যারা ট্রেন-লাইনের পাশে দাঁড়িয়ে একটা চলন্ত ট্রেনকে হুইসেল দিতে দিতে আসতে শুনেছেন, তারা নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ করেছেন। ট্রেনটা যখন এগিয়ে আসতে থাকে, তখন হুইসেলটা শোনায় একরকম (তীক্ষè) এবং যখন ছেড়ে চলে যেতে থাকে তখন শোনায় অন্যরকম (ভোঁতা)। তার কারণ হুইসেলের শব্দটা এক ধরনের তরঙ্গ, ট্রেন যখন সেই তরঙ্গটা ছাড়তে ছাড়তে এগিয়ে আসে তখন তরঙ্গদৈর্ঘ্যটা একটু কমে আসে, তাই হুইসেলের শব্দটা শোনায় তীক্ষè। আবার ট্রেনটা যখন তরঙ্গটা ছাড়তে ছাড়তে দূরে সরে যেতে থাকে তখন তরঙ্গদৈর্ঘ্যটা একটু বেড়ে যায়, তাই শব্দটা একটু ভোঁতা হয়ে আসে। (১নং ছবি) তরঙ্গ যেখান থেকে আসছে তার গতির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডপলার-এফেক্ট।
শুধু যে শব্দের জন্যে ডপলার-এফেক্ট হয় তা নয়, যে-কোনো তরঙ্গের জন্যে ডপলার-এফেক্ট হতে পারে। প্রকৃতপক্ষে ডপলার-এফেক্ট ব্যবহার করে খুব সহজে গতিবেগ বের করা যায়। যেসব দেশে গাড়ি খুব বেশি এবং তা বাড়াবাড়ি গতিতে চালানোর সমস্যা আছে, সেখানে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ হাতে এক ধরনের রাডার যন্ত্র নিয়ে বসে থাকে এবং ডপলার-এফেক্ট ব্যবহার করে গাড়ির গতিবেগ মাপতে থাকে। কোনো গাড়ি নির্ধারিত গতিসীমার থেকে বেশি গেলেই রয়েছে বিশাল ফাইন!
আলোর তরঙ্গের ডপলার-এফেক্ট মাপার প্রক্রিয়া বের করার পর বিজ্ঞানীরা প্রথম যে-বস্তুগুলোর গতি মাপার চেষ্টা করলেন, সেগুলো হচ্ছে মহাজাগতিক গ্রহ-নক্ষত্র। বহুদূরের যে-নক্ষত্রটা আকাশে মিটিমিটি করে জ্বলছে, সেটা কি এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়েআছে, নাকি কোনোদিকে ছুটে যাচ্ছে, সেটা জানতে সবারই আগ্রহ। যে-নক্ষত্রটার গতি মাপতে চাচ্ছি সেখান থেকে যে-আলো বের হয়ে আসছে তার তরঙ্গদৈর্ঘ্য যদি যা হওয়ার কথা তার থেকে লম্বা হয়ে যায়, তার মানে নক্ষত্রটা দূরে সরে চলে যাচ্ছে। যদি তরঙ্গদৈর্ঘ্য যা হওয়ার কথা তার থেকে কম হয়, তাহলে বুঝতে হবে সেটা আমাদের দিকে ছুটে আসছে। গতিবেগের কারণে যখন তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়, সেটাকে বলে ডপলারের রেড-শিফট (কারণ দৃশ্যমান আলোয় লাল রঙটার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি)। আবার তরঙ্গদৈর্ঘ্য যখন কমে যায় তখন সেটাকে বলে ব্লু-শিফট (কারণ দৃশ্যমান আলোর কম তরঙ্গদৈর্ঘ্যরে আলোটা হচ্ছে নীল)।
খুব সংগত কারণেই একটা প্রশ্ন উঠতে পারে, একটা নক্ষত্রের আলোতে রেড-শিফট হয়েছে না ব্লু-শিফট হয়েছে সেটা বিজ্ঞানীরা বোঝেন কেমন করে? যে-আলোটা আসছে তার প্রকৃত তরঙ্গদৈর্ঘ্যই হয়তো সেটা! আসলে বিষয়টা খুব সহজ, বহুদূর গ্যালাক্সির কোনো নক্ষত্র বা তারাও আসলে তৈরি হয়েছে আমাদের পরিচিত পরমাণু দিয়ে। একটা পরমাণু, সেটা পৃথিবীতেই থাকুক আর কোটি কোটি মাইল দূরেই থাকুক, সেটা থেকে বিশেষ তরঙ্গদৈর্ঘ্যরে কিছু আলো বের হয়। তাই বিজ্ঞানীরা তার সঠিক তরঙ্গদৈর্ঘ্য জানেন। তরঙ্গদৈর্ঘ্যরে প্যাটার্ন দেখেই সেটা চিনে ফেলেন। যখন কোনো দূর-নক্ষত্র থেকে আসার কারণে সেই তরঙ্গদৈর্ঘ্যরে পরিবর্তন হয়ে যায়, সেটা বোঝা খুব সহজ। কতটুকু রেড-শিফট বা ব্লু-শিফট হয়েছে সেখান থেকে শুধু যে নক্ষত্রটার গতিবেগ বের করা যায় তা নয়, নক্ষত্রটা কী আমাদের দিকে আসছে নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, সেটাও নিখুঁতভাবে বের করে ফেলা যায়।
বিজ্ঞানীদের ধারণা ছিল, মহাকাশের বিভিন্ন নক্ষত্র বা গ্যালাক্সির গতিবেগ মেপে তারা দেখবেন কোনটা স্থির, কোনটা গতিশীল। কোনটার গতি বেশি, কোনটার গতি কম। কোনটা আমাদের দিকে ছুটে আসছে, কোনটা আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছে – এককথায় নক্ষত্র বা গ্যালাক্সির গতিবেগগুলোর কোনো বাধাধরা নিয়ম নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাব্ল ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসনের একশ ইঞ্চি টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের নানা নক্ষত্র, নানা গ্যালাক্সির ডপলার-শিফট মেপে দুটো অত্যন্ত বিচিত্র সত্য আবিষ্কার করলেন। মহাজগতের সকল নক্ষত্র বা গ্যালাক্সিই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে (অর্থাৎ রেড-শিফট হচ্ছে) এবং যে-নক্ষত্র আমাদের থেকে যত দূরে সে-নক্ষত্রটি তত জোরে সরে যাচ্ছে। প্রথমে মনে হতে পারে আমাদের পৃথিবীটা তাহলে নিশ্চয়ই সমস্ত মহাজগতের কেন্দ্রস্থল, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। কারণ এটাকে কেন্দ্রে রেখে সবকিছু দূরে সরে যাচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়, আমরা পৃথিবীতে বসে এই পরীক্ষাগুলো না-করে যদি মহাজগতের অন্য কোনো গ্যালাক্সির অন্য কোনো গ্রহে বসে এই পরীক্ষাগুলো করতাম তাহলেও হুবহু এই একই জিনিস দেখতে পেতাম। ব্যাপারটা বোঝা খুব সহজ হয় একটা বেলুনকে দেখলে। বেলুনের ওপর বেশ কয়েকটা বিন্দু এঁকে সেটাকে ফোলাতে থাকলে যে-কোনো বিন্দুরই মনে হবে অন্য বিন্দুগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানী হাবলের এই যুগান্তকারী আবিষ্কার থেকে পৃথিবীর মানুষ জানতে পারল যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছু একটার কাছ থেকে অন্য একটা দূরে সরে যাচ্ছে। বেলুনের উদাহরণটা পুরোপুরি সঠিক ছিল না, কারণ বেলুনের মাঝে আমরা শুধু পৃষ্ঠদেশে কয়েকটা বিন্দু আঁকতে পেরেছি। ত্রিমাত্রিক কোনো কিছুকে যদি ফোলানো যেত তাহলে সেটা আরো সঠিক উদাহরণ হতো – তাহলে আমরা দেখতাম কোনো একটা বিন্দু থেকে অন্যসব বিন্দু দূরে সরে যাচ্ছে এবং একবিন্দু থেকে অন্যবিন্দু যত দূরে সেটা তত দ্রুতগতিতে সরে যাচ্ছে। ঠিক হাবল যেটা দেখেছেন।
বিজ্ঞানীরা যখন বুঝতে পারলেন এই বিশ্বব্রহ্মাণ্ড আসলে স্থির নয় – এটা প্রচণ্ড গতিতে দ্রুত সরে যাচ্ছে, অন্যভাবে বলা যায়, বিশ্বব্রহ্মাণ্ডটাই যেন ফুলে-ফেঁপে উঠছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ‘কেন?’
বিষয়টা দুভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হলো, প্রথম ব্যাখ্যাটা হচ্ছে স্থিতি অবস্থা (ঝঃবধফু ঝঃধঃব)। এই ব্যাখ্যার অর্থ হচ্ছে এরকম – যদিও দেখা যাচ্ছে যে, বিশ্বব্রহ্মাণ্ড বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ নক্ষত্র বা গ্যালাক্সি একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারটাই আসলে এক ধরনের চলমান স্থিতি অবস্থা। অর্থাৎ এভাবে চলতে থাকলে যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্র অনেক দূরে চলে যাবে, বিশ্বব্রহ্মাণ্ডে বস্তুর ঘনত্ব কমে যাবে, কাজেই সেটা ঠিক রাখার জন্যে মহাজগতে ক্রমাগত নতুন পদার্থের জন্ম হবে। এই স্থিতি অবস্থা ব্যাখ্যার জনক ছিলেন ফ্রেড হয়েল এবং তাঁর এই ব্যাখ্যাটা সত্যি হতে হলে ক্রমাগত নতুন নতুন গ্যালাক্সির জন্ম হতে হবে। আসলে বিশ্বব্রহ্মাণ্ড এতবড় যে, ফ্রেড হয়েলের ব্যাখ্যাটা সত্যি হওয়ার জন্যে খুববেশি পদার্থের জন্ম দেয়ার প্রয়োজন হয় না। এক কিউবিক মিটারে প্রতি বিলিয়ন বছরে (শত কোটি) একটা হাইড্রোজেন পরমাণুর জন্ম দিতে পারলেই যথেষ্ট।
দ্বিতীয় ব্যাখ্যাটা দিয়েছিলেন জর্জ গ্যামো। তাঁর ব্যাখ্যাটা অনেক বেশি নাটকীয়। আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছি সবকিছু প্রবল বেগে একটা থেকে অন্যটা দূরে সরে যাচ্ছে, তার অর্থ অতীতে নিশ্চয়ই সবকিছু এক জায়গায় ছিল। সঠিকভাবে বলতে গেলে বলতে হয়, এক বিন্দুতে ছিল। তখন প্রচণ্ড এক বিস্ফোরণের ভেতর দিয়ে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয় এবং সেই বিস্ফোরণের কারণে সবকিছু ছুটে যেতে শুরু করেছে এবং আমরা সেটাই দেখছি। এই ব্যাখ্যাটার নাম বিগ ব্যাং (ইরম ইধহম)। বোঝাই যাচ্ছে, এ-ধরনের একটা নাটকীয় ব্যাখ্যা শুনলেই আমরা ভুরু কুঁচকে নানা ধরনের প্রশ্ন শুরু করি, এতবড় বিশ্বব্রহ্মাণ্ড কেমন করে একটা বিন্দুতে থাকে, কেমন করে সেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে সেখানে কী ছিল, ইত্যাদি ইত্যাদি।
বোঝাই যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে তো ল্যাবরেটরিতে পরীক্ষা করা সম্ভব নয়, তাই কোন ব্যাখ্যাটা সত্য সেটা বের করা নিশ্চয়ই খুব সহজ একটা ব্যাপার হবে না। বিজ্ঞানীরা বুঝি আজীবন একটা কিংবা অন্যটার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক দিয়ে ঝগড়াঝাটি করতে থাকবেন।
কিন্তু সেটা হয়নি, পৃথিবীর বিজ্ঞানীরা অতি-নাটকীয় বিগ ব্যাং ব্যাখ্যাটাই গ্রহণ করে নিয়েছেন। তার বেশ কয়েকটা কারণ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা ঘটেছে ১৯৬৫ সালে। আর্নো পেনজিয়া এবং রবার্ট উইলসন নামে বেল ল্যাবের দুজন বিজ্ঞানী একটা মাইক্রোওয়েভ অ্যান্টেনা দিয়ে একটা নিখুঁত পরীক্ষা করতে গিয়ে খুব ঝামেলায় পড়ে গেলেন, তাঁদের অ্যান্টেনায় সবসময়েই একটা বিরক্তিকর সিগন্যাল এসে নিখুঁত পরীক্ষার মধ্যে বাধা সৃষ্টি করতে লাগল। অনেক চেষ্টা করেও এই অনাকাক্সিক্ষত বিরক্তিকর সিগন্যালটা দূর করতে না-পেরে বিজ্ঞানী দুজন হতাশ হয়ে বললেন, যেদিকেই এই অ্যান্টেনাটা ব্যবহার করা যাক না কেন, সবদিক থেকেই এই সিগন্যালটা আসছে। মনে হচ্ছে পুরো পৃথিবী বা পুরো বিশ্বব্রহ্মাণ্ডটা যেন এই সিগন্যালে ডুবে আছে। বিজ্ঞানের ভাষায় বলা যায় পুরো বিশ্বব্রহ্মাণ্ডের তাপমাত্রা হচ্ছে তিন ডিগ্রি কেলভিন।
ঠিক একই সময়ে মাইল বিশেক দূরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী হিসাব করে বের করলেন বিগ ব্যাংয়ের প্রচণ্ড বিস্ফোরণ ঘটে থাকলে সেখানে প্রচণ্ড তাপমাত্রার সৃষ্টি হবে, এতদিনে তার তাপমাত্রা কমে সেটা তিন ডিগ্রি কেলভিনে নেমে আসবে। সঠিক একটা পরীক্ষা দাঁড় করাতে পারলে এটা মাপা সম্ভব। কিছুদিনের মধ্যেই তাঁরা খবর পেলেন এই পরীক্ষাটা আসলে দাঁড় করানোর প্রয়োজন নেই – ইতোমধ্যে সেটা করা হয়ে গেছে – পরীক্ষার ফলাফলও প্রস্তুত!
কাজেই পৃথিবীর বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন, আজ থেকে বিশ বিলিয়ন বছর আগে ভয়ংকর এক বিস্ফোরণের ভেতর দিয়ে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল। বিজ্ঞানের জগতে নাটকীয় বিষয়ের স্থান খুব কম। কিন্তু বিগ ব্যাংয়ের মতো একটি অতি-নাটকীয় বিষয় আমাদের বিজ্ঞানে মনে হয় পাকাপাকিভাবেই ঢুকে গেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.