প্রচ্ছদ-পরিচিতি

বিন্যাস-৬

আবদুর রাজ্জাক বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীদের একজন। তাঁর চিত্রে প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য নতুন মাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে। প্রকৃতিকে তিনি নানা দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করেছেন।

ছাত্রাবস্থায় তিনি জলরঙে সিদ্ধি অর্জন করেন। বিশেষত তাঁর জলরঙে করা পঞ্চাশের ঢাকা শহর ও শহরতলির অঞ্চল-ভিত্তিক চিত্রগুচ্ছ তৎকালীন ঢাকার বাস্তবতার দলিল হয়ে আছে।

১৯৫৪ সালে তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫-৫৭ সালে তিনি ফুলব্রাইট বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে চারুকলায় উচ্চতর শিক্ষা ও মাস্টার অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে শিল্পী আবদুর রাজ্জাকের নেতৃত্ব ও প্রযত্নেই চারুকলা ইনস্টিটিউটে আধুনিক ভাস্কর্যচর্চার সূত্রপাত।

মাধ্যম-ব্যবহারে আবদুর রাজ্জাক সব্যসাচী। তিনি ভাস্কর্য, জলরং, ছাপচিত্র এবং চিত্র Ñ এই চারটি ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছেন। এই চারিিট মাধ্যমেই তাঁর অসংখ্য কাজ রয়েছে।

বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উল্লেখযোগ্য ভাস্কর্যটি আবদুর রাজ্জাকেরই সৃষ্টি। জয়দেবপুর চৌরাস্তায় কংক্রিট ও সাদা সিমেন্টে করা মুক্তিযুদ্ধের চেতনাসঞ্চারী এই ভাস্কর্যটি বিষয়ের প্রয়োজনে বাস্তববাদী, কিন্তু একই সঙ্গে প্রতীকী এবং আধুনিক ভাস্কর্যের গুণসম্পন্ন।

তাঁর জন্ম ১৯৩৩ সালে ঢাকায়।

অ্যাক্রিলিকে করা প্রচ্ছদের ছবিটি ‘বিন্যাস’ নামে চিত্রমালার একটি। এটির সংগ্রাহক : অধ্যাপক নজরুল ইসলাম।