তেরো

ইংলিশ রোডের কাছাকাছি এসে আবার জ্যামে আটকালো মাইক্রোবাস।

লালুবাবু আধোশোয়া হয়েছিলেন, সোজা হয়ে বসে এদিক-ওদিক তাকাতে লাগলেন। ও খোকন, এইটা কোন জাগা?

যতবারই প্রশ্ন করছেন লালুবাবু ততোবারই অতি বিনয়ী ভঙ্গিতে পেছন ফিরে তাকাচ্ছে খোকন। এখনও তাকালো। এইটা দাদা ইংলিশ রোড। বামদিককার রাস্তাটা সোজা চইলা গেছে ধোলাইখালের দিকে। তয় এখান থিকা কিছুদূর যাওনের পর বামদিকে নোয়াবপুর হইয়া গুলিস্থান আর ডাইনদিকে কোট কাচাড়ি, কোট কাচাড়ির পশ্চিমে শাখারি পট্টি।

বুঝছি বুঝছি। তারপর জগন্নাথ কলেজ একপাশে, একপাশে ভিক্টোরিয়া পার্ক। তারপর সোজা সদরঘাট।

কিন্তু ভিক্টোরিয়া পার্ক বইলা তো এখন আর কিছু নাই দাদা।

তয়?ওইটা হইল বাহাদুর শাহ পার্ক।

আইচ্ছা ওই পার্কটার নামও তাইলে বদলাইছে। আর ধোলাইখালটা বলে এখন আর নাইই?

হ দাদা, নাই। ওইটা এখন বিরাট চওড়া রাস্তা।

আমরা যামু কোনদিকে?

ডাইনদিকে। ডাইনদিকে হইল নয়াবাজার, নয়াবাজারের উল্টাদিকে হইল জিন্দাবাহার। তারপর…

আরমানিটোলা।

খোকন হাসল। আপনের মনে আছে?

আছে রে দাদা, আছে। তয় তাঁতীবাজারডাও এইদিকেই হওনের কথা।

হ এইদিকেই। এই তো আমগ নাকবরাবর রাস্তার ওইপারে ওই যে গলিটা ঢুইকা গেল, ওই যে দক্ষিণ দিকে, ওইটাই দাদা তাঁতীবাজার।

লালুবাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। আহা রে, কী বদলান বদলাইছে ঢাকার টাউন। চল্লিশ-পঞ্চাশ বছর পর আসা পুরানা দিনের মানুষরা এই শহরটারে চিনতেই পারব না।

এ সময় আইল্যান্ডে দাঁড়ানো ট্রাফিক সিগন্যাল দিল, মাইক্রোবাস ডানদিকে ঘুরে গেল।

নয়াবাজারের সামনে এসে বাজারের পুবেপশ্চিমে লম্বা বিল্ডিংটা দেখাল খোকন। এই যে দাদা এইটা হইল নয়াবাজার।

যা দেখছেন তা দেখেই অবাক হচ্ছেন লালুবাবু। নয়াবাজার দেখেও হলেন। কও কী, এইটা নয়াবাজার?

হ।

আমি যখন দেখছি তখন কোনও বিল্ডিং আছিল না। খোলা জাগায় দোকানপাট, তরিতরকারি, মাছের বাজার। দুয়েকটা লাকড়ি খড়ির দোকান আছিল।

তারপর যেন হঠাৎ মনে পড়েছে এমন গলায় লালুবাবু বললেন, আইচ্ছা নয়াবাজারের উল্টাদিকে যে একটা খেলার মাঠ আছিল, পোলাপানের খেলার জন্য স্লিপার আছিল দুই তিনটা, দোলনা আছিল, সেই মাঠটা কো?

কন কী এইখানে মাঠ আছিলনি একটা?

হ।

কী জানি আমি কিছু কইতে পারুম না। তয় আরমানিটোলা মাঠটা আছে। ব্রিজের তলে পইড়া গেছে, কিন্তু আছে।

ব্রিজ মানে?

এইখান দিয়া ব্রিজ হইছে। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু। এই তো সেই ব্রিজেই উঠতাছি আমরা।

তাই নাকি? তয় বাবুবাজার, বাদামতলী ঘাট, মিটফোর্ড এইসব জাগা?

এইসব জাগার উপরে দিয়াই গেছে ব্রিজ। ওই যে ওই দেখেন আরমানিটোলা মাঠ।

মাইক্রোবাসের জানালা দিয়ে কয়েক পলকের জন্য মাঠটা দেখলেন লালুবাবু। কিন্তু কিছুই চিনতে পারলেন না। এ তো চারদিকে দালানকোঠা হাসিবাজারের মতো একটা জায়গা। মাঠ যেটুকু আছে সেটাকে মাঠ মনে হয় না। ধূসর মাটির রুক্ষ কিছুটা খোলা জায়গা। অথচ এই মাঠ কী বিশাল ছিল একদিন।

টোল দেয়ার জন্য মাইক্রোবাস তখন দাঁড়িয়েছে। খোকন পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে ড্রাইভারকে দিল। ধলেশ্বরীর টোলটাও দিয়া দিয়েন।

মাইক্রোবাস যখন ব্রিজের মাঝখানে, লালুবাবু অপলক চোখে তাকিয়ে তাকিয়ে বুড়িগঙ্গা দেখছেন। এই কি সেই নদী? নদীর এপারে সদরঘাট ওপারে জিঞ্জিরা, শুভাইড্ডা। কী বিশাল সেই নদী। এখন নদীকে আর নদী মনে হয় না। নদী যেন বড়সড় একটা খাল। আর জল তো নদীর দেখাই যাচ্ছে না। জল দখল করে আছে শয়ে শয়ে লঞ্চ কারগো নৌকা ট্রলার। দুপাড় থেকে নদীর ওপর এসে পড়েছে দালানকোঠা, নদী ভরাট করে কোথাও কোথাও উঠছে পিলার, নতুন দালানকোঠা হবে।

এই কি বুড়িগঙ্গা?

লালুবাবু জয়িতার দিকে তাকালেন। এই নদীর নাম জানচ?

জয়িতা ভুরু কুঁচকে দাদুর দিকে তাকালো। এই বুড়ো, তোমাকে না বলেছি আমার সঙ্গে বিক্রমপুরের ভাষা বলবে না।

লালুবাবু হাসলেন। পুরা বিক্রমপুরের ভাষা কই নাই। খালি ওই একটা শব্দ। জানিসকে বলেছি জানচ।

হয়েছে। আর বলবে না।

ঠিক আছে কমু না।

এই যে বললে।

বললাম তো আর কমু না।

এবার জয়িতাও হাসল। অবিকল বিক্রমপুরের টোনে বলল, আইচ্ছা কও।

লালুবাবু মুগ্ধচোখে নাতনির দিকে তাকালেন। আরে তুই তো এক্কেরে খাঁটি বিক্রমপুইরা ভাষায় কথা কইতে পারচ। উচ্চারণ আমার থিকাও ভালো।

সামনের সিট থেকে খোকন বলল, হ সেইটাই দেখতাছি। দিদি, আমগ ভাষাটা শিখলা কখন?

আপনেগ মুখে শুনতে শুনতে শিখা ফালাইছি।লালুবাবু এবং খোকন দুজনেই মজা পেয়ে হাসল। ড্রাইভার লোকটির ঠোঁটেও মৃদু হাসি।

তারপরই নিজের ভাষায় ফিরল জয়িতা। বলো দাদু কী বলতে চাইলে।

না বলতে চাইছিলাম নদীটার কথা। বুড়িগঙ্গা। তগো পশ্চিমবঙ্গে যে গঙ্গা নদী আছে, বুড়িগঙ্গা হইল তারচেয়েও বয়েসি নদী, পুরানা নদী।

বয়েসে বুড়ি হয়ে গেছে বলে ‘বুড়িগঙ্গা’?

খোকন বলল, এই নদী জন্মের পর থিকাই বুড়ি। এই নদী কোনওদিন ছুড়ি আছিল না।

লালুবাবু বললেন, কিন্তু এখন সত্যি নদীটা বুড়ি। দেখতাছো না মরণযন্ত্রণায় ধুকতাছে! এই নদীর মরণদশা ঘনাইছে। এই নদী আর বেশিদিন বাঁচবো না। ছোটকালে আমরা যখন ঢাকা আসতাম তখন কী বিরাট এই নদী! বর্ষাকালে কী ঢেউ উঠতো নদীতে! আমি দুয়েকবার গয়না নাওয়ে কইরাও আইছি। গিরস্তবাড়ির বড় ঘরের মতো বিরাট সেই নাওও বুড়িগঙ্গার ঢেউয়ে কলার মোচার মতন দোলতো। আর আইজ?

ব্রিজ থেকে নেমে মাইক্রোবাস তখন লোকালয়ে ঢুকেছে।

সামনের সিট থেকে মুখ ঘুরিয়ে লালুবাবু এবং জয়িতার দিকে তাকাল খোকন। আমগ দেশের সব নদীরই এই রকম দশা দাদা। প্রায় সব নদীই মইরা গেছে। পদ্মার অবস্থা আপনেরে দেখামুনে। বুড়িগঙ্গা দেখলেন, কিছুক্ষণ বাদে দেখবেন ধলেশ্বরী। সেই নদীর অবস্থা আরও করুণ।

কিন্তু নদীগুলির এই দশা হইছে ক্যান?

হইছে দাদা আপনেগ লেইগা।

মানে?

ইন্ডিয়ার লেইগা আমগ দেশের নদীগুলির এই অবস্থা। ফারাক্কা বাঁধের লেইগা আমগ দেশের বেবাক নদী মইরা গেছে। খরালিকালে পানি থাকে না নদীতে, বর্ষাকালে আবার তোড়ের মতন আসে পানি, তখন হয় বন্যা, তার মানি দুই সময়েই মরণ আমগ। খরালিতে পানির অভাবে মরণ, বর্ষাকালে পানির চাপে মরণ। এইজন্য আমগ দেশের মানুষ ফারাক্কারে কয় ‘মরণ ফাঁদ, ফারাক্কা বাঁধ’।

লালুবাবু বললেন, সবই বুঝলাম কিন্তু আমারে তোমার ইন্ডিয়ান কওন ঠিক হয় নাই। আমি এই দেশীই। ইন্ডিয়ান হইল জয়িতা।

জয়িতা বলল, তুমি গায়ের জোরে নিজেকে ইন্ডিয়ান না বললে কী হবে, আসলে ইন্ডিয়ানই। আর আমি অবশ্যই ইন্ডিয়ান। এতে কোনও সন্দেহ নেই।

তা তুই হ, আমার কোনও আপত্তি নাই। কিন্তু ফারাক্কার কথা শুইনা মনডা খারাপ হইছে আমার। এইটা কেমুন কথা হইল? এক দেশের ন্যায্য পাওনা জল সেই দেশকে দেবে না? সেই দেশের সবনদী মেরে ফেলবে। খরালিতে শুকিয়ে মারবে, বর্ষায় মারবে ভাসিয়ে।

খোকন বলল, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের মতন। একাত্তোর সালে পাকিস্তানিগ তিনি বলছিলেন না, ‘আমরা তোমাদের ভাতে মারব। আমরা তোমাদের পানিতে মারব।’ এখন ভারত আমগ সেই রকম ভাতে-পানিতে মারতাছে।

জয়িতা বলল, পানিতে মারাটা বুঝলুম, নদী শুকিয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে। কিন্তু ভাতে মারাটা বুঝলুম না। পানির সঙ্গে ভাতের কী সম্বন্ধ?

আরে পানিতে মারণ অর্থই তো ভাতে মারণ। খরালিকালে, চাষবাসের সিজনে পানি না পাইলে গিরস্তে শস্য ফলাইবো কেমনে? ধান ফলাইবো কেমনে?

এবার বুঝেছি। তবে খোকনদা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলছি, পৃথিবীতে সবকালেই সবদেশ নিজের স্বার্থটা আগে দেখে। ইন্ডিয়াও তাই করছে। নিজের স্বার্থ তাকে দেখতেই হবে। আর প্রকৃতির নিয়মই হচ্ছে বড় মাছ ছোট মাছকে খাবে।

খোকন তার হৈ হৈ করা গলায় বলল, এইটা বলো। এইটা হইল আসল কথা। বড় মাছ ছোট মাছরে খাইবো। ইন্ডিয়া বড় দেশ, ইন্ডিয়া সবাইরে খাইতাছে। নেপাল ভুটান বাংলাদেশ এই তিনটা হইল তার তিনবেলার খাওয়া।

লালুবাবু চিন্তিত গলায় বললেন, একই দিনে ইন্ডিয়া লইয়া দুইখান বহুত খারাপ কথা শুনলাম। ইন্ডিয়ান ফেনসিডিল আইসা বাংলাদেশের একটা জেনারেশান শেষ কইরা দিতাছে, আরেক দিকে ফারাক্কা বাঁধ শেষ কইরা দিতাছে নদীগুলি, কৃষিব্যবস্থা। এইটা সর্বনাশা কাণ্ড! এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতবিদ্বেষী।

খোকন বলল, কথাটা ঠিকই কইছেন দাদা। বাংলাদেশের অনেক মানুষই ইন্ডিয়ার নাম শোনতে পারে না। ইন্ডিয়ার নাম শোনলেই চেইত্তা যায়। কিছু কিছু বুড়া মানুষ আছে, ইন্ডিয়ার নাম তারা শোনতেই চায় না।

এইটার অবশ্য অন্য কারণ আছে।

জয়িতা বলল, কী কারণ?

ধর্মের কারণ। হিন্দু-মুসলমান সম্পর্কের কারণ। ধর্মের বিরোধ এই অবস্থাটা তৈয়ার করছে। আমরা যারা দেশভাগ দেখছি তারা জানি কী ভয়ংকর চেহারা হইছিল তখনকার হিন্দু-মুসলমানের। রায়টের পর রায়ট হইছে। হিন্দুরা মারতাছে মুসলমানগ, মুসলমানরা মারতাছে হিন্দুগ। দেখা গেল এক বন্ধু হিন্দু আরেক বন্ধু মুসলমান। ধর্মের কারণে আথকা তাগো সম্পর্ক শেষ হইয়া গেল। বন্ধু বন্ধুরে চিনে না। বন্ধু হইয়া গেল বন্ধুর শত্রু। পশ্চিম বাংলায় মুসলমানের সম্পত্তি দখল কইরা নিলো হিন্দুরা, পূর্ব বাংলায় হিন্দুর সম্পত্তি জবর-দখল করলো মুসলমানে। একলগে গলাগলি কইরা চিরকাল আছিল যারা দেশভাগের কারণে তারা আলাদা হইয়া গেল। একে অপরের শত্রু হইয়া গেল। পাকিস্তান ইন্ডিয়া দুইটা দেশ হইল ঠিকই কিন্তু সেই দুই দেশে আর মানুষ রইল না, মানুষগুলি হয় হিন্দু হইয়া গেল আর নাইলে মুসলমান হইয়া গেল। তারা ভুইলা গেল সেই মহান বাণী,

সবার উপরে মানুষ সত্য

তাহার উপরে নাই।

ওই যে ওই সময়কার মনোভাব ওইটা কিন্তু এখনও রইয়া গেছে কোনও কোনও মানুষের মইধ্যে। বিশেষ কইরা বুড়া মানুষের মইধ্যে। ওই সময়কার হিন্দুরা শত্রু মনে করে মুসলমানগ, মুসলমানেরা শত্রু মনে করে হিন্দুগ।

খোকন বলল, তয় দাদা ইয়াং পোলাপানের মইধ্যে এইসব নাই। তারা ইন্ডিয়ান ফিল্মের জইন্য পাগল। অমিতাভ শাহরুখ কাজল ঐশ্বরিয়ার লেইগা পাগল। লতা কিশোরের লেইগা পাগল। অলকা ইয়াগনিক, শোনু নিগমের লেইগা পাগল। দেবদাসের লেইগা পাগল। একটা কইরা নতুন ফিল্ম বাইর হয়, আর সেইটার গান বেবাকতের মুখে মুখে। ঢাকার টাউনের বউঝিরা ইন্ডিয়ান চ্যানেলের সিরিয়েলগুলির লেইগা পাগল। বাড়ির কাজের বুয়ারা পর্যন্ত কাম কাইজ ফালাইয়া ‘কাসাউটি জিন্দেগী কা’ দেখে। ইয়াং পোলাপান হিন্দু-মুসলমান বোঝে না, তাগ যা ভালো লাগে তাই করে। এইসব দিক দিয়া ইন্ডিয়া অবশ্য অনেক আগাইছে। বলিউডের সিনেমা, জি চ্যানেল, সুন্দরী প্রতিযোগিতা এইসব কইরা ইন্ডিয়া সারা পৃথিবী মাতাইয়া দিছে। ইন্ডিয়ান ফিল্ম অস্কারে যাচ্ছে। আমির খানের ‘লগান’ ছবিটা তো প্রায় অস্কার পায় পায়।

তয় দাদা আপনেগ ইন্ডিয়ান সিনেমায় তিনজন মুসলমান হিরো টপে বইসা আছে। তিন খান। শাহরুখ, সালমান আর আমির।

এইসব আলোচনা ভালো লাগছিল না লালুবাবুর। কথা অন্যদিকে ঘুরালেন তিনি। জয়িতার দিকে তাকিয়ে বললেন, আরমানিটোলা এলাকার কথা শুনবি?

জয়িতা বলল, বলো শুনি।

একবার ঢাকায় আইসা গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে, আমার এক মামার বাসায় কয়েকদিন আছিলাম। তখন প্রত্যেক দিন পুরানা টাউন ঘুইরা ঘুইরা দেখতাম। টাউন সার্ভিস নামে এক রকমের বাস আছিল। এক আনা দুই আনায় সদরঘাট গুলিস্থান যাওয়া-আসা করন যাইতো। চাইর আনা ছয় আনায় রিকশায় যাওন যাইতো অনেক দূর। আট আনায় ঘোড়ার গাড়ি। দুইটা টেকা পকেটে লইয়া বাইর হইলে সারাদিন ঢাকার টাউনে বেড়াইয়া, দোফরে কোনও হোটেলে আটআনা দশআনা খরচা কইরা খাইয়া দিনটা কাটাইয়া দেওন যাইতো। সদরঘাটের নদীর পারে নৌকার মধ্যে আছিল পাইস হোটেল। সেইসব হোটেলে সাইনবোর্ড লেখা থাকতো ‘হিন্দু হোটেল’। আট দশআনা খরচা কইরা সেই হোটেলে খাইয়া কতদিন একলা একলা ঢাকার টাউনে ঘুরছি আমি। পায়ে হাইটাই বেশি ঘুরছি। সদরঘাট থিকা পাটুয়াটুলি হইয়া, ডাইনদিকে শাখারি পট্টি, সোজা ইসলামপুর, ইসলামপুরে লায়ন সিনেমা হল। একপাশে নোয়াব বাড়ি, আহসান মঞ্জিল আরেক পাশে জিন্দাবাহার। সোজা গেলে বাবুবাজার। বাবুবাজারের উত্তরে আরমানিটোলার মাঠ। মাঠের দক্ষিণে একটা বিরাট পানির ট্যাংক তৈয়ার হইতেছিল। তার থিকা একটু আগাইয়া পশ্চিমে গেলে ‘শাবিস্তান’ নামে একটা সিনেমা হল। আরমেনিয়া সাহেবদের একটা গির্জা। আর মাঠটা কী বিশাল! ওই এলাকায় আরমেনিয়ান সাহেবরা থাকতো বইলাই জায়গাটার নাম আরমানিটোলা। একদিন সারাদিন এলাকাটায় ঘুরছিলাম আমি। মাঠের পশ্চিম-দক্ষিণ কোনায় একতলা একটা দালান আছিল। জিন্দাবাহারের দিকে যেই গলিটা ঢুইকা গেল সেই গল্লির মুখে একটা মিষ্টির দোকান আছিল। কী সোন্দর যে লুচি হালুয়া বানাইতো। একদিন সকালে রঞ্জন মামায় আমারে ওই দোকানে নিয়া হালুয়া লুচি খাওয়াইছিল। আহা কী যে স্বাদ সেই হালুয়া লুচির! হালুয়া থেকে কাঁচা ঘিয়ের একটা গন্ধ আসছিল। তুই বিশ্বাস কর, আরমানিটোলা নামটা শুইনা সেই ঘিয়ের গন্ধটা এত বচ্ছর পর আমি ঠিক সেই দিনের মতন কইরাই পাইলাম। শইলটা কাঁটা দিয়া উঠল।

জয়িতা হাসল। বুড়ো, তোমার কি খিদে পেয়েছে?

আরে না।

আমার মনে হয় পেয়েছে। এখন ওরকম একটা হালুয়া লুচি হলে তোমার খুব জমে যেত।

নারে পাগলি, সত্যই সেইটা না। হঠাৎ মনে পড়ল আর কী? শোন, তুই কি পুরানা দিনের বাংলাগান শোনচ?

না তেমন শুনি না।

তয় তরে বইলা লাভ নাই।

বলো না শুনি কী বলতে চাও তুমি?

তুই উৎপলা সেনের নাম শোনসচ?

তা কেন শুনবো না? সন্ধ্যা প্রতীমার সময়কার বিখ্যাত শিল্পী। সতীনাথ মুখোপাধ্যায় পাগল ছিলেন তাঁর প্রেমে। শেষ জীবনে উৎপলাকে তিনি বিয়েও করেছিলেন।

বাহ। তুই দেখি ভালোই খবর রাখচ।

তুমি আমাকে যতটা গবেট মনে করো আমি কিন্তু তা নই দাদু। তোমাদের ওই হিন্দু-মুসলিম আলোচনা, বাংলাদেশীদের ইন্ডিয়াবিদ্বেষী মনোভাব সবই আমি শুনলুম, কোনও কথা বললুম না। তবে ওই নিয়ে আমার কথা আছে।

কথা থাকলে এক্ষুনি কইয়া ফালা।

না এখন বলব না। বলব পরে। এখন তুমি উৎপলা সেনকে নিয়ে কথা বলেছিলে তাই বলো।

লালুবাবু একটু নড়েচড়ে উঠলেন। উৎপলা সেনদের বাড়ি আছিল এই আরমানিটোলায়।

তাই নাকি?

হ। আনন্দময়ী গার্লস স্কুলের ওই দিকটায়। বিরাট বাড়ি। জমিদার বাড়ির মতন। ততোদিনে উৎপলা সেন কইলকাত্তা চইলা গেছেন। আকাশবাণী কলিকাতায় গান গাইয়া বিখ্যাত হইয়া গেছেন। তয় মাঝে মাঝে ঢাকায় আসতেন। একদিন খুব কাছ থিকা তারে আমি দেখছিলাম।

বলো কী?

হ।

কেমন ছিলেন দেখতে?

সেইটা তরে আর কী কমু? অপূর্ব সুন্দরী। কী সুন্দর ফিগার! কী সুন্দর চোখ! তখনই ববকাট করা চুল। ওই বয়েসে উৎপলা সেনের মতন সুন্দরী আমি আর দেখি নাই।

লালুবাবুর পেটের কাছে একটা খোঁচা দিল জয়িতা। চোখ টিপে মজাদার মুখভঙ্গি করে বলল, কী হে বুড়ো! তুমি কি উৎপলা সেনের প্রেমে পড়েছিলে নাকি গো? হ্যাঁ? পড়ে থাকলে বলো সেই প্রেমকাহিনী? শুনে ধন্য হই।

জয়িতার কথা শুনে লালুবাবু কীরকম লাজুক হলেন আর সামনের সিট থেকে খোকন হো হো করে হেসে উঠল। [চলবে]