এক
ধরো, সবকিছু পড়ে আছে আমার আলিঙ্গন থেকে দূরে
শুকনো বটের পাতা যেভাবে ভেসে যায় মধ্য-সমুদ্দুরে
একশ বছর হলো – ঈশানের মেঘে আর নেই ধূলিঝড়
ধরো, তোমার রক্তিম গালে চুম্বনহীন পেল অবসর;
গোপন রাত্রিতে যখন একটা অন্ধকার গাছ চেপে ধরো
গাছ নেই পাতা নেই তোমার দুহাতে তুমি জড়োসড়ো
আনন্দ নেই, বেদনাও নেই – নাম মনে নেই কারো;
আর কোনো কথা নেই যখন আমাকে বলিতে পারো
তোমার কি মনে হয় – তুমিও কি হাত চেপে ধরো?
আমার তো মনে হয় আমি যেন ভালোবাসি আরো।
দুই
অনেক গরল মধু পান করে আমি আজ নির্জনে বসেছি
এইখানে এত বেশি কাতরতা, এত বেশি চুপে কোলাহল
চারিদিক থেকে পাতাপত্র উড়ে আসে, গোপন বাতাসের
জল, আমার ঠোঁটের ভাঁজে আহা কী-যে মৃদু মৃদু লাগে!
অনেক গরল মধু পান করে আমি আজ নির্জনে বসেছি
একটা ছোট পাখি বনের প্রতাপ থেকে এইখানে এসে
মজা পেয়ে গেছে – মনে হয় আমাকেও বুঝে নিল খুব
একটা ক্ষীণ পিপীলিকা আমার পায়েতে ক্রমশ নিশ্চুপ;
কোনো ধ্বনি নেই, প্রতিধ্বনি কিংবা ইশারা-সংকেত
কোনো তারবার্তা, অমলের ফোনে পুনশ্চ নদী-মেঘ
নিয়ে ফাল্গুনের ঘটনাবলি তুমি উড়ে যাচ্ছো সন্ধেবেলা
একটা দোয়েল – আমার হৃদয়ে দিল অভিনব দোলা;
অনেক গরল মধু পান করে আমি আজ নির্জনে বসেছি
বিশাল দুপুরবেলা, আপাতত আর কোনো দৃশ্য নেই,
চারিদিকে রুচিবদলের উপদেশ নিয়ে বসেছি নির্জনে;
আমার সরল ব্ল্যাকবোর্ড তুমি অদূরেই মুছে যেতে থাকো।
তিন
কী এক সহজ প্রণয় ঘটে গেল পৃথিবীর প্রকট দুপুরে
আর কোনো অভিমান নেই হৃদয় ক্রমশ জেগে থাকে
হাওয়ায় হাওয়ায় অতিক্রম আসে – আমাকেও ডাকে;
বীভৎস ইলেকট্রিক তারের ভেতর আমিও চলে যাই দূরে
দূরত্ব সেই পাখিদের নাম যারা একবার প্রান্তরে আসে
একবার মগডাল থেকে ফুটপাতের অঘন কিনারে নামে
সহজ ধারণাগুলি লিখে দেয় – দূরবেদনার পাথর-স্লেটে
পূর্ণিমায়, উদ্যানে লুটোপুটি খায়, হাওয়ার চপ্পলে ভাসে
এখানে আকাশ অফুরন্ত দেখেছিলে হাত নেড়ে নেড়ে
একটা লবণফুলে মিটে গেছে পৃথিবীর তিল তিল স্বাদ;
প্রণয়েষু মাঘে যার হাতে অমেয় সন্ধ্যার নিমন্ত্রণ পেলে
তাকে যদি মনে রাখ – ভালোছাত্রের মতো আগ্রহভরে;
তোমার বুকের কাছে সবচেয়ে গাঢ় যে-হৃদয় দোলে,
তোমার মুখের কাছে সবচেয়ে নিভৃত ঠোঁটের রেখা,
তোমার চোখের তারায় সবচেয়ে নিমগ্ন চাহনি আছে
তোমার শরীরজুড়ে কী-এক গন্ধের কারুজ ছোবলে;
দূরে চলে যাই, যাবার গল্প আমি কাউকে বলি না।

Leave a Reply
You must be logged in to post a comment.