১৯৮৭ সালের অক্টোবর মাসের ১ তারিখ ভোরবেলা আমি বাথরুমে গিয়েছি – হঠাৎ করে মনে হলো, আমার পায়ের তলার মেঝেটি একটি জীবন্ত প্রাণীর মতো ছটফট করে সরে যেতে শুরু করেছে। আমি তখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা এলাকায় থাকি এবং সবাই জানে, এই এলাকায় সান এন্ড্রিয়াস ফন্ট লাইনটির কারণে যে-কোনোদিন এখানে একটি ভয়াবহ ভূমিকম্প হবে – আমার ধারণা হলো, এটিই বুঝি সেটি। আমার ছোট ছেলে এবং স্ত্রীকে নিয়ে দোতলা থেকে নেমে বাইরে যাওয়ার জন্যে যখন ছুটছি তখন অবাক হয়ে আবিষ্কার করলাম, ভয়ংকর ভূমিকম্পটি আমাকে করিডোরের একপাশ থেকে অন্যপাশে ছুড়ে দিচ্ছে, আমি এগুতেই পারছি না। কোনোমতে বাইরে এসে দাঁড়িয়েছি এবং দেখছি, একটু পরপর ভূমিকম্প ছুটে আসছে – ঢেউয়ের মতো ভূমিকম্প যে মাটির ওপর দিয়ে ছুটে আসতে পারে, সেটি আমি এর আগে কখনো দেখিনি!

রিক্টর স্কেলে সেই ভূমিকম্পটি ছিল ছয়! ছয় ভয়াবহ ভূমিকম্প নয়, কিন্তু এতেই প্যাসাডিনা এলাকার অনেক ফ্রি-ওয়ে ধসে পড়েছিল, মানুষজনও মারা গিয়েছিল। আমার দেখা এটিই ছিল সবচেয়ে বড় ভূমিকম্প এবং এটি দেখেই ভূমিকম্প-বিষয়টির প্রতি আমার একটা শ্রদ্ধামেশানো ভয়ের জন্ম হয়ে গেছে।

অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে ভূমিকম্প একটু অন্যরকম, কারণ এটি কখন আসবে কেউ বলতে পারে না! বিজ্ঞানীরা খুব চেষ্টা করছেন ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করতে, কিন্তু এখন পর্যন্ত খুব লাভ হয়নি। ১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি চীন দেশের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওনিং এলাকার কর্মকর্তারা সেখানে একবার ঘোষণা দিয়েছিলেন সবাই যেন ঘরের বাইরে থাকে, চব্বিশ ঘণ্টার মধ্যে একটি ভয়ংকর ভূমিকম্প আসবে। তখন কনকনে শীত, সেই শীতের মাঝে সবাই বাইরে থাকল এবং সত্যি সত্যি সন্ধে সাড়ে সাতটায় একটি ভয়ংকর ভূমিকম্প এসে পুরো এলাকাটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেল। রিক্টর স্কেলে সেটি ছিল সাত দশমিক তিন। তারপরও মানুষের প্রাণের ক্ষয়ক্ষতি বলতে গেলে কিছুই হয়নি।

কেউ যেন মনে না করে, চীন দেশের বিজ্ঞানীরা ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করতে পারেন, কারণ ১৯৭৬ সালের ২৭ জুলাই তাংশন এলাকায় হঠাৎ করে একটি ভূমিকম্পে প্রায় আড়াই লাখ মানুষ মারা পড়েছিল – বিজ্ঞানীরা তাঁর ভবিষ্যদ্বাণী করতে পারেননি। এরপর প্রায় একমাসের ভেতর ১৯৭৬ সালের আগস্ট মাসে কোয়াংটাং প্রদেশে বিজ্ঞানীরা ঘোষণা করলেন, আবার একটি ভয়ংকর ভূমিকম্প আসছে। এলাকার মানুষজন ভয়ে একদিন-দুদিন নয়, পাকা দুমাস ঘরের বাইরে দিন কাটাল, কিন্তু ভূমিকম্প এলো না!

বিজ্ঞানীরা অবশ্য একেবারে হাল ছেড়ে দেননি, ভূমিকম্প-ভবিষ্যদ্বাণী করার জন্যে তাঁরা এখনো চেষ্টা করে যাচ্ছেন। ভূমিকম্পের ঠিক আগে আগে সেই এলাকায় বিদ্যুৎ-চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন হয়, র‌্যাডন গ্যাস বের হয়ে আসে, ছোট ছোট ভূমিকম্প দেখা দেয় – এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে। আবার ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করার জন্যে সম্পূর্ণ অন্য একটি বিষয়কেও মাঝে মাঝে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেটি হচ্ছে পশুপাখিদের অস্বাভাবিক প্রতিক্রিয়া।

অনেক জায়গাতেই দেখা গেছে, ভূমিকম্পের ঠিক আগে আগে মোরগ-মুরগি গাছের ওপরে উঠে বসে থাকে, শূকর একেবারে চুপ করে যায়, হাঁস পানি থেকে উঠে আসে এবং কুকুর অবিশ্রান্তভাবে ডাকাডাকি শুরু করে! ঠিক কী কারণে পশুপাখি এরকম ব্যবহার করে সেটি এখনো পুরোপুরি জানা যায়নি – পরিবেশের কোনো একটা সূক্ষ্ম পরিবর্তন তারা আঁচ করতে পারে, যেটি মানুষ কিংবা মানুষের যন্ত্রপাতি এখনো ধরতে পারে না।

ভূমিকম্পের সময় যে-ক্ষয়ক্ষতি হয় তার কারণ হচ্ছে তিনটি ভিন্ন ধরনের তরঙ্গ। এর মাঝে দুটি তরঙ্গ পুরো মাটির ভেতর দিয়ে যায়, তৃতীয়টি যায় শুধুমাত্র পৃষ্ঠদেশের ভেতর দিয়ে। যে-তরঙ্গদুটি পুরো মাটির ভেতর দিয়ে যায় তাদেরকে আবার দুইভাগে ভাগ করা হয়েছে। একভাগ তুলনামূলকভাবে দ্রুত চলে আসে, পাথরে এর গতিবেগ সেকেন্ডে প্রায় পাঁচ কিলোমিটার – এই ধরনের তরঙ্গকে বলে প্রাইমারি তরঙ্গ। এই তরঙ্গটি ঠিক শব্দ-তরঙ্গের মতো এবং মাঝে মাঝে যখন ভূমিকম্পের পর দূরে কোথাও মাটি ভেদ করে এই তরঙ্গ বের হয়ে আসে তখন সেটি শোনাও যায় (মানুষের কান অবশ্য সকল শব্দ শুনতে পায় না, তরঙ্গের কম্পনটি যদি সেকেন্ডে বিশবারের কম হয়, মানুষ সেটি শুনতে পারে না, অনেক প্রাণী শুনতে পারে এবং বিচলিত হয়ে ওঠে!)। প্রাইমারি তরঙ্গ বা সংক্ষেপে চ-ধিাবং কীভাবে পাথরের মাঝে সংকোচন এবং প্রসারণ তৈরি করে অগ্রসর হয়, সেটি ১ম ছবিতে দেখানো হয়েছে।

প্রাইমারি বা চ তরঙ্গের পর যে-তরঙ্গটি ছুটে আসে তার নাম সেকেন্ডারি তরঙ্গ বা সংক্ষেপে ঝ-ধিাবং. ছবিটি দেখলেই বোঝা যায় এটি যাবার সময় পাথর বা মাটিকে উপরে-নিচে বা ডানে-বামে দোলাতে থাকে। কোথাও ভূমিকম্প হবার পর প্রথমে প্রাইমারি ওয়েভ এসে হঠাৎ করে সবকিছু কাঁপিয়ে দেয়। তার কয়েক সেকেন্ড পর সেকেন্ডারি ওয়েভ তার পুরো বিধ্বংসী-ক্ষমতা নিয়ে হাজির হয়। তখন মাটি উপরে-নিচে বা ডানে-বামে কাঁপতে থাকে, সেই ভয়ংকর কম্পনে ঘরবাড়ি, দালান-কোঠা সবকিছু ধসে পড়তে থাকে। সেকেন্ডারি তরঙ্গ বা ঝ-ধিাবং কীভাবে অগ্রসর হয়, সেটি একই ছবির দ্বিতীয় অংশে দেখানো হয়েছে।

সেকেন্ডারি তরঙ্গের গতিবেগ সেকেন্ডে তিন কিলোমিটার, প্রাইমারি তরঙ্গের প্রায় অর্ধেক। প্রাইমারি তরঙ্গ পানির ভেতর দিয়েও চলে যেতে পারে, কিন্তু সেকেন্ডারি তরঙ্গ যেতে পারে না। তাই সমুদ্র বা মহাসমুদ্রের একপাশে ভূমিকম্প হলে অন্যপাশে সেকেন্ডারি তরঙ্গ এসে পৌঁছতে পারে না।

প্রাইমারি এবং সেকেন্ডারি তরঙ্গ প্রবাহিত হবার জন্যে পুরো মাটিটুকুর ব্যবহার হয়, তৃতীয় তরঙ্গটি প্রবাহিত হয় শুধুমাত্র পৃষ্ঠদেশ দিয়ে। দ্বিতীয় ছবিতে এই ধরনের তরঙ্গকে দেখানো হয়েছে। পৃষ্ঠদেশ দিয়ে যে-তরঙ্গগুলো যায় সেগুলোকে আবার দুইভাগে ভাগ করা হয়েছে। একভাগ যাবার সময় মাটিকে ডানে-বামে কাঁপায় (উপরের ছবি), অন্যভাগ কাঁপায় উপরে এবং নিচে (নিচের ছবি)। মাটির পৃষ্ঠদেশ দিয়ে যে-তরঙ্গগুলো যায় সেগুলোর গতিবেগ প্রাইমারি এবং সেকেন্ডারি তরঙ্গ থেকেও কম। তৃতীয় ছবিতে সিসমোগ্রাফের একটি ছবি দেখানো হলো। ছবিতে দেখা যাচ্ছে, সবচেয়ে আগে পৌঁছেছে প্রাইমারি তরঙ্গ (P-waves), তারপর সেকেন্ডারি তরঙ্গ (S-waves) এবং সবার শেষে পৃষ্ঠদেশ তরঙ্গ।

একটি ভূমিকম্প কত বড়, তার পরিমাপ করার জন্যে রিক্টর স্কেল ব্যবহার করা হয়। আজ থেকে প্রায় বিশ বছর আগে শুনেছিলাম, বিজ্ঞানীরা নাকি রিক্টর স্কেলের পরিবর্তে অন্য ধরনের স্কেল ব্যবহার করতে শুরু করেছেন। যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন সত্যি সত্যি, তারা একটা ভূমিকম্পকে ব্যাখ্যা করার জন্যে প্রায় দশরকম ভিন্ন ভিন্ন স্কেল ব্যবহার করে থাকেন, তবে সাধারণ মানুষ এখনো ভূমিকম্প বললেই সেটিকে পরিমাপ করতে চায় রিক্টর স্কেল দিয়ে। ১৯৩৫ সালে চার্লস রিক্টর এই স্কেলের সূচনা করেছিলেন। এটি হচ্ছে যেখানে ভূমিকম্প হয়েছে তার থেকে একশ কিলোমিটার দূরে সর্বোচ্চ ভূকম্পনের দশভিত্তিক লগ। ভূকম্পনটি মাপা হয় মাইক্রোমিটারে – কাজেই কোনো ভূমিকম্পের কেন্দ্র থেকে একশ কিলোমিটার দূরে বসানো কোনো সিসমোগ্রাফে যদি দেখা যায় কম্পনটি এক সেন্টিমিটার (১ সেন্টিমিটার = ১০,০০০ মাইক্রোমিটার), তাহলে রিক্টর স্কেলে সেটি হবে (log 10,000 = 4) চার। ১৯৮৭ সালের ১ অক্টোবর প্যাসাডিনা শহরে আমি যে-ভূমিকম্প দেখেছিলাম সেটি ছিল রিক্টর স্কেলে ছয়, যার অর্থ একশ কিলোমিটার দূরে ভূকম্পনের বিস্তার ছিল প্রায় এক মিটার! রিক্টর স্কেলে এক মাত্রা বেশি হওয়া মানে ভূকম্পনের পরিমাণ দশগুণ বেড়ে যাওয়া। ভূমিকম্পে যে-পরিমাণ শক্তি বেরিয়ে আসে সেটি কিন্তু বাড়ে তিরিশ গুণ। আমি যে-ভূমিকম্পটি দেখেছিলাম রিক্টর স্কেলে সেটি ছিল ছয়। সম্প্রতি ইন্দোনেশিয়ার সমুদ্র-উপকূলে যে-ভয়াবহ ভূমিকম্পটি হয়েছে, সেটি রিক্টর স্কেলে ছিল নয়। যার অর্থ আমার দেখা ভূমিকম্প থেকে সেটি ছিল (30 x 30 x 30 =) ২৭০০ গুণ বেশি শক্তিশালী!

আমরা মানুষেরা মাঝে মাঝেই নিজেদের ক্ষমতা নিয়ে একটু বেশি আস্ফালন করে ফেলি। প্রকৃতির শক্তির কাছে আমরা যে কতো অসহায় এবং দুর্বল, সেটি মাঝে মাঝে ভেবে দেখলে আমাদের অহংকার নিশ্চিতভাবেই একটু কমে আসবে!