বেইজ্জতি করিও না আর। কলঙ্কী করিও না আর। আমি তো তোমার নামে বান্ধিতেছি গান। আমি তো তোমার তরে ছাড়িয়াছি ঘর। ছাড়িয়াছি দেশখেশ, হইয়াছি পর। মিনতি রাখিও তুমি। অধমের। বদনামি করিও না আর। বেইমান বলিও না আর। আমি তো আসিবো ফিরে। মাথায় ময়ূরপুচ্ছ, হাতেতে বাঁশুরি। রজনী ব্যাকুল হবে। হয়তো তখন বারিষ নামিবে। ফুটিবে কদম। তুমিও ধরিবে সাজ নীলাম্বরী বেশে। তোমার আমার হবে দেখা শাপলা ফুলের দেশে। তোমার আমার হবে দেখা পানাফুলের দেশে।
না হয় কাটিবে আরো বিরহ রজনী। আমারে পাইবা তুমি রাত্রি হলে তোমার বাজুতে। হয়তো তখন কুয়াশা ফোটা দিন। আনাজ ফুলের দিন। মাঠে মাঠে শিমফুল। মাঠে মাঠে কুয়াশা কুসুম। রাঁধিবে খেসারি শাক, মৌরালা মাছের ঝোল শীত শীত রাতে। রজনী বেহাল হবে। আমিও ধরিবো গীত, তুমিও মিলাবে গলা রাগ মালকোষে। তোমার আমার হবে দেখা আনাজ ফুলের দেশে। তোমার আমার হবে দেখা সরিষা ফুলের দেশে।

Leave a Reply
You must be logged in to post a comment.