অনেক জন্মের ঘোর, অনেক মৃত্যুর ঘোর; মেয়েটিকে সে সেইদিন স্পর্শ করে ।
তখন আকাশছোঁয়ার স্বপ্ন দেখতে দেখতে স্থির হয়ে গেছে তারা দুজন। তবুও তাদের পায়ের পাতা লেগে আছে মেঝের ওপর। এ-শহরে এই মেঝেই মৃত্তিকা- প্রাচীন গ্রিক উপাখ্যানের। সেই মৃত্তিকায় পা রেখে তারা একজন আরেকজনের হতবিহ্বলতার ঘ্রাণ নিচ্ছে। আর জানালা দিয়ে পরাজিত আকাশ ধেয়ে আসছে তাদের দিকে। একটা ঘরহারানো প্রজাপতি ওড়াউড়ি করছে, বারবার ধাক্কা খাচ্ছে ঘরের শাদা দেয়ালের সঙ্গে। কিন্তু ভয়ংকর ধৈর্য নিয়ে অপেক্ষা করছে তারা দুজন। ধাক্কা খেতে খেতে প্রজাপতিটা মরে যাবে। তখন তারা দুজন সেই মৃত প্রজাপতিকে স্টাফিং করে রেখে দেবে স্মৃতিসংরক্ষণশালার ভেতর। যা-ই ঘটুক না কেন, কোনো প্রজাপতি হত্যার দায় কাঁধে নিতে চায় না তারা। প্রজাপতিকে মরতে হবে একা একাই। মাথা কুটে। অস্থির যন্ত্রণায় ওলোট-পালোট ধাক্কা খেয়ে। এটাও তো ঠিক, তারা দুজনই চায় মৃত্যু ঘটুক প্রজাপতির আর স্টাফিং
৩.
করার সুযোগ আসুক আরো একটি নতুন প্রজাতির প্রজাপতির ।
অনেকদিন পর স্টাফিং করা সেই প্রজাপতির কথা মনে করে সে একটি মোমবাতি জ্বালায় অন্ধকার ঘরের ভেতর। মোমবাতি নয়, এটা হলো মোমনারকেলবাড়ি, এরকমই তো শুনেছিল সে কোনো একদিন। আবর্তন থেকে সাড়ে তিনশ টাকা দিয়ে মেয়েটি কিনে এনেছিল মোমনারকেলবাতি। করাত দিয়ে আস্ত একটা নারকেল নিপুণভাবে দুইভাগ করে দারুণ যত্নে ঝানু ব্যবসায়ী মালইয়ের মধ্যে নারকেলশাসের অবিকল মোমের প্রলেপ লাগিয়ে বানিয়েছে মোমনারকেলবাতি।
আচ্ছা, করাত দিয়ে নারকেলটাকে দুইভাগ করার পর আবর্তনের শ্রমিকরা কি মালইয়ের নারকেলশাঁস নিজেরাই খেয়েছে নাকি খাওয়ার জন্যে পাঠিয়ে দিয়েছে মালিকের কাছে? নাকি নাড় বানিয়েছে? একেবারে অর্গানিক নাড়? এরকম প্রশ্ন মনে জাগায় সে একা একাই হাসে। হাসতে থাকে মোমনারকেলবাতির দিকে তাকিয়ে। প্রাকৃতিক মোমবাতি।
লোকজ মোমবাতি
নারকেলখোসার দুর্দান্ত ব্যবহার। কিন্তু এই মোমনারকেলবাতির সামনে সে কোনোদিনই মেয়েটির মুখ
দেখতে পারবে না। এই মোমের আলোর আভায় কোনোদিনই মুখোমুখি বসবে না তারা। এরকম কোনোদিনই হবে না যে, এই মোমনারকেলবাতির আলোকে নিঃসঙ্গ করে দিয়ে একসময় তারা হারিয়ে যাবে নিজেদের আনন্দবেদনার মধ্যে, আর নিঃসঙ্গ
মোমনারকেলবাতির শিখা আলোছায়ার খেলায় উন্মত্ত হতে হতে একসময় তাদের দুজনকেই ডুবিয়ে দেবে প্রগাঢ় অন্ধকারে। অথচ তারা সেই অন্ধকার টের পাবে না। মেয়েটির চোখ, অস্ফুট কথাবার্তা কিংবা করুণ শঙ্খ স্তনাগ্র থেকে, ছোট্ট শরীর থেকে থিরথিরিয়ে আলো জ্বলতে থাকবে। এবং সেই আলোয় সে একসময় চোখদুটো আর খুলে রাখতে পারবে না। তার চোখের পাতা জড়িয়ে আসবে। তার চোখের পাতা নিচু হতে শুরু করবে। তার চোখের পাতা নিজেকে গুটিয়ে নেবে। এবং দীর্ঘ অরণ্যের মতো নিবিড় নিশ্বাস নিতে নিতে সে চলে যাবে ঘুমের দেশে। কিন্তু এরকম কোনোদিনই হবে না। এরকম কোনোদিনই হয় না। সে মেয়েটিকে স্পর্শ করতে পারবে না। কিংবা কোনোদিন স্পর্শ করতেও পারেনি। কিন্তু এই মোমনারকেলবাতির শিখা সে অনায়াসে স্পর্শ করতে পারে। হত্যা করতে পারে। সে তার আঙুলগুলো দিয়ে মোমনারকেলবাতির শিখাকে স্পর্শ করার জন্য অথবা হত্যা করার জন্য হাত বাড়িয়ে দেয় ।
দুই
ঠা-ঠা দুপুরে গলির মধ্যে গরুর চামড়ার মতো ঝুলে থাকা ভ্যাপসা গরম আর নিরুদ্দিষ্ট সব তিরিক্ষি মেজাজের রিকশাওয়ালাদের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ মনে হয় তার, কোথাও খুব কাছেই কাঁশবনের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে দেখে ষড়ৈশ্বর্য হেঁটে যাচ্ছে রাস্তার ওপাশ দিয়ে। সে দেখে নাকি ষড়ৈশ্বর্যই দেখে? সে কি ষড়ৈশ্বর্যকে চিনতে পারে, নাকি ষড়ৈশ্বর্যই তাকে চিনতে পারে? কিন্তু কাশবনের ঘ্রাণ পায় সে। যে- কাঁশবন জয়নুলের চিত্রশালাকে দিনরাত পাহারা দেয় অযথাই পুরোটা শরৎ, তারপর মরে যায়, লুপ্ত হয়, হারিয়ে যায়
জয়নুলের মতোই। কিন্তু আনন্দ ও বেদনার উপশম ঘটানো দুপুরের নিস্তরঙ্গ ব্রহ্মপুত্র কাপতেই থাকে থিরথিরিয়ে। ব্রহ্মপুত্র নাকি যমুনা?
কাশবন নাকি বাঁশবন? ‘নার্স আমি ঘুমুইনি’ বলে টোকন জোরে জোরে চিৎকার করছে। অথচ এখন দুপুর। ওর এখন ঘুমাবার দরকার কী? দুপুরবেলা না ঘুমানোর জন্য এত আক্ষেপ করার দরকার কী? দুপুরবেলা সে ছিন্নপত্র নিয়ে, আরো ছিন্নপত্র নিয়ে বসে থাকতে চায় । মাঝে মধ্যে দু-একটা পাতা উলটাতে চায়। কিংবা কোনো পাতা না উলটিয়ে অযথাই তাকিয়ে থাকতে চায় অনন্ত দুপুর। কিন্তু সে-রকম দুপুর তার জীবনে আসতেই চায় না। খরখরে সব বইয়ের পৃষ্ঠায় ভরা, চালিয়াত সব মুখে ভরা, অন্ধকার সব মানুষে ভরা অপরিসর স্যাঁতসেতে ভার্সিটির মধ্যে থেকে হাসান আজিজুল হক ‘রোদে যাব’ ‘রোদে যাব’ বলে কাঁদতে শুরু করলে সে লিখনের কৈশোরে লেখা কবিতাটা পাগলের মতো খুঁজতে থাকে। প্রলম্বিত দুপুরের সেই কবিতা, কবিতার কিশোরী স্কুলছাত্রীটির মতোই কোথায় যেন হারিয়ে গেছে।
কেবল তার চলে যাওয়া দুপুরের সেই পথ আর গগনশিরিষের ছায়া পড়ে আছে মিছিলের শহীদ প্রিয় বন্ধুর মতো। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সে সেই রাস্তা দিয়ে আবার হাঁটতে থাকে। এরকম হতে পারে, সে আসলে একদম হাঁটেনি। সে দাঁড়িয়ে থেকে দেখছিল একটি বেড়াল তার নরম থাবা দিয়ে মাটি খুঁড়ছে কিংবা খড়পাতা খুঁজছে প্রাকৃতিক ক্রিয়াটুকু ঢেকে দিতে ।
তাকে দেখে বেড়ালটি থমকে গেল, ছোট্ট থাবাটা না নামিয়েই তাকিয়ে রইল, তারপর আস্তে করে দীর্ঘ লয়ে ম্যাও বলে কী যে আসলে বোঝাতে চাইল, তা কিছুতেই আর বোঝা গেল না। একবার তার মনে হলো, মেয়েটি এখনই দৌড়ে আসবে, এখনই বেড়ালটিকে তুলে নেবে কোলের ভেতর। কেননা, কে না জানে একমাত্র বেড়ালই প্রাকৃতিক ক্রিয়ার মতো অসহ্য অথচ সুখকর কাজটি করার
পর মানুষের মতোই তা ঢেকে ফেলার চেষ্টা করে । মেয়েটিকে বেড়াল-কোলে ঘুরে বেড়াতে দেখলে, কোলে নিয়ে গায়ে
হাত বুলাতে বুলাতে বই পড়তে দেখলে তার মনে একটা লাইন ঘুরঘুর করত
জলপোকার মতো, তোমার কোলের ‘পরে শুয়ে থাকে সাতটি বেড়াল, অথচ আমি তোমার কেউ নই… সেই সাতটি বেড়াল কিংবা সাতশ বেড়াল কিংবা সাত হাজার বেড়াল অথবা সাত লাখ বা সাত কোটি বেড়াল অথবা অনন্ত কোটি বেড়াল অকস্মাৎ কোথেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরে, গড়গড়িয়ে ক্ষিপ্তস্বরে জানার চেষ্টা করে, কোনখানে রেখেছ? তাকে তুমি কোনখানে রেখেছ? সে একবার চিন্তা করার চেষ্টা করে।
একবার কাঁশবনে লুকানোর চেষ্টা করে, একবার বাঁশবনের ঝিরঝির হাহাকার তোলা বাতাসের নিচে চুপচাপ বসে থাকার চেষ্টা করে, একবার যমুনায় তলিয়ে যাওয়ার চেষ্টা করে, একবার ব্রহ্মপুত্রে চিৎ হয়ে ভাসতে ভাসতে অনেকদিন পর চেষ্টা করে সেইদিনের মতো আকাশ দেখার। কিন্তু তার সামনে কোনো জানালা নেই, তার পা-জোড়া মাটি থেকে, মাটির মতো মেঝে থেকে অনেক দূরে জলের মধ্যে দোল খাচ্ছে; আর তাই সে আকাশছোঁয়ার স্বপ্ন আর দেখতে পারে না, আকাশটাকেও আর জানালা দিয়ে
ছুটে আসতে দেখে না বিষধরানো রোদের মধ্য দিয়ে। এবং মেয়েটিকেও সে কোনোখানে খুঁজে পায় না। সে মেয়েটিকে মনে করার চেষ্টা
করে, কিন্তু মেয়েটিকে তার মনে পড়ে না। একবার তার মনে হয় মেয়েটিকে সে কোনোদিনই দেখেনি, মেয়েটির চোখ কেমন ছিল মনে নেই তার, মনে নেই কেমন ছিল ছোট্ট চিবুক। মেয়েটি কেমন করে পুকুরের সামনে দাঁড়িয়ে রাজহাস দেখেছে, তাও মনে নেই । মনে নেই কীভাবে সে ঘুমিয়ে যেত। মনে পড়ে না বলে সে আতিপাতি করে খুঁজতে থাকে কোনোখানে সে সত্যিই মেয়েটির মতো একটা কিছু লুকিয়ে রেখেছে কি-না। চুলের একটা ক্লিপ,
কিছু
একটা ফিতা, ভেঙে যাওয়া রং- পেনসিল, শুকিয়ে যাওয়া একরাশ ফুলপাপড়ি কিংবা এরকম একটা কিন্তু কিছুই সে আর খুঁজে পায় না । সে সাতটা কিংবা… অনন্ত কোটি
বেড়ালের সামনে দাঁড়িয়ে ব্ৰিত স্বরে বলে, কাকে রেখেছি? কোনখানে রেখেছি? ফাজলামো করো, না?
সাতটা কিংবা… অনন্ত কোটি বেড়াল ঝাপিয়ে পড়ে তার ওপরে। তারা তাকে কামড়াতে শুরু করে আঁচড়াতে
থাকে নরম কিন্তু হিংস্র নখর গায়ের ওপর। আবারও সে পুরনো সেই লাইন ফিরে পায় হঠাৎ করে, তোমার কোলের ওপরে শুয়ে আছে সাতটা বেড়াল, অথচ আমি তোমার কেউ নই…। পাড়ায় ঢোকার মুখে ছোট্ট কালভার্টের ওপর বসে দেয়া আড্ডার আসর থেকে সুস্মি হারিয়ে গেলে অনেক অনেক বছর আগে সুমন তাকে এই কবিতার লাইন শেখায়। তারপর কবিতার খাতা হারিয়ে যায়, কপি হারিয়ে যায়, স্মৃতি হারিয়ে যায়, অনেক তল্লাশি চালিয়ে সে ফিরে পায় কেবল এই একটা লাইন।
সে ভয়ানক হতাশ্বাসে আবারও সেই পুরনো কবিতার লাইন বিড়বিড় করে বলতে থাকে খোলা মাঠে দাঁড়িয়ে। আর দেখে একেকটি বিবর্ণ বর্ণের মধ্যে থেকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে মেয়েটির নীলাভ শরীর। সে মুখ টিপে হাসছে। ভারি চোখ থেকে নেমে আসছে আলোর প্রপাত। সে মরিয়া হয়ে ক্ষিপ্তস্বরে মেয়েটিকে বেড়ালটিকে কিংবা সাতটি… অথবা অনন্ত কোটি বেড়ালকে সরিয়ে নিতে বলে।
মেয়েটি অবাক কণ্ঠে বলে, বেড়াল? কোথায় বেড়াল?
এই যে… সে কোনোমতে একটি সরাতে না সরাতেই ঝাঁপিয়ে পড়া আরেকটি বেড়াল সরাতে সরাতে বলে।
কোথায়?
চোখে দেখো না তুমি? এই যে… তার দম বন্ধ হয়ে আসে একটি বেড়াল নাকটাকে খামচে দিলে।
দাঁড়াও, দাঁড়াও। বলতে বলতে মেয়েটি চশমা পরে। এবং চশমা পরার পর মেয়েটিকে একেবারেই কেমন যেন লাগে। মনে হয় অনেক ঘুমের ঘোরে ঘুমাতে না পেরে উন্মাদ হয়ে গেছে। সে বেকুবের মতো তাকিয়ে থাকে মেয়েটির দিকে। অনেকদিন পর তার মেয়েটির হাসির ওপর ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। বিস্মিত স্বরে বলে ওঠে সে, তুমি আবার চশমা নিলে কবে?
কতদিন হয়ে গেল! বাইফোকাল।
মেয়েটি খুব স্বাভাবিক স্বরে এইটুকু বললে সে তাকে আবারও ভালো করে তাকিয়ে দেখে, এবং ক্রুদ্ধস্বরে বলে, শোনো, তোমার এই চশমার ফ্রেম আমার একদম পছন্দ নয়। তুমি এটি আজকেই পালটাবে। রিমলেস চশমা নেবে। আমি তোমাকে চশমার দোকানে নিয়ে যাবো… আমি…
তারপর সে আর কিছু বলতেই পারে না। সাতটা… কিংবা অনন্ত কোটি বেড়াল এবার আরো জোরে খ্যাঁও খ্যাঁও করতে করতে আঁচড়াতে থাকে। আর সে নুইয়ে পড়তে থাকে, মিলিয়ে যেতে থাকে তুলোর মতো আকাশের মেঘের ভেতর। মনে হয় মেয়েটি তাকে তুলে নিল বুকের ভেতর, কপালে হাত রাখল এবং তখন তার হঠাৎ মনে হলো মারজুককে বলতে হবে, সত্যিই, টেনিসবল ঠিক অত ছোট নয়।
তিন
আপনি বলছেন, কোটি কোটি বেড়াল আপনাকে খামচে দিয়েছে?
ডাক্তারের নম্র কিন্তু তীক্ষè চোখের দিকে ভালো করে তাকাতে বিব্রত লাগে তার। মনে হয়, ডাক্তারের কাছে আসা তার ঠিক হয়নি। কিন্তু ডাক্তারের নামটা তার ভালো লেগেছে। সে তাই চোখ তুলে ডাক্তারের কথার উত্তর না দিয়ে বলে, এটা কি আপনার সত্যি-সত্যি নাম?
কোনটা?
ওই যে দরজার সামনে সাইনবোর্ডে লেখা আছে?
কেন, আপনার মনে হয় না আমার নাম এইটা হতে পারে?
না, পারে… মানে আমি কোনোদিন কোনো ডাক্তারের এরকম ভালো নাম দেখিনি তো।
ডাক্তার হেসে ফেলে। বলে, এই নামটাও আমার।
সে নামটা কয়েকবার আওড়ায়, মামুন হুসাইন… মামুন হুসাইন… ডা. মামুন হুসাইন… ডা. মামুন হুসাইন… ধুৎ… এইটা ডাক্তারের নাম বলে মনে হয় না। সে হাল ছেড়ে দিয়ে আবারও ডাক্তারের দিকে সরাসরি চায়। ডাক্তার বলে, দেখি আপনার গায়ে বেড়ালের আঁচড় দেখি।
সে তার হাতের দিকে তাকায়। বিস্মিত হয় কোনো দাগ না দেখে। সে হাত নিয়ে নাকে মুখে বুলায়, কোনো আঁচড় নেই বুঝতে পেরে অবাক হয়ে যায়। এবার সে জামা খুলে ফেলে। কিন্তু কোনো চিমটির দাগও খুঁজে পায় না। তারপর সে প্যান্ট খুলে ফেলে। কিন্তু নিজের সুন্দর রোমশ পা দেখে নিজেই লজ্জা পায়। তারপর সে অন্তর্বাস খুলে একেবারে ন্যাংটো হয়ে দাঁড়ায়।
এবার নিজের ওপরেই তার রাগ হতে থাকে।
ঘরে ফিরে সে জানালা-দরজা সব আটকে ফেলে। ঘরের মেঝে দেখে। এই মেঝেতে একদিন তার আর মেয়েটির পায়ের পাতা লেগেছিল। কিন্তু মেঝে চিরকালই মেঝে, তা কখনো মৃত্তিকা হয় না। সে ভালো করে জানালার দিয়ে তাকায়। না, আকাশ ধেয়ে আসছে না ঘরের ভেতর। বাঁশপাতা স্পর্শ করা ঝিরঝির বাতাসের শব্দ পাওয়া যাচ্ছে না কোনোখানে। কিংবা কাঁশবন দুলছে না চোখের প্রান্তরে। একটি কিশোরী মেয়ে পৃথিবীর কোনো জলঘাটেই আর পা ডুবিয়ে বসে নেই আপনমনে। তবে মোমনারকেলবাতিটা এখনো আছে।
সে বন্ধঘরের মধ্যে সেই মোমনারকেলবাতি জ্বালায়। কিছুটা পানি মেশায় হুইস্কিতে। মোমনারকেলবাতির শিখার দিকে তাকিয়ে থাকে।
কতক্ষণ, কেউ জানে না, হুইস্কি শেষ হয়ে যায়, মোমনারকেলবাতি নিভে যায়। তখন অন্ধকারে কোনো শরীরও জেগে থাকে না মৃদু উদগ্র আলো নিয়ে। কেন যেন সে তবুও দেখে, অনায়াসে হাঁটে এক আলোছায়ার মধ্য দিয়ে এবং হাঁটতে হাঁটতে একসময়ে ঘুমিয়ে পড়ে কাল সকালে উঠে ডাকঘরের জমে-ওঠা যাবতীয় অন্ধকারে আগুন ধরিয়ে দেয়ার চিন্তা করে।

Leave a Reply
You must be logged in to post a comment.