লিপি: দেয়ালের কান

আমরা এমন এক বাস্তবতার মধ্যে বসবাস করি, যার অর্থ বহুমাত্রিক এবং জটপাকানো । সভ্যতা যত জটিল হচ্ছে ততই হয়ে উঠছে বিতর্কিত। এই বিতর্কিত সভ্যতার ফলাফল কী? অসৎ রাজনীতি, যুদ্ধ, অভাব, টেকনলজির প্রতিযোগিতা, মার্কেট ফোর্স অর্থাৎ পুঁজিবাদের নিকৃষ্টতম উদাহরণের মধ্য দিয়ে প্রবাহিত হতে হচ্ছে আমাদের, যেখানে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে মনোবিকারগ্রস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা সবই নিয়ন্ত্রিত সরকার, বহুজাতিক কোম্পানি আর আন্তর্জাতিক মোড়ল-সমাজের মাধ্যমে। এই সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মানুষের চেয়ে

সভ্যতার মূল্য এখানে বেশি, মানুষের চেয়ে সিস্টেম বড়, যে-কারণে মানুষের ধারণা সীমাবদ্ধ হচ্ছে সম্পদ ও সুবিধার হিসাব-নিকাশে । বিজ্ঞানের মতো শক্তিশালী মাধ্যমটি ব্যবহৃত হচ্ছে বিশ্বব্যাপী ক্ষমতা-কাঠামোর গতিপ্রকৃতির ওপর । ইঙ্গ-মার্কিন বাহিনী যখন ইরাকে চড়াও হয়, সেটি হয়ে দাঁড়ায় তেল ও পুঁজির যুদ্ধ। এই সভ্যতায় পুঁজির অর্থ সবচাইতে জটিল ও সংকটময়। কারণ পুঁজি যখন শুধু পুঁজিকেই নির্ধারণ করে তখন বুঝতে হবে যে, বাকি সবকিছুই গৌণ, যে- কারণে রাজনীতি শুধুমাত্র ব্যবসাকেন্দ্রিক এবং বিশ্বজনগোষ্ঠীর নব্বই কি পঁচানব্বই শতাংশ এই ব্যবসার কোনো না কোনোভাবে অপশিকার। এই দানবীয় ব্যবসার ফলাফল যুদ্ধ, পরিবেশ-স্খলন, সাংস্কৃতিক কমেডি, ক্ষুধা, শতাব্দীব্যাপী হতাশা, ক্ষমতায়নের জাতিগত ঔদ্ধত্য, ব্যক্তির পরিপূর্ণ পরাজয় ও পরিচয়হীনতার উত্তরাধুনিক অধ্যায়। যে-আধুনিকতার উন্মেষ ঘটেছিল শিল্পোন্নয়নের হাত ধরে, তারই এপিটাফ রচিত হলো শিল্পোন্নয়নের হাত আরো শক্ত করে ধরে ।

শিল্পী তৈয়বা লিপির সাম্প্রতিক প্রদর্শনী মূলত এই ধরনের একটি ট্র্যাজেডিকেই চিহ্নিত করতে চেয়েছে, অন্তত অন্তঃপ্রবাহের স্তরে। কনসেপচুয়াল প্রদর্শনীটির নাম ছিল ‘ইভেন দ্য ওয়াল্স হ্যাভ ইয়ারস’ – ‘দেয়ালেরও কান আছে’। এই প্রবাদটির বহুমাত্রিক ব্যাখ্যাই ছিল প্রদর্শনীটির মূল ভাব। যে-কান দিয়ে আমরা শ্রবণ করি, সেই কান যে নিজেই একটি ভাষা – প্রদর্শনীর ব্যাখ্যাকে এক কথায় এটিও বলা যায় । আর ভাষাটি হচ্ছে, রাজনীতির খেলাগুলো যত গোপনেই চলুক এর চুলচেরা বিশ্লেষণ জনগণের কানে আসে। প্রদর্শনীটিতে প্রচুর কানের ব্যবহার হয়েছে । প্লাস্টার অফ প্যারিসের তৈরি এসব কান শোলার তৈরি দেয়ালে লাগানো হয়েছে এবং দেয়ালের মধ্যবর্তী স্থানে প্রজেকশনের মাধ্যমে যুদ্ধের দৃশ্য এবং শিল্পীর নিজের চোখের কোলাজ ব্যবহার করা হয়েছে, ঘটনার সাক্ষী হিসেবে। প্রদর্শনীর প্রবেশমুখেই দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝুনঝুনি, যেগুলো দর্শকের গায়ে লেগে বেজে উঠতে বাধ্য । এই শব্দও প্লাস্টার অফ প্যারিসের কানে যেতে বাধ্য এবং বিষয়টি সম্পর্কযুক্ত এভাবে, যে-কোনো ষড়যন্ত্রই এই শব্দগুলোর মতো অনিবার্যভাবে শ্রুত। দেয়ালে টাঙানো প্রিন্টের কাজগুলোতে রিপিটেড প্রতিকৃতি, কখনো বা আত্মপ্রতিকৃতি ব্যবহৃত হয়েছে। শিল্পী লিপি বরাবরই আত্মপ্রতিকৃতি-ব্যবহারে আগ্রহী থেকেছেন। সম্ভবত নিজের অস্তিত্বের সঙ্গে সামগ্রিক জগতের একটি মাপজোকই এই আত্মপ্রতিকৃতির অর্থ অথবা আমি আছি বলেই বিশ্ব বর্তমান, দর্শনের এই প্রতীতি তাকে তাড়িত করে। প্রদর্শনীর আলো-আঁধারী পরিবেশ এবং ওয়ার্ল্ড নিউজের ভয়াবহ প্ৰক্ষেপণ ও গোপন বৈঠকের বিশাল চিত্রায়ণ রাজনীতির যুদ্ধবাজ চরিত্র এবং জনগণের সঙ্গে এ রকম পরিস্থিতির অন্তঃসম্পর্ককে একপ্রকার ভয়াবহতা, নিঃস্বতা এবং আস্থাহীনতা দিয়ে প্রকাশ করতে চায়। শিল্পী লিপি বরাবরই রাজনৈতিক বক্তব্যসম্পন্ন কাজ করেছেন। রাজনৈতিক শিল্পকর্মের কিছু একমাত্রিক বৈশিষ্ট্য থাকে, যেগুলোকে অতিক্রম করাই। শিল্পীর সাফল্য । রাজনৈতিক শিল্পকর্মের সামাজিক অবস্থান কী, সেটিও একটি প্রশ্ন থেকে যায় । শিল্প কেন রাজনৈতিক হওয়া উচিত এর উত্তরই। ওই রাজনীতিধর্মী শিল্পবস্তুটিতে দেওয়া থাকবে রাজনীতিনির্ভর শিল্পকর্মই সফল হয়। যেমন, পিকাসোর গোয়ার্নিকা আপাদমস্তক রাজনৈতিক চিত্রকর্ম এবং এটি যে রাজনৈতিক চিন্তা ও আবেগের স্তর থেকে আঁকা হয়েছে তার উত্তর এ রকম প্রতিটি ফর্ম ও রেখাতেই দেওয়া আছে। অর্থাৎ শিল্পবস্তুর অন্তঃশক্তিই বিষয়টি খুব প্রাকৃতিকভাবে নির্ধারিত করে দেবে। বুদ্ধিবৃত্তির প্রাকৃতিক প্রকাশ ব্যতীত কোনোকিছুই সুনিপুণভাবে রূপায়িত হয় না।শিল্পী তৈয়বার রাজনৈতিক চিন্তা আন্তর্জাতিক রাজনীতিকেন্দ্রিক। সে-কারণে আন্তর্জাতিকভাবে চলে-আসা কনসেপচুয়াল কাজের সাম্প্রতিক আঙ্গিকগুলোর প্রতি তাঁর আগ্রহ লক্ষ করা যায়। সাধারণত শিল্পীর শিল্পদর্শনই নির্ধারণ করে তিনি কোন আঙ্গিক বেছে নেবেন। ফলে তাঁর শিল্পদর্শনের নানা গতিপ্রকৃতিই নির্ধারণ করে দেবে তাঁর বর্তমান ও ভবিষ্যতের কাজের রূপরেখা । তবে শিল্পক্ষেত্রে রাজনৈতিক বক্তব্যনির্ধারণ অতি জটিল একটি বিষয়। কারণ রাজনীতির মতো শিল্পও স্পর্শকাতর। হয়তো এই স্পর্শকাতরতা নিয়ে শিল্পী লিপি আরো চিন্তা করবেন ভবিষ্যতে।