সতেরো
নীলু একটু ফাঁপড়ে পড়ল। কী বলবে ঠিক বুঝতে পারল না। তবে মুহূর্তেই ব্যাপারটা সামাল দিল। জয়িতার চোখের দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা মুখভঙ্গি করল। আমি আসলে কালচারাল ফিল্ডের কেউ না। আপনি যা ভাবছেন আমি ওসবের ধারেকাছেও নেই। আমি নিতান্তই একটা হেজিপেজি ছেলে। চালচুলোহীন। করি না আসলে কিছুই। পরিষ্কার বা অপরিষ্কার কোনওভাবে বলার মতোই কিছু করি না।
জয়িতাও তাকিয়ে ছিল নীলুর চোখের দিকে। এভাবে বেশিক্ষণ কারও চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। লজ্জা করে। জয়িতারও করছিল। চোখ সে ফেরাতে চাইছিল, পারছিল না। কী এক আকর্ষণে যেন আটকা পড়ে গেছে তার চোখ। আর শরীরে একেবারেই অচেনা এক অনুভূতি। শিরায় শিরায় আশ্চর্য এক কাঁপন। রক্ত যেন একটু দ্রুত বইছে। হৃদয়ে নতুন ধরনের তোলপাড় চলছে। জয়িতার তেইশ চব্বিশ বছরের জীবনে আজকের আগে এই ধরনের অনুভূতি কখনও হয়নি।
নীলু বলল, এবার কি পর্বটা শেষ করব?
কথাটা বুঝতে পারল না জয়িতা। অবাক চোখে পলক ফেলল। পর্ব মানে? কিসের পর্ব?ওই যে বাচ্চুভাই, সেলিম ভাই, শিমুল ভাবি। তিন মহারানির পর্ব।
জয়িতা মিষ্টি করে হাসল। হ্যাঁ হ্যাঁ, বলুন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু হচ্ছেন জীবন্ত কিংবদন্তি, সেলিম আল দীন হচ্ছেন আধুনিক বাংলা নাটকের অহংকার আর শিমুল ইউসুফ হচ্ছেন মঞ্চকুসুম।
মঞ্চকুসুম কথাটার অর্থ কী?
মঞ্চ মানে মটা মঞ্চ আর কুসুম মানে ফুল।
কুসুম মানে যে ফুল তা তো বুজলুম। মঞ্চকুসুম মানে মঞ্চের ফুল, তাও বুজলুম।
নীলু কিছু একটা বলতে গেল তার আগেই জয়িতা বলল, আমি বুজেচি। শিমুল ইউসুফ অতি ভালো সংগীতশিল্পী বলে, গানে গানে মঞ্চ মাতিয়ে দিতে পারেন বলে তাঁকে আপনারা মঞ্চকুসুম বলচেন। অর্থাৎ মঞ্চে গান গাইতে গেলে তিনি ফুলের মতো ফুটে ওঠেন।
জয়িতার ব্যাখ্যাটা ভালো লাগল নীলুর। নিজের মতো করে চমৎকার একটা মূল্যায়ন করেছে শিমুল ইউসুফের। যদিও ব্যাপারটা তেমন না। আসল ব্যাখ্যা নীলু করবে। তার আগে মাইক্রোবাসের অবস্থাটা বুঝে নেয়া দরকার। তারা দুজন সমানে বকর বকর করে যাচ্ছে, অন্যান্যদের অবস্থা কী দেখার জন্য প্রথমে খোকনের দিকে তাকাল নীলু। তাকিয়ে অবাক হলো। যাব্বাবা! মাল তো দেখি ঘুমে একেবারে গোবর হয়ে গেছে। কল্লাকাটা মুরগির মতো মাথাটা ঝুলে পড়েছে বুকে। নাকে ফোঁসফোঁস, ফোঁসফোঁস শব্দ। কোন ফাঁকে ঘুমে এভাবে তলিয়ে গেল সে।
তবে খোকনকে ঘুমাতে দেখে স্বস্তি পেল নীলু। ভালোই হয়েছে। লোকটা একটু মান্দারকাঁটা টাইপের। যখন তখন খোঁচায়। মাওয়া পর্যন্ত যদি এই ঘুমটা তার আর না ভাঙে তাহলেই কাজটা হয়ে যাবে নীলুর। ঘটি মেয়েটাকে বাংলাদেশের আর্টকালচার বিষয়ে পুরো জ্ঞান দিয়ে ছেড়ে দেয়া যাবে। যা এখন করে খা গিয়ে।
লালুবাবু উদাস হয়ে জানালা দিয়ে তাকিয়ে আছেন। চোখমুখের ভঙ্গি এমন, তাকিয়ে আছেন ঠিকই কিছুই দেখছেন বলে মনে হচ্ছে না। যেন তাকিয়ে আছেন প্রকৃতির দিকে আর দেখছেন নিজের মনের ভেতরটা। বহুকাল পেছনে ফেলে আসা একটা জীবনের ছবি যেন একটার পর একটা ফুটে উঠছে মনের পর্দায়। তার মানে মাইক্রোবাসে থেকেও মাইক্রোবাসে তিনি আসলে নেই।
এটাও ভালো। আত্মমগ্ন আর গভীর ঘুম প্রায় একই ব্যাপার। অর্থাৎ লালুবাবু আর খোকন দুজনেই এই জগতে নেই। পাশাপাশি বসে দুজনেই চলে গেছেন অন্য জগতে। একজন ঘুমে আরেকজন স্মৃতিতে।
তাহলে বাকি রইল মাত্র একজন। বেলাল ড্রাইভার।
তার অবস্থা কী?
সে কি ঘুমে না স্মৃতিতে!
সর্বনাশ! দুটোর যে-কোনওটা হলেই হয়েছে। নিঃশব্দে গাড়িটা গড়িয়ে পড়বে হাইওয়ের যে-কোনও একপাশের জলায়। কিছু বুঝে ওঠার আগেই সলিল সমাধি হয়ে যাবে পাঁচজন মানুষের। খোকন ঘুমঘোরে পৌঁছে যাবে আসল জগতে, লালুবাবুর মনে হবে মৃত্যুও বুঝি পেছনে ফেলে আসা মায়াবী এক স্মৃতি, বেলাল ড্রাইভার ঝুলতে থাকবে ঘুমস্মৃতি আর মৃত্যুর মাঝখানে। ঠিক বুঝতেই পারবে না জলে ডুবে মৃত্যুর অভিজ্ঞতাটা কী! বাকি রইল নীলু আর জয়িতা। এই দুটো টগবগে তরুণপ্রাণের কী হবে? জীবন তো এখনও শুরুই হলো না। এখনও আসল কাজগুলোই বাকি রয়ে গেছে। যেমন বিয়েশাদি ঘরসংসার দুতিনটা ওঁয়্যাও ওঁয়্যাও। একটার একটু পেটখারাপ হলে সেটাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটা। বউ হয়তো প্যামপারস পরাতে ভুলে গেছে। দেখা গেল, ডাক্তারের কাছে যেতে যেতে বাপের কোলেই হেগে দিল। পাতলা গুয়ে মাখামাখি হয়ে গেল কোলের কাছের শার্ট প্যান্ট। পেটখারাপ করা গুয়ের গন্ধ মারাত্মক। সেই গন্ধে দিশেহারা হয়ে গেছে নীলু।
এই অব্দি ভেবে নাকমুখ কুঁচকে গেল নীলুর। ধুৎ কী সব ঘুমুত নিয়ে ভাবছে। তারচে’ রোমান্টিক কিছু ভাবলে হয় না। যেমন ফুটফুটে একটা প্রেমিকা, বেশ কিছুদিন তার সঙ্গে প্রেম করে, অনেক আদর সোহাগ, মান অভিমান কান্নাকাটি বিরহ শেষ করে বিয়ে করে ফেলা। প্রেমিকটি একট কঠিন টাইপের। বিয়ের আগে চুমু আর বুকে হাতটাত পর্যন্ত এলাউ করেছে, আসল কাজে কিছুতেই রাজি হয়নি। বাসররাত পর্যন্ত ঠেকিয়ে রেখেছে। বাসররাতে শুরু হয়ে গেল ফাটাফাটি কারবার।
ইস ওরকম একটা কারবার না করেই মরে যেতে হবে! কেউ কেউ বলেন লাভমেকিং পৃথিবীর শ্রেষ্ঠতম আনন্দ। মানে ওই আসল ব্যাপারটাকেই ভদ্রভাবে বলা, লাভমেকিং, শুনতে ভালো লাগে। শ্রেষ্ঠতম বিনোদন নাকি ওটা। কেউ কেউ আবার সেক্সকে বলেন এক্সপ্রেশান অফ লাভ। ভালোবাসার অভিব্যক্তি। সেই অভিব্যক্তি প্রকাশের আগেই বেলাল ড্রাইভারের কল্যাণে সলিল সমাধিতে চলে যেতে হবে!
না না, এ কিছুতেই হবে না। নীলুর মতো অবস্থা তো জয়িতারও। সে এখনও কুমারী মেয়ে। ওসব ফাটাফাটি কারবারে জড়ায়নি।
নাকি জড়িয়েছে? বিয়ে হয়নি ঠিকই কিন্তু স্টেডি বয়ফ্রেন্ড আছে। আর ইন্ডিয়ান মেয়েরা নাকি আজকাল খুবই ফাস্ট। ইউরোপ আমেরিকান মেয়েদের মতো। বিয়েফিয়ে পর্যন্ত অপেক্ষা করে না। অনেকেই নাকি লিভ টুগেদার করে।
জয়িতা কি এখনও ভার্জিন?
আচমকা এই কথাটা মনে এলো নীলুর।
আস্তে করে জিজ্ঞেস করবে নাকি!
ছিঃ। নীলু হেসে ফেলল। তার হাসিটা খেয়াল করল জয়িতা। কী হলো? একা একা যে হাসছেন বড়ো।
না এমনি।
এমনি এমনি কেউ হাসে?
আমি হাসি। আমার হাসিরোগ আছে।
হাসিরোগটা আবার কী?
বেলাল একটা বাস ওভারটেক করল। একটু বেপরোয়া ভাবেই করল। নীলু চমকে তার দিকে তাকাল। আস্তে বেলাল ভাই, আস্তে। মাওয়া না পৌঁছে আসল জায়গায় পৌঁছাবার কোনও দরকার আমাদের নেই।
নীলুর দিকে চোখ না ফিরিয়েই হাসল বেলাল। না না, কিচ্ছু হইব না। ডরায়েন না। আমারে আমার মতন চালাইতে দেন।
নীলু আবার জয়িতার দিকে মুখ ফেরাল। সুন্দর করে হাসল। আমার অনেক ঝামেলা আছে, বুঝলেন।
কী ঝামেলা বলুন তো!
মানসিক ঝামেলা আর কী?
বলেন কী? মাথায় গণ্ডগোল আছে?
না মানে। মাথায় গণ্ডগোল থাকলে হয় মাথা খারাপ, মনে থাকলে হয় মানসিক ভারসাম্যহীন। আমার ভারসাম্যে কিছু ঝামেলা আছে। আমি মনে মনে অনেক কিছু ভাবি। ভেবে কখনও কখনও হাসি, কখনও কখনও কাঁদি। মুখের নানা প্রকারের এক্সপ্রেশান দিই।
জয়িতা হাসল। বুজলুম, সবই বুজলুম। আপনি আসলে খুবই ঘোরেল জিনিচ। একটা কথা ছুধু আমাকে বলুন, হাসচিলেন কেন?
অপলক চোখে জয়িতার চোখের দিকে তাকাল নীলু। গম্ভীর গলায় বলল, পরে একদিন বলব।
জয়িতা তাকাল নীলুর চোখের দিকে। পরে আপনার সঙ্গে কি আর দেখা হবে?
জানি না।
একটু চুপ করে রইল নীলু। তারপর বলল, সময় শেষ হয়ে আসছে। মঞ্চকুসুম ব্যাপারটা ক্লিয়ার করি। গানের সঙ্গে সঙ্গে মঞ্চ এবং টেলিভিশন দুজায়গাতেই অভিনয় শুরু করেছিলেন শিমুল ইউসুফ। দুজায়গাতেই সমান দক্ষতায় এগুতে লাগলেন। সেলিম আল দীনের লেখা একটার পর একটা মঞ্চনাটকে অভিনয় করে দেশ কাঁপিয়ে দিলেন। শকুন্তলা, কীর্ত্তনখোলা, হাতহদাই, বনপাংশুল। আরও কত বিখ্যাত নাটক। এই মুহূর্তে সবগুলোর নাম মনে করতে পারছি না। তবে সবগুলোই সেলিম আল দীনের লেখা, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ডিরেকশান। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে সেলিম আল দীন উপাধি দিলেন মঞ্চকুসুম।
জয়িতা উচ্ছ্বসিত হলো। ও, তাই বলুন।
যে গ্রামটা আমরা পেরিয়ে এলাম, সমষপুর, ওটা শিমুল ইউসুফদের গ্রাম।
একটু থামল নীলু। এবার বাচ্চুভাই সম্পর্কে বলি। তিনি বিখ্যাত মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনে প্রডিউসার হিসেবে জয়েন করেছিলেন। আমি ঠিক জানি না, বোধহয় কারও সঙ্গে মনোমালিন্যের কারণে রেজিগনেশান দিলেন। কাজ শুরু করলেন মঞ্চে। দলের নাম ঢাকা থিয়েটার। টেলিভিশনের প্রায় সব সুপারস্টার তাঁর দলে। আসাদ পীযূষ আফজাল সুবর্ণা ফরীদি শমী কায়সার। একসময় ছিলেন আল মনসুর, নূপুর। সেলিম আল দীনের প্রায় সব নাটকের ডিরেক্টার তিনি। দারুণ সংগঠক। কালচারাল ফিল্ডে তাঁর ভূমিকা পিতার মতো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে কোনও সাংস্কৃতিক আন্দোলন হয়নি বাচ্চুভাইকে ছাড়া।
হঠাৎ এ সময় কথা বললেন লালুবাবু। ও খোকন, আসলাম কই? এই গেরামের নাম কী?
লটরপটর করা মাথাটা প্রায় সঙ্গে সঙ্গেই সোজা করল খোকন। একহাতে চোখ ডলে বাইরে তাকাল। আইসা পড়ছি। এই গেরামের নাম মেদিন মোণ্ডল। ওই ডাইনদিকে খান বাড়ি।
তার কথা কেড়ে নিয়ে নীলু উত্তেজিত গলায় বলল, তাই নাকি? এটাই মেদিনী মণ্ডল? ইমদাদুল হক মিলনের গ্রাম। মানে মিলনের নানাবাড়ি। এই গ্রামে তাঁর ছেলেবেলার কিছুদিন কেটেছে?
খোকন বলল, হ। জানেন তো দেখি সবঐ। আর ওই যে খানবাড়ি দেখাইলাম…
জানি, ওটা হচ্ছে আতিকুল্লাহ খান মাসুদদের বাড়ি। জনকণ্ঠ পত্রিকার মালিক। তাঁর বড়ভাই হামিদুল্লাহ খান ছিলেন উয়িং কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এই এলাকার এমপি!
খোকন বেশ বিরক্ত হলো। বোজলাম ভাই, আপনের বহুত জ্ঞান। এইবার থামেন। আর অল্প একটু রাস্তা আছে, শান্তিতে যাইতে দেন। খালি ভেকর ভেকর, ভেকর ভেকর। কার বাড়ি কোনহানে আপনের এত জাননের কাম কী!
নীলু থমথমে গলায় বলল, খোকন ভাই, আপনি শুরু থেকেই আমার সঙ্গে খুব মিসবিহেভ করছেন। ব্যাপারটা আমি সহ্য করেছি অন্য কারণে। কিন্তু এখন আর সহ্য করব না। আমি আমার আসল চেহারাটা এখন দেখাব। ফিলিং স্টেশানের স্টাফরা ঠিকই সন্দেহ করেছিল। আমি আসলে ওই জিনিস।
খোকন থতমত খেল। ওই জিনিস মানি?
বোঝেননি?
না।
সংবাদপত্রের ভাষায় যাকে বলে সন্ত্রাসী, ছিনতাইকারী, মাস্তান। হিন্দিতে বলে আতঙবাদী। আমার বডিসার্চ না করে ভুল করেছেন আপনারা। আমার সঙ্গে মারাত্মক একটা আগ্নেয়াস্ত্র আছে।
নীলুর কথা শুনে মুখ শুকিয়ে গেল জয়িতার, লালুবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আর খোকন দিশেহারা হলো। ঢোক গিলে বলল, কন কী ভাই!
ঠিকই বলছি। এখনই আমি আমার আসল কাজটা করব। এই ড্রাইভার গাড়ি থামাও।
প্রায় সঙ্গে সঙ্গে রাস্তার পাশে গাড়ি থামাল বেলাল। হতভম্বের মতো নীলুর দিকে তাকিয়ে রইল।
জয়িতার মনের ভেতর তখন দারুণ তোলপাড় চলছে। বলে কী! নীলু তাহলে এই! এত সুন্দর চেহারার যুবক, এত সুন্দর করে কথা বলে, এত জানে আর সে কী না…। ছি ছি, এরকম এক যুবকের দিকে ওভাবে তাকিয়েছে সে, হৃদয়ে অচেনা অনুভূতি হয়েছে এরকম একজনের জন্যে। শিরায় শিরায় বয়ে যাওয়া রক্ত চঞ্চল হয়েছে যার জন্যে সে তাহলে এক নষ্ট যুবক!
প্রথমে বেলালের দিকে তাকাল নীলু। তার মুখ শক্ত হয়ে আছে। চোখে পলক পড়ছে না। স্টিয়ারিং ধরে যেন পাথর হয়ে আছে বেলাল।
নীলু তাকাল খোকনের দিকে। দুহাত অবিরাম মুঠো করছে সে। কী করবে বুঝতে পারছে না। ঘন ঘন মাথা নাড়ছে, ফোঁসফোঁস করে শ্বাস ফেলছে।
লালুবাবু আধশোয়া হয়েছিলেন, কখন সোজা হয়ে বসেছেন নীলু টের পায়নি। মুখচোখে ফ্যাকাশে হয়ে গেছে তাঁর। নীলু তাঁর দিকে তাকাতেই একহাতে জয়িতার একটা হাত শক্ত করে চেপে ধরলেন লালুবাবু।
নীলু কঠিন মুখে জয়িতার দিকে তাকাল। আঙুল তুলে বলল,
আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি
কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে,
অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক
একটি আগ্নেয়াস্ত্র… …
তারপরই ঠা ঠা করে হেসে উঠল। আমার সঙ্গে আছে হৃদয়ের মতো মারাত্মক একটা আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র কাউকে দেখানো যায় না, বডিসার্চ করে এই অস্ত্রের হদিস পাওয়া যায় না। লিফট দেয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার হৃদয়াস্ত্র নিয়ে নেমে যাচ্ছি। খোদা হাফেজ এবং নমস্কার।
নীলু আর কোনওদিকে তাকাল না, দরজা খুলে রাস্তায় নেমে গেল। মাইক্রোবাসে তখন দারুণ স্বস্তিকর পরিবেশ। বেলাল একমুহূর্তও দেরি করল না, গাড়ি চালিয়ে দিল। লালুবাবু খোকনের দিকে তাকালেন। ভালো পাগলের পাল্লায় পড়ছিলাম।
খোকনও হাসল। হ। পয়লা ভাবছিলাম আধা পাগল, পরে দেখি পুরা পাগল।
শুধু জয়িতা কোনও কথা বলল না। তার মনটা খুব খারাপ হয়েছে। নীলু কেন এমন করল? এত নাটক করে নেমে যাওয়ার কী দরকার ছিল! নামতে হয় বলে কয়ে সুন্দরভাবে নামবে। বিদায় নিতে হয় সুন্দরভাবে নেবে। এই কী!
কিন্তু নীলুর সঙ্গে কি আর কখনও তার দেখা হবে!
জয়িতার ইচ্ছে হলো মুখ ফিরিয়ে মাইক্রোবাসের পেছনের গ্লাস দিয়ে দেখে নীলুকে দেখা যায় কিনা! নীলু কী করছে, দাঁড়িয়ে আছে না হাঁটছে!
ওভাবে তাকালে দাদু কী ভাববেন, খোকনদা কী ভাববেন!
লজ্জায় নিজের মনকে কঠিনভাবে শাসন করল জয়িতা। পেছন ফিরে তাকাল না।
মিলন ভাই, ওসমান গণী তালুকদার।
স্লামালেকুম গণীভাই।
ওয়ালাইকুম সালাম। এই ধরেন, দিদি আপনের লগে ইকটু কথা কইবো।
কোন দিদি?
আরে ভাই, দিপালী নাগ।
দিপালী নাগের নাম শুনে যেরকম পুলকিত হওয়ার কথা সেরকম কিছুই আমার হলো না। জানি তিনি একজন বিখ্যাত মানুষ। বিরাট সংগীতশিল্পী। কাজির পাগলা স্কুলের প্রতিষ্ঠাতা অভয় তালুকদার মহাশয়ের পরিবারের মানুষ। স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁর আসার কথা শুনেছি। যাক তাহলে এসে পড়েছেন?
কিন্তু আমার সঙ্গে কী কথা বলবেন? আমাকে তিনি চেনেন নাকি?
ওয়াদুদ খান জামাল খান খোকন ওরা প্রথমবার যখন প্রতিষ্ঠাতাপরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য কলকাতা গিয়েছিল তখন কথায় কথায় নাকি আমার নাম বলেছিল যে, আমিও কাজির পাগলা স্কুলের ছাত্র। কারা কারা নাকি আমার নাম শুনে খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন। আমার লেখাটেকার সঙ্গে নাকি পরিচিত। কলকাতা থেকে আমার কিছু বইপত্র বেরিয়েছে। ‘নূরজহান’ ফার্স্টপার্ট বের করেছিল আনন্দ পাবলিশার্স। উপন্যাসটি বিক্রমপুরের পটভূমিতে লেখা। আর একটি গল্পের বইও বের করেছে আনন্দ। ‘দেশভাগের পর’। এগারোটি গল্পের সংকলন। প্রায় সবকটি গল্পেরই পটভূমি বিক্রমপুর। ‘দেশভাগের পর’ নামের গল্পটি আবার কাজির পাগলার পটভূমিতেই লেখা। জলধর ডাক্তার, উমাচরণ এককালের এইসব বিখ্যাত মানুষদের নিয়ে লেখা। হয়তো এইসব বই কলকাতায় থাকা বিক্রমপুরের কোনও কোনও মানুষ পড়েছেন। সুনীল, শীর্ষেন্দু, বুদ্ধদেব গুহর সঙ্গে যৌথভাবে বেশ অনেকগুলো বই সম্পাদনা করেছিলাম, হয়তো এই কারণেও কলকাতার কোনও কোনও পাঠক আমাকে চেনেন। ‘সাহিত্যম’ অনেকগুলো বই বের করেছে আমার, মিত্র ও ঘোষ করেছে, উজ্জ্বল সাহিত্য নন্দীর করেছে। পুজো সংখ্যা ‘আনন্দলোকে’ পরপর তিন বছর উপন্যাস লিখেছিলাম। বর্তমান, প্রতিদিন, আজকাল এইসব পত্রিকায় বেশ অনেক লিখেছি। চেনার হয়তো এসবও কারণ।
গণীভাইর কথা শুনে মনে হলো দিপালী নাগও বোধহয় নাম শুনে আমাকে চিনেছেন। হয়তো সেই কারণেই কথা বলতে যাচ্ছেন। বললাম, দেন আপনার দিদিকে।
এই ধরেন।
তারপরই দীর্ঘকালের চর্চায় যতরকমভাবে পাকানো যায় এরকম অতিপাকা একটি টনটনে গলা বলে উঠল, নমছকার দাদা।
আমি একটু ভড়কে গেলাম। বাপ রে! এ তো দেখি ভয়ংকর কণ্ঠ! একবার ঠাট্টা করে পেতেও চাইলাম, দিদি, আপনার গলা শুনে আত্মা শুকিয়ে যাচ্ছে। বলা হলো না। দিপালী নাগ বললেন, দেছে এসে খুবই ভালো লাগজে। আপনাদের আতিথেয়তার তুলনা নেই দাদা।
কী বলব বুঝতে পারলাম না। বোকার মতো একটু হে হে করলাম। ও আচ্ছা, তাই নাকি!
আর বলবেন না। কালনটা এত ভালো ছেলে! একেবারে হীরের টুকরোখানা। কী পেল্লায় হোটেলে এনে তুলেছে। বললুম, দাদারে, এত ভালো হোটেলের আমাদের দরকার নেই। আমরা ছিলপি মানুছ, আমাদের কাছে ছমমানটাই বড়। তোমরা বেজায় ছমমান দিচ্ছ তাতেই আমরা ছন্টুস্ত। ছে কী আর ছোনে! বিকেলবেলা এই একগাদা জলখাবার দিয়েছে, এতটা খাবার এক্ষুনি খেয়ে নিলে রাতে আর কিছু মুখেই তোলা যাবে না। আপনি দাদা কালনটাকে একটু বলে দিন, এত খাবার দাবারের আমাদের কাজ নেই। আমার একখানা বদ স্বভাব রয়েছে ওটার যেন একটু তদারকি করে। আমি রাত চারটায় বিছানায় ছাড়ি। তারবাদে চান ছেড়েই একমগ কফি। আমার চান আর কফিটার যেন বন্দবস্ত করে দেয়।
গণীভাই নিশ্চয় দিপালী নাগের পাশে দাঁড়িয়ে আছেন। দিপালী নাগের কথার সঙ্গে আমি তাঁর হাসির শব্দ পাচ্ছিলাম। আমারও তখন হাসি পাচ্ছে। মৃদু হেসে বললাম, ওসব আপনি ভাববেন না। গণীভাই নিশ্চয় সব ব্যবস্থা করবেন।
তবু আপনি একটু বলে দিন দাদা। ওর কথা ছুনে মনে হলো আপনাকে খুবই ছমমান করে।
ঠিক আছে বলছি। ফোনটা গণীভাইকে দিন।
দিচ্ছি। কিন্তু আপনার নামটা যেন কী দাদা।
সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল। যাব্বাবা, যা ভেবেছি তা তো না। কিন্নরকণ্ঠী তো আমাকে চেনেনই না! গণীভাই তাহলে ফোনটা আমাকে ধরিয়ে দিলেন কেন?
কলকাতার মানুষরা আমাদের নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, মনে রাখতে পারে না। মুসলমান নামগুলোর বিকৃত উচ্চারণ করে। শামসুর রাহমানকে বলে শামসুর রহমান, আল মাহমুদকে বলে অল মাহমুদ। কলকাতার বিখ্যাত পত্রিকাগুলোতেও আমাদের নাম ভুল বানানে লেখা হতে দেখেছি। ইলিয়াস লিখেছে ইলিয়াশ, হাসান লিখেছে হাশান। সুতরাং নিজের নামের ব্যাপারে আমি কোনও রিস্ক নিতে চাইলাম না। দিপালী নাগ যদি আমার নামের ভুলভাল উচ্চারণ করেন, ইমদাদুল শব্দটা যদি উচ্চারণই না করতে পারেন তাহলে আমার মেজাজ খারাপ হবে। তারচে’ ছোট নামটাই বলি। মিলন নামটা হিন্দুরাও রাখে। মিলন মুখোপাধ্যায় নামে একজন লেখকের উপন্যাস পড়েছিলাম। ‘সুখ চাই, সুখ’। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। ভদ্রলোক সম্ভবত পেইন্টার।
দিপালী নাগ বললেন, কী হলো দাদা? নামটা বলুন।
বললাম।
শুনে তাঁর কোনওই ভাবান্তর হলো না। বললেন, ঠিক আছে। এবার দাদা কালনটাকে একটু বলে দিন। আমার ওই ভোর চারটার চান আর র কফি।
গণীভাইকে দিন।
এই দিলুম।
গণীভাই ফোন ধরেই হাসতে লাগলেন। মিলন ভাই, কন কী কইবেন?
আমিও হাসতে হাসতে বললাম, চান আর পান দুইটারই ব্যবস্থা কইরা দিয়েন গণীদা। তিন চাইর বতল কফি কিন্না নিয়া যাইয়েন।
এইটুকু হাসিমজা আমি করতে পারলাম একটাই কারণে, গত কয়েকদিন ধরে যে বিশাল পাথর আমার বুকে চেপে ছিল সেই পাথর আজ সকাল এগারোটার দিকে সম্পূর্ণ নেমে গেছে। তারপর থেকে আমি আছি তুলোর মতো হালকা অবস্থায়। দুপুরবেলা টানা একটা ঘুম দিয়েছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে খুবই রিল্যাক্স মুডে চা খেয়েছি। স্ত্রী এবং মেয়েদের সঙ্গে গল্প করেছি। তারপর গণীভাইর ফোন। আমার আর আলী আহমেদ ভাইরও আজ চলে যাওয়ার কথা ছিল বিক্রমপুরে। রাতটা গণীভাই কিংবা বাচ্চুভাইর বাড়িতে থেকে সকালবেলা সরাসরি স্কুলের অনুষ্ঠানে চলে যাওয়া।
প্রোগ্রামটা আমি বদলে দিয়েছি। গত কয়েকদিনের শারীরিক এবং মানসিক চাপে আমি একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। অনেকগুলো রাত একদমই ঘুমাতে পারিনি। চাররাত তো পুরানা পল্টনের গ্রাফিক স্কেনেই কেটেছে। স্কুলের অনুষ্ঠান পরিচালনার কথা আমার আর আলী আহমেদ ভাইর। আজই যদি এলাকায় চলে যাই, রাতে আড্ডা ফাড্ডা হবে, একদমই ঘুমাতে পারব না। ফলে পরের দিন সবকিছু সামাল দিতে বারোটা বেজে যাবে। বাসার ভাই গণীভাই দুজনকেই বুঝিয়ে বলেছি ব্যাপারটা। পরে প্রোগ্রাম সাজানো হয়েছে এইভাবে, আমি আর আলী আহমেদ ভাই যাব কাল সকালে। সাড়ে ছটা সাতটার দিকে গাড়ি পাঠাবেন ওঁরা। আলী আহমেদ ভাই খিলগাঁ থেকে চলে আসবেন আমার ফ্ল্যাটে। চা খেয়ে একসঙ্গে রওনা দেব।
কিন্তু যে ঘুমের আশায় প্রোগ্রাম এভাবে বদলানো হলো সেই ঘুম সারাটা রাতে একফোঁটাও হলো না আমার। পিছনে ফেলে আসা একটি জীবনের কথা রাতভর মনে পড়ল। কত কত দিনের কথা, কত কত মানুষের কথা। কবে জীবন থেকে হারিয়ে গেছে সেইসব দিন, কবে কোন ফাঁকে একেবারেই পর হয়ে গেছে একদার কতপ্রিয় মানুষ, তাদের অনেকের কথা মনে পড়েছে।
জীবন আসলে এক ভ্রমণ কাহিনী। চেনা সময় আর প্রিয় পরিচিত মানুষদের নিয়ে চলতে থাকা। একটা সময়ে চেনা সময়টাই অচেনা হয়ে যায়, বদলে যায়। নিজস্ব মানুষগুলো হয়ে যায় দূরের মানুষ। হৃদয়ে জড়িয়ে থাকা আপনরা হয়ে যায় পর।
সেই রাতে আমি ফিরে গিয়েছিলাম আমার পিছনে ফেলে আসা জীবনে। কত দিনের কথা, কত মানুষের কথা যে আমার মনে পড়ল। (চলবে)

Leave a Reply
You must be logged in to post a comment.