ব্ল্যাক হোল (ইষধপশ ঐড়ষব) শব্দটি তুলনামূলকভাবে বেশ নতুন। ১৯৬৯ সালে জন হুইলার প্রথম এটি ব্যবহার করেছিলেন। যদিও ব্ল্যাক হোল বিষয়টি মাত্র কিছুদিন থেকে পদার্থ বিজ্ঞানীদের চিন্তাভাবনায় অনেকখানি জায়গা জুড়ে বসেছে, কিন্তু মজার ব্যাপার হলো – দুশো বছরেরও আগে ক্যামব্রিজের একজন বিজ্ঞানী জন মিশেল প্রথম এর একটি ধারণা দিয়েছিলেন।

একটা সময় ছিল যখন কোনো কোনো বিজ্ঞানী ভাবতেন আলো হচ্ছে এক ধরনের কণা, অন্যরা ভাবতেন এটি হচ্ছে তরঙ্গ। (মজার ব্যাপার হচ্ছে, এখন দেখা গেছে দুটিই সত্যি – আলোকে কণা হিসেবে দেখা যায় আবার তরঙ্গ হিসেবেও দেখা যায়!) আলোকে তরঙ্গ হিসেবে দেখা হলে মহাকর্ষ বল কীভাবে এর ওপর কাজ করবে সেটি অনুমান করা যায় না। কিন্তু এটিকে কণা হিসেবে দেখলে বিষয়টি খুব সহজ হয়ে যায় – একটি টেনিস বল উপরে ছুড়ে দিলে মধ্যাকর্ষণের কারণে এটি যে-রকম নিচে ফিরে আসে, ব্যাপারটি অনেকটা সে-রকম হয়ে যায়। জন মিশেল সেটিই করলেন – হিসাব করে দেখালেন, একটি নক্ষত্র যদি যথেষ্ট বড় হয়, তার ঘনত্ব যদি নির্দিষ্ট ঘনত্ব থেকে বেশি হয় তাহলে তা থেকে যে-আলোটি বের হবে (যে-আলোর কণা বের হবে) সেটি নক্ষত্র ছেড়ে চলে যেতে পারবে না। নক্ষত্রের প্রবল আকর্ষণে আলোর কণা ঠিক উপরে ছুড়ে-দেওয়া টেনিস বলের মতো নিচে ফিরে আসবে। এরকম কোনো নক্ষত্র যদি থাকে সেটিকে কেউ দেখতে পাবে না, কারণ সেখান থেকে কোনো আলো বের হবে না, উলটো মনে হবে সব আলো বুঝি শুষে নিচ্ছে, মনে হবে অন্ধকারের গোলক বা ব্ল্যাক হোল!

জন মিশেলের ব্ল্যাক হোলের অবশ্য একটি বড় সমস্যা রয়েছে, সেটি হচ্ছে তখন কেউ জানত না, আলোর গতিবেগ সেকেন্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল এবং সেটি কখনোই কমে না, বাড়ে না! সবসময়ই এটি সমান – কাজেই নক্ষত্রের প্রবল আকর্ষণে আলোর কণার গতিবেগ কমে একসময় থেমে যাবে, তারপর আবার নক্ষত্রের বুকে ফিরে আসবে, সেটি গ্রহণযোগ্য নয়। মহাকর্ষ বল কীভাবে আলোর কণার ওপর কাজ করে সেটি পুরোপুরি বোঝার জন্যে পৃথিবীর মানুষকে ১৯১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যখন অ্যালবার্ট আইনস্টাইন তাঁর জেনারেল থিওরি অব রিলেটিভিটি দিয়ে প্রথমবার সেটি ব্যাখ্যা করলেন। সত্যি কথা বলতে কী – বিশাল নক্ষত্র কীভাবে তার মহাকর্ষ বল দিয়ে পরিবর্তিত হয়, কীভাবে আলোর কণার ওপর কাজ করে সেটি পুরোপুরি বুঝতে বুঝতে আরো কয়েক দশক কেটে গেছে!

ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয় সেটি বোঝার জন্য আগে একটি নক্ষত্র কীভাবে কাজ করে সেটি বুঝতে হবে। একটি নক্ষত্র তৈরি হয়, যখন মহাকাশের কোথাও হাইড্রোজেন গ্যাসের বিশাল একটি ভাণ্ডার একত্র হয়। মহাকর্ষের কারণে হাইড্রোজেন গ্যাস সংকুচিত হতে শুরু করে, যতই এটি সংকুচিত হয়, ততই এর তাপমাত্রা বাড়তে থাকে। (গ্যাসকে সংকুচিত করা হলে তার তাপমাত্রা বেড়ে যাওয়া খুবই পরিচিত ব্যাপার, এর উলটোটাও সত্যি, সংকুচিত বাতাসকে মুক্ত করে দেওয়া হলে সেটি শীতল হয়ে যায়। রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনারে এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়। বাতাসকে সংকুচিত করার সময় সেটি যে বেশ গরম হয়ে যায় সেটি রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনারের পেছনে গেলেই আমরা টের পাই।) সংকুচিত হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখন একটি বিচিত্র ব্যাপার ঘটে। তাপমাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে পরমাণুর গতিবেগ বেড়ে যাওয়া। কাজেই নক্ষত্রের ভেতরের হাইড্রোজেন পরমাণু প্রবল বেগে একটি আরেকটিকে ধাক্কা দিতে শুরুকরে। গতিবেগ যদি খুব বেশি হয় তখন একটি হাইড্রোজেন পরমাণু অন্য পরমাণুকে ভেঙেচুরে একেবারে তার নিউক্লিয়াসে আঘাত করে। হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো একত্র হয়ে তখন হিলিয়ামের নিউক্লিয়াস হয়ে যায় – মোট ভর কমে যায়, সেই বাড়তি ভরটুকু আইনস্টাইনের বিখ্যাত সূত্র ঊ = সপ২ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। (সত্যি কথা বলতে কী, হাইড্রোজেন বোমাটি আসলে এই একই ব্যাপার। পৃথিবীর বিজ্ঞানীরা এখনো এটিকে নিয়ন্ত্রণ করা শেখেননি – নক্ষত্রে সেটি নিয়ন্ত্রিতভাবে হয়!) একটি নক্ষত্রে যখন হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি শুরু হয় তখন সেটি শক্তি বিচ্ছুরণ করতে থাকে, আমরা তার আলো দেখতে পাই। নক্ষত্র যখন শক্তি দিতে শুরু করে তখন প্রথমবার সেই তাপশক্তি মহাকর্ষের প্রবল আকর্ষণকে ঠেকিয়ে রাখা সম্ভব হয় – নক্ষত্রের সংকুচিত হওয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

খুব স্বাভাবিকভাবেই এর পরের প্রশ্নটি এসে যায় – সেটি হচ্ছে, যখন নক্ষত্রের সব হাইড্রোজেন এবং অন্যান্য নিউক্লিয়ার জ্বালানি শেষ হয়ে যাবে তখন কী হবে? যতক্ষণ ভেতর থেকে শক্তি তৈরি হচ্ছিল ততক্ষণ মহাকর্ষের প্রবল আকর্ষণকে ঠেকিয়ে রাখা গিয়েছিল, যখন সেই শক্তি শেষ হয়ে যাবে এক অর্থে নক্ষত্রের মৃত্যু ঘটবে, তখন মহাকর্ষ বলকে ঠেকিয়ে রাখার কেউ নেই, সেটি আবার সংকুচিত হতে শুরু করবে। আমাদের সূর্য এরকম একটি নক্ষত্র, তার সব জ্বালানি শেষ হতে এখনো পাঁচ বিলিয়ন বছর বাকি। যেসব নক্ষত্র আকারে বড় হয় তাদের জ্বালানি কিন্তু শেষ হয় তাড়াতাড়ি। বড় নক্ষত্রের তাপমাত্রা হয় বেশি, তাই জ্বালানি খরচও হয় অনেক বেশি।

একটি নক্ষত্রের মৃত্যুর পর অর্থাৎ ভেতরের জ্বালানি শেষ হবার পর যখন ভেতর থেকে আর তাপ সৃষ্টি হয় না, তখন মহাকর্ষের প্রচণ্ড আকর্ষণে নক্ষত্রের কী অবস্থা হয় সেটি প্রথম বের করেছিলেন ভারতবর্ষের বিজ্ঞানী সুব্রামানিয়ান চন্দ্রশেখর। তিনি তখন ছাত্র, ১৯২৮ সালে জাহাজে করে যাচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে। জাহাজে যেতে যেতে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেবে ভেবে বের করলেন, একটি নক্ষত্র সবচেয়ে বেশি কতটুকু বড় হতে পারে, যেন নিউক্লিয়ার জ্বালানি শেষ হবার পরও সেটি সংকুচিত হতে হতে এক জায়গায় এসে থেমে যায়! নক্ষত্র সংকুচিত হতে হতে একসময় এমন একটা পরিস্থিতি হবে, যখন পরমাণুগুলো একেবারে গায়ে গায়ে লেগে যাবে, তখন সেটি আর ছোট হতে পারবে না। (পদার্থ বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটির একটি গালভরা নাম আছে, সেটি হচ্ছে পলির এক্সক্লুশান প্রিন্সিপাল)। একটি নক্ষত্র যখন এভাবে ‘মৃত্যুবরণ’ করে সেটিকে বলা হয় হোয়াইট ডোর্য়াফ (ডযরঃব উধিৎভ) বা শ্বেত বামন। আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে আমাদের সূর্য হোয়াইট ডোর্য়াফ হিসেবে মৃত্যুবরণ করবে। চন্দ্রশেখর হিসাব করে দেখালেন, কোনো নক্ষত্র যদি সূর্য থেকে প্রায় দেড়গুণ পর্যন্ত বড় হয় সেটি শান্তিতে এবং নিরাপদ হোয়াইট ডোর্য়াফের মৃত্যুবরণ করতে পারে এবং এটিকে বলা হয় চন্দ্রশেখর লিমিট – বা চন্দ্রশেখরের সীমা।

কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে – সব নক্ষত্রই যে চন্দ্রশেখরের দেওয়া সীমার ভেতরে থাকবে সেটি কে বলেছে? এটি তো বড়ও হতে পারে, যদি এটি বড় হয় তখন কী হবে? চন্দ্রশেখর দেখালেন – তখন এই নক্ষত্রের মৃত্যু আর শান্তিময় নিরাপদ মৃত্যু নয়, এর মৃত্যু তখন ভয়ংকর একটি মৃত্যু। নক্ষত্রটি মহাকর্ষের প্রবল আকর্ষণে ছোট হতে হতে এতো ছোট হতে শুরু করবে যে, কেউ তার সেই ভয়ংকর সংকোচন থামাতে পারবে না। সে-রকম সংকোচনের কথা কেউ কল্পনাও করতে পারে না, শেষ পর্যন্ত কী হবে কারো কোনো ধারণা নেই।

অল্পবয়সী চন্দ্রশেখর যেদিন রয়্যাল এস্ট্রনমিক্যাল সোসাইটির সভায় তাঁর এই

যুগান্তকারী আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন সেদিন বিজ্ঞানের ইতিহাসের একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল। তার ঘোষণার পরপরই চন্দ্রশেখরের শিক্ষক পৃথিবীবিখ্যাত বিজ্ঞানী আর্থার এডিংটন উঠে দাঁড়িয়ে নিজের ছাত্রকে সকলের সামনে তুলোধুনো করতে শুরু করলেন। এডিংটন তখন ডাকসাইটে বিজ্ঞানী, চন্দ্রশেখর অল্পবয়সী তরুণ বিজ্ঞানী, কাজেই এডিংটনের সেই ভয়ংকর বক্তৃতার ফলাফল হলো ভয়ানক। এডিংটন প্রমাণ করার চেষ্টা করলেন চন্দ্রশেখরের গবেষণার ফলাফল ভুল এবং অর্থহীন। একটি নক্ষত্র লাগামছাড়াভাবে ছোট হতে হতে বিলীন হয়ে যাবে, এটি এক ধরনের পাগলামো, বাতুলতা।

এডিংটনের সেই ভাষণের পর চন্দ্রশেখর মনের দুঃখে নক্ষত্রের মৃত্যু হোয়াইট ডোর্য়াফ এই ধরনের গবেষণা থেকেই সরে এলেন। শুধু তাই নয়, তিনি ক্যামব্রিজ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন। মজার কথা হচ্ছে, ১৯৮৩ সালে তাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি

ছিল মূলত তার অভিমানভরে ছেড়ে-দেওয়া নক্ষত্রের মৃত্যুর ওপর গবেষণার জন্যে।

চন্দ্রশেখর দেখিয়েছিলেন কোনো নক্ষত্র যদি চন্দ্রশেখর লিমিট থেকে বড় হয় সেটি অনিয়ন্ত্রিতভাবে সংকুচিত হতে শুরু করে। প্রকৃতঅর্থে কী হয় সেটি নিয়ে অভিমান করে তখন তিনি আর গবেষণা করেননি। সেটি নিয়ে গবেষণা করে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি ব্যবহার করে ১৯৩৯ সালে প্রথম যিনি একটি সমাধান দিলেন তিনি হচ্ছেন তরুণ মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার। ঠিক তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে, ওপেনহাইমার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে নিউক্লিয়ার বোমা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন। যুদ্ধের ডামাডোলে মানুষ নক্ষত্রের সংকোচন বা এই ধরনের বিষয় প্রায় ভুলেই গেল। নিউক্লিয়ার বোমা আবিষ্কারের পর সবার কৌতূহল দানা বাঁধল পরমাণু আর নিউক্লিয়াসের গঠনের ওপর। ১৯৬০ সালের দিকে পৃথিবীর বিজ্ঞানীরা আবার প্রায় ভুলে-যাওয়া এই বিষয়টিতে ফিরে এলেন এবং অনেকেই ওপেনহাইমারের সমাধানটি নতুন করে আবিষ্কার করলেন।

ওপেনহাইমারের সমাধান থেকে আমরা একটি নক্ষত্রের সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিবর্তিত হবার বিষয়টি কল্পনা করতে পারি। ধরা যাক, একটি নক্ষত্র সংকুচিত হতে শুরু করেছে। এটি যতই সংকুচিত হচ্ছে ততই আরো ছোট জায়গার ভেতর নক্ষত্রের পুরো ভরটুকু আঁটানো হচ্ছে, কাজেই মহাকর্ষ বল ততই বেড়ে যাচ্ছে। সূর্যগ্রহণের সময় দেখা যায়, দূর-নক্ষত্রের আলো মহাকর্ষের কারণে বেঁকে যায়। কাজেই নক্ষত্রের প্রবল মহাকর্ষের কারণে তার থেকে বের হওয়া আলোটুকুও ধীরে ধীরে ম্রিয়মাণ হতে শুরু করে। বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে দেখবে, নক্ষত্রের আলো কমছে এবং ধীরে ধীরে তার শক্তি কমে আসছে। নক্ষত্র সংকুচিত হতে হতে যখন একটা বিশেষ আকারে সংকুচিত হবে তখন তা থেকে আলো বের হওয়াই বন্ধ হয়ে যাবে। জেনারেল রিলেটিভিটির সূত্র-অনুযায়ী কোনোকিছুই আলোর গতিবেগ থেকে বেশি হতে পারে না, তাই নক্ষত্র থেকে যখন আর আলো বের হতে পারে না, তখন তার থেকে আর কোনোকিছুই বের হতে পারে না – বাইরের জগতের সঙ্গে তার আর কোনো যোগাযোগই থাকে না।

এরকম একটি অবস্থা যখন হয়, সেটিকেই বলে ব্ল্যাক হোল। বিজ্ঞানের জগতে এরচেয়ে চমকপ্রদ আর কিছু আছে বলে আমার

জানা নেই!