো ভাগ মানবতাবাদী, গণতান্ত্রিক বোধসম্পন্ন এবং সর্বাবস্থায় ন্যায় ও সত্যের পক্ষে। শ্বেতাঙ্গ বলে তাঁর মধ্যে কোনো গর্ববোধ ছিল না। বস্তুতপক্ষে তিনি তথাকথিত শ্বেতাঙ্গ ছিলেনই না। তাঁর ভাষায় তিনি হলেন সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘু, এ মাইনরিটি উইদিন দি মাইনরিটি।
অল্পবয়স থেকেই নাদিন গর্ডিমার লিখতে শুরু করেন। তেরো বছরের সময় তাঁর একটি ছোটগল্প জোহানেসবার্গের এক দৈনিক পত্রিকায় ছোটদের বিভাগে প্রকাশিত হয়। ১৯৩৯ সালের নভেম্বরে বড়দের জন্য লেখা তাঁর প্রথম গল্প ‘কাম এগেন টুমরো’ একটি খ্যাতনামা সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়। তখন নাদিন গর্ডিমারের বয়স মাত্র পনেরো বছর। এরপর থেকেই সাহিত্যক্ষেত্রে তাঁর নিয়মিত দৃপ্ত পদচারণ শুরু হয়। লেখার পাশাপাশি তিনি বিশ্বসাহিত্যের সেরা লেখকদের অনেক রচনা পাঠ করেন এবং নিজের কাছেই নির্মোহভাবে তাঁদের রচনাশৈলী বিশ্লেষণ ও ব্যাখ্যায় ব্রতী হন। মোপাসাঁ, চেকভ, তলস্তয় থেকে শুরু করে ডি এইচ লরেন্স, সমারসেট মম, ও’ হেনরি কেউই তাঁর পড়ার তালিকা থেকে বাদ যায় না।
গর্ডিমার তাঁর বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ না করেই সার্বক্ষণিক লেখকরূপে সাহিত্যভুবনে প্রবেশ করলেন। ১৯৪৯ সালে প্রকাশিত হলো তাঁর প্রথম গল্পসংকলন ফেস টু ফেস, মুখোমুখি। তাঁর প্রথম উপন্যাস দি লাইং ডেজ (মিথ্যা বলার দিনগুলি) প্রকাশিত হয় ১৯৫৩ সালে।
নাদিন গর্ডিমারের সব লেখায় প্রাধান্য পেয়েছে বর্ণবাদবিরোধী দৃষ্টিভঙ্গি। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মানুষদের বহুমাত্রিক ও নিরন্তর দ্বন্দ্বই তাঁর রচনার মৌল উপজীব্য। তবে যা বিশেষভাবে লক্ষণীয়, তা এই যে, তিনি কখনোই তাঁর সাহিত্যকর্মকে একপেশে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হতে দেননি। সাহিত্যিক-সততা অক্ষুণ্ন রেখে তিনি অলঙ্ঘনীয় বাস্তবতার পটভূমিতে কৃষ্ণাঙ্গদের শোষণ-বঞ্চনার কাহিনী উপস্থাপন করেছেন। আর এর মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের একজন দক্ষ ইন্টারপ্রেটার। প্রখ্যাত সম্পাদক-সংকলক স্টিফেন ক্লিংম্যানের ভাষায়, ‘টু মেনি শি হ্যাজ থ্রু হার ফিকশন বিকাম দি ইন্টারপ্রেটার অব সাউথ অ্যাফ্রিকা, অ্যাজ ওভার দি ইয়ার্স দিস কান্ট্রি হ্যাজ মার্চড ডাউন ইটস ডুমরিডন স্লোপ অব অ্যাপার্থায়েড। ইনসাইড দ্যাট ট্র্যাজেডি গার্ডিমার্স হ্যাজ বিন এ ভয়েস অব কনশান্স, অব মোরাল রিগার, অ্যান্ড অব এ ক্ল্যারিফাইড হোপ…।’
গর্ডিমার উপন্যাস ও ছোটগল্প উভয় অঙ্গনে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁর বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে দি সফট ভয়েস অব দি সার্পেন্ট, ফ্রাইডে’স ফুটপ্রিন্ট, লিভিংস্টোন’স কম্পেনিয়নস, সামথিং আউট দেয়ার এবং জাম্প অ্যান্ড আদার স্টোরিস। শেষ বইটি প্রকাশিত হয় ১৯৯১ সালে। চমৎকার ছোটগল্প লিখলেও গর্ডিমার প্রধানত ঔপন্যাসিক হিসেবেই বেশি পরিচিত। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে এ ওয়ার্ল্ড অব স্ট্রেঞ্জার্স, দি কনজারভেশানিস্ট, এ গেস্ট অব অনার, বার্গার্স ডটার, দি লেইট বুর্জোয়া ওয়ার্ল্ড, জুলাই’স পিপল, এ স্পোর্ট অব নেচার, এবং মাই সান’স স্টোরি। গর্ডিমারের মাই সান’স স্টোরি প্রকাশিত হয় ১৯৯০ সালে।
গর্ডিমারের উপন্যাসগুলির মধ্যে দি কনজারভেশানিস্ট, এ গেস্ট অব অনার, বার্গার্স ডটার এবং জুলাই’স পিপল বিশেষভাবে পাঠকনন্দিত হয় এবং সমালোচকদের উচ্চ প্রশংসা অর্জন করে। দি কনজারভেশানিস্ট বা সংরক্ষণবাদী উপন্যাসের কাহিনী কাঠামোর মধ্যে একটা সূক্ষ্ম আয়রনি ও প্রতীকী ব্যঞ্জনা আছে। এ-উপন্যাসে যে-নিগ্রোটি নিজের জমি থেকে বিতাড়িত হয়ে অন্যত্র চলে গিয়েছিল, সে-ই আবার একসময়ে নিজের ভূখণ্ডে ফিরে এসে সেখানে মৃত্যুবরণ করে এবং সেখানেই তার মরদেহ সমাহিত করা হয়। অন্যদিকে যে-শ্বেতাঙ্গ মানুষটি তার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছিল মৃত্যুর পর কবর দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় অন্যত্র।
১৯৭০ সালে প্রকাশিত গর্ডিমারের এ গেস্ট অব অনার তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে অভিনন্দিত হয়েছে প্রধানত এর রাজনৈতিক ব্যঞ্জনার জন্য। ১৯৮১ সালে প্রকাশিত জুলাই’স পিপল উপন্যাসটিও বক্তব্য, কাহিনীর উপস্থাপন, কৌশল এবং ভাষাশৈলীর জন্য উচ্চ-প্রশংসিত হয়েছে। ১৯৯১ সালে তাঁকে যখন নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় তখন সুইডিস অ্যাকাডেমি বিশেষভাবে এর উল্লেখ করে।
নাদিন গর্ডিমার প্রায় অর্ধশতাব্দীকাল ধরে তাঁর সাহিত্যকর্ম দ্বারা ইউরোপ-আমেরিকা ও তাঁর স্বদেশ দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের সাহিত্যভুবনের প্রায় সর্বত্র নিজের জন্য উচ্চ-প্রশংসার আসন সৃষ্টি করে নিয়েছেন। নোবেল বিজয়ের পূর্বেই তিনি অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন, যেমন ইতালির মালাপার্তে পুরস্কার, জার্মানির নেলি সাকস পুরস্কার, স্কটিস আর্ট কাউন্সিলের নিল গান ফেলোশিপ এবং ফরাসি আন্তর্জাতিক পুরস্কার গ্রঁ আই দ্য। তাঁর গল্প-উপন্যাস বিশ্বের প্রায় বিশটি ভাষায় অনূদিত হয়েছে। আজ অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন বর্ণবাদ-লাঞ্ছিত দক্ষিণ আফ্রিকার সমকালীন জীবনের অনন্য রূপকার, যাঁর রচনায় শিল্পগুণের পাশাপাশি লেখকের সততা ও দায়বদ্ধতার বিষয়টি সমান ঔজ্জ্বল্য নিয়ে ফুটে উঠেছে।
তবে কথাসাহিত্য ছাড়াও তিনি যে নন-ফিকশন প্রোজ তথা – প্রবন্ধ, ভ্রমণকথা, লিখিত আকারে বক্তৃতা-ভাষণ প্রভৃতির মাধ্যমেও তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন, আমরা অনেকেই দীর্ঘকাল ধরে সে-সম্পর্কে অবহিত হইনি। এ-ধারার একটি সংকলনগ্রন্থ হলো দি এসেনশিয়াল জেস্চার, প্রথম প্রকাশিত হয় ১৯৮৮ সালে। মূল নামের পর কোলন চিহ্ন দিয়ে বলা হয়েছে, ‘রাইটিংস, পলিটিক্স অ্যান্ড প্লেসেস।’ গ্রন্থভুক্ত রচনাগুলি সৃষ্টিশীল লেখক, সাহিত্য-সমালোচক ও সাধারণ পাঠক সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় একজন লেখকের পরিস্থিতি কী, তাঁকে কী ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়, তাঁর নিজস্বমনোভুবন এবং বাইরের পরিপার্শ্ব তাঁর জন্য কী জাতীয় সমস্যার জন্ম দেয় – এসব বিষয়ের ওপর এ-গ্রন্থের একাধিক প্রবন্ধে আলোকসঞ্চারী মন্তব্য পাই।
বিভিন্ন প্রবন্ধে গর্ডিমার লেখকের স্বাধীনতা, দায়বদ্ধতা এবং অঙ্গীকার, সেন্সরের ফাঁস, অস্বীকার করা ইতিহাস, প্রতিবাদের আবশ্যকতা, দি আনকিলেবল ওয়ার্ড তথা মৃত্যুঞ্জয়ী বাণী প্রভৃতি বিষয় উদ্দীপনাময়ভাবে তুলে এনেছেন। বিশ্বসভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে এসব নিয়ে লেখালেখি নতুন নয়, কিন্তু বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় যখন একজন বিবেকবান প্রতিভাময়ী শ্বেতাঙ্গ লেখিকা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব নিয়ে লেখেন, তখন তা একটি ভিন্নতর দীপ্তি ও তীক্ষèতা পায়। নাদিন গর্ডিমার একটা গোটা সমাজের রূপান্তর প্রত্যক্ষ করছেন, অমানবিক বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ মানুষদের বহুমুখী প্রতিবাদী কর্মকাণ্ড লক্ষ করছেন, উদারপন্থি বিবেকবান কিছু সংগ্রামী শ্বেতাঙ্গ মানুষকেও সেই প্রতিবাদের সঙ্গে যুক্ত হতে দেখছেন, তাঁর নিজের কমিটমেন্টকেও তিনি দৃঢ়তর হতে দেখছেন, তাঁর নিজের চিত্তের বিকাশ ও ব্যাপ্তি ঘটছে, তাঁর ভেতরের ক্ষোভ-ক্রোধ-যন্ত্রণা এবং সেই সঙ্গে বিশ্বাস ও আশাবাদও বাড়ছে – আমরা গ্রন্থভুক্ত প্রবন্ধগুলিতে এই সবকিছুর স্বচ্ছ প্রতিফলন দেখি।
আলোচ্য গ্রন্থে ‘ধূসর মধ্যবর্তীকালে জীবন যাপন’ নামে গর্ডিমারের একটি রচনা সংকলিত হয়েছে। ১৯৮০-র দশকের গোড়ার দিকে গর্ডিমার নিউইয়র্ক ইনস্টিটিউট অব হিউম্যানিটিসে জেমস লেকচার হিসেবে এই ভাষণটি প্রদান করেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশগুলি – মোজাম্বিক, অ্যাঙ্গোলা, জিম্বাবুয়ে – স্বাধীন হয়েছে। দক্ষিণ আফ্রিকার সোয়েটো-অভ্যুত্থান দমন করা হয়েছে, কিন্তু প্রতিবাদ-প্রতিরোধ-বিপ্লব দিন দিন নতুন শক্তি সঞ্চয় করে চলেছে। এটা স্পষ্ট যে, দক্ষিণ আফ্রিকায় আমূল পরিবর্তন হবে কিন্তু এর মধ্যেই নানা বৈপরীত্য, নানা টানাপড়েন এবং এক ধরনের ধূসরতা বিরাজ করছে, বিশেষ করে প্রতিবাদী সংখ্যালঘু সৃষ্টিশীল লেখকদের জন্য। নাদিন গর্ডিমার অসামান্য নৈপুণ্য ও সততার সঙ্গে সে-ছবি তাঁর এই প্রবন্ধে বা ভাষণে তুলে ধরেছেন। শেষদিকে তিনি বলেছেন, ‘সত্য কথাটা এই যে, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষ আর আমার মতো শ্বেতাঙ্গ মানুষরা এখন আর বিশ্বাস করি না যে, পাশ্চাত্য পুঁজিবাদ আমাদের আবাসভূমিতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমর্থ হবে। আমাদের ইতিহাসে কিংবা চলমান বর্তমানে আমরা তার কোনো সম্ভাবনা দেখি না। পাশ্চাত্যের গণতন্ত্রসমূহ তাদের বিশাল ক্ষমতা ও প্রভাব নিয়ে নিজেদের ক্ষেত্রে যাই অর্জন করুক না কেন আমাদের জন্য কিছু করার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হচ্ছে। যারা আমাদেরকে প্রশ্ন করে, কেন একটা বিকল্প বামের আহ্বান জানাচ্ছি, কেন একটা বিকল্প পুঁজিবাদ নয়? তাদের কাছে আমাদের উত্তর, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাইরে থেকে কাজ করেছে এমন একটি পুঁজিবাদ আমাদের দেখান।
আন্তর্জাতিক অর্থ তহবিল দক্ষিণ আফ্রিকার সরকারকে যে এক বিলিয়ন ডলারের মতো অর্থ ঋণ দিচ্ছে তার মধ্যে কোথায় এইসব শর্ত আছে যা তার জনগোষ্ঠীকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে বাধ্য করবে, যা সবার জন্য বর্ণবৈষম্যহীন সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করতে তাকে বাধ্য করবে, নাগরিকত্ব থেকে বঞ্চিত করা লাখ লাখ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে বাধ্য করবে?
‘ধূসর মধ্যবর্তীকালে জীবন যাপন’ প্রবন্ধের শেষদিকে গর্ডিমার যা বলেছেন তা এইরকম : পুঁজিবাদের যত সংস্কারই হোক না, তার মূল দর্শন এই যে, স্বল্পসংখ্যক মানুষের জন্য সম্পদ সৃষ্টির মধ্য দিয়েই বিপুলসংখ্যক মানুষের স্থায়ী সমৃদ্ধির ব্যবস্থা করা যাবে। কিন্তু আমরা এই দর্শনের মধ্যে মানুষের সাম্যের চূড়ান্ত প্রতিশ্রুতি পূরণের কোনো আশা দেখি না। মানুষ একদিন একটা অসম্ভব কাজ করেছিল। সে যেদিন চার পায়ে হাঁটা ছেড়ে দুপায়ে উঠে দাঁড়ায় সেদিনই সে তার নিজের সঙ্গে একটা পবিত্র এবং অলঙ্ঘনীয় চুক্তি করেছিল : সাম্যপ্রতিষ্ঠার চুক্তি। আজ, বর্তমানের ধূসর মধ্যবর্তীকালে, আমরা যেখানে একই সঙ্গে বাস করছি সেখানে, মার্কিন বামকে তার সমস্ত শক্তি নিয়ে তৃতীয় বিশ্বের আমাদের সঙ্গে যোগ দিতে হবে – মার্কিন বাম যারা সাম্যবাদের ব্যর্থতায় মোহমুক্ত আর তৃতীয় বিশ্বের আমরা যারা পুঁজিবাদের ব্যর্থতার জীবন্ত সাক্ষী। আমাদের অনমনীয়তার সঙ্গে এই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতেই হবে যে, একটা বিকল্প বাম অবশ্যই সম্ভব যেখানে অর্থনৈতিক কিংবা সামরিক আতঙ্ক থাকবে না। আমরা যদি এটা করতে না পারি তবে একসময়ে ওই সম্ভাবনাই মরে যাবে এবং, কে জানে, আরো কত রক্তাক্ত যুগের পর তা আবার পুনরাবি®কৃত হবে।
নাদিন গর্ডিমার তাঁর এই আন্তরিক, সাহসী এবং উদ্দীপনাময় ভাষণটি শেষ করেছেন এইভাবে : ওই আদর্শ দ্বারা আমাদের সর্বদা যন্ত্রণাপীড়িত হতে হবে। সে-সম্ভাবনা জাগিয়ে রাখতেই হবে যেন মানুষ তাকে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয়, বারংবার, বারংবার, এ-বিশ্বের যেখানেই সে-প্রয়াস নেওয়া হয়নি কিংবা নেওয়ার পর ব্যর্থ হয়েছে সেখানেই এ-চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখানেই তৃতীয় বিশ্বের প্রতি আপনাদের দায়িত্ব আর আমার দায়িত্ব একসঙ্গে এসে মিলিত হয়। এ-সম্ভাবনার দিকে পদচারণা করার সংকল্পব্যতীত পশ্চিমের শ্বেতাঙ্গ আর তাদের প্রাক্তন প্রজাবৃন্দের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারবে না, কারণ ওই প্রাক্তন প্রজাবৃন্দের জন্য সে-অতীত পাশ্চাত্যের পুঁজিবাদের এক অরণ্য, আলো ভেবে মিশনারিরা নিজেদের সঙ্গে করে যা এনেছিলেন কদাচ তা নয়।
১৯৮৪ সালে নাদিন গর্ডিমার তাঁর ‘দি এসেনশিয়াল জেস্চার’ প্রবন্ধটি লেখেন। ইতিপূর্বে লেখকের স্বাধীনতা, প্রাসঙ্গিকতা ও অঙ্গীকার প্রভৃতি বিষয়ে তিনি যা বলেছেন এখানে তাকে আরো সংহত ও ঋজু করে তোলেন, তদুপরি তিনি এখানে তাঁর নিজের সাহিত্যকর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর বক্তব্য উপস্থিত করতে গিয়ে তিনি ইউরোপ, তৃতীয় বিশ্ব এবং স্বদেশ দক্ষিণ আফ্রিকার অনেক শ্রেষ্ঠ লেখক ও সাহিত্যতত্ত্ববিদের প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং তাঁদের সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এভাবেই এই লেখাতে চলে এসেছে চেসল’ মিলোজ, মিলান কুন্ডেরা, চিনুয়া আচেবে, ওল সোয়িঙ্কা, জেমস জয়েস, ফ্রানয কাফকা,আলবেয়ার কাম্যু, আনা আখমাতোভা, হাইনরিখ বোল, গুন্টার গ্রাস, অক্টোভিয়া পাজ, আর্নেস্ট ফিশার ও জর্জ স্টাইনার প্রমুখ।
গর্ডিমার লেখকের দুটি দায়িত্বের ওপর জোর দিয়েছেন। লেখক দায়বদ্ধ দুটি ক্ষেত্রে। একটি সমাজের ক্ষেত্রে, একটি তাঁর লেখার ক্ষেত্রে। এ-দুটির একটাকেও তাঁর এড়িয়ে যাবার উপায় নেই। এ-দুটিকে মেলাতে হবে। বস্তুতপক্ষে দুটি যদি এক হয়ে উঠতে পারে তাহলেই সর্বোত্তম হয়, কিন্তু স্বৈরশাসিত দেশে, দক্ষিণ আফ্রিকার মতো দেশে, কাজটি সহজ নয়।
সেন্সরশিপ, বই বাজেয়াপ্ত ও নিষিদ্ধকরণ, লেখককে জেলে পোরা ও তার ওপর জুলুম-নির্যাতন চালানো সেখানে অত্যন্ত বাস্তব সত্য। অথচ চারপাশের সামাজিক বাস্তবতা, বর্ণবাদের অভিশাপ, কৃষ্ণাঙ্গ মানুষের যন্ত্রণা ও বিদ্রোহ, এসব তো কোনো সৎ লেখকই উপেক্ষা করতে পারেন না। অন্যদিকে লেখকের অবশ্যই একাকিত্ব প্রয়োজন, গজদন্ত-মিনারের নিরাপত্তা নয়, শৈল্পিক স্বাধীনতার জন্য আত্মার যে একাকিত্ব দরকার সেটুকু তাঁর চাই-ই। ‘দি এসেনশিয়াল জেস্চার’ প্রবন্ধের শেষ অনুচ্ছেদে গর্ডিমার লিখেছেন : ‘এ-পৃথিবীর সর্বত্রই লেখককে অপরের বন্ধনমুক্ত থাকতে হবে, কিন্তু একই সময়ে অন্যদের সঙ্গে তাঁকে একটা প্রাণবন্ত সংযোগও রক্ষা করতে হবে। তার প্রয়োজন শৈল্পিক স্বাধীনতা এবং সে জানে যে, বৃহত্তর একটা যোগসূত্র ছাড়া সেটার অস্তিত্ব টিকে থাকবে না। সৃজনশীল আত্মমগ্নতা ও বিবেকচালিত সচেতনতা এই দুটির উপস্থিতি সে অনুভব করে আর তারা যে পরস্পরের সঙ্গে মরণসংগ্রামে লিপ্ত নয়, বরং তারা যে একটা ভ্রƒণ, যুগ্মভাবে বিকশিত হবার জন্য অপেক্ষমাণ, এ-বিষয়ে তাকে সুস্পষ্ট অবহিত হতে হবে।’
সাহিত্য ও রাজনীতি ছাড়াও আলোচ্য গ্রন্থে গর্ডিমার কয়েকটি স্থানের কথা বলেছেন, যেখানে তিনি ভ্রমণ করেছেন, যেসব ভ্রমণ তাঁর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে, তবে সেটার ওপর তিনি প্রত্যক্ষ গুরুত্ব দেননি, বরং ভ্রমণের আনন্দ, বিস্ময় ও মুগ্ধতাকেই প্রাধান্য দিয়েছেন। তাঁর ভ্রমণসম্পর্কিত রচনাগুলির মধ্যে রয়েছে পুনর্বার ইজিপ্ট ভ্রমণ, কঙ্গো নদী, মাদাগাস্কার প্রভৃতি। স্থানের কথা ছাড়াও কতিপয় ব্যক্তির কথাও গর্ডিমারের এ-গ্রন্থে সংকলিত হয়েছে। যেমন, লুথুলির কথা। ১৯৫০-এর দশকে এই অসাধারণ মানুষ অ্যালবার্ট জন লুথুলি ছিলেন আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট জেনারেল। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের মুক্তি, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন এবং শান্তির পক্ষে এক অনমনীয় সৈনিক ছিলেন তিনি। বহু নির্যাতন সহ্য করেছেন, দেশদ্রোহিতার সাজানো মামলায় হয়রানির শিকার হয়েছেন, কিন্তু কখনো হতোদ্যম হননি। ১৯৬০ সালে
লুথুলি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। প্রথম দক্ষিণ আফ্রিকান। নাদিন গর্ডিমার তাঁর ‘চিফ লুথুলি’ শীর্ষক রচনায় এই অসামান্য মানুষের একটি চমৎকার প্রতিকৃতি এঁকেছেন।
আরেকটি উল্লেখযোগ্য রচনা আছে, যার নাম ‘ব্রাম ফিশার কেন কারাগার বেছে নিলেন?’ ১৯৬০-এর দশকের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার কম্যুনিস্ট পার্টির একজন শ্বেতাঙ্গ সদস্য অ্যাব্রাম ফিশার সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন, নানারকম সুপরিকল্পিত নাশকতামূলক কাজে লিপ্ত হন, ধরা পড়েন, বিচার চলাকালে আশ্চর্যভাবে জামিন ভেঙে পালিয়ে যান, দক্ষিণ আফ্রিকাতেই লুকিয়ে থাকেন, যদিও নিশ্চিত জানতেন যে, একদিন ধরা পড়বেনই। তিনি দশমাস আত্মগোপন করে ছিলেন, তারপর যখন তাঁকে আবার আদালতের সামনে দাঁড়াতে হলো তখন তাঁর এই ‘জেস্চার’টি কেন তাঁর উত্তর তিনি তাঁর সহনাগরিকদের কাছে, আইন-ব্যবসায়ে তাঁর সহকর্মীদের কাছে, তাঁর শত্রুদের কাছে এবং দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ মানুষদের কাছে দেন এইভাবে : ‘অ্যাপার্থায়েড যাদের স্থানচ্যুত ও গৃহহারা করেছে তাদের প্রতি বিশ্বস্ত থাকার জন্যই আমি আদালতের কাছে দেওয়া আমার কথা ভঙ্গ করি, আমার পরিবারের সদস্যদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করি, অন্য কেউ বলে ভান করি এবং পলাতকের জীবন বেছে নিই। কারাগারে রাজবন্দি যারা, যারা নির্বাসিত, যাদের কণ্ঠরোধ করা হয়েছে কিংবা যারা গৃহবন্দি, তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি এ-কাজটি করি। আমি আর শুধু দর্শক থাকতে পারিনি, আমাকে সক্রিয়ভাবে অংশ নিতে হয়। আমি জানতাম যে, তারা আমার কাছ থেকে এটাই প্রত্যাশা করে। এবং তাই আমি করেছি। যারা যন্ত্রণা ও বেদনার প্রতি উদাসীন তাদের কাছে আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু যারা এ-নিয়ে ভাবে, যারা চিন্তিত, তাদের কাছে আমার অবশ্যই একটা দায়ভাগ আছে। আমি জানতাম যে, যারা নিজেদের সম্ভ্রান্ত ও আইনানুগ নাগরিক বলে মনে করেন তারা তাদের বিচার-বিবেচনাকে শ্রদ্ধা করবার জন্য, তাকে গুরুত্ব দেবার জন্য আমার নিন্দা করবেন ও আমাকে অভিযুক্ত করবেন, কিন্তু সেই অভিযোগ ও নিন্দার জন্য আমার চিত্তে বিন্দুমাত্র দুঃখবোধ নেই।’
গর্ডিমার তাঁর ব্রাম ফিশার সম্পর্কিত রচনাটি শেষ করেছেন এইভাবে : ‘বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবার পর অন্য সবাই কান্নায় ভেঙে পড়লেও ফিশার ওই ঘোষণাকে গ্রহণ করেন সহজভাবে, ধৈর্যের সঙ্গে। এরকম ঘোষণার পর একটি মানুষের মনের মধ্যে কী হয়, তা কেউ অনুমান করতে পারে না। কিন্তু কারাগারের অভ্যন্তরে বসে অ্যাব্রাম ফিশার হয়তো এখন নিজেকে এই প্রশ্ন করতে পারেন, যাবজ্জীবন? কার জীবন? তাদের? সরকারের? কিংবা আমার?’
ব্রাম ফিশারের জীবন ও কর্মাবলি এবং তদানীন্তন সরকারবিরোধী আন্দোলনের নানা ঘটনা গর্ডিমার শিল্পীর দৃষ্টিকোণ থেকে তাঁর দি লেইট বুর্জোয়া ওয়ার্ল্ড উপন্যাসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। তাঁর একাধিক সৃজনশীল গ্রন্থে লেখকের সামাজিক দায়িত্ব এবং শৈল্পিক অঙ্গীকারের বিষয়দুটি এক বিন্দুতে এসে মিশেছে।
প্রবন্ধ গ্রন্থ হলেও দি এসেনশিয়াল জেস্চার যে একজন সেরা সৃষ্টিশীল কথাসাহিত্যিকের রচনা, তা প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের চোখে পড়ে। সবচাইতে বেশি যা পাঠকচিত্তকে আকর্ষণ করে তা হলো লেখকের সততা, কপটতার প্রতি তাঁর তীব্র ঘৃণা, তাঁর সাহসিকতা আর তাঁর খোলা মন। এ-গ্রন্থটি পড়লে আমরা নাদিন গর্ডিমারের সাহিত্যিক বিকাশ, তাঁর রাজনৈতিক সচেতনতার পরিপুষ্টি, বর্ণবাদের কুৎসিত বাস্তবতা সম্পর্কে তাঁর ক্রমবর্ধমান বোধ প্রভৃতির একটি স্বচ্ছ পরিচয় পাই। তাছাড়াও, সাধারণভাবে, শিল্প সাহিত্য রাজনীতি ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং বিশেষভাবে দক্ষিণ আফ্রিকায় একজন শ্বেতাঙ্গ লেখক, যিনি জানেন যে, তিনি সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু, তাঁর ব্যতিক্রমী সমস্যাসমূহ সম্পর্কে যেভাবে ও যতটুকু আমরা অবহিত হই, তা নিঃসন্দেহে অতি মূল্যবান।
১৯৯১ সালে নোবেল পুরস্কার প্রাপ্তির খবর শুনে নাদিন গর্ডিমার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তা আমাদের চমৎকৃত করে। তিনি বলেন, ‘গত দুবছরের ভেতর এই খবর আমার মধ্যে দ্বিতীয়বারের মতো রোমাঞ্চ জাগালো।’ মানে? মানেটা এই যে, ঠিক আগের বছরই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মুুক্তি-আন্দোলনের অবিসংবাদিত মহান নেতা নেলসন ম্যান্ডেলা ত্রিশ বছর বন্দিজীবন যাপন করার পর কারাগার থেকে মুক্তি লাভ করেন। সেই সংবাদ গর্ডিমারকে নোবেল পুরস্কার লাভের আনন্দের চাইতেও বেশি আনন্দ দিয়েছিল।
দক্ষিণ আফ্রিকার লেখকদের মধ্যে নাদিন গর্ডিমারই প্রথম নোবেল বিজয়ী। সাহিত্যে নোবেল পুরস্কারের নব্বই বছরের ইতিহাসে নাদিন গর্ডিমার হলেন সপ্তম নোবেল বিজয়ী। পঁচিশ বছর পর একজন লেখিকা এই পুরস্কার লাভ করলেন। আর দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার একসময়ে এই লেখকের লেখা গল্প-উপন্যাস-প্রবন্ধ পাঠ নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Leave a Reply
You must be logged in to post a comment.