বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও সংস্কৃতি-অন্বেষণ একটি উত্তর-ঔপনিবেশিক প্রস্তাবনা

বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী, মৃণালিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ প্রভৃতি একাধিক উপন্যাস ইতিহাস-সংলগ্ন বা কিছুটা ইতিহাস-আশ্রয়ী। কিন্তু বঙ্কিম একমাত্র রাজসিংহ ছাড়া অন্য উপন্যাসগুলিকে ঐতিহাসিক উপন্যাস বলেননি। বঙ্কিমের সমালোচকবৃন্দও বঙ্কিমের ওই মূল্যায়ন মেনে নিয়েছেন এবং এর সপক্ষে যুক্তি চয়ন করেছেন। আমরা সে-আলোচনায় আপাতত যাবো না। তবে এ-কথা মনে করিয়ে দেবো যে, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে – এই নিয়ে গিয়র্গ লুকাচ থেকে হাইডেন হোয়াইট পর্যন্ত সাম্প্রতিক সমালোচকদের মধ্যে যেমন বিতর্ক আছে, তেমনি ইতিহাস কতটা ইতিহাস আর কতটা উপন্যাস, এই নিয়েও বিতর্ক আছে – যার মীমাংসা আজো হয়নি। তবে আমাদের জন্য এক্ষুনি যেটি প্রাসঙ্গিক তা হলো এই যে, প্রাক্তন উপনিবেশভুক্ত তৃতীয় বিশ্বের সব লেখকদের মধ্যেই স্বদেশীয় ইতিহাস সম্পর্কে একটি অনুসন্ধিৎসা ও উৎকণ্ঠা লক্ষ করা যায় এবং দেখা যায়, তাদের থাকে ইতিহাস বিনির্মাণের একটা তাগিদ ও প্রচেষ্টা। বঙ্কিমের উল্লিখিত উপন্যাসগুলির পেছনেও যে-অনুরূপ একটি অন্বেষণ ও উৎকণ্ঠা কাজ করছে তা বোঝা যায় যখন তিনি প্রায় হতাশ হয়ে লেখেন যে, ‘বাঙালির ইতিহাস নাই। কে লিখিবে? কেন, তুমি লিখিবে আমি লিখিব’ – এই অভাববোধ কেন?

উপনিবেশের ইতিহাস-রচনা যে শুধু বিজিত ও উপদ্রুত উপনিবেশের স্থানীয় বুদ্ধিজীবীরাই করেন, তা নয়। উপনিবেশের ইতিহাস রচনা করেন প্রসারমান সাম্রাজ্যের বিজয়ী সেনাদলের সঙ্গে আগত প্রশাসক, প্রকৌশলী, সার্ভেয়ার, বিচারক, শিক্ষাবিদ, নৃতাত্ত্বিক, পরিব্রাজক প্রভৃতি আরো অনেকে। বিজিত দেশের ওপর তাদের সামরিক সাফল্য সুনিশ্চিত করতে এবং তাদের অবস্থান নির্বিঘ্ন ও সুদৃঢ় করতে ওই দেশের ভৌগোলিক পরিচয়, নদীনালা, পর্বত, জনপদের বিন্যাস, শহর রাস্তাঘাটের জটাজাল সংক্রান্ত জ্ঞান অত্যন্ত জরুরি। ঠিক তেমনি জরুরি ওই ভূখণ্ডের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, আচার-অনুষ্ঠান সম্পর্কে জানা। আমাদের দেশেও এশিয়াটিক সোসাইটির পত্তন বা জিওলজিক্যাল সার্ভে বা বোটানিক্যাল সার্ভের অন্বেষা বিশুদ্ধ জ্ঞানতৃষ্ণার দ্বারা প্ররোচিত হয়নি। প্রশাসনের সাফল্যের সঙ্গে ওই জ্ঞান সম্পর্কযুক্ত। তাই ওই জ্ঞানের উলটোপিঠে আছে ক্ষমতার অন্তর্বয়ন অর্থাৎ সাম্রাজ্যের অনুকূলে জ্ঞানের অনিকেত ঔচিত্যমূলক (হড়ৎসধঃরাব) অভিযোজনা। একই সঙ্গে থাকে দেশজ জ্ঞানের, বুদ্ধির সংস্কৃতির অবমূল্যায়নের একটি প্রবণতা। বিজিতের অধস্তনতা যে তার নিকৃষ্টতর সংস্কৃতিরই ফলাফল, এমন একটি বৌদ্ধিক পরিমণ্ডল সৃষ্টি করে সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বৈধতা ও নৈতিক ভিত্তি দান করা এই প্রয়াসের লক্ষ্য। তার লুণ্ঠনবৃত্তিকে আড়াল করে, তার উপস্থিতিকে উপনিবেশের জন্য কল্যাণকর (তার জ্ঞান ও প্রযুক্তির কারণে) এমনই একটি বাতাবরণ তৈরি করে। এবার তারা উন্নততর জ্ঞানের নামে নিজস্ব জ্ঞান ও সংস্কৃতি উপনিবেশের ওপর চাপিয়ে দেয়। বহিরাগত জ্ঞান, নতুন বিচারব্যবস্থা ও আইন অনুশাসনরূপে, নতুন অর্থনৈতিক বিন্যাসরূপে, যন্ত্রকৌশলের প্রয়োগরূপে, মহামারীর হাত থেকে সেনাদলকে রক্ষা করার অভিপ্রায়ে প্রবর্তিত জনস্বাস্থ্যনীতিরূপে, সর্বোপরি নব্য-শিক্ষাব্যবস্থারূপে তা আবির্ভূত হয়। বিজিত দেশীয়দের ক্ষমতা থেকেই অপসারণ নয়, সংস্কৃতি থেকেও অপসারণের একটি অনতিপ্রচ্ছন্ন প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে। তবে তার নতুন জ্ঞানের ওই প্রবর্তনা যে আদ্যন্ত বল-প্রয়োগ দ্বারাই ঘটে, তা কিন্তু নয়। নব্য-শিক্ষিতজনও দেশীয় সংস্কৃতির বিদেশী মূল্যায়নে অভ্যস্ত হয়ে ওঠে এবং অধস্তনতা অধমর্ণতার জন্ম দেয়। বহিরাগতরা একবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বসলে পর নব্যজ্ঞানের পেছনে শক্তির কাঠামোটি আর চোখে পড়ে না। যুক্তি শক্তিকে আড়াল করে। ঔপনিবেশিক যুক্তি অবিকল্প, অনিবার্য ও স্বাভাবিক বলে প্রতিভাত হয়। যুক্তির প্রতিসরণটিও আর চোখে পড়ে না। নতুন প্রজন্মের পাশ্চাত্য শিক্ষিত শ্রেণিটির সমর্থনও সুনিশ্চিত হয়। অবশ্য ইতোমধ্যে যে ব্যাপক সামাজিক পরিবর্তন ও পুনর্গঠনের সূচনা হয় তাতে নব্য-নগরাগত নবাবির্ভূত দেশীয় বণিকশ্রেণি, পেশাজীবী মধ্যবিত্তের মনে নতুন রাষ্ট্রব্যবস্থায় প্রশাসন ও ক্ষমতায় অংশীদারিত্বের প্রতিশ্রুতি ও সম্ভাবনা ওই বৌদ্ধিক সমর্থনের পেছনে আবেগের সঞ্চার করে। তবে একই সঙ্গে নতুন চিন্তার প্রণোদনা ও সমাজকল্যাণের অভিপ্রায়ও কাজ করে। ওই ব্যাপক উত্তেজনা, আকাক্সক্ষা ও কর্মকাণ্ডেরই নাম ঐতিহাসিকরা দিয়েছেন রেনেসাঁ। বঙ্কিমচন্দ্র ওই রেনেসাঁরই এক দিকচিহ্ন। তবে ওই ভাঙাগড়ায় পুনর্বিচার ও পুনর্নির্মাণের প্রক্রিয়াটি জটিল, বন্ধুর এবং বিভিন্ন বিরোধী প্রবণতায় আকীর্ণ। ফলত রেনেসাঁ বিচারে অতি সরলীকরণী করার প্রলোভন দুর্মর।

বহিরাগত ও স্থানীয় সংস্কৃতির পরস্পরমুখীনতা, সংঘাত ও সংশ্লেষণের জটিল প্রক্রিয়াটির দুটি পক্ষ। একটি ক্ষমতাদর্পী, শ্রেষ্ঠত্বের অভিমানস্ফীত বহিরাগত সাম্রাজ্যবাদী ব্যক্তিবৃন্দ – এর মধ্যে সেনাবাহিনী, বণিক, প্লান্টার, প্রশাসক, বুদ্ধিজীবী সকলেই আছেন। অন্যদিকে উপনিবেশভুক্ত এদেশীয় বণিক, হৃতবল, ভূম্যাধিকারী, নব্যশিক্ষিত পেশাজীবী ও ক্ষমতা-প্রলুব্ধ রেনেসাঁ-প্রাণিত উদ্বোধিত বুদ্ধিজীবীশ্রেণি, যারা ক্ষমতায় অংশীদারিত্বের দাবি নিয়ে জাতীয়তাবাদের জন্ম দেবেন। অতএব উপনিবেশে রেনেসাঁ ও জাতীয়তাবাদ আসে হাত ধরাধরি করে। জাতীয়তাবাদের সনাতনত্বের প্রমাণ হিসেবে ইতিহাসে তার উৎস-সন্ধান জরুরি হয়ে পড়ে। ঔপনিবেশিক পরিমণ্ডলে ইতিহাস-অন্বেষার এটিই গূঢ়তর কারণ। কিন্তু শুরুর আগেও শুরু আছে বা বলা যায় ওই ইতিহাস রচনারও একটি উলটোপিঠ আছে।

উপনিবেশভুক্ত অধস্তনরা ইতিহাস রচনার আগেই সাম্রাজ্য প্রবর্তক ও সমর্থক বুদ্ধিজীবীরাই উপনিবেশের ইতিহাস-রচনায় হাত দেন। দু-ধরনের ইতিহাস লেখা হয় : এক. টড, ওর্মে, ফর্বেস ওয়াটসন, ডালটন, হার্বার্ট রিসলে, মিন্ডোজ টেলর, মিল প্রমুখের স্থানীয় ইতিহাস; অন্যটি বৈশ্বিক ইতিহাস। ওই বৈশ্বিক ইতিহাস একটি তাত্ত্বিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে লিখিত হয়। এই তত্ত্বে সাম্রাজ্যবাদের প্রসারের প্রক্রিয়াকে মানবসভ্যতার জন্য কল্যাণকর ঐতিহাসিক প্রক্রিয়ারই একটি প্রকাশ হিসেবে দেখানো হয়। উপনিবেশগুলির আঞ্চলিক ইতিহাসকে ভুলভ্রান্তির ইতিহাসরূপে বৃহত্তর বৈশ্বিক একটি ‘গ্র্যান্ড ন্যারেটিভ’ বা মহাকথনের অংশরূপেই অন্তর্ভুক্ত করা হয় এবং নৈর্ব্যক্তিক বিশ্ব-ইতিহাসের ‘অভিপ্রায়ে’র পরিপ্রেক্ষিতে আনুপাতিকভাবে স্থানীয় ইতিহাস অকিঞ্চিৎকর বলেই বিবেচিত হয়। হেগেলীয় ইতিহাস-দর্শনে এই ভাবনার পরিশীলিত প্রকাশ ঘটেছে। আফ্রিকান ইতিহাসের অস্বীকৃতি এবং ভারতীয় ঐতিহাসিক প্রক্রিয়ার ও মানসের জাড্যতা সংক্রান্ত হেগেলের মন্তব্য স্মরণ করুন। হেগেলীয় যুক্তিবিন্যাসে ইতিহাসের অভিপ্রায়ের বাস্তবায়নে দেবোত্তর ব্যক্তির ভূমিকা দৈববিধানের রূপ পরিগ্রহ করে। হেগেলের নেপোলিয়নস্তুতির কথা মনে পড়বে। এরপর কোনো ঐতিহাসিক যদি ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস প্রমুখ যে-কোনো সাম্রাজ্যবাদী অ্যাডভেঞ্চারারকে ঈশ্বর-আদিষ্ট ইতিহাস-নির্ধারিত ত্রাতা হিসেবে উপস্থাপিত করেন তবে তিনি আত্মসমর্থনে হেগেলীয় যুক্তি উদ্ধৃত করতেই পারেন। বঙ্কিমের উপন্যাসেও ওইসব দেব-আদিষ্ট বীরোত্তমদের প্রাদুর্ভাব দেখতে পাই। তবে তাঁরা প্রত্যাশিতভাবেই জাতীয়তাবাদী ত্রাতারূপেই আবির্ভূত – যেটি হয়তো হেগেলের সমর্থন পাবে না।

অবশ্য ওই ‘গ্র্যান্ড ন্যারেটিভে’র অংশ হয়ে পড়ার ফলে উপনিবেশের নতুন যুক্তিনিষ্ঠ-ইতিহাস রচনার প্রয়োজন আরোপ্রয়োজনীয় হয়ে ওঠে। তবে হেগেলীয় গ্র্যান্ড ন্যারেটিভে অন্তঃপ্রবিষ্ট আঞ্চলিক ইতিহাস বৌদ্ধিকভাবে তৃপ্তিদায়ক হলেও তা সবসময়ে আঞ্চলিক বিচিত্রতার জটিলতা, অন্তর্বিরোধের বাস্তবতাকে ও বিচ্ছিন্নতাগুলিকে যথাযথভাবে চিত্রিত করতে পারে না। যেমন ঔপনিবেশিক পরিমণ্ডলে সাম্রাজ্যবাদীদের প্রবর্তিত নতুন জ্ঞান অধস্তন সমাজের জনগণকে সংস্কার ও প্রথার আনুগত্য থেকে বিচ্ছিন্ন করে তাদের মানসমুক্তি ঘটালো ভাবলে যথার্থ ভাবা হবে না, কারণ ইতিহাস ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতার প্রক্রিয়া এক সর্বব্যাপী আশ্রয়হীন মানসিকতার ও উৎকণ্ঠারই জন্ম দিয়েছিল। রাজনৈতিক ক্ষমতার রক্তলাঞ্ছিত হস্তান্তর যতটা আকস্মিক ও দ্রুততার সঙ্গে ঘটে, সংস্কৃতির অ-দৃশ্যমান স্থানান্তরটি ততটা সর্বতোভাবে ঘটে না। নতুন ভাবনার আগ্রাসন বৃহত্তর জনসাধারণের মধ্যে প্রথমেই একটি প্রতিরক্ষামূলক জান্তব প্রতিরোধ গড়ে তোলে; সেটি ব্যর্থ হলে একটি উন্মূলতার হাহাকারমিশ্রিত বিষাদ সমগ্র সমাজে পরিব্যাপ্ত হয়ে পড়ে, যা কখনো কখনো রক্ষণশীল ধর্মীয় পুনরুজ্জীবনে বা কখনো মরমিয়া আন্দোলনে রূপ পায়। সমাজের শিক্ষিত অংশে একই সময়ে ওই নতুন ভাবনা ও ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে নিত্যদোলায়িত হয়ে মন এক স্কিৎসোফ্রেনিক বিভক্ত-চৈতন্যের জন্ম দেয়। কিন্তু সমাজের সকলেরই মনের আকাশে ভাসমান কুয়াশার মতো উৎকণ্ঠা চেপেই থাকে। তবে ওই নব্যব্যবস্থা প্রবর্তনজনিত উৎকণ্ঠা যে কেবল বিজিতের মনেই দেখা দেয়, তা নয়। বিজয়ী প্রবর্তকরাও ওই উৎকণ্ঠার (ধহীরবঃু) হাত থেকে অব্যাহতি পান না। উপনিবেশভুক্ত জনগণের ওই ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতার সম্ভাবনাকে যদি বলি স্বদেশকে হারানোর ভয় বা ‘ট্রমা’ (trauma), তবে বহিরাগত শাসকশ্রেণির উৎকণ্ঠাকে বলতে হয় ‘টেরর’ (terror) – ক্ষমতা হারানোর ভয় (যা শুধু সিপাহী-বিদ্রোহের মধ্য দিয়েই প্রকাশিত হয়নি, প্রতিটি বিদ্রোহ, প্রতিটি যুদ্ধক্ষেত্রেই সাম্রাজ্যবাদীদের তাড়া করে ফিরেছে)। ইংরেজ বুদ্ধিজীবীদের রচনায়, উপনিবেশ সংক্রান্ত প্রতিটি উপন্যাসে, কবিতায়, প্রশাসকদের ও সেনাধ্যক্ষদের স্মৃতিচারণে, কোম্পানি কর্মকর্তাদের প্রতিটি কমিটি-রিপোর্টে, পার্লামেন্টারি প্রতিবেদনে ওই ভয়ের চিহ্ন উৎকীর্ণ হয়ে আছে।

সাম্রাজ্যবাদী তত্ত্বের অভ্যন্তরেই অবশ্য ভয়ের বীজ উপ্ত হয়েছিল। প্রতীচ্য ও প্রাচ্য, বিজয়ী এবং বিজিত, আমি এবং অপর, এক এবং ভিন্ন, শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট প্রভৃতি দ্বৈততার (binaries) মাত্রাচিহ্নিত যে বিভক্তিমূলক বিচার দিয়ে সাম্রাজ্যবাদীরা তাদের আগ্রাসনকে বৈধতা ও নৈতিকতা দানের প্রয়াস পেয়েছিলেন তার মধ্যেই ছিল ওই ভয়ের বীজ। অভিজ্ঞতার অগ্রানুবর্তী ওই কাল্পনিক বিভক্তিতে অন্ধবিশ্বাস পরিণামে সাম্রাজ্যবাদীদের দৃষ্টিকে আচ্ছন্ন করেছিল এবং বিজিতের মানসিকতা ও সংস্কৃতিকে বোঝার ক্ষেত্রে অন্তরায়ই হয়েছিল। বিজিতের মনের ভয় ও সংশয় যে-প্রতিরোধের জন্ম দিচ্ছিল এবং প্রতিরোধের ব্যর্থতা যে-বিষাদের ও পলায়নপর-মানসিকতায় প্রকাশিত হচ্ছিল তা, এবং অন্যদিকে বহিরাগতের প্রাযুক্তিক সাফল্য ও বৈভবের আকর্ষণ যে-দোলাচলবৃত্তির অবতারণা করেছিল তাকে তাঁরা বুঝতেও পারেননি বা তার যথাযথ মূল্যায়নও করতে পারেননি। ব্যক্তিক প্রতিক্রিয়ার নিয়ত পরিবর্তনশীল বিচিত্রতা সমস্যাকে আরো জটিল করেছিল। তাঁরা অধস্তনের মানসিক ওই বিচিত্র প্রকাশকে প্রাচ্য-দুর্বোধ্যতা ও কুটিলতা অথবা জাড্যতা বলেই সিদ্ধান্ত করেছিলেন। অতি-সরলীকৃত ওই মূল্যায়নের অন্তরতলেই ছিল বিজিত ‘অপর’ সম্পর্কে ভয়, সংশয় ও উৎকণ্ঠা।

বিজিতের কোটিতে অন্যদিকে ওই অপরত্বের ও ভিন্নতার যুক্তিই আবার জাতীয়তাবাদকেও প্ররোচিত করেছিল, তবে এবার ইতিবাচক ব্যাখ্যানে, অধস্তনকে অবমানিতের অবস্থান থেকে গৌরবের আসনে পুনর্বাসনের লক্ষ্যে। ওই ‘অপরত্বে’র জাতীয়তাবাদী ব্যাখ্যানের নির্মাতা বুদ্ধিজীবীরা অবমানিত জনগণকে সঙ্গে নিয়ে অধিকার আদায়ের সংগ্রামে [এবং হৃত ক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টায়] ব্যবহার করলেন। ওই অপরত্ব-বিলাসী বিভক্তির চেতনাটি কিন্তু স্বাধীনতার পরও অবসিত হলো না। তার কারণ ওই জাতীয়তাবাদী সীমারেখার অস্পষ্টতা। অপরত্বের যে-চেতনার ওপর জাতীয়তাবাদী ডিসকোর্সটি দাঁড়িয়ে আছে সেই অপরত্বের সীমা কোথায় টানা হবে? সে কি ইতিহাসে, সংস্কৃতিতে, ভাষায়, ধর্মে, ভূগোলে, এথনিসিটিতে? কোথায়? ওই অস্পষ্টতা স্বাধীনতা আন্দোলনের উত্তেজনার মধ্যে পরীক্ষা করে দেখার সময় ও মানসিকতাও ছিল না। হয়তো-বা ওইসব প্রশ্ন তোলা অনেকে সমীচীনও মনে করেননি।

ওই অপরত্ব সংক্রান্ত ধারণাটির দ্ব্যর্থকতা ও জটিলতা সাম্রাজ্যবাদী ‘এপলজিস্টরাও’ শেষ পর্যন্ত অনুধাবন করেছিলেন। কিপলিং পর্যন্ত তাঁরা গভীর বিশ্বাসে ও প্রবল নিষ্ঠায় ধারণাটি ব্যবহার করেছিলেন, কিন্তু অচিরাৎ ততোধিক হতাশায় আবিষ্কার করেছিলেন যে, ওই পার্থক্যসূচক বিভাজন-রেখাটি মোটেও স্থির কোনো সূচকচিহ্ন নয়। তা নিয়ত প্রতিসরমাণ এবং পার্থক্য ও বিভেদের সূচকসমূহ কেবলই এক অপ্রত্যাশিত hybridity বা মিশ্রিত প্রপঞ্চের দিকে ধাবমান। উপনিবেশের পাশ্চাত্যজ্ঞানে প্রশিক্ষিত বুদ্ধিজীবী, পেশাজীবী ও প্রশাসকরা IB hybridityর বা মিশ্রসংস্কৃতির শ্রেষ্ঠ উদাহরণ। এঁরা একই সঙ্গে পাশ্চাত্যের প্রতি আনুগত্যপরায়ণ আবার জাতীয়তাবাদী প্রতিরোধেরও নেতানিচয়। এঁরাই পাশ্চাত্য পণ্ডিতবৃন্দ-লিখিত ভারতবর্ষের ইতিহাসের সমালোচক ও নতুন জাতীয়তাবাদী ইতিহাস রচনায় ব্রতী। রাজেন্দ্রলাল মিত্র, অক্ষয় কুমার মৈত্রেয়, রমেশ চন্দ্র দত্ত, নবীন সেন, সৈয়দ আমীর আলী এঁদেরই উদাহরণ। ওই নতুন ইতিহাস নির্মাণের প্রয়োজন অনুভব করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও। তাঁর ইতিহাসাশ্রিত উপন্যাসগুলি সেই প্রয়োজনবোধ দ্বারাই তাড়িত।

অতীতকে উপন্যাসে রূপ দেওয়া আর অতীতকে বোঝা অবশ্য কোনো কার্যকারণ-সূত্রে গ্রথিত নয়। ওয়াল্টার বেঞ্জামিন যেমন ইলিউমিনেশনস গ্রন্থে আমাদের সতর্ক করে দিয়েছেন যে : ‘To articulate the past historically does not mean to recognise it, the way it was. It means to sei“e hold of a memory or a presence as it flashes up at a moment of danger.’ বঙ্কিমও কলোনিয়ালিজমের সেই আপৎকালে অধস্তন অবস্থা থেকে মুক্তির প্রেরণা সংগ্রহের জন্যে ইতিহাসে স্মৃতিতে একটি প্রোজ্জ্বল গৌরবের ও মহত্ত্বের মুহূর্ত খুঁজছিলেন, যা নিয়ে একটি উপন্যাস লেখা যায়। ওই মুহূর্তটিতেই ইতিহাসের অর্থ-সংগুপ্তি ঘটেছে এমনটি সিদ্ধান্ত করা হয়তো যায় না। তবে বঙ্কিম ওই গৌরবের মুহূর্তটি সমগ্র সমাজের জন্য তাৎপর্যময় মনে করেন, তাতে অর্থারোপ করেন, যেন ইতিহাসেরই নিহিত অভিপ্রায় হঠাৎ উদ্ভাসিত হলো। ওই গৌরবের আখ্যানটি অপসৃত হওয়ার আগেই তাকে স্মৃতিতে, মনে-মননে আঁকড়ে ধরতে হবে। কার্ল মানহাইমের প্রাসঙ্গিক কথাটি আমাদের মনে পড়বে যে, যে-অর্থনিচয় দিয়ে আমরা আমাদের পৃথিবীটি গড়ে তুলি তাও ইতিহাস-নির্মিত, তবে তা নিয়ত পরিবর্তনশীল : ‘the meaning which make up our world are historically determined and is a continuously developing structure…’ [Ideology and Utopia, p 76] মানহাইম যদি বঙ্কিমের কালে জন্মাতেন তবে বঙ্কিম হয়তো এর মধ্যে খানিকটা সমর্থন পেতেন। কাজেই বঙ্কিম যে-সঙ্কটের ও বিপর্যয়ের একটি বিশেষ ক্রান্তিকালে ওই গৌরবের (সত্য বা কাল্পনিক যাই হোক না কেন) মুহূর্তটি বেছে নিয়েছিলেন তাও ইতিহাস ও পরিস্থিতি তাড়িত হয়েই। উপন্যাসগুলিতে বর্ণিত ঘটনার ঐতিহাসিক যথার্থতা বা তদকৃত তাৎপর্যানুসন্ধানের যুক্তিবহতা আমরা আপাতত আলোচনা করব না। তবে ওইটি যে সাহিত্যিক নির্মাণ (literary artifact) এই কথাটি বিবেচনায় রাখব। বঙ্কিম অবশ্য ইতিহাসের ওপরে উপন্যাসকে স্থান দিয়েছেন যখন তিনি লেখেন : ‘ইতিহাসের উদ্দেশ্য কখনও কখনও উপন্যাসে সুসিদ্ধ হইতে পারে। …তবে সকল স্থানে উপন্যাস ইতিহাসের আসনে বসিতে পারে না। কিন্তু এই গ্রন্থে (রাজসিংহে) আমার যে উদ্দেশ্য তাহাতে এই নিষেধবাক্য খাটে না। এই উদ্দেশ্য কি? … হিন্দুদিগের বাহুবলই আমার প্রতিপাদ্য। উদাহরণস্বরূপ আমি রাজসিংহকে লইয়াছি।’ বঙ্কিম গোড়াতেই ইতিহাস, বিশেষ করে ঐতিহাসিক উপন্যাস, লেখার সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তবে বঙ্কিমের যে-ইতিহাসানুগ হওয়ার কোনো দায় ছিল না বা এ-নিয়ে তাঁর কোনো উৎকণ্ঠা ছিল না, তা নয়। তাঁর উপন্যাসগুলিকে তিনি ইতিহাসের বিকল্প হিসেবেই কল্পনা করেছিলেন। উপনিবেশে নতুন বুদ্ধিজীবীরা যখন নতুন ইতিহাস লেখার প্রয়োজনের কথা ভাবছিলেন তখন তাঁরা সাহেবদের লিখিত ইতিহাসে তথ্যের বিকৃতি (যথা, অন্ধকূপ হত্যা), বিজিতের প্রতি বিদ্বেষ (যথা, মাদার ইন্ডিয়া) ও স্বজাতির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। কাজেই তাঁরা যখন ইতিহাস লেখার দায়িত্বের মুখোমুখি হন তখন তথ্যের প্রতি আনুগত্যের যেন একটা অলিখিত অনুচ্চারিত প্রতিশ্রুতি উপ্ত থাকে। কিন্তু কলোনিয়াল পরিমণ্ডলে ক্ষমতার দ্বৈরথের অন্তরতলে যে সংস্কৃতির দ্বন্দ্ব তথা অর্থনিচয়ের (meaning system) সংঘাত দেখা দেয় তাতে কোনটি তথ্য কোনটি নয় সেই বিচারেও একটা অনিশ্চয়তা, একটা দ্বৈধতা দেখা দেয় এবং অনেক সময়েই রেটরিক তথ্যের স্থান দখল করে। যথা জাতীয়তাবাদ কি একটি তথ্য নাকি আত্মপরিচয় চিহ্নিত করার জন্য একটি সাংস্কৃতিক বিন্যাস? তদুপরি মনে করা যেতে পারে যে, কলোনিয়াল দ্বি-মাত্রিক বিভাজনের বিরোধী হলেও কলোনিয়াল বুদ্ধিজীবীরাও জাতীয়তাবাদের বৈধতা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা/তাহারা এই দ্বি-মাত্রিক বিভাজনকেই ব্যবহার করেছিলেন। বঙ্কিমও অন্যথা নন। বঙ্কিম লিখেছিলেন মোগল সাম্রাজ্যের প্রধান কথা, ‘হিন্দুদিগের সহিত মোগলের বিবাদ।’ এটাই কি তথ্য? নাকি মন্তব্য? বঙ্কিম অবশ্য উপন্যাস লিখতে বসেই ইতিহাস লেখার সমস্যাটি শনাক্ত করতে পেরেছিলেন। বঙ্কিম তাঁর রাজসিংহ উপন্যাসের ভূমিকাতেই তাঁর পূর্বানুবর্তী মুসলমান, সাহেব ও অন্য ঐতিহাসিকদের সমালোচনা করেছিলেন; ‘মুসলমান ইতিহাস লেখকেরা অত্যন্ত স্বজাতি পক্ষপাতী ও হিন্দুদ্বেষক। হিন্দুদিগের গৌরবের কথা প্রায় লুকাইয়া থাকেন।’ আবার রাজপুত ইতিহাসের ওপর সম্পূর্ণ নির্ভর করা যায় না – স্বজাতি পক্ষপাত নাই এমন নহে। এরপরে মানুচ্চি নামের ভিনিসীয় চিকিৎসকের লেখা মোগল সাম্রাজ্যের ইতিহাসের উল্লেখ করার পরে মন্তব্য করেছেন : ‘এই তিন জাতীয় [মুসলমান, রাজপুত ও ইউরোপীয়] ইতিহাসে পরস্পরের সহিত অনৈক্য আছে। ইহার মধ্যে কাহার কথা সত্য, কাহার কথা মিথ্যা, তাহার মীমাংসা দুঃসাধ্য।’ তবু এরপরও তিনি চেষ্টা করেছেন ইতিহাসানুবর্তী হতে : ‘রাজসিংহের সঙ্গে মোগল বাদশাহের যে মহাযুদ্ধ হইয়াছিল তাহার সমস্তটাই উপন্যাসভুক্ত করিতে হয়। তাহা করিতে প্রয়াস পাইয়াছি… স্থূল-ঘটনা অর্থাৎ যুদ্ধাদির ফল, ইতিহাসে যেমন আছে, প্রায় তেমনই রাখিয়াছি। কোন যুদ্ধ বা তাহার ফল কল্পনাপ্রসূত নহে। …ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবউন্নিসা, উদীপুরী ইহারা ঐতিহাসিক ব্যক্তি। ইহাদের চরিত্রও ইতিহাসে যেরূপ আছে সেইরূপ রাখা গিয়াছে।’

তবে আবার বঙ্কিম অত্যন্ত সততার সঙ্গে এও বলেছেন যে, ‘উপন্যাসে সকল কথা ঐতিহাসিক হইবার প্রয়োজন নাই। ঐতিহাসিক ঘটনার মধ্যে কোনটি প্রকৃত বলিয়া গ্রহণ করা যাইতে পারে, তাহার পক্ষে বিচার আবশ্যক। আমি সে বিচার বড় করি নাই।’ একই ভূমিকায় অন্যত্র তিনি আরো দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ‘উপন্যাস-লেখক সর্বত্র সত্যের শৃঙ্খলাবদ্ধ নহেন। ইচ্ছামতো অভীষ্ট সিদ্ধির জন্য কল্পনার আশ্রয় লইতে পারেন।’ তার অর্থ হলো যে, বঙ্কিম প্রয়োজনবোধে ইতিহাসকে অনুসরণই নয়, সংশোধনও করতে পারেন। এরপর আর উপন্যাসের ঐতিহাসিকত্বের অভিমান টেকে না। উপন্যাসের সঙ্গে ইতিহাসের প্রধান তফাতই এই যে, ইতিহাসে প্লট নেই, উপন্যাসে আছে।

হেগেল অবশ্য বলবেন যে, নিরবধিকালের পটে বিশ্ব-ইতিহাসেরও একটি প্লট আছে। ইতিহাসের আপাত-শৃঙ্খলাহীন, অনন্ত ঘটনা ও তথ্য-সম্পাতের মধ্যে ‘অভিপ্রায়ের’ অভিযোজনাই প্লটের সংকেতবাহী। খ্রিষ্টীয় ইতিহাস অনুশোচনার অমানিশাময়, মানবযাত্রার শেষে দেব-করুণায় মানুষ অভিষিক্ত হবে তথা ‘ডিভাইন কমেডি’তে ইতিহাস পরিসমাপ্ত হবে। এটিই ইতিহাসের প্লট। জিয়াম বাতিস্তা ভিকো বা উইলিয়াম বাটলার ইয়েট্স ওইখ্রিষ্টীয় স্বপ্নেরই (পযৎরংঃরধহ ারংরড়হ) সেক্যুলার ভাষ্য রচনা করেছিলেন। মার্কসেও ইতিহাসে অর্থারোপিত হয়েছে, তবে তা অভিপ্রায় হিসেবে নয়, বস্তু-চৈতন্য সংশ্লেষের অনিবার্য নিয়তি হিসেবে। কাজেই ইতিহাসের অনন্ত-যাত্রার মধ্যে একটি ‘সম্পূর্ণ’ গল্পের কল্পনা হিন্দু জন্মান্তরবাদের মিথের মতোই মানুষের বাসনার ও আকাক্সক্ষার দুর্মর দুর্বলতার প্রকাশ। কিন্তু এই যে হেগেলীয় ‘অভিপ্রায়ের প্রস্তাবনা’, তাও পরোক্ষে ইতিহাস সংশোধনেরই প্রয়াসে।

বঙ্কিমের ঐতিহাসিক উপন্যাসগুলিতেও আমরা দৈব-অভিপ্রায়ের একটি কেন্দ্রীয় অবস্থান লক্ষ করি। বঙ্কিম কি হেগেল দ্বারা প্রতারিত হয়েছিলেন? দুর্গেশনন্দিনীতে অভিরাম স্বামী, মৃণালিনীতে মাধবাচার্য, রাজসিংহে অনন্ত মিশ্র, চন্দ্রশেখরে রামানন্দ, আনন্দমঠে সত্যানন্দ ঠাকুরের মতো দেব-দুর্লভ সাধক, সন্ত, তাপসরা স্থির-সঙ্কল্পে অবিচলিতভাবে রাজনৈতিক আবর্তের মধ্যে প্রবেশ করেন এবং অলৌকিক ক্ষমতাবলে দেবসংকেত লাভ করে কাহিনীর নায়কদের নিয়ন্ত্রণ করেন। এসবই বঙ্কিমের মনে মানবীয় বৃত্তে ঈশ্বরের প্রবেশের (intervention of the divine into the human.) ও ইতিহাসের অভিপ্রায়ে আস্থাবহ সূচক।

এই আখ্যান বা বর্ণনা অতিশয়োক্তি এমন মনে হতে পারে। কিন্তু মৃণালিনীতে মাধবাচার্যের বর্ণনা লক্ষ করুন : ‘কুটীর মধ্যে এক ব্রাহ্মণ কুশাসনে উপবেশন করিয়া যপে নিযুক্ত ছিলেন। ব্রাহ্মণ অতি দীর্ঘকায় পুরুষ, শরীর, শুষ্ক, আয়ত মুখমণ্ডলে শ্বেতশ্মশ্রু বিরাজিত, ললাট ও বিরলকেশ তালুদেশে অল্পমাত্র বিভূতিশোভা। ব্রাহ্মণের কান্তি গম্ভীর এবং কটাক্ষ কঠিন, দেখিলে তাহাকে নির্দয় বোধ হওয়ার সম্ভাবনা ছিল না, অথচ শঙ্কা হইত।’ স্পষ্টতই বঙ্কিম তাঁর এই চরিত্রটির কঠিন দৃষ্টি, শুষ্ক অবয়বের সঙ্গে কোমল প্রসাদের অপ্রত্যাশিত সমন্বয় ঘটিয়ে সভয় শ্রদ্ধা-উদ্রেককারী এক সম্মোহক ব্যক্তিত্বের অবতারণা করেছেন। কারণ যে-ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন তা ওইরূপ প্রবল অথচ প্রাজ্ঞ, সুদূর অথচ মানবিক একটি অলোকসামান্য ‘ক্যারিসম্যাটিক’ চরিত্রই দাবি করে। এরপরই আমরা জানতে পারি যে, কাহিনীর নায়ক হেমচন্দ্রকে তিনিই একটি ভয়ানক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজে দিল্লি পাঠিয়েছিলেন। কাজটি হলো বখতিয়ার খিলজিকে হত্যা করা। মগধরাজপুত্র হেমচন্দ্র সেই অর্পিত দায়িত্বে ব্যর্থ হয়েছেন, চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। ‘ব্রাহ্মণ কহিলেন, দিল্লীর সংবাদ আমি সকল শুনিয়াছি। বখতিয়ার খিলজিকে হাতীতে মারিত, ভালোই হইত। … তুমি বখতিয়ারকে না মারিয়া হাতীকে মারিলে কেন?’ হেমচন্দ্রের গৌরবদীপ্ত উত্তর : ‘আমি মগধবিজেতাকে যুদ্ধে জয় করিয়া পিতার রাজ্য উদ্ধার করিব। নইলে আমার মগধ-রাজপুত্র নামে কলঙ্ক।’ মাধবাচার্থ রুষ্ট শুধুমাত্র ওই ব্যর্থতার জন্য বা হেমচন্দ্রের বাগড়ম্বরের জন্যই নয় – হেমচন্দ্র যে এরকম গুরুদায়িত্বের সময়ও মৃণালিনী-সন্ধানে মথুরায় কালক্ষেপণ করেছে, সেই জন্য। মাধবাচার্য হেমচন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে বলছেন যে : ‘তুমি দেবকার্য না সাধিলে কে সাধিবে? তুমি যবনকে না তাড়াইলে কে তাড়াইবে? যবন-নিপাত তোমার একমাত্র ধ্যানস্বরূপ হওয়া উচিত। এখন মৃণালিনী তোমার মন অধিকার করিয়া থাকে কেন? একবার তুমি মৃণালিনীর আশায় মথুরায় বসিয়াছিলে বলিয়া তোমার বাপের রাজ্য হারাইয়াছ; যবনাগমনকালে হেমচন্দ্র যদি মথুরায় না থাকিয়া মগধে থাকিত, তবে মগধ জয় কেন হইবে।’ মাধবাচার্য হেমচন্দ্রের প্রত্যুত্তরে অত্যন্ত কূপিত হয়ে আরো বলছেন যে : ‘দেবতারা আত্মকর্ম সাধন জন্য তোমার ন্যায় মানুষের সাহায্যের অপেক্ষা করেন না। কিন্তু তুমি কাপুরুষ যদি না হও, তবে তুমি কি প্রকারে শত্রুশাসন হইতে অবসর পাইতে চাও। এই তোমার বীরধর্ম? এই কি তোমার শিক্ষা?’ (রচনাবলী, পৃ ১০৪)

অনেকেই এই উপন্যাসে চিত্রিত ভিন্নতর ঔপনিবেশিক পটভূমিতে ওই দেশমুক্তির মন্ত্রণাকে ‘এলিগরি’ হিসেবে পাঠ করতে চান। যেমন আনন্দমঠেও বঙ্কিমের ‘অ্যান্টি-কলোনিয়াল ডিসকোর্সের’ লক্ষ্যবস্তু একান্ত আপাতভাবে মুসলমান হলেও আসল লক্ষ্যবস্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ বলে অনেকে মনে করেন। আনন্দমঠ রচনার ছয় বছর আগে রচিত বন্দেমাতরম গানটি সন্তান-বিদ্রোহীদের উদ্বোধক গানরূপে উপন্যাসে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এবং আনন্দমঠ প্রকাশের চার বছর পরে ভারতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গীত হওয়ায় তার প্রতিফলিত আলোয় আনন্দমঠের অর্থনিচয়ও ভিন্ন রাজনৈতিক মর্যাদা পায় এবং গানটি দেশবন্দনারূপে ‘presentness of the past’ তথা ঐতিহ্যের পুনর্বাসনকে লোকের মনে প্রতিষ্ঠিত করে। উপন্যাসটিও এলিগরি হিসেবেই পঠিত হতে থাকে। অ্যান্টি-কলোনিয়াল ডিসকোর্সের ওই অর্থসংগুপ্তি লেখকের ইচ্ছাকৃত ধরে নিলে (লক্ষ করার মতো যে, আনন্দমঠ উপন্যাসটি রাজরোষ-লাঞ্ছিত দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছেন বঙ্কিম।) ওই ডিসকোর্সটি অন্যথায় শাসকদের মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তার সম্বন্ধে অধস্তনের ভয় ও কৌশল-প্রয়োগের বাধকতা যেমন তুলে ধরে তেমনি কলোনিয়াল পরিমণ্ডলে রিপ্রেজেন্টেশনের প্রকরণ ও ভাষাও যে পরিবর্তিত হয়ে পড়ে এবং এক ধরনের idioms of dubiety (সারা সুলেরী) বর্ণনায় সঞ্চারিত হয়ে যায় তার সম্পর্কেও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ওই পরোক্ষ ভাষণ বা দ্ব্যর্থকতামণ্ডিত ‘এলিগরি’ অর্থের প্রতিসরণ অনিবার্য করে তুলে তার অর্থনিচয়কে উদ্দিষ্ট কেন্দ্র থেকে বিচ্যুত ও অস্থির করে ফেলেছে এবং সর্বধর্ম-সম্প্রদায় আশ্রয়ী ভারতীয় জাতীয়তাবাদের আকাক্সক্ষা ও স্বপ্নের মধ্যে একটি অনতিপ্রচ্ছন্ন বিভাজন রেখা টেনে দিয়েছে। বঙ্কিম ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় উপন্যাসটি রচনা করেছিলেন। ১৮৮২-র পটভূমিকায় উপন্যাসটি কত বিভিন্নভাবে পঠিত হতে পারে এবং হয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করাই আমার লক্ষ্য, বঙ্কিমের চিত্রণ সত্য বা অসত্য, তিনি আসলে সাম্প্রদায়িক কিনা সেটি আলোচনা করা নয়। তবে ওইসব চিত্রণের পেছনে কলোনিয়াল পরিমণ্ডলটি কীভাবে কাজ করে সেটি দেখানোও আমার অন্যতম লক্ষ্য।

আমরা বঙ্কিমের ইতিহাস দেখার ভঙ্গি এবং এর পেছনে যে জ্ঞানের জগৎটি (regime of knowledge) যে-ব্যাখ্যার কাঠামোটি (episteme) ব্যবহৃত হয়েছে তার আলোচনায় আবার মৃণালিনীতে ফিরে যাই।

হেমচন্দ্র জানালেন, ‘যবনেরা বঙ্গ বিজয়ের উদ্যোগ করিতেছে। অতি ত্বরায় বখতিয়ার খিলজি সেনা লইয়া গৌড়ে যাত্রা করিবে।’ পাঠকরা হেমচন্দ্রের মতোই বিস্মিত হয়ে লক্ষ করবেন যে, ‘মাধবাচার্যের মুখ হর্ষোৎফুল্ল হইল।’ তিনি কহিলেন, ‘এতদিনে বিধাতা বুঝি এ দেশের প্রতি সদয় হইলেন। …কয়মাস পর্যন্ত আমি কেবল গণনায় নিযুক্ত আছি। গণনায় যাহা ভবিষ্যৎ বলিয়া প্রতিপন্ন হইয়াছে তাহা ফলিবার উপক্রম হইয়াছে। …গনিয়া দেখিলাম যে, যবনসাম্রাজ্য ধ্বংস বঙ্গরাজ্য হইতে আরম্ভ হইবে।’ (রচনাবলী, পৃ ১৪৫) এই কথোপকথনের ষাট পৃষ্ঠা পরে হেমচন্দ্র এবং আমরা ঐতিহাসিক বাস্তবতার মুখোমুখি হচ্ছি। ‘হেমচন্দ্র প্রণাম করিয়া কহিলেন : আমাদিগের সকল যত্ন বিফল হইল। …যবন গৌড় অধিকার করিয়াছে। বুঝি এ ভারতভূমির অদৃষ্টে যবনের দাসত্ব বিধিলিপি। নচেৎ বিনা-বিবাদে যবনেরা গৌড়জয় করিল কি প্রকারে? রাত্রিতে যুদ্ধের আশায় নগরমধ্য অগ্রসর হইয়াছিলাম – কিন্তু যুদ্ধ ত দেখিলাম না। কেবল দেখিলাম একপক্ষ আক্রমণ করিতেছে, অপরপক্ষ পলাইতেছে। মাধবাচার্যকহিলেন বৎস! দুঃখিত হইও না। দৈবনির্দ্দেশ কখনও বিফল হয় না। আমি যখন গণনা করিয়াছি যে, যবন পরাভূত হইবে তখন নিশ্চয় জানিও তাহারা পরাভূত হইবে।’ (রচনাবলী, পৃ ২০৭)।

এই বর্ণনায় বঙ্কিমের অবস্থান কোথায়? তিনি জানেন যে, মাধবাচার্যের ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়নি। বঙ্কিম এও জানেন যে, পাঠকরাও জানে ওই ভবিষ্যদ্বাণী সফল হবে না। তাহলে বঙ্কিমচন্দ্র মাধবাচার্যকে দিয়ে এমন একটি ভ্রান্তকথা বলালেন কেন? তবে কি মাধবাচার্য চরিত্রটির ওপর তাঁর সত্যিই আস্থা নেই? এ-ধরনের সাধু-সন্তের ও জ্যোতিষীদের উপন্যাসান্তরে পৌনঃপুনিক আবির্ভাব কি তবে প্রাচ্যীয় যুক্তির (গণনার) একটি ধারা সম্পর্কে প্রশ্নের অবতারণা করাই বঙ্কিমের অভীষ্ট ছিল? অথচ এইসব শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, সাধন-সিদ্ধ, ঋষিকল্প সাধুদের যে বাহ্যিক রূপ বর্ণনা তা তো অত্যন্ত ইতিবাচক, জাদুকরী, সম্মোহক ও শ্রদ্ধা-উদ্রেককারী। ইতিহাসের নির্মাণে ও পরিণতিতে ওইসব চরিত্রের ভূমিকা তাহলে একটি অস্বস্তিকর দ্ব্যর্থকতারই অবতারণা করে। মাধবাচার্যের উপর্যুপরি ভ্রান্তির উল্লেখের মাধ্যমে কি বঙ্কিম-ইতিহাসের অনচ্ছতার (ড়ঢ়ধয়ঁবহবংং) দিকেই ইঙ্গিত করেন? বঙ্কিম কি বলবেন রহস্যময়তার দিকে?

আনন্দমঠ উপন্যাসে দীক্ষাকালে সত্যানন্দ মহেন্দ্রকে বলছেন : ‘তোমরা যে সকল প্রতিজ্ঞা করিলে তাহা ভঙ্গ করিও না। মুরারী স্বয়ং ইহার সাক্ষী। যিনি রাবণ, কংস, হিরণ্যকশিপু, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি বিনাশের হেতু, যিনি সর্বান্তর্যামী, সর্বজয়ী, সর্বশক্তিমান, যিনি ইন্দ্রের বজ্রে ও মার্জারের নখে তুল্যরূপে বাস করেন, তিনি প্রতিজ্ঞা-ভঙ্গকারীকে বিনষ্ট করিয়া অনন্ত নরকে প্রেরণ করিবেন।’ সত্যানন্দ আরো বলছেন : ‘তুমি যে এই মহাব্রত গ্রহণ করিলে ইহাতে ভগবান আমাদের প্রতি অনুকূল বিবেচনা করি। তোমার দ্বারা মা’র সুমহৎ কার্য অনুষ্ঠিত হইবে।’

অথচ জীবানন্দ সত্যানন্দকে জিজ্ঞেস করছেন, ‘মহারাজ! দেবতা আমাদিগের প্রতি এমন অপ্রসন্ন কেন? কি দোষে আমরা মুসলমানের নিকট পরাভূত হইলাম?’ তখন সত্যানন্দ উত্তর দিচ্ছেন, ‘দেবতা অপ্রসন্ন নহেন। …আমার নিশ্চিত ভরসা আছে যে, যিনি এতদিন আমাদিগকে দয়া করিয়াছেন, সেই শঙ্খ-চক্র-গদাধারী বনমালী পুনর্বার দয়া করিবেন। দৈবানুগ্রহ ভিন্ন কোন কার্য সিদ্ধ হইতে পারে না।’ কিন্তু এই পৌরাণিক আবাহনের (সুঃযড়ষড়মরপধষ ফরংয়ঁরংরঃরড়হ) পরই অত্যন্ত পার্থিব বস্তুজগতের সমতলে অবতরণ করে বলছেন, ‘আমরা যে পরাভূত হইলাম তাহার কারণ এই যে, আমরা নিরস্ত্র। গোলাগুলি বন্দুক কামানের কাছে লাঠিসোটা বল্লমে কি হইবে? … এক্ষণে আমাদের কর্তব্য, যাহাতে আমাদিগেরও ঐরূপ অস্ত্রের অপ্রতুল না হয়।’ [রচনাবলী, পৃ ৭০২]

আনন্দমঠ উপন্যাসটিতে বঙ্কিমের বর্ণনা ‘মিথিক্যাল’ এবং ‘রিয়াল’ এই দুটি পর্যায়ের মধ্যে নিয়ত সঞ্চরমান। ছিয়াত্তরের মন্বন্তরের একটি মর্মস্পর্শী বর্ণনা দিয়ে উপন্যাস শুরু হয়েছে : ‘লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল, তারপরে কে ভিক্ষা দেয়। উপবাস করিতে আরম্ভ করিল। তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল। গোরু বেচিল, লাঙ্গল বেচিল, ঘরবাড়ি বেচিল। জোতজমা বেচিল। তারপরে মেয়ে বেচিতে আরম্ভ করিল। তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল। তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করিল। কে কিনে? খরিদ্দার নাই, সকলেই বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, আগাছা খাইতে লাগিল। অনেকে পলাইল, যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া, অনাহারে মরিল। … বাঙ্গালায় বড় কান্নার রোল পড়িয়া গেল।’

‘রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল-কুক্কুর।’

‘মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান – কিন্তু আজ ধনীনির্ধনের একদর।’ মহেন্দ্র তার স্ত্রী কল্যাণীকে দুঃখ-দুশ্চিন্তা-ভারাক্রান্ত হয়ে জিজ্ঞেস করছে : এভাবে কদ্দিন চলবে। কল্যাণী বলিল, ‘বড় অধিকদিন নয়। যতদিন চলে; আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও।’ [রচনাবলী, পৃ ৬৭০]

‘…ইংরেজ বাঙ্গালার দেওয়ান। তাঁহারা খাজানার টাকা আদায় করিয়া লন। টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণসম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ’ বিশ্বাসহন্তা মীরজাফরের। মীরজাফর (আফিমের) গুলি খায় ও ঘুমায়। ইংরেজ টাকা আদায় করে ও ডেসপাচ লেখে। বাঙালী কাঁদে ও উৎসন্ন যায়। …লোক না খাইয়া মরুক, খাজানা আদায় বন্ধ হয় না।’ [রচনাবলী, পৃ ৬৭৬]

এর কিছুপরেই ভবানন্দ মহেন্দ্রকে নিয়ে সত্যানন্দ ঠাকুরের কাছে আনন্দমঠে পৌঁচুচ্ছে। মহেন্দ্র সন্তানদলে দীক্ষা গ্রহণ করবেন। সত্যানন্দ ঠাকুর তাঁকে নিয়ে দেবালয়ে প্রবেশ করলেন। ‘এই নবারুণ প্রফুল্ল প্রাতঃকালে যখন নিকটস্থ কানন সূর্যালোকে হীরকখচিতবৎ জ্বলিতেছে তখনও সেই বিশাল কক্ষ প্রায় অন্ধকার।’ মহেন্দ্রের সঙ্গে সঙ্গে পাঠক ও একটি প্রায় মিথিক্যাল জগতে প্রবেশ করছেন : ‘মহেন্দ্র ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভূজ মূর্তি, শঙ্খচক্রগদাপদ্মধারী, কৌস্তুভ-শোভিত হৃদয়, সম্মুখে সুদর্শনচক্র ঘূর্ণ্যমানপ্রায় স্থাপিত। মধুকৈটভ স্বরূপ দুইটি প্রকাণ্ড ছিন্নমস্ত মূর্তি রুধিরপ্লাবিতবৎ চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে। বামে লক্ষ্মী আলুলায়িতকুন্তলা শতদলমালামণ্ডিতা ভয়ত্রস্তার ন্যায় দাঁড়াইয়া আছেন। দক্ষিণে সরস্বতী, পুস্তক, বাদ্যযন্ত্র রাগরাগিনী পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন’…। এরপরই সত্যানন্দ, মহেন্দ্রকে দেশমাতৃকার ত্রিমূর্তি দর্শন করান : ‘মা যা ছিলেন’, ‘মা, যা হইয়াছেন’ ও ‘মা যা হইবেন’, অনেকটা কৃষ্ণ যেমন অর্জুনকে বিশ্বরূপদর্শন করিয়েছিলেন। এরপর সত্যানন্দ মহেন্দ্রকে আহ্বান করলেন দেবী প্রণাম করতে। দুজনে প্রণাম করলেন :

‘সর্বমঙ্গল-মঙ্গল্যে শিবেস্ব সর্বার্থ-সাধিকে।/ শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুকে।’ [রচনাবলী, পৃ ৬৮৩]

এই যে ‘মিথিক্যাল’ এবং ‘রিয়ালে’র মধ্যে অনন্তর সঞ্চরণমানতা, তা ভাষার ক্ষেত্রেও একটা অস্থিরতা এনে দিয়েছে।

ফলত দুটি পর্যায়ের বর্ণনায় দুটি সমান্তরাল ভাষা অর্থ-সম্পাতের ক্ষেত্রেও একটা অনির্দেশ্যতার অবতারণা করে। বাস্তব এবং বাস্তবোত্তর, উপস্থিতি এবং অনুপস্থিতি, বর্তমান এবং নিঃসময়ের মধ্যে দোলায়িত হতে হতে বক্তব্যে এক ধরনের দ্ব্যর্থকতা চলে আসে এবং এক ধরনের মিশ্রভাষ্যর (mixed message) সঙ্কেত দিতে থাকে। বঙ্কিমের ইতিহাস সংক্রান্ত ধারণার অবয়বটি অস্পষ্ট হয়ে পড়ে।

বঙ্কিমে ইতিহাসের চালিকাশক্তি কি দৈব অভিপ্রায় না পুরুষকার? – এই অস্বস্তিকর প্রশ্নটির মুখোমুখি হয়ে বঙ্কিমকৃত আরেকটি মাত্রার দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়, বঙ্কিমের উপন্যাসে ইরোটিকের (erotic) ব্যবহার।

নারীর রূপবর্ণনায় বঙ্কিম ক্লান্তিহীন। বঙ্কিমের নারীরা প্রায় সকলেই সুন্দরী, কুরূপা নেই বললেই চলে – দু-একজন বয়স্কা গৌণচরিত্র ছাড়া – এদের সৌন্দর্য মুগ্ধ ও অভিভূতই করে না, আকর্ষণও করে। পাঠকেরও ইন্দ্রিয় স্নায়ুতন্ত্র ঝনঝন করে বাজে, মনে হয় বঙ্কিম তেমনটিই চেয়েছিলেন। আমরা ভাবতে বসি, এই বর্ণনার তাৎপর্য কী? এই সৌন্দর্যের মাধ্যমে কি উপন্যাসের বাহ্য প্রতিপাদ্যের অতিরিক্ত কিছু অর্থ সংবাহিত হয়?

বঙ্কিমের নারীরা দুইভাগে বিভক্ত : একদল শান্ত, বিনম্র, স্নিগ্ধকর, অন্যদল প্রখরা, প্রগলভা, উত্তেজক। বৈপরীত্যের উদাহরণ হিসেবে তিলোত্তমা ও বিমলার রূপ-নির্মাণ লক্ষ্য করা যেতে পারে। দুর্গেশনন্দিনীর এই দুই চরিত্রের সৌন্দর্য তাদের চরিত্রেরও দ্যোতক :

তিলোত্তমার বয়স ষোড়শ বৎসর। … দেহায়তনে ও মুখাবয়বে কিঞ্চিৎ বালিকাভাব ছিল। সুগঠিত সুগোল ললাট, অপ্রশস্ত নহে, অথচ অতিপ্রশস্তও নহে, নিশীথ কৌমুদিদীপ্ত নদীর ন্যায় প্রশান্তভাব প্রকাশক, তৎপার্শ্বে অতি নিবিড়-বর্ণ কুঞ্চিতালক কেশসকল ভ্রƒযুগলে, কপোলে, গণ্ডে, অংসে, উরসে আসিয়া পড়িয়াছে; মস্তকের পশ্চাদ্ভাগে অন্ধকারময় কেশরাশি সুবিন্যস্ত মুক্তাহারে গ্রথিত রহিয়াছে; ললাটতলে ভ্রƒযুগল সুবঙ্কিম, নিবিড় বর্ণ, চিত্রকর লিখিতবৎ হইয়াও কিঞ্চিৎ অধিক সূক্ষ্মাকার; আর এক সুতা স্থূল হইলে নির্দোষ হইত। পাঠক কি চঞ্চল চক্ষু ভালবাস? তবে তিলোত্তমা তোমার মনোরঞ্জিনী হইতে পারিবে না। তিলোত্তমার চক্ষু অতি শান্ত, তাহাতে বিদ্যুদ্দামস্ফুরণচকিত কটাক্ষ নিক্ষেপ হইত না। আর চক্ষুর বর্ণ, উষাকালে সূর্যোদয়ের কিঞ্চিৎ পূর্বে, চন্দ্রাস্তের সময়ে আকাশের যে-কোমল নীলবর্ণ প্রকাশ পায় সেইরূপ। সেই প্রশান্ত পরিষ্কার চক্ষে যখন তিলোত্তমা দৃষ্টি করিতেন, তখন তাহাতে কিছুমাত্র কুটিলতা থাকিত না, তিলোত্তমা অপাঙ্গে অর্দ্ধদৃষ্টি করিতে পারিবেন না, দৃষ্টিতে কেবল স্পষ্টতা আর সরলতা। …তন্বীর শরীর মধ্যে সকল স্থানই সুগোল আর সুললিত। সুগোল প্রকোষ্ঠে রত্নবলয়; সুগোল বাহুতে হীরকমণ্ডিত তাড়; সুগোল অঙ্গুলিতে অঙ্গুরীয়; সুগোল উরুতে মেখলা; সুগঠন অংসোপরে স্বর্ণহার, সুগঠন কণ্ঠে রত্নকণ্ঠী; সর্বত্রের গঠন সুন্দর।’ [রচনাবলী, পৃ ১৮]

এবার বিমলার রূপ বর্ণনা : পঞ্চত্রিংশৎ বর্ষীয়ার বেশভূষা? বয়সে কি যৌবন যায়? যৌবন যায় রূপে আর মনে; যার রূপ নাই, সে কিশোর বয়সেও বৃদ্ধা, যার রূপ আছে সে সকল বয়সেই যুবতী।

কে বিমলার তাম্বুলরাগরক্ত ওষ্ঠাধর দেখিয়া বলিবে, এ যুবতী নয়? তাহার কজ্জল নিবিড় প্রশস্ত লোচনের চকিত কটাক্ষ দেখিয়া কে বলিবে যে এ চতুর্ব্বিংশতির পরপারে পড়িয়াছে? কি চক্ষু? সুদীর্ঘ, চঞ্চল, আবেশময়। কোন কোন প্রগলভ-যৌবনা কামিনীর চক্ষু দেখিবামাত্র মনোমধ্যে বোধহয় যে এই রমণী দর্পিতা। এ রমণী সুখলালসাপরিপূর্ণা। বিমলার চক্ষু সেইরূপ। বিমলা স্থিরযৌবনা। তাঁহার চম্পকবর্ণ ত্বকের কোমলতা দেখিলে কে বলিবে যে, ষোড়শী তাহার অপেক্ষা কোমলা? যে একটি ক্ষুদ্র গুচ্ছ অলককেশ কুঞ্চিত হইয়া কর্ণমূল হইতে অসাবধানে কপোলদেশে পড়িয়াছে, কে দেখিয়া বলিবে যে যুবতীর কপোলে যুবতীর কেশ পড়ে নাই? …দেখিয়া শুনিয়া বল, বিমলা অপেক্ষা কোন নবীনা তোমার মনোমোহিনী? [রচনাবলী, পৃ ২১]

বিমলা যে যৌবনে অসামান্যা রূপসী ছিলেন এ-বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। কিন্তু শুধু রূপই নয়, বাকচাতুর্যের জন্যও তার প্রসিদ্ধি ছিল। গীতবাদ্যেও তার কিছু দখল ছিল। কিন্তু বিমলা জারজ শূদ্র কন্যা – ইন্দ্রিয়পরায়ণ পণ্ডিত শশিশেখরের ঔরসে শূদ্রা মায়ের গর্ভে বিবাহ-বহির্ভূতভাবে তার জন্ম। শশিশেখরের এটিই একমাত্র যৌন দুষ্কর্ম নয়। তবে শশিশেখর তীক্ষèধী, দর্শনশাস্ত্রে সুপণ্ডিত অধ্যাপক, – বীরেন্দ্র সিংহের বন্ধু, সহচর ও পরামর্শদাতা। বিমলার সৌন্দর্য বীরেন্দ্রকে আকৃষ্ট করল। বিমলার বাবা শশিশেখর (তখন নাম বদলে অভিরাম স্বামী) সেটি টের পেয়ে বিমলাকে বিয়ে করতে বললে বীরেন্দ্র বিমলা শূদ্র-কন্যা বিধায় বিমলাকে বিয়ে করতে রাজি হলো না। পরিস্থিতির চাপে পড়ে অবশেষে শর্তসাপেক্ষে বিয়েতে রাজি হলো। শর্ত এই যে, ওই বিয়ে বিমলাকে গোপন রেখে গৃহপরিচারিকারূপে বীরেন্দ্রের সংসারে থাকতে হবে। বিয়ের পরে অবশ্য – ‘প্রভু আমাকে বিষ দেখিতে লাগিলেন।’ [রচনাবলী, পৃ ৫৯] কিন্তু বিমলা যে সামান্যা নন, সেটি আমরা তাঁর পরবর্তী ভূমিকা থেকে বুঝতে পারি। ‘বিমলাতে দাসীর লক্ষণ কিছুই ছিল না। ‘গৃহিণী-যাদৃশী মান্যা’, বিমলা পৌরগণের নিকট প্রায় তাদৃশী মান্যা ছিলেন। বিমলার সভ্যতা ও বাগবৈদগ্ধ এমন প্রসিদ্ধ ছিল যে, তাহা সামান্য পরিচারিকায় সম্ভবে না।’ তিলোত্তমার দেখাশোনা বিমলার একমাত্র কাজ হলেও শেষে ওই বিমলাই ভারত-ইতিহাসের আবর্তে জড়িয়ে পড়লেন এবং স্বামী হত্যার প্রতিশোধ স্বরূপ কতলুখাঁকে বধ করলেন। সমাজের প্রান্তশায়ী অন্ত্যজ শ্রেণির অবমানিতা এক মহিলা ইতিহাসের কেন্দ্রে চলে এলেন। ইরোটিক আবেদনই কি তার একমাত্র যোগ্যতা? যৌনতার থিমটি এই আখ্যানে বারবার উচ্চারিত হয়েছে। বঙ্কিমের দ্ব্যর্থকতা এখানেই। একটি শূদ্র জারজ কন্যাকে তিনি ইতিহাসের অত্যন্ত শ্রদ্ধার আসনে বসিয়েছেন। ওসমান, যাকে তিনি তাঁর শৈশবের এক, বিপর্যয়কারী নিশীথে প্রথম দেখেছিলেন, সে তাকে ‘মা’ বলে সম্বোধন করেছে। বিমলার পিতা শশিশেখর ভট্টাচার্যও যৌনতা-তাড়িত – দুটি মহিলার সঙ্গে তার অবৈধ শারীরিক সম্পর্কের কথা আমরা জানতে পারি। কিন্তু স্থানবদল ও নামবদল করে সমাজে সম্মানীয় স্থানে বৃত হতে অসুবিধা হয়নি। বীরেন্দ্র সিংহও রিপুতাড়িত, অথচ আত্মবিশ্লেষণে অক্ষম, এবং লোকভয়-লাঞ্ছিত জাত্যাভিমানে অমানবিক। সে তিলোত্তমার মাকে বিয়ে করে যে জারজ তবে রাজপুত বংশোদ্ভূত, কিন্তু বিমলাকে বিয়ে করতে পারে না কারণ সে শূদ্র-কন্যা (ব্রাহ্মণের ঔরসে জন্ম হলেও) এবং বিয়ে করতে বাধ্য হলেও বিমলাকে স্ত্রীর সম্মান দিতে অপারগ। অথচ মেধায় ও মানবিকতায় বিমলা তার চেয়ে অনেক গুণ ওপরে। আমাদের মনে পড়বে আনন্দমঠে ভবানন্দও ইন্দ্রিয় পরবশ। এইভাবে ঊনবিংশ শতকের বুদ্ধিজীবীরা ভারতীয় জাতীয়তাবাদের নির্মাণে সনাতনত্বের যে ঐকিক ‘প্যারাডাইমটি’র পুনর্বাসনের ভাবনাদ্বারা চালিত হচ্ছিলেন, বঙ্কিম যেন তার সীমারেখাগুলির ভঙ্গুরতা সম্পর্কে তাঁর পাঠকদের সচেতন করে তুলছিলেন।

বঙ্কিমের সব উপন্যাসেই ‘ইরোটিকে’র অল্পবিস্তর ভূমিকা আছে। তার বিস্তৃত আলোচনার সুযোগ এখানে নেই। ইরোটিকের সবচেয়ে সঙ্কোচহীন প্রকাশ কপালকুণ্ডলায় – লুৎফ্উন্নিসারআখ্যানে। কপালকুণ্ডলা ঐতিহাসিক উপন্যাস নয় এবং ঐতিহাসিক ঘটনার সঙ্গে এর একমাত্র ক্ষীণ সম্পর্ক ওই লুৎফ্উন্নিসার জীবনকাহিনীর মধ্য দিয়ে। অজ্ঞাত কুলশীল লুৎফ্উন্নিসা শুধুমাত্র সৌন্দর্য ও আপন প্রত্যুৎপন্নমতিত্বের জোরে মোগল সাম্রাজ্যের এক প্রান্তীয় প্রদেশ বাঙ্গালা থেকে দিল্লির মোগল হারেমে জাহাঙ্গীরের প্রিয় রমণী হিসেবে আপন স্থান করে নিয়েছেন। মেহেরউন্নিসার উপস্থিতিতে দিল্লিশ্বরী তিনি হতে পারবেন না। তাঁর শৈশবের প্রায় বিস্মৃত গ্রাম – সপ্তগ্রাম, তাকে ডাকছে। দিল্লির বৈভব, ক্ষমতার সম্মোহক উত্তেজনা ও গৌরব কিছুই তাকে রুখতে পারল না।

বঙ্কিম এইভাবে তার রূপবর্ণনা করেছেন : ‘বর্ষাকালে বিটপীলতা যেমন আপন পত্ররাশির বাহুল্যে দলমল করে, ইহার শরীর তেমনি আপন পূর্ণতায় দলমল করিতেছিল। যাহাদিগকে গৌরাঙ্গী বলি, তাহাদিগের মধ্যে কাহারও বর্ণ পূর্ণচন্দ্রকৌমুদির ন্যায়, কাহারও কাহারও ঈষদারক্তবদনা উষার ন্যায়। ইহার বর্ণ এতদুভয়বর্জ্জিত, সুতরাং ইহাকে প্রকৃত গৌরাঙ্গী বলিলাম না বটে, কিন্তু মুগ্ধকরী শক্তিতে ইহার বর্ণও ন্যূন নহে। ইনি শ্যামবর্ণা। ‘শ্যামা মা’ বা ‘শ্যামসুন্দর’ যে শ্যামবর্ণের উদাহরণ, এ সেই শ্যামবর্ণ নহে। তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ এ সেই শ্যাম। পূর্ণচন্দ্রকররেখা অথবা হেমাম্বুদকিরীটিনী উষা যদি গৌরাঙ্গীদিগের বর্ণপ্রতিমা হয়, তবে বসন্তপ্রসূত নবচ্যুতদলরাজির শোভা এই শ্যামার বর্ণের অনুরূপ বলা যাইতে পারে। …চক্ষু দুইটি অতি বিশাল নহে, কিন্তু সুবঙ্কিম পল্লবরেখা বিশিষ্ট, আর অতিশয় উজ্জ্বল। তাহার কটাক্ষ স্থির, অথচ মর্মভেদী। তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভব কর যে, এ স্ত্রীলোক তোমার মন পর্যন্ত দেখিতেছে। দেখিতে দেখিতে সে মর্মভেদী দৃষ্টির ভাবান্তর হয়, চক্ষু সুকোমল স্নেহময় রসে গলিয়া যায়। আবার কখনো-বা তাহাতে কেবল সুখাবেশজনিত ক্লান্তিপ্রকাশ মাত্র, যেন সে নয়ন মন্মথের স্বপ্নশয্যা। কখনোবা লালসাবিস্ফারিত, মদনরসে টলটলায়মান। আবার কখনো লোলাপাঙ্গে ক্রূর কটাক্ষ – যেন মেঘমধ্যে বিদ্যূদ্দাম। মুখকান্তিমধ্যে দুইটি অনির্বচনীয় শোভা : প্রথম সর্বত্রগামিনী বুদ্ধির প্রভাব, দ্বিতীয় আত্মগরিমা। তৎকারণে যখন তিনি মরালগ্রীবা বষ্কিম করিয়া দাঁড়াইতেন, তখন সহজেই বোধ হইত, তিনি রমণী কুলরাজ্ঞী। …নবকুমার নিমেষশূন্যচক্ষে সেই নতুন নতুন শোভা দেখিতেছিলেন।’ [রচনাবলী, পৃ ১০৮-৯]

এ তো গেল লেখকের চোখে দেখা, নাকি নবকুমারের চোখে দেখা, লুৎফ্উন্নিসার রূপবন্দনা। কপালকুণ্ডলার পঞ্চম অধ্যায়ে পাঠক লুৎফ্উন্নিসার মনের মধ্যে প্রবেশ করে, যে-সুযোগ নবকুমারও পায়নি। লুৎফ্উন্নিসা পেষমনকে বলছে, তিনি কেন দিল্লি-আগ্রা ছেড়ে চলে যাচ্ছেন : ‘সুখের তৃষা বাল্যাবধি বড়ই প্রবল ছিল। সেই তৃষার পরিতৃপ্তির জন্য বঙ্গদেশ ছাড়িয়া এ পর্যন্ত আসিলাম। এ রত্ন কিনিবার জন্য কি ধন দিলাম? কোন দুষ্কর্ম না করিয়াছি? আর যে যে উদ্দেশ্যে এতদূর করিলাম, তাহার কোনটাই বা হস্তগত হয় নাই? ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব, প্রতিষ্ঠা সকলই ত প্রচুর পরিমাণে ভোগ করিলাম। এত করিয়াও কি হইল? একদিনের তরেও সুখী হই নাই, এক মুহূর্ত জন্যও কখনও সুখ ভোগ করি নাই। কখনও পরিতৃপ্ত হই নাই। কেবল তৃষা বাড়ে মাত্র। চেষ্টা করিলে আরও সম্পদ, আরও ঐশ্বর্য লাভ করিতে পারি, কিন্তু কি জন্য? এই সুখাকাক্সক্ষা পার্ব্বত্য নির্ঝরিণীর ন্যায় – প্রথমে নির্মল ক্ষীণধারা বিজন প্রদেশ হইতে বাহির হয়, আপন গর্ভে আপনি লুকাইয়া রহে, কেহ জানে না। আপনাআপনি কলকল করে, কেহ শুনে না। ক্রমে যত যায়, তত দেহ বাড়ে, তত পঙ্কিল হয়। শুধু তাহাই নয়, কখনো আবার বায়ু বহে, তরঙ্গ হয়, মকরকুম্ভিরাদি বাস করে। আরও শরীর বাড়ে, জল আরও কর্দমময় হয়, লবণময় হয়, অগণ্য সৈকত-চর-মরুভূমি নদীহৃদয়ে বিরাজ করে, বেগ মন্দীভূত হইয়া যায়, তখন সেই সকর্দম নদীশরীর অনন্ত সাগরে কোথায় লুকায়, কে বলিবে?’

‘এতকাল হিন্দুদিগের দেবমূর্ত্তির মতো ছিলাম। বাহিরে সুবর্ণ রত্নাদিতে খচিত, ভিতরে পাষাণ। ইন্দ্রিয়সুখান্বেষণে আগুনের মধ্যে বেড়াইয়াছি, কখনও আগুন স্পর্শ করি নাই। এখন একবার দেখি, যদি পাষাণমধ্যে খুঁজিয়া একটা রক্তশিরাবিশিষ্ট অন্তঃকরণ পাই।’

পেষমন প্রশ্ন করে : যিনি তোমাকে ভালবাসে [দিল্লির বাদশাহ], তাহাকেই ভালবাস না কেন?

লুৎফ্উন্নিসা উত্তর করেন : আকাশে চন্দ্রসূর্য থাকিতে জল অধোগামী কেন? ললাট লিখন।

‘লুৎফ্উন্নিসা সকল কথা খুলিয়া বলিলেন না। পাষাণমধ্যে অগ্নি প্রবেশ করিয়াছিল। পাষাণ দ্রব হইতেছিল।’ [রচনাবলী, পৃ ১২৪] লুৎফ্উন্নিসা বস্তুত তার স্বামী নবকুমারের সন্ধানে সপ্তগ্রাম যাচ্ছিলেন। তখন তিনি কিশোরী, তার নাম পদ্মাবতী! মুসলমান, সেনাদলের হাতে তার পিতা সকন্যা অপহৃত হন। লুৎফ্উন্নিসা বা মতি বিবি তার ধর্মান্তরিত দ্বিতীয় জন্ম।

এই যে মদনরসে টলটলায়মান, স্থির অথচ মর্মভেদী কটাক্ষপরায়ণা রমণী যে ইন্দ্রিয়সুখান্বেষণে আগুনের মধ্যেও প্রবেশ করতে কুণ্ঠিত বা ব্রীড়াবনত হয়নি – এরকম আত্মনির্ভরশীল ইরোটিক মহিলা এর আগে বাংলা উপন্যাসে দেখা যায়নি। বঙ্কিমকৃত ‘সেনসুয়ালিটির’ এরকম অকপট বর্ণনা তাঁর সমসাময়িক পাশ্চাত্যশিক্ষিত সমালোচকদেরও অস্বস্তির কারণ হয়েছিল। কিন্তু এ চিত্রণের তাৎপর্য শুধুমাত্র সেখানে নয়, গভীরতর তাৎপর্য ওই ইরোটিককে মোগল রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্বের অন্তর্বয়নের মধ্যে সংস্থাপিত করায় তথা ইতিহাসের প্রবাহে নারীর ক্ষমতাহীনতার, গৌণতার ও পরোক্ষতার মিথটিকে ক্ষণকালের জন্য হলেও এলোমেলো করে দেওয়ায় এবং অন্যতর অসম্ভব সম্ভাবনাটিকে চিন্তার সামনে নিয়ে আসায়। লুৎফ্উন্নিসা যদি অকপটভাবে, দর্পিতভাবে স্বীয় শরীরকে ক্ষমতার বিন্দু হিসেবে (নড়ফু ধং ংরঃব ড়ভ ঢ়ড়বিৎ) ব্যবহার করে থাকেন তবে সে-মহিলাকে নিন্দা করি কীভাবে? ক্ষমতাহীন ওই মহিলার হাতে আর তো কোনো শক্তি নেই। বঙ্কিমও তাকে নিন্দা করেছেন কি বরং একটা প্রচ্ছন্ন বেদনাই লুৎফ্উন্নিসাকে স্পর্শ করে থাকে না কি?

কলোনিয়াল ডিসকোর্সের মধ্যে বঙ্কিম কি ইতিহাসের এই ‘ফেমিনাইজেশনে’র মাধ্যমে সমাজের অবমানিত, ক্ষমতাহীন, কণ্ঠহীন, নামহীন ও অনুপস্থিত একটি বিশাল জনগোষ্ঠীর জন্য খানিকটা জায়গা করে দিচ্ছেন, নিজের অজান্তেই? অজান্তেই কি? বঙ্কিমের প্রথম উপন্যাসেই কি তার পূর্বাভাস চকিতে দেখা দিয়ে যায়নি? যখন বিমলা বলছে : ‘স্ত্রীলোকের পরিচয়ই বা কী? যাহারা কুলোপাধি ধারণ করিতে পারে না, তাহারা কী বলিয়া পরিচয়দিবে? গোপনে বাস করা যাহাদিগের ধর্ম, তাহারা কী বলিয়া আত্মপ্রকাশ করিবে? যেদিন বিধাতা স্ত্রীলোককে স্বামীর নাম মুখে আনিতে নিষেধ করিয়াছেন, সেইদিন আত্মপরিচয়ের পথও বন্ধ করিয়াছেন।’ – তখনই কি ফেমিনিস্ট আত্মপরিচয়ের স্বাধীনতার কথাটি বলা হয়ে যায়নি? বিমলার পক্ষে নারীর নিজের শরীরের ওপর নিজের অধিকারের কথাটি বলা সম্ভবপর ছিল না, মেরি ওলস্টোনক্রাফটও বলতে পারেননি। কিন্তু বিমলা অসাধারণ বাকচাতুর্যের সঙ্গে সে-কথাটিও তুলেছে : ‘মহাশয়! স্ত্রীলোকের সুনাম এমনই অপদার্থ বস্তু যে, বাতাসের ভর সহে না। আজিকার এ প্রবল ঝড়ে রক্ষা পাওয়া দুষ্কর, অতএব এক্ষণে ঝড় থামিয়াছে, দেখি যদি আমরা পদব্রজে বাটি গমন করিতে পারি।’ [পৃ ৯] বাংলা সাহিত্যে এর চেয়ে শক্তিশালী মিতকথনের (understatement) উদাহরণ বোধহয় আর নেই। বিমলা বাংলা সাহিত্যে প্রথম ফেমিনিস্ট মহিলা। বঙ্কিমের উপন্যাসে যে বারবার নারী-অপহরণের ও ধর্ষণের অভিযোগ (সত্য হোক বা মিথ্যা হোক) উঠেছে তাও ওই ফেমিনিস্ট ডিসকোর্সেরই একটি দিক এবং এটিও কৌতুকের সঙ্গে লক্ষ করি যে, তিনি তাঁর নায়িকাদের কী কৌশলে ধর্ষণের হাত থেকে বাঁচিয়েছেন। তবে সবসময় কৌশলেও নয় – নারীরা নিজেরাই শারীরিক ক্ষিপ্রতা ও দক্ষতা প্রয়োগ করে নিজেদেরকে রক্ষা করেও,: যেমন শান্তি মেজর এডওয়ার্ডস লিন্ডলের হাত থেকে করেছে। কল্যাণী অবশ্য ভবানন্দের প্ররোচনা থেকে নিজেকে রক্ষাই করেনি, ভবানন্দকে তীব্র ভর্ৎসনাও করেছে : ‘আপনার মত পণ্ডিতও যখন মহাপাপিষ্ঠ তখন লেখাপড়া না করাই ভাল।’ ভবানন্দ যখন বলছে : ‘আমি মরিয়া গেলে আমায় মনে রাখিবে কি?’ কল্যাণী বলিল : ‘রাখিব। ব্রতচ্যুত অধর্মী বলিয়া মনে রাখিব।’ কল্যাণীর সেই ভর্ৎসনাই হয়তো শেষ পর্যন্ত ভবানন্দকে সন্তান-সেনা হিসেবে ক্যাপ্টেন টমাস ও মেজর এডওয়ার্ডস পরিচালিত ইংরেজ আক্রমণের মুখে প্রতিরোধ রচনা ও আত্মদানে অনুপ্রাণিত করেছিল। ভবানন্দ মৃত্যুর সময় ধীরানন্দকে অনুরোধ করেছে : ‘আমার মৃত্যু-সংবাদ তাহাকে দিও! বলিও আমি অবিশ্বাসী নহি।’ [রচনাবলী, পৃ ৭২৮]

রাজসিংহ উপন্যাসে রূপনগর রাজকন্যা চঞ্চলকুমারীও দৈবানুগ্রহের অপেক্ষা না রেখে সরাসরি যেন ইতিহাসের সঞ্চালনভার নিজের হাতে তুলে নেন। রাজসিংহকে আকুল আবেদন জানিয়েছেন বাদশাহ আলমগীরের হাত থেকে তাকে রক্ষার জন্য : ‘নিতান্ত বিপন্না না হইলে পত্র লিখিতে সাহস করিতাম না। …দিল্লীর বাদশাহ আমার পাণি গ্রহণ করিতে মানস করিয়াছেন। অনতিবিলম্বে তাহার সৈন্য আমাকে দিল্লী লইয়া যাইবার জন্য আসিবে। …আমি রাজপুত-কন্যা …কি প্রকারে তুর্কী বর্ব্বরের আজ্ঞাকারিণী হইব। …আমাকে অহকৃতা মনে করিবেন না। যোধপুর, অম্বর প্রভৃতি দোর্দ্দণ্ড প্রতাপশালী রাজাধিরাজগণও দিল্লীর বাদশাহকে কন্যাদান করা কলঙ্ক মনে করেন না। …[আপনার মত] মহাবীরের বংশধরকে কি আমার বুঝাইতে হইবে যে, এই সম্বন্ধ রাজপুত কুলকামিনীর পক্ষে ঘৃণ্য? মহারাজ আজিও আপনার বংশে তুর্কবিবাহ করিতে পারিল না কেন? …প্রয়োজন হইলে প্রাণ বিসর্জন করিব, প্রতিজ্ঞা করিয়াছি। কিন্তু তথাপি এই অষ্টাদশ বৎসর বয়সে, এ অভিনব জীবন রাখিতে বাসনা হয়। কিন্তু কে এ বিপদে এ জীবন রক্ষা করিবে। আমার পিতার… কি সাধ্য যে, আলমগীরের সঙ্গে বিবাদ করেন? …হিন্দুকুলে আর কেহ নাই যে, এই বিপন্না বালিকাকে রক্ষা করে। আমি আপনার শরণ লইলাম – আপনি কি আমাকে রক্ষা করিবেন না? …আমি কেবল বালিকাবুদ্ধির বশীভূতা হইয়া লিখিতেছি এমত নহে। মহারাজা সংগ্রাম সিংহ বাবরশাহকে প্রায় রাজ্যচ্যুত করিয়াছিলেন। মহারানী প্রতাপ সিংহ আকবর শাহকেও মধ্যপ্রদেশ হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছিলেন। আপনি সেই সিংহাসনে আসীন। …আপনি কি তাহাদিগের অপেক্ষা হীনবল? …আপনি বলিতে পারেন …আমি কেন অপরিচিতা মুখরা কামিনীর জন্য প্রাণী হত্যা করিব? …মহারাজ! কুলকামিনীর রক্ষা করাবি, রাজপুতের ধর্ম নহে?’

‘আর একটি কথা বলিতে লজ্জা করে, কিন্তু না বলিলেও নহে। আমি এই বিপদে পড়িয়া পণ করিয়াছি যে, যে-বীর আমাকে মোগল-হস্ত হইতে রক্ষা করিবেন, তিনি যদি রাজপুত হয়েন, আর যদি আমাকে যথাশাস্ত্র গ্রহণ করেন, তবে আমি তাহার দাসী হইব। হে বীরশ্রেষ্ঠ! যুদ্ধে স্ত্রীলাভ বীরের ধর্ম। …তবে আমি যে আপনার মহিষী হইবার কামনা করি, ইহা দুরাকাক্সক্ষা বটে। …যদি দিল্লী যাইতে হয়, দিল্লীর পথে বিষ ভোজন করিব।’ [রচনাবলী, পৃ ৫৯০]

রাজসিংহ ফেবিয়ান কৌশল অবলম্বন করে দিল্লি প্রত্যাবর্তনের পার্বত্য পথ অবরোধ করে মোগল সেনাদের হাত থেকে চঞ্চল কুমারীকে রক্ষা করলেন।

চঞ্চলকুমারী সত্যসত্যই এ-পত্র লিখেছিলেন বা লিখতে পারেন – এমন ভাবার কোনো কারণ নেই। বঙ্কিম তাঁর ১৮৮২-র বাঙালি পাঠকদের জন্যই ওই পত্রটি রচনা করেছিলেন। আগেই বলেছি, বঙ্কিম একটি জাতীয়তাবাদী ডিসকোর্স রচনায় প্রয়োজনে ইতিহাস সংশোধনে হাত দিয়েছিলেন। তিনি নিজে সেটি কবুলও করেছিলেন। এই পত্রটি ওই প্রকল্পের একটি তাৎপর্যপূর্ণ অংশ। এই পত্র বঙ্কিমের চিন্তাপ্রসূত, চঞ্চলকুমারীর চিন্তাপ্রসূত নয়। এর যুক্তিচয়ন, ঔচিত্য-অনৌচিত্যবোধ সবই সমসাময়িক কলোনিয়াল পরিমণ্ডল থেকে উদ্ভূত। সেভাবেই এটিকে বিচার করতে হবে। প্রাচ্য ও পাশ্চাত্যের যে-বিভেদ ভাবনার ওপর দুটি বিরোধী ডিসকোর্সে দাঁড়িয়ে আছে তা গেছে এখানে মিশে, যদিও বঙ্কিম একে মিশ্রণ বলে মনে করেন না। তবে বিমলা, চঞ্চলকুমারী, লুৎফ্উন্নিসা, কল্যাণী, দেবী চৌধুরানী বা শান্তি এঁরা সবাই বঙ্কিমের মানসকন্যা – ঊনবিংশ শতকের সাংস্কৃতিক পুনর্নির্মাণ সঞ্জাত ‘নতুন নারী’ যারা বাঙালি সমাজে তখনো আবির্ভূতই হননি অথচ সমাজ এদের জন্য অপেক্ষা করে আছে, আকাক্সক্ষা করছে, কামনা করছে। বঙ্কিমের মতো বুদ্ধিজীবীরা জাতীয়তাবাদী ডিসকোর্সে এদের জন্য জায়গা তৈরি করছেন। বঙ্কিমের এই নতুন নারী সংক্রান্ত ধারণার খানিকটা পরিচয় আমরা পেয়েছি। এবার আনন্দমঠের শান্তি-চরিত্রটি নির্মাণের দিকে দৃষ্টিপাত করা যেতে পারে।

শান্তির শৈশবেই মাতৃবিয়োগ হয়েছিল। তার বাবা অধ্যাপক, ব্রাহ্মণ ছিলেন। তার বাবা যখন টোলে ছাত্র পড়াতেন শান্তিও বাবার কাছে বসে থাকতেন। ‘এইরূপ শৈশবে নিয়ত পুরুষ সাহচর্যের প্রথম ফল এই হইল যে, শান্তি মেয়ের মতো কাপড় পরিতে শিখিল না …ছেলেদের মতো কোঁচা করিয়া কাপড় পরিতে আরম্ভ করিল …কখনো খোঁপা বাঁধিত না। চুলগুলা কুণ্ডলী করিয়া শান্তির পিঠে, কাঁধে, বাহুতে ও গালের উপর দুলিত। …দ্বিতীয় ফল এই হইল যে, শান্তি একটু বড় হইতেই ছাত্রেরা যাহা পড়িত, শান্তিও সঙ্গে সঙ্গে শিখিতে আরম্ভ করিল। ভট্টি, রঘু, কুমার, নৈশধাদির শ্লোক ব্যাখ্যা সহিত মুখস্ত করিতে লাগিল। তারপর সব গোলমাল হইয়া গেল। পিতার পরলোক প্রাপ্তি হইল।

তখন শান্তি নিরাশ্রয়। (ছাত্রদের মধ্যে) একজন (জীবানন্দ) তাহাকে দয়া করিয়া আপনার গৃহে লইয়া গেল। পিতামাতা জিজ্ঞাসা করিলেন : এখন এ পরের মেয়ের দায়ভার নেয় কে? জীবানন্দ বলিলেন, ‘আমি আনিয়াছি, – আমিই দায়ভার গ্রহণ করিব।’ ‘…বিবাহের পর সকলেই বুঝিলেন কাজটা ভালো হয় নাই। শান্তি কিছুতেই মেয়ের মতো কাপড় পড়িল না; কিছুতেই চুল বাঁধিল না। সে বাটির ভিতর থাকিত না। পাড়ার ছেলেদের সঙ্গে মিলিয়া খেলা করিত। শ্বশুর, শাশুড়ি প্রথমে নিষেধ, পরে ভর্ৎসনা, পরে প্রহার করিয়া, শেষে ঘরে শিকল দিয়া শান্তিকে কয়েদ রাখিতে আরম্ভ করিল। একদিন দ্বার খোলা পাইয়া শান্তি কাহাকেও না বলিয়া গৃহত্যাগ করিয়া চলিয়া গেল।’ [রচনাবলী, পৃ ৬৯৮]

শান্তি একটি ভ্রাম্যমাণ সন্ন্যাসীদলে বালক সন্ন্যাসীবেশে ভিড়ে গেল। ‘ক্রমশ তার যৌবন লক্ষণগুলি দেখা দিল। …পৌরুষ চরিত্রের ওপর নির্মল স্ত্রী চরিত্রের অপূর্ব্ব প্রভা আসিয়া পড়িল।’ দলের মধ্যেই একজন ‘তাহার প্রতি ধাবমান হইতে লাগিলেন। …কিন্তু শান্তি ব্যায়ামাদি দ্বারা পুরুষেরও দুর্লভ বল সঞ্চার করিয়াছিল।’ ফলে একদিন সেই ব্যক্তি শান্তির ঘুষি খেয়ে মূর্ছিত হয়ে ধরাশায়ী হলো। শান্তি দল ছেড়ে শ্বশুরবাড়ি ফিরে এলেন। কিন্তু শান্তির শাশুড়ি জাত যাবার ভয়ে তাকে ঘরে নিলেন না। এবার জীবানন্দও শান্তির সঙ্গে গৃহত্যাগ করে দূরগ্রামে ভগ্নিপতির বাড়িতে গিয়ে উঠলেন। ‘স্বামী-সহবাসে শান্তির চরিত্রের পৌরুষ দিন দিন বিলীন বা প্রচ্ছন্ন হইয়া আসিল।’ জীবানন্দ এবার স্ত্রীকে বোনের কাছে রেখে নিজে সত্যানন্দের সন্ন্যাসীদলে নাম লেখালেন। বিরহপীড়িতা শান্তিও কিছুদিন পরে সত্যানন্দের দলে যুবকের ছদ্মবেশে যোগ দিলেন। ইস্পাতের ধনুকে অনায়াসে লোহার গুণ পরিয়ে সত্যানন্দকে স্তম্ভিত করে দিলেন। সত্যানন্দ বিস্মিত হয়ে বললেন : এ কি, তুমি দেবী না মানবী? ‘শান্তি করজোড়ে কহিল – আমি সামান্য মানবী, কিন্তু আমি ব্রহ্মচারিণী।’ সত্যানন্দ এবার শান্তিকে জীবানন্দের স্ত্রী বলে চিনতে পারলেন। কিন্তু দুশ্চিন্তা-ভারাক্রান্ত হয়ে বললেন : ‘কেন এ পাপাচার করিতে আসিলে?’ শান্তি বলল : ‘পাপাচরণ কি প্রভু? পত্নী (যদি) স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচরণ? সন্ন্যাস ধর্মশাস্ত্র যদি একে পাপাচরণ বলে, তবে সন্ন্যাসধর্ম অধর্ম। আমি ধর্মাচরণ করিতে আসিয়াছি।’ [রচনাবলী, পৃ ৭০৭] সত্যানন্দ বললেন : ‘তুমি সাধ্বী। কিন্তু দেখ মা, পত্নী কেবল গৃহধর্মেই সহধর্মিণী, বীরধর্মে নয়। শান্তির উত্তর : ‘কোন মহাবীর অপত্নীক হয়ে বীর হয়েছেন? রাম সীতা ছাড়া কি বীর হতেন? অর্জুনের কতগুলি বিবাহ গণনা করুন দেখি। ভীমের যত বল ততগুলি পত্নী।’ সত্যানন্দ প্রশ্ন তুললেন : ‘যুদ্ধক্ষেত্রে কোন বীর স্ত্রীকে নিয়ে আসে?’ শান্তির প্রত্যুত্তর : ‘দ্রৌপদী সঙ্গে না থাকলে পাণ্ডবরা কি কুরুক্ষেত্রে যুঝত?’ সত্যানন্দ মরিয়া হয়ে বললেন : ‘সামান্য মানুষের মন স্ত্রীলোকে আসক্ত, ফলে কাজে বিঘ্ন ঘটে। জীবানন্দ আমার দক্ষিণহস্ত। তুমি আমার ডানহাত ভেঙে দিতে এসেছ।’ শান্তি উত্তর করল : ‘আমি আপনার ডানহাতের বল বাড়াতে এসেছি। আমি ব্রহ্মচারিণী।’ [রচনাবলী, পৃ ৭০৮] বঙ্কিমের ‘নব্য নায়িকারা’ সকলেই সুশিক্ষিত ও তর্কে পটু।

এই যে একটি মেয়ের নারীত্বের প্রচ্ছদ ও আচরণ লঙ্ঘন করে পুরুষ হিসেবে আবির্ভাব, তার ঘর এবং সংসার ভেঙে বেরিয়ে যাওয়া, ক্ষাত্র প্রশিক্ষণ, সত্যানন্দের সঙ্গে বৌদ্ধিক ও দার্শনিক তর্ক-মীমাংসা, সন্ন্যাসী বিদ্রোহের পুরুষতান্ত্রিক সংগঠন ও সংস্কারকে অধর্ম বলে বর্ণনা – এসবই কেবল এক অস্বাভাবিক নারীর উৎকেন্দ্রিক চিন্তা নয়, ‘ভারতীয়’ ভাবাদর্শ তথা ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম ও সমাজের যে অনন্য ‘টেরিটোরির’ কল্পনা হিন্দু বুদ্ধিজীবীরা করছিলেন তার সম্পর্কে বঙ্কিমের চিন্তা এবং নানা অন্তর্বিরোধ ও ভুল বিভাজন রেখাগুলি সম্পর্কে বঙ্কিম প্রশ্ন তুলছিলেন। ওই বিভাজন রেখাগুলি পাশ্চাত্য আইডিয়লজি, মূল্যবোধ ও শক্তির কাঠামোর চাপে যে উৎসাদিত হয়ে যাচ্ছিল তা দেখতে পাচ্ছিলেন। নারীর পুরুষ হিসেবে আবির্ভাবের শান্তিই একমাত্র উদাহরণ নয়। এর আগেই আমরা লুৎফ্উন্নিসাকেও পুরুষের পোশাকে দেখেছি। দেবী চোধুরানী উপন্যাসে প্রফুল্লকেও তেলবিহীন খোঁপাবিহীন রুক্ষ, আলুলায়িত কুন্তল অবস্থায় আমরা দেখেছি। তারপরে ভবানী ঠাকুরের নির্দেশে সে মুণ্ডিত মস্তকে বাছা বাছা পুরুষ অনুচরদের সঙ্গে মল্লযুদ্ধও করেছে। [রচনাবলী, পৃ ১৭১] হতে পারে ওইসব ভাবনা ও চিত্রণে বঙ্কিমের মনের পেছনে ফ্রান্সের জোন অব আর্ক ও জর্জ সাঁদের উদাহরণ কাজ করেছে। বঙ্কিম নারী-পুরুষের শারীরিক ভিন্নতাকে অস্বীকার মোটেই করছেন না, তাদের ভূমিকার ভিন্নতার ধ্রুবতাকে অস্বীকার করছেন। এবং ওই ভিন্নতার মতোই জাতপাত, শ্রেণিবর্ণ, উচ্চনিচ, বংশমর্যাদা প্রভৃতি ভিন্নতাও যে সমাজ ও সংস্কৃতি-নির্ধারিত সীমা এবং যা নিয়ত পরিবর্তনশীল এইদিকে দৃষ্টি আকর্ষণ করছেন।

এইসব ধারণার অনেকটাই যে পাশ্চাত্য থেকে এসেছিল সেটি খানিকটা বোঝা যায় চন্দ্রশেখর উপন্যাসের নিম্নলিখিত অংশটি থেকে : ‘প্রতাপ জমিদার এবং প্রতাপ দস্যু। আমরা যে সময়ের কথা বলিতেছি, সে সময়ের অনেক জমিদারই দস্যু ছিলেন। ডারউইন বলেন, মানবজাতি বানরদিগের প্রপৌত্র। এ কথায় যদি রাগ না করিয়া থাকেন, তবে পূর্বপুরুষগণের এই অখ্যাতি শুনিয়া বোধহয় কোনো জমিদার আমাদের উপর রাগ করিবেন না। বাস্তবিক দস্যুবংশে জন্ম অগৌরবের কথা বলিয়া বোধহয় না, কেননা, অন্যত্র দেখিতে পাই, অনেক দস্যুবংশজাতই গৌরবে প্রধান। তৈমুরলঙ নামে বিখ্যাত দস্যুর পরপুরুষেরাই বংশমর্যাদায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইয়াছিলেন। ইংল্যান্ডে যাঁহারা বংশমর্যাদায় বিশেষ গর্ব করিতে চাহেন, তাঁহারা নর্মান বা স্কন্দেনেবীয় নাবিক দস্যুদিগের বংশোদ্ভব বলিয়া আত্মপরিচয় দেন। প্রাচীন ভারতে কুরুবংশেরই বিশেষ মর্যাদা ছিল : তাহারা গো-চোর। বিরাটের উত্তর গো-গৃহে গোরু চুরি করিতে গিয়াছিলেন। দুই-এক বাঙালি জমিদারের এরূপ কিঞ্চিৎ বংশমর্যাদা আছে।’ [রচনাবলী, পৃ ৩৯৬]

দস্যুতার আরো দুটি পরিপূরক চিত্র উদ্ধৃত করব। সিরাজউদ্দৌলাকে পরাভূত করে ইংরেজ শাসন জাঁকিয়ে বসেছে। বাংলাদেশে ঔপনিবেশিক শোষণের প্রথম উপহার ছিয়াত্তরের মন্বন্তর। বঙ্কিম তাঁর আনন্দমঠ উপন্যাসটিকে এই ভয়ানক দুর্ভিক্ষের পটভূমিকায় স্থাপন করেছেন। এর খানিকটা বর্ণনা আগেই উদ্ধৃত করেছি। সেই বর্ণনায় একদা সুজলা সুফলা বাংলার গ্রামীণসমাজেক্রমবর্ধমান ক্ষুধার বিস্তৃতি কীভাবে শ্রেণিনির্বিশেষ সবাইকে এক সহায়হীন হাহাকার ও দুঃখের মধ্যে ফেলেছিল তার কিছুটা পরিচয় আছে। নিচের উদ্ধৃতিতে ওই দুর্ভিক্ষ কীভাবে সমাজের নিচের তলায় বিশেষ করে যে সভ্যতাবিনাশী, মানবতাবিনাশী জান্তব ভয়াবহতার জন্ম দিয়েছিল তার চিত্রণ আছে :

‘…বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল। সে বন অতি মনোহর। আলো নাই (সে) শোভা দেখে এমন চক্ষুও নাই। দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে-সৌন্দর্য অ-দৃষ্ট রহিল। দেশে আহার থাকুক বা না থাকুক – বনে ফুল আছে। …যে কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল …একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল, আমরা সোনারূপা লইয়া কি করিব? একখানা গহনা লইয়া কেহ আমাকে একমুঠা চাল দাও, ক্ষুধায় প্রাণ যায় – আজ কেবল গাছের পাতা খাইয়া আছি।’ একজন এই কথা বলিলে সকলেই সেইরূপ বলিয়া গোল করিতে লাগিল। ‘চাল দাও’ ‘চাল দাও’, ‘ক্ষুধায় প্রাণ যায়, সোনারূপা চাহি না।’ ক্রমে গালাগালি হইতে লাগিল, যে যে-অলঙ্কার পাইয়াছিল সে সেই অলঙ্কার রাগে দলপতির গায়ে ছুঁড়িয়া মারিল। সকলে দলপতিকে আক্রমণ করিয়া আঘাত করিতে লাগিল। দলপতি অনাহারে শীর্ণ এবং ক্লিষ্ট ছিল। দুই এক আঘাতেই ভূপাতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞানশূন্য দস্যুদলের একজন বলিল, ‘শৃগাল-কুক্কুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়, এস ভাই, আজ এই বেটাকে খাই। সকলে “জয় কালী” বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল। আজ নরমাংস খাইব। এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবৎ মূর্তিসকল অন্ধকারে খলখল হাস্য করিয়া, করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি জ্বালিতে প্রবৃত্ত হইল। অগ্নি প্রস্তুত হইলে, একজন মৃতশবের পা ধরিয়া টানিয়া আগুনে ফেলিতে গেল। তখন আরেকজন বলিল, “রাখ, রও, রও, যদি মহামাংস খাইয়াই আজ প্রাণ রাখিতে হইবে, তবে এই বুড়ার শুকনা মাংস কেন খাই।” তখন সকলে লোলুপ হইয়া যেখানে কল্যাণী কন্যা লইয়া শুইয়াছিল সেইদিকে চাহিল। …অবস্থাবিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র।’ [রচনাবলী, পৃ ৬৭৩]

একই পরিস্থিতি কীভাবে অন্য অংশে প্রতিরোধের জন্ম দেয় এবার তার চিত্র : ‘যাহা কিছু (খাজানা) আদায় হইয়াছে তাহা গাড়ি-বোঝাই হইয়া সিপাহীর পাহারায় কলিকাতায় কোম্পানির ধনাগারে যাইতেছিল। …সশস্ত্র সিপাহী গাড়ির অগ্রপশ্চাৎ শ্রেণীবদ্ধ হইয়া সঙ্গীন খাড়া করিয়া যাইতেছিল। তাহাদের অধ্যক্ষ একজন গোরা : সর্বপশ্চাৎ ঘোড়ায় চড়িয়া যাইতেছিল। রৌদ্রের জন্য সিপাহীরা দিনে পথে চলে না, রাত্রে চলে। …গাড়ি ও সৈন্য-সামন্তে মহেন্দ্রের গতিরোধ হইল। …একজন সিপাহী বলিল, ‘এহি একঠো ডাকু ভাগতা হৈ।’ …সিপাহী মহেন্দ্রকে হাতে-পায়ে বাঁধিয়া গোরুর গাড়িতে তুলিল। …ভবানন্দ তাল-পাহাড় হইতে চটির দিকে যাইতে যাইতে অচিরাৎ ধনরক্ষাকারী সিপাহীদিগের সহিত সাক্ষাৎ হইল। সিপাহী বলিল : ‘আর এক শালাকে যেখানে বেঁধে রেখেছ এ শালাকেও সেইখানে বেঁধে রাখ।’ …ভবানন্দকেও তুলিয়া মহেন্দ্রের নিকট ফেলিল। ভবানন্দ চিনিলেন, মহেন্দ্র সিংহ।

‘সিপাহীরা পুনরায় অন্যমনস্কে কোলাহল করিতে করিতে চলিল আর গরুর গাড়ির চাকার কচকচ শব্দ হইতে লাগিল। …পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছিলে দেখিল, পাহাড়ের নিচে একটা ঢিপির ওপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাহাকে ধরিল। হাওলাদার বলিলেন, উহার মাথায় মোট দাও, তখনও সে কিছু বলিল না। সিপাহী তাহার মাথায় মোট দিল। হাওলাদার পেছন ফিরিয়া গাড়ির সঙ্গে চলিল। হঠাৎ একটি পিস্তলের শব্দ হইল, হাওলাদার মস্তকে বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল। …মুটিয়া পিস্তল উলটাইয়া সিপাহীর মাথায় মারিল, সিপাহীর মাথা ভাঙ্গিয়া গেল। সাহেব ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া, গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। …এমন সময়ে হঠাৎ সাহেবের কোমর হইতে তাঁহার অসি কে কাড়িয়া লইল। লইয়াই একাঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্নশির হইয়া অশ্ব হইতে পড়িয়া গেলে আর তাঁহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে, একব্যক্তি গাড়ির উপর দাঁড়াইয়া তরবারিহস্তে ‘হরি হরি’ শব্দ করিতেছে এবং ‘সিপাহী মার, সিপাহী মার,’ বলিতেছে। সে ভবানন্দ। হরি হরি শব্দ করিয়া দুইশত শস্ত্রধারী লোক আসিয়া সিপাহীদিগকে ঘিরিল। …সিপাহীরা ভীত ও নিশ্চেষ্ট হইল। এই অবসরে তেজস্বী দস্যুরা তাহাদের অনেককে হত ও আহত করিল। যে-ব্যক্তি যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করিয়াছিল সে ভবানন্দের নিকটে আসিল। উভয়ে আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ‘ভাই জীবানন্দ সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে’।

‘মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিলেন। এমন সময় তাহার স্পষ্টই বোধ হইল যে, ইহারা দস্যু, ধনাপহরণের জন্যই সিপাহীদিগকে আক্রমণ করিয়াছে। এইরূপ বিবেচনা করিয়া তিনি যুদ্ধস্থান হইতে সরিয়া গিয়া দাঁড়াইলেন। …তরবারি ফেলিয়া দিয়া ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন, ভবানন্দ আসিয়া নিকটে দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, ‘মহাশয়, আপনি কে?’ ভবানন্দ বলিল, ‘তোমার তাতে প্রয়োজন কী?’ মহেন্দ্র (বলিল), ‘আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হইয়াছি।’ ভবানন্দ (বলিল), ‘সে বোধ যে তোমার আছে, এমন বুঝিলাম না। অস্ত্রহাতে করিয়া তফাৎ রহিলে। জমিদারের ছেলে, দুধ-ঘির শ্রাদ্ধ করিতে মজবুত – কাজের বেলা হনুমান।’ ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত বলিলেন, ‘এ যে কুকাজ – ডাকাতি’। ভবানন্দ বলিল, ‘হউক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করিলাম। আরো কিছু উপকার করিবার ইচ্ছা রাখি।’ ‘মহেন্দ্র : ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো’। ভবানন্দ : উপকার গ্রহণ কর না কর, তোমার ইচ্ছা। যদি ইচ্ছা কর আমার সঙ্গে আইস। তোমার স্ত্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করাইব। মহেন্দ্র ফিরিয়া দাঁড়াইল, বলিল : সে কি? [রচনাবলী, পৃ ৬৭৯]

এরপরই সেই বিখ্যাত গান। ‘ভবানন্দ বলিলেন : আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরীয়সী। আমরা বলি, জন্মভূমিই জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, বাড়ি নাই, আমাদের আছে কেবল সুজলা, সুফলা, মলয়জসমীরণশীতলা শষ্যশ্যামলা…’ বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে আবার গাও।’ বঙ্কিম দেশকে মা এবং দেশপ্রেমকে ধর্মের পর্যায়ে উন্নীত করলেন।

দস্যুতার এই তিনটি চিত্রণে যেন দস্যুতাকে তিনটি ভিন্ন কালিক ও স্থানিক পরিপ্রেক্ষিত থেকে দেখা হয়েছে এবং তিনটি মিলিয়ে ঔপনিবেশিক বাংলার একটি সমগ্র চিত্রের রূপ, বিশেষ করে যেটি লক্ষযোগ্য সেটি হলো সমাজের অবজ্ঞাত নিম্নবর্গের নিষ্করুণ জীবনের প্রতি বঙ্কিমের অন্তর্ভেদী দৃষ্টি ও সহানুভূতি। একই সঙ্গে তিনি ‘দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্য’ যেমন দেখতে পান তেমনি নিষ্ঠুর সমাজ কীভাবে তাদের মানবিকতা হরণ করে তাদের জন্তুতে পরিণত করে তাও নির্মোহভাবে চিত্রিত করেন। আবার অন্যদিকে বুভুক্ষু জনতা যে ডাকওয়ার্থের রেশমকুঠি আক্রমণ করে তাও উল্লেখ করতে ভোলেন না। (রচনাবলী, পৃ ৭১২)। বস্তুত বঙ্কিম যেন বিস্মৃত, কণ্ঠহীন নিম্নবর্গের অনুচ্চারিত ইতিহাস রচনা করেন। আনন্দমঠ বাংলা সাহিত্যের অনতিদৃষ্ট ফেমিনিস্ট ও সাবঅল্টার্ন ইতিহাস। ঔপনিবেশিকতাবিরোধী ডিসকোর্সে হয়তো এমনটি না দিয়ে উপায় নেই।

বঙ্কিমচন্দ্রের ইতিহাস অন্বেষণকে তার সংস্কৃতি অন্বেষা থেকে আলাদা করা যায় না, কারণ ওই ইতিহাস তো সংস্কৃতিরও ইতিহাস। তাঁর বিভিন্ন উপন্যাসে যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, যোগসিদ্ধ ব্রহ্মচারীদের কল্পনা করেন তাঁরা তার সংস্কৃতি-কল্পনার আদর্শপুরুষ (রপড়হ)। যথা রামানন্দ স্বামীর চিত্রণটি উল্লেখ করা যেতে পারে। তাহার ভাষায় : ‘রামানন্দ স্বামী সিদ্ধপুরুষ। তিনি অদ্বিতীয় জ্ঞানী বটে। প্রবাদ ছিল যে, ভারতবর্ষের লুপ্ত দর্শন, বিজ্ঞান সকল তিনিই জানিতেন।’ জাতীয়তাবাদী নির্মাণে ওই লুপ্ত দর্শন ও বিজ্ঞানের পুনরালোচনা ও পুনর্বীক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সনাতন ধর্ম ও সমাজবিন্যাসের নির্বিকল্প পুনর্বাসন তার আরাধ্য বলে মনে হয় না। অন্যথায় তিনি কৃষ্ণচরিত্রের নতুন ব্যাখ্যানে বা বৈষ্ণব সমাজ সংগঠন ও হিন্দুধর্মে অহিংসার স্থান নিয়ে আলোচনা করতেন না। পাশ্চাত্য নারীশিক্ষা, নারীমুক্তির ধারণা দ্বারা ও সাম্যবাদের ধারণা দ্বারাও প্রভাবিত হয়েছিলেন।

তবে বঙ্কিমে আদ্যন্ত দ্ব্যর্থকতা ও মিশ্রিত ভাষ্য (সরীবফ

সবংংধমব) লক্ষ করি। তার সাধুসন্তরা সকলে আদর্শ পুরুষ নন, অন্যান্য চরিত্ররা তো নয়ই। ঔপনিবেশিক পরিমণ্ডলে দেশীয় বুদ্ধিজীবীবৃন্দ সব সময়েই আপন সমাজের প্রতি আনুগত্যের প্রশ্ন দ্বারা বিড়ম্বিত ও উৎকণ্ঠিত থাকেন। আমরা সকলেই আপন সমাজের ধর্ম, সংস্কৃতি, মূল্যবোধ, সংস্কারের জটিল আশ্লেষে গ্রথিত থাকি। বুদ্ধিজীবীরাই এর পরিবর্তনশীলতা সম্পর্কে সচেতন হন এবং নিরন্তর এর বীক্ষণ ও মূল্যায়নে নিরত থাকেন। তবে যখন মনে হয় যে, তার দেশ ও সমাজ রাজনৈতিক আগ্রাসন ও ভাবাদর্শগত পীড়ন ও আধিপত্য দ্বারা নির্জিত হতে হতে তার অস্তিত্ব ও জীবনপদ্ধতিই অবলুপ্ত হতে বসেছে তখন বুদ্ধিজীবীদেরকে স্বদেশের প্রতিরক্ষায় দাঁড়াতে হয়। সেই প্রতিরোধ-প্রয়াসই রূপ নেয় দেশীয় সংস্কৃতির পুনর্নির্মাণে। জাতীয়তাবাদে তাই লক্ষ্যাভিমুখী নির্বাচনের একটা সুযোগ থাকে। কিন্তু আমরা আবহমান ইতিহাস-সঞ্চিত সংস্কৃতি ও সংস্কারজনিত কিছু কিছু অন্ধতাও উত্তরাধিকার হিসেবে লাভ করি। ওই অনচ্ছদৃষ্টি বা অন্ধতাকে এডওয়ার্ড সাঈদ বলেছেন ‘organic lies’যেহেতু সাম্রাজ্যবাদী ডিসকোর্স বা আন্তর্জাতিকতার গ্র্যান্ড-ন্যারেটিভ এবং নব্যসংজ্ঞায়িত জাতীয়তাবাদী ডিসকোর্স দুই-ই বিভিন্নতার, অপরত্বের ধারণার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, ওই অনচ্ছ দৃষ্টির কারণে অপরত্বের বা ভিন্নতার কিছু ভ্রান্তপাঠ (mis reading of otherness) চলেই আসে। ওই ভ্রান্তপাঠ ও আপন ঐতিহ্যের প্রতি মমত্ব ও ভিন্ন ঐতিহ্যের প্রতি বৈরিতায় প্রকাশিত হয়। বুদ্ধিজীবীর দায়িত্ব হচ্ছে ওই ভ্রান্তপাঠের মিথ্যা ও অনচ্ছতার কুয়াশা ছিন্ন করে দুটি ঐতিহ্যের মধ্যে স্বচ্ছন্দ চলাচল এবং লক্ষ্যকে নির্ভুলভাবে সংজ্ঞায়িত করা। এটি সহজ নয় যেহেতু বুদ্ধিজীবীর আনুগত্যের প্রশ্নটি ওই লক্ষ্য নির্দেশের সঙ্গে জড়িয়ে থাকে। উৎকণ্ঠাও সেই জন্য।

বঙ্কিম সমাজকাঠামোর শিলান্যাসের স্তরগুলি প্রয়োজনবোধে উন্মোচন করে দেখাতে পারেন। কিন্তু ওই স্তরীভূত শিলার খাঁজে খাঁজে বিভিন্ন স্মৃতির যে বহুবর্ণিল খনিজ রেখাগুলি লুকিয়ে থাকে, তা সবসময় লক্ষ করেন না। হিন্দু ঐতিহ্যের শুদ্ধতা ও আক্রুপূর্বিকতা প্রমাণ করতে গিয়ে দ্রাবিড়, বৌদ্ধ, তুর্কি, পাঠান, মোগল, মঙ্গোলয়েড, উপজাতীয়, ধারাগুলি বিস্মৃত হন। পৃথিবীর কোন দেশের ইতিহাসই একক সমসত্ব বা একশিল (monolithical) নয়। সব ইতিহাসই বহু ধারার সমাহৃত ইতিহাস (multiple histories)। বঙ্কিম সম্ভবত সেভাবে দেখতে চান না। অথচ না দেখেও পারেন না। ইম্পিরিয়ালিস্ট ডিসকোর্সের সম্মোহন তথা ইম্পিরিয়াল লজিকের প্রাবল্য এড়াতে পারেন না। ব্রিটিশ শাসনকে ভারতের জন্য শুভকর ও ওয়ারেন হেস্টিংসকে কোম্পানি শাসনামলের গৌরব তিলক হিসেবে দেখেন। বৈষ্ণব সম্প্রদায়ের মাঘী পূর্ণিমার মেলায় মেজর এডওয়ার্ডসের সেনাদলের আক্রমণের ও গণহত্যার বর্ণনা করতে গিয়ে লেখেন : এ সংবাদ গ্রামে গ্রামে প্রচারিত হইল। যেখানে যে সম্প্রদায়ভুক্ত ছিল তৎক্ষণাৎ অস্ত্র গ্রহণ করিয়া মেলা রক্ষার জন্য ধাবিত হইল। …ইংরেজের সৌভাগ্যক্রমে মহেন্দ্র ফাঁদে

পা দিলেন। পদচিহ্নের দুর্গে অল্প সৈন্য রাখিয়া অধিকাংশ সৈন্য লইয়া যাত্রা করিলেন।

…ইংরেজের কামানের গুড়ুম গুড়ুম গুম শব্দে মহাগীতি শব্দ ভাসিয়া গেল। শত শত সন্তান হত-আহত হইয়া… খণ্ড-বিখণ্ড হইয়া ধরাশায়ী হইতে লাগিল। বৃথায় জীবানন্দ, বৃথায় মহেন্দ্র যত্ন করিতে লাগিলেন। পতনশীল শিলারাশির ন্যায় সন্তান-সেনা টিলা হইতে ফিরিতে লাগিল দুর্দমনীয়, অলঙ্ঘ্য অজেয় ব্রিটিশ সৈন্য পলায়নপর সন্তান-সেনার পশ্চাৎ ধাবিত হইল। হরে মুরারে গাহিতে গাহিতে জীবানন্দ শত্রুব্যূহ মধ্যে প্রবেশ করিলেন। …সন্তানগণ দেখিতে পাইল যে, কতক সন্তানেরা আবার ফিরিতেছে। তুমুল যুদ্ধ হইল। ওয়ারেন হেস্টিংস-এর কাছে সংবাদ লইয়া যায় এমন লোক রহিল না।’ [রচনাবলী, ৭৩৮]

অলৌকিক দেবতা-পুরুষের আগমনে মৃতপ্রায় জীবানন্দ জীবন ফিরে পেলেন। চিকিৎসক বলিলেন : সত্যানন্দ কাতর হইও না। যাহা হইবে ভালই হইবে। ইংরেজ রাজা না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই। …ইংরেজ বহির্বিশ্বক জ্ঞানে অতি সুপণ্ডিত, লোকশিক্ষায় বড় সুপটু। সুতরাং ইংরেজকে রাজা করিব। …যতদিন না হিন্দু আবার জ্ঞানবান, ধনবান ও বলবান হয় ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকিবে। …শত্রু আর নাই। ইংরেজ মিত্ররাজা।’ [রচনাবলী, পৃ ৭৪২]

সমাজের শিলান্যাসের পরতে পরতে, খাঁজে-খাঁজে ইতিহাসসঞ্চিত স্মৃতিময় বহুবর্ণিল রেখাগুলিকে অস্বীকার করতে গিয়ে বঙ্কিম তার শিলাচ্যুতিটির বিপর্যয় গর্তগুলিও (ভধঁষঃ ষরহব) দেখতে পান না। বঙ্কিম জাতীয়তাবাদী হিন্দুত্বের পুনর্বাসনে প্রয়াসী হলেও শেষবিচারে দুটি প্যারাডাইমের মধ্যে দোদুল্যমান থাকেন ফলত সর্বব্যাপী দ্ব্যর্থতা এড়াতে পারেন না এবং স্পষ্ট করে না বললেও ঔপনিবেশিক অবমানতার দায়ভাগ থেকে তার চরিত্ররাও মুক্তি পায় না – পড়সঢ়ষরপরঃু ধহফ মঁরষঃ সকলেই বর্তায়। তাঁর সমগ্র রচনায় মেধার ও বুদ্ধির প্রাখর্য সত্ত্বেও একটা উৎকণ্ঠার অভিভাব তাঁর নির্জন একাকিত্বকেই তুলে ধরে।