শিল্পীর কলমে এদেশি শিল্পান্দোলন

বাংলাদেশের

শিল্প আন্দোলনের পঞ্চাশ বছর

আমিনুল ইসলাম

বাংলাদেশ শিল্পকলা একাডেমী,

ঢাকা, ২০০৩

১৪০ টাকা

‘ম্যাট্রিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে আব্বা হয়তো আমাকে আর্টস্কুলে পড়তে দিতে কিছুতেই চাইবে না – এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কিছুটা হেলা-ফেলা করেই পরীক্ষা দেই। তবু প্রথম বিভাগই পেয়েছিলাম এবং ঢাকা বোর্ডের মুসলিম পরীক্ষার্থীদের [প্রথম] ১৫ জনের মধ্যেই ছিলাম।’ এই লাইন কটি পড়তেই আমার হঠাৎ অন্য একটি কথা মনে পড়ে গিয়েছিল।

কিছুদিন আগে আমাদের শহরের এক অগ্রজপ্রতিম, যাঁর সঙ্গে কলেজ ছাড়ার পর আমার চল্লিশ বছরের ওপর সাক্ষাৎ হয়নি, তাঁর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। জানতাম, উনি কলেজ-বিশ্ববিদ্যালয় শেষে মোটামুটি ভালো একটি সরকারি চাকরি করে অবসর নিয়ে এখন ঢাকাতেই থাকছেন। ছেলেমেয়েরা মানুষ হয়েছে, অতএব সুখী মানুষ। দেখা হতেই পুরনো দিনের গল্পগুজবে মেতে উঠেছিলাম। কথার ফাঁকে একসময়ে তাঁকে হঠাৎ জিজ্ঞেস করেছিলাম, ‘ভাই, আপনি

গান-টান ছেড়ে দিয়েছিলেন কেন? আমি তো মনে করতাম আপনি ওই লাইনেই থাকবেন। এত প্রতিভা ছিল আপনার!’ উনি একটু হেসে উত্তর দিয়েছিলেন, ‘তোমার তো জানা আছে যে, আমাদের সময়ে গান-টান গেয়ে জীবিকা অর্জনের খুব বেশি স্কোপ ছিল না। একেবারে টপক্লাস না হলে ওসব লাইনে গিয়ে কোনো সুবিধে হতো না।’ আমি প্রতিবাদ করেছিলাম, ‘আমার তো মনে হতো আপনার যে-গলা ছিল, তাতে আপনি গানের লাইনে অনেক ওপরে উঠতে পারবেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি যখন কলেজে পড়তেন, তখন কোনো ফাংশনে আপনি গাইবেন জানলে আমরা সব কাজ ফেলে দলবেঁধে সেখানে ছুটে যেতাম।’ উনি একটু ম্লান হেসে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ‘জানো তো, আমি ছিলাম বাড়ির বড় ছেলে আর আমার আব্বা ছিলেন সাধারণ একজন চাকুরে। কাজেই আমার সবসময়েই মনে হতো, যত তাড়াতাড়ি সম্ভব পাশ-টাশ করে আমাকে চাকরি করতে হবে, যাতে আব্বা রিটায়ার করার পরে আমি তাঁকে কিছুটা সাহায্য করতে পারি। ভাইবোনদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ সবকিছুতেই সাহায্যে আসতে পারি। কলেজ-জীবনের শেষের দিক থেকেই আমি বুঝতে পারছিলাম যে, গান গেয়ে জীবিকা অর্জন করতে হলে বা অনেক ওপরে উঠতে হলে যে-সাধনা প্রয়োজন তা লেখাপড়া করে বা চাকরি করে চালানো সম্ভব না। আমি যদি খুব গরিবের ছেলে হতাম, আমার আব্বার যদি আমাকে লেখাপড়া শেখানোর মতো সামর্থ্য না থাকত, তাহলে আমি যা খুশি তাই করতে পারতাম। বড় গায়ক না হলেও হয়তো গানের মাস্টারি করেই দু-পয়সা উপার্জন করতে চেষ্টা করতাম। কিন্তু তা তো হয়নি। আমার আব্বা-আম্মা অনেক আশা নিয়ে এবং বেশ কষ্ট করে আমাদের ভাইবোনদের স্কুল-কলেজে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম। কাজেই আমার গান গেয়ে ক্যারিয়ার করার ঝুঁকি নেবার কোনো বাধ্যবাধকতা ছিল না। আর ধরো, আমার আব্বা যদি বিরাট বড়লোক হতেন তাহলে আমাকে আব্বা-আম্মা-ভাইবোনদের বিষয়ে চিন্তা না করলেও চলত। কিন্তু তাও আমাকে করতে হয়েছে। কাজেই সেই দিনে মধ্যবিত্তের যে কঠিন চয়েস, আমাকেও তাই নিতে হয়েছিল। তবে, শেষকথা হচ্ছে এই যে, আমার যেমন ঝুঁকি নেবার মতো যথেষ্ট আত্মবিশ্বাস বা সাহস ছিল না, তেমনি অত বড় ঝুঁকি নেবার মতো সংগীতের নেশাও বোধহয় আমার ছিল না।’

সেদিন আমার মনে হয়েছিল, ওঁর কথায় বোধহয় একটা বেদনার বা আশাভঙ্গের সুর আছে। তবু ওঁর যুক্তিটি না গ্রহণ করে পারিনি। সত্যি, সময়টা তখন তাঁর জন্য সহায়ক ছিল না।

টমাস গ্রের ‘এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্চইয়ার্ড’ যতই সময় ও পরিবেশের বৈরিতার কাছে উজ্জ্বল সম্ভাবনার পরাজয়ের কথা বলুক না কেন, সত্যিই কি ‘সময়’ কোনো শিল্পীকে কখনো সহায়তা করে? নাকি নিজের সময় ও পরিবেশের কাছে নতি না স্বীকার করাটাই একজন সত্যিকারের শিল্পীর কাজ? এসব কথাই মনে হয়েছিল আমার আমিনুল ইসলামের বাংলাদেশের শিল্প আন্দোলনের পঞ্চাশ বছর বইটি পড়তে পড়তে উপরের ওই লাইন কটিতে এসে। প্রায় একই রকমের পরিবেশ থেকে আমিনুল কীভাবে অতটা ঝুঁকি নেবার সাহস পেয়েছিলেন, কোন শক্তি তাঁকে ভরসা দিয়েছিল সম্পূর্ণ অজানা ভবিষ্যতের অন্ধকারে ঝাঁপ দিতে – তা জানতে আগ্রহী হয়েই প্রায় এক নিশ্বাসে পড়ে ফেলেছিলাম বাকি বইটি। সেই অজানা ভবিষ্যৎ যে কত নিষ্ঠুর বা অন্ধকার হতে পারত, তার একটু আভাস আমিনুলকে স্কুলের জীবনেই দিয়েছিলেন তাঁর আদর্শ ব্যক্তি, আরমানিটোলা হাই স্কুলের ড্রয়িং-শিক্ষক শরৎবাবু (শরৎচন্দ্র চক্রবর্তী)। এঁর প্রত্যক্ষ অবদানই ‘আমার আমি হয়ে ওঠবার’ পক্ষে সবচেয়ে বেশি ছিল বলে স্বীকার করেছেন আমিনুল। আমিনুলের বইয়ের অসামান্য এই অনুচ্ছেদটির পুরোটাই উদ্ধৃত করার লোভ সংবরণ করতে পারছি না। আমিনুল লিখছেন, ‘শরৎবাবু যাবার আগে [উনি চাকরি-জীবন থেকে অবসর গ্রহণ করে চলে যাচ্ছিলেন] আমার আব্বা ওকে গিয়ে ধরেছিলেন, যেন উনি আমাকে বুঝিয়ে-সুঝিয়ে আর্টস্কুলে পড়া থেকে নিবৃত্ত করেন, এ পেশার অনিশ্চিত অর্থনৈতিক কারণে। শরৎবাবু চলে যাবার প্রাক্কালে একদিন আমাকে ডেকে নিয়ে বললেন, তুমি তো পড়াশুনায় খুবই মেধাবী, ভালো ছবি আঁকো। কিন্তু ছবিকে পেশা হিসেবে না নিয়ে ওটাকে হবি হিসেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তুমি তো আমার জীবন দেখেছ – অর্থাভাবে সংসার হলো না (উনি অকৃতদার ছিলেন)। উঁচুদরের শিল্পীও হতে পারলাম না। এই চাকুরিতেই সমস্ত জীবন কেটে গেল। তাছাড়া এ-ধরনের চাকুরির সুযোগও সমস্ত বাংলাদেশে মাত্র দুটো – আর আছে ডজনখানেক সরকারি স্কুলের ড্রইং-টিচারের চাকুরি। বেতন তো পণ্ডিত আর মৌলভি শিক্ষকের মতোই মাস ৬০ টাকা। ভবিষ্যতে কোনো প্রমোশনের সুযোগও নেই। তুমি বরঞ্চ ইঞ্জিনিয়ারিং পড়ো, ওতেই ড্রইংয়ের জ্ঞান খুবই কাজে দেবে। ছবি আঁকার অদমনীয় মোহে অনেক শিল্পীর জীবনই নষ্ট হয়ে যায় ভুল পেশা নির্বাচনে। আমি আশীর্বাদ করি তুমি জীবনে সফল হও, সুখী হও। তাঁর আবেগপূর্ণ কথা আমি টুঁ শব্দটি না করে শুনে গেলাম। কোনো কথা না বলে সালাম করে নিঃশব্দে বিদায় নিলাম।’

কিন্তু এই চন্দ্রাহত (আজকের দিনে হলে জেনেটিক্যালি কন্ডিশন্ড বলা যেত) তরুণটি তখন বা পরে কোনোদিনই তাঁর আদিগুরুর সেই কথাগুলো গ্রহণ করেননি। ছবির নেশা তখন তাঁর রক্তের মধ্যে বাসা বেঁধেছে। তা নাহলে ক্লাস ফোরে পড়তেই কোনো বালক ঢাকা শহরের বাবুবাজার এলাকার রাস্তার ধারের ছবি বাঁধাইয়ের কারিগরের দোকানে বসা শিল্পীর কাচের উপর আঁকা রংচঙে ‘কাবা শরিফ’, ‘দুলদুল’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ বা ‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’ জাতীয় ছবি কীভাবে আঁকা হয় তা দেখবার জন্য দিনের পর দিন দাঁড়িয়ে থেকে একদিন ওই শিল্পীর সাগরেদ হয়ে যায়? কীভাবে দু-তিন রকমের রং মিশিয়ে নতুন রং করতে হয়, তা সেই ওস্তাদের কাছে শিখতে চায়? সত্যি বলতে কী, তারও আগে, মাহুতটুলি ফ্রি প্রাইমারি স্কুলে শিশুশ্রেণিতে পড়ার সময়ে যার ‘প্রথামাফিক ড্রয়িং শেখা শুরু’ সে-ছেলেটির চোখে লাইন, ফর্ম আর রঙের নেশা আরো আগেই লেগে গিয়েছিল। শিশুকালেই নারায়ণগঞ্জের চাষাড়ায় থাকতে মামাবাড়িতে গিয়ে পিঠে তৈরির সময়ে তার উপর নানারকমের নকশা কাটা দেখে মুগ্ধ হওয়ার মধ্য দিয়েই ছবির সঙ্গে তার চিরপ্রেমের শুরু। কাজেই পাছে খুব ভালো রেজাল্ট করলে আব্বা হয়তো তাকে আর্টস্কুলে পড়তে দিতে চাইবেন না – এই ভয়ে

সে-ছেলে যে ‘কিছুটা হেলা-ফেলা করে ম্যাট্রিক পরীক্ষা’ দেবে, তাতে আর অবাক হওয়ার কী থাকতে পারে! বরঞ্চ সেটাই স্বাভাবিক।

শিল্পী আমিনুল ইসলামের বাংলাদেশের শিল্প আন্দোলনের পঞ্চাশ বছর – প্রথম পর্ব ১৯৪৭-১৯৫৬ বইটির ‘পূর্বকথা’ অংশটিতেই পাওয়া গেছে চল্লিশের দশকে পূর্ববঙ্গের একটি ছবি-পাগল ছেলের শিল্পী হওয়ার ইতিহাস এবং তখনকার দিনে ঢাকা বা এই অঞ্চলের চিত্রশিল্পের বিকাশের পরিপ্রেক্ষিত-পরিবেশের একটি চমৎকার ছবি। এদেশের চিত্রশিল্পের ক্রমবিকাশের একেবারে মধ্যখানে থেকে এই আন্দোলনের পথিকৃৎদের একজনের বড় হয়ে ওঠার কাহিনী রয়েছে এই অত্যন্ত মনোজ্ঞ এবং সুখপাঠ্য বইটিতে। এখানে একটু ব্যক্তিগত কৈফিয়তও দিয়ে রাখি। এই আলোচক শিল্পী নন, চিত্র-সমালোচক নন, এমনকী চিত্রশিল্পের একজন বোদ্ধা হওয়ার দাবিও তার নেই। শিল্পী আমিনুল ইসলামের শিল্পরীতির বিভিন্ন দিক, বিশেষ করে তাত্ত্বিক দিক এবং ওঁর শিল্পজীবনের পর্যায়গুলি সম্পর্কে যাঁরা জানতে চান তাঁদের জন্য রয়েছে ২০০২ সালে বেঙ্গল ফাউন্ডেশন-প্রকাশিত অসরহঁষ ওংষধস – উৎধরিহম ধহফ অৎঃ ৎিরঃরহম, ১৯৫০-২০০০ নামে ওসমান জামাল-সম্পাদিত সুন্দর বইটি। সেখানে রয়েছে শিল্পী হিসেবে ওঁর বিকাশের বিভিন্ন পর্যায়ের ওপর ওঁর নিজের লেখা এবং ওসমান জামালের সুন্দর বিশ্লেষণ।

আলোচ্য এই বইটির প্রেক্ষাপট ভিন্ন। এতে আছে শিল্পীর নিজের জীবনের কথা। চল্লিশের দশকে ঢাকা শহরে তাঁর বড় হয়ে ওঠার কথা এবং পঞ্চাশের দশকে তাঁর ইউরোপ বাসের দিনগুলির কথা যেভাবে উঠে এসেছে তাতে

এ-বইটিকে একজন শিল্পীর তুলির রেখার চাইতে তাঁর ‘চোখের দেখা’ এবং ‘প্রাণের কথা’র একটি অনবদ্য বিবরণ বলাটাই বোধহয় যথার্থ হবে।

বইটিকে মোটামুটি তিনটি ভাগে বিভক্ত করা যায়। প্রথম ভাগ, অর্থাৎ ‘পূর্বকথা’য় আছে লেখকের জীবনের শুরুর বা তার কিছু আগের কথা। অলংকারবিহীন, সরল-সহজ ভাবে নিজের শৈশব ও কৈশোর বয়সের কথা বলার মধ্যেই রয়েছে তাঁর শিল্পী হওয়ার উদগ্র বাসনার কথা। রয়েছে শিল্পীর জন্ম থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় আর্টস্কুলে

ভর্তি হওয়ার পরীক্ষা দেওয়া, সে-পরীক্ষায় পাশ করা এবং শেষ পর্যন্ত সেখানে ভর্তি না হয়েই ঢাকায় চলে আসার কথা। কী কারণে কলকাতার ‘বেঙ্গল স্কুল অফ ফাইন আর্টসে’ ভর্তি পরীক্ষায় পাশ করেও সেখানে ভর্তি না হয়েই ঢাকায় চলে এসে ঢাকা কলেজে ছাত্র হিসেবে

ভর্তি হলেন, তা শুধু এদেশের শিল্প-আন্দোলনের কথা নয়, এদেশের সামগ্রিক ইতিহাসেরও একটি অংশ। সে-বছরেই দেশ ভাগ হয়ে ভারত-পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আমিনুল কলকাতায় যাঁদের কাছে পড়ার এবং শেখার আকর্ষণে সেখানে ভর্তি হতে গিয়েছিলেন, সেই জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, আনওয়ারুল হক, মোহাম্মদ কিবরিয়া এবং শফিকুল আমিনরাই চলে এসেছিলেন ঢাকায়, নতুন দেশ পূর্ব পাকিস্তানে একটি আর্টস্কুল খোলার আশা, স্বপ্ন ও দায়িত্ব নিয়ে।নিঃসন্দেহে বড় কঠিন ছিল

সে-কাজ। তবু, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে গঠিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি দেশে একটি আর্টস্কুল গড়ার স্বপ্ন দেখা সেদিন কঠিন হলেও অসম্ভব ছিল না। মনে হয়, আজকের দিন হলেই বোধহয় সে-কাজটি সরকারিভাবে করা আরো কঠিন হতো। সেদিন অনেকেই, এমনকী, মুসলিম লীগ সরকারের একজন মন্ত্রী হবীবুল্লাহ বাহার, যিনি নিজেই ছিলেন একজন

সাহিত্য-পাগল লোক, সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন এই স্কুল প্রতিষ্ঠার কাজে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ১৯৪৮ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার সরকারি আর্টস স্কুল। ’৪৭-এর আগস্টের পর ঢাকায় চলে-আসা কয়েকজন মুসলিম শিক্ষক, যাঁদের মধ্যে কেউ কেউ এই সময়ে একবেলা ভাতের বদলে শুধু মুড়ি খেয়ে দিনাতিপাত করছিলেন, তারাই অবশেষে ঢাকার জনসন রোডে

দু-কামরাওয়ালা একটি বাড়িতে ‘গর্ভনমেন্ট স্কুল অফ ফাইন আর্টস’ শুরু করলেন জনা

দশ-পনেরো ছাত্র নিয়ে। এই স্কুল খোলার দেরি দেখে বাধ্য হয়ে ঢাকা কলেজে ভর্তি হওয়া আমিনুল সঙ্গে সঙ্গে কলেজ ছেড়ে দিয়ে সেই নতুন আর্টস্কুলের ছাত্রদের একজন হয়ে গেলেন। জানি না, ঢাকা কলেজের এই মেধাবী ছাত্রটির শিক্ষকরা সেদিন কী ভেবেছিলেন? এ-সম্পর্কে একটি মজার কাহিনী পাওয়া যায় ইংরেজির বিখ্যাত অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্তের তেহি ন দিবসা গ্রন্থে। সত্যজিৎ রায় প্রেসিডেন্সি কলেজে সুবোধবাবুর প্রিয় ছাত্র ছিলেন। যেদিন সুবোধবাবু শুনলেন

যে, সত্যজিৎ প্রেসিডেন্সি কলেজের লেখাপড়া ছেড়ে দিয়ে

শান্তিনিকেতনে শিল্পকলা সম্পর্কে পড়তে যাচ্ছে সেদিন তিনি ভারি অবাক হয়ে মনে মনে ভেবেছিলেন, এই ছেলেটির এমন দুর্বুদ্ধি কেন হলো? ইংরেজিতে এত ভালো ছেলেটি কিসের আশায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। পরে সুবোধবাবু নিজের সমালোচনা করে লিখছেন, আমরা শিক্ষকরাও যে অনেক সময়ে আমাদের ছাত্রদের সুপ্ত প্রতিভা চেনার ক্ষেত্রে আমাদের পুরনো ধ্যানধারণা প্রয়োগ করতে গিয়ে ভুল করে ফেলি, পরবর্তীকালে সত্যজিতের বিশ্ব চলচ্চিত্র-জগতে এক ধূমকেতুর মতো আবির্ভাব আমার সে-ব্যাপারে চোখ খুলে দেয়।

বইটির দ্বিতীয় পর্বে (যদিও এরকম কোনো আলাদা চিহ্নিত পর্ব নেই) অর্থাৎ ভর্তি হওয়ার পর থেকে ১৯৫৩ সালে আর্ট স্কুল থেকে প্রথম শ্রেণি পেয়ে পাশ করার আগে পর্যন্ত সময়ের একটি সংক্ষিপ্ত বিবরণের মধ্যেই পাওয়া যায়, কী কষ্ট করে

সে-সময়ে ওই আর্টস্কুলের ছাত্র ও শিক্ষকরা মিলে তিলে তিলে গড়ে তুলেছিলেন তাঁদের স্কুলটিকে। শুধু স্কুলটিকে গড়ে তোলা নয়, সেইসঙ্গে দেশে শিল্প-সচেতনতা বাড়ানোর জন্য অনেক কিছুই করছিলেন তখন তাঁরা। ১৯৫০ সালে গড়েছিলেন ক্যালকাটা আর্ট গ্রুপের ধাঁচে ‘ঢাকা আর্ট গ্রুপ’ নামে সংগঠন। ছবির প্রদর্শনী করে জনসাধারণের সমর্থন পাওয়া এবং তাদের শিল্প-সচেতন করে তোলার উদ্দেশ্যে। ততদিনে জিন্না সাহেব ঢাকায় ঘোষণা করে গেছেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ঢাকার অন্যসব ছাত্র সংগঠনের মতো আর্টস্কুলের ছাত্ররাও। বিশেষ করে স্কুল থেকেই রাজনীতি-সচেতন আমিনুল জড়িয়ে গেছেন প্রতিবাদ আন্দোলনে তাঁর অন্য কয়েকজন বন্ধুবান্ধব, বিশেষ করে মুর্তজা বশীরের সঙ্গে। আর্টস্কুলের বাইরে ওঁর অন্যান্য বন্ধুবান্ধবরা ছিলেন রাজনীতি-সচেতন। বেশির ভাগই ছিলেন বাম রাজনীতির আদর্শে অনুপ্রাণিত। তাঁদের সঙ্গে আমিনুলও হয়ে উঠেছিলেন মনে মনে এক ধরনের বিদ্রোহী, সমাজতন্ত্রের স্বপ্ন দেখা এবং তখনকার মুসলিম লীগের রাজনীতি প্রত্যাখ্যানকারী

ছাত্র-যুবকদের একজন। এই বিদ্রোহ শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, প্রাতিষ্ঠানিক শিল্পকলা চর্চার জন্য যে-স্কুলে তখন তাঁরা ভর্তি হয়েছিলেন তার শিক্ষাক্রম, যা ছিল কলকাতার স্কুলের আদর্শে রচিত, তার প্রতিও এক ধরনের বিদ্রোহী মনোভাব গড়ে উঠেছিল ওঁদের কয়েকজনের। আমিনুল লিখছেন, ‘কিছুদিনের মধ্যেই আমার এবং হামিদের (শিল্পী হামিদুর রহমান, পরবর্তীকালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি) মধ্যে এ-শিক্ষাক্রম নিয়ে ভেতরে ভেতরে একটা বিদ্রোহীভাব দানা বাঁধছিল।’ কেননা ওঁদের কারো কারো, বিশেষ করে আমিনুলের, ইতোমধ্যেই পরিচিত হবার সুযোগ হয়েছিল দেশি-বিদেশি অনেক আধুনিক ও ক্ল্যাসিকাল চিত্রশিল্পীর আঁকা ছবির বা ভাস্কর্যের সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। আমিনুল বলছেন, ‘আমার বামপন্থী মানসিকতা আরো সমৃদ্ধ হয়েছে এইসব কাজের গভীরসঞ্চারী আবেদন পর্যবেক্ষণ করে। এঁদের প্রায় সবার (ইতালিয়ান রেনেসাঁ সময়ের ফরাসি, ডাচ, স্প্যানিশ শিল্পী, ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পী, চীন, জাপান, মেক্সিকোর শিল্পীদের শিল্পকর্ম) কাজের সঙ্গেই আমার বিভিন্ন বই ও পত্রিকা মারফত পরিচয় ছিল আর্টস্কুলে ভর্তি হওয়ার অনেক আগে থেকেই। তাই প্রথম থেকেই আর্টস্কুলের শিক্ষাব্যবস্থায় সায় দিতে পারিনি।’ যাইহোক, আমিনুলের বন্ধু-বান্ধবদের মধ্যে ছিলেন হাসান হাফিজুর রহমান, আবদুল্লাহ্ আল মুতী শরফুদ্দীন, শামসুর রাহমান, মাহবুব

জামাল জাহেদী এবং পরিচিত-শুভানুধ্যায়ীদের মধ্যে ছিলেন অধ্যাপক অজিত গুহ, মুনীর চৌধুরী, সৈয়দ আলী আহসান, আবদুল গনি হাজারী, সলিমুল্লাহ্ ফাহমী প্রমুখ পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের গুণী-জ্ঞানী ব্যক্তিদের অনেকে। তাঁদেরই কয়েকজনের, তবে মূলত অজিত গুহের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলের কমনরুম ‘লিটন হলে’ ১৬ জানুয়ারি ১৯৫১ সাল থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল ঢাকার প্রথম চিত্রপ্রদর্শনী, যেখানে অংশ নিয়েছিলেন আর্টস্কুলের ছাত্র-শিক্ষক এবং কয়েকজন অ্যামেচার শিল্পীসহ মোট ৩৪ জন শিল্পী এবং স্থান পেয়েছিল তাঁদের আঁকা ২৭৪টি ছবি। মাত্র দুআনা প্রবেশ মূল্য এবং আট আনা দামের ক্যাটালগের এই প্রদর্শনীতে ভিড় হয়েছিল অভূতপূর্ব। পরের বছর ১৯৫২-তে আবার ওই রকমেরই আরেকটি প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন সবাই মিলে। এই আলোচকের স্পষ্ট মনে আছে, সুদূর মফস্বল শহরে বসে সেই প্রদর্শনীতে প্রথম পুরস্কার

পাওয়া আমিনুলের ‘কিউ’ ছবিটি তখনকার সব খবরের কাগজে দেখে মুগ্ধ হওয়ার কথা। তবে সেই প্রদর্শনীটি বাধাপ্রাপ্ত হয়েছিল ১৯৫২ সালের রাষ্ট্রভাষা-আন্দোলনের কারণে। পরবর্তীকালে সমগ্র বাঙালি জাতির, বিশেষ করে বাঙালি ছাত্রসমাজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নতুন দিগন্ত উন্মোচনকারী এই আন্দোলনের প্রাথমিক উত্তেজনা কিছুটা স্তিমিত হওয়ার পর সে-বছরের মার্চ মাসে হয়েছিল সেই প্রদর্শনী। সে-প্রদর্শনীতে আমিনুল ‘ভাষা-আন্দোলনকারীদের ওপর গুলি করার প্রতিবাদে’ ‘হিউম্যানিটি ক্রুসিফায়েড’ নামে নিজের আঁকা একটি ছবি প্রদর্শন করতে চাইলেও উদ্যোক্তাদের পরামর্শে তা আর দেননি। এরপর ঢাকার বাইরে চট্টগ্রামে, কুমিল্লায় আরো প্রদর্শনী করেছিলেন তারা

সে-সময়ে অনুষ্ঠিত কয়েকটি সাহিত্য-সম্মেলনের সূত্র ধরে। এইসব সাহিত্য-সম্মেলনের ভিতরেই আস্তে আস্তে দানা বেঁধে উঠেছিল সে-সময়কার মুক্ত, অসাম্প্রদায়িক, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের চেতনা, যা পরে ক্রমে একদিন এদেশের স্বাধীনতা-আন্দোলনের সুপ্ত বীজটিতে সারসিঞ্চন করেছিল। আমিনুল এসবের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন মনে-প্রাণে।

এই সময়েই দেশ ছেড়ে চললেন তিনি ইতালিতে। তাঁর বইয়ের তৃতীয় এবং শেষ পর্বটি, যেটি এই বইটির বৃহত্তম পর্ব, তাতে বর্ণিত হয়েছে আমিনুলের ইতালির ফ্লোরেন্সে আনুষ্ঠানিক পড়ার কথা, সমগ্র ইউরোপ

ঘুরে ঘুরে চিত্রকলার নির্দশন দেখা, পৃথিবীর নানা দেশের শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে যতটা সম্ভব পরিচয় স্থাপন করা এবং সেই সূত্রে সমগ্র বিশ্বের তথা ইউরোপের চিত্রশিল্পকে যতখানি আত্মস্থ করা সম্ভব তার কাহিনী। ১৯৫৩ সালের সেপ্টেম্বর মাসে একদিন করাচি থেকে জাহাজে চেপে বসলেন আমিনুল। পৌঁছালেন গিয়ে নেপলস্ বন্দরে এবং সেখান থেকে রোম হয়ে অবশেষে ফ্লোরেন্স শহরে। রোমে ইতালীয় ভাষা শেখার জন্য দিন দশেক থাকতে থাকতেই (যদিও প্রথমে থাকার কথা ছিল দু থেকে তিনমাস) তাঁর চোখে যে-ঘোর লেগেছিল চারিদিকে ইউরোপীয় শিল্পকর্মের এত সমাহার দেখে, তা ফ্লোরেন্সে এসে আরো বাড়ল। প্রথম থেকেই দুচোখ ভরে দেখতে লাগলেন ফ্লোরেন্সের যত মিউজিয়াম আছে, যত গ্যালারি আছে সব। একটি মুহূর্ত নষ্ট না-করে ঘুরতে লাগলেন ফ্লোরেন্সের সকল চিত্রকলা আর ভাস্কর্যের কাজ দেখতে। প্রথমে মুগ্ধ দৃষ্টিতে, পরে শিক্ষার্থীর দৃষ্টিতে। ফ্লোরেন্সের অপধফবসু উর নবষষব অৎঃর অর্থাৎ ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে’ ভর্তি হলেন এবং এখানকার চার শিক্ষকের মধ্যে অধ্যাপক ঈড়হঃর-কে বেছে নিলেন তাঁর প্রথম গুরু হিসেবে। এই বাছাই করার কাজটি কিন্তু সহজ হয়নি। অ্যাকাডেমির ডিরেক্টরের পরামর্শমতো তিনি প্রথমে গেলেন বিখ্যাত চরঃঃর গ্যালারিতে। সেখানে সম্ভাব্য

চার-পাঁচজন শিক্ষকের কাজ দেখলেন। সবারই কাজ অত্যন্ত উঁচুমানের। তবু একজনের একটি কাজ, অধ্যাপক ঈড়হঃর-র আঁকা, সোফায় হেলান দিয়ে বসা শাড়ি-পরিহিতা এক মহিলার ছবিটি দেখে তাঁর মনে হয়েছিল, ‘তার মুখমণ্ডল, বিশেষ করে কালো চোখদুটির গভীর দৃষ্টি আঁকার পারদর্শিতা অতুলনীয়।… কোনো সর্বভারতীয় শিল্পী প্রায় দুশো বছর ইংরেজ-প্রবর্তিত তৈলচিত্র আঁকার সাধনায় এত উঁচুমানের সাফল্য অর্জন করতে পারেননি।’ তাই মনে মনে ঠিক করলেন, অধ্যাপক ঈড়হঃর-র ছাত্রই হবেন তিনি। আমিনুল লিখছেন, ‘… বুঝেছিলাম যে, আধুনিক শিল্প এখনো কোনো অ্যাকাডেমিক শিক্ষাক্রম নয়।

এ-জীবন ও পৃথিবীকে বহুকোণ থেকে দেখার ক্রমপর্যায়ের বিবর্তন থেকে উৎসারিত হয় নিজেরই ভেতর থেকে; এ-এক বোধ। অবশ্য বিভিন্ন ধারার শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চেনাজানা আর আলোচনার মাধ্যমে এর বিকাশও সম্ভব। তখন আমার প্রধান বাধা ইতালিয়ান ভাষাজ্ঞান এবং সময়। অথচ আমার স্কলারশিপ ছিল মাত্র এক বছরের।… দেশে পাঁচ বছরে ব্রিটিশ অ্যাকাডেমিক শিক্ষায় কিছুটা অর্জন করতে পারলেও ইউরোপিয়ান অ্যাকাডেমিক কাজের মাঝে পৌঁছাতে হলে এই এক বছর খুব বেশি দিন নয়।’ এইসব ভেবেই অধ্যাপক ঈড়হঃর-র ছাত্র হলেন। কারণ তিনি ইংরেজি বেশ ভালোই বলেন।

প্রথম ক্লাস করার একটি অভিজ্ঞতার কথা না বললেই নয়। জীবন্ত নগ্ন নারী বা পুরুষ মডেল নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকার দরুন প্রথমদিন এ-ধরনের ক্লাসে এক ধরনের অস্বস্তি হবে মনে করে ক্লাসে গিয়েছিলেন। তারপর, ‘আজ অকপটে স্বীকার করছি, অ্যাকাডেমিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা গোপন উত্তেজনা অনুভব করেছি। কিন্তু স্টুডিওতে ঢোকামাত্র যেন মন্ত্রবলে সবকিছুই স্বাভাবিক বলে অনুভব করতে শুরু করলাম। এটা শুধু আমারই নয়, যে-কোনো শিল্পীরই একই ধারণা হবে বলেই আমার বিশ্বাস।’ যাইহোক, ভালো ড্রয়িং শেখার জন্য শুধু নিজের ক্লাসেই নয় গোটা ফ্লোরেন্স শহরে যত গ্যালারি আছে, বিশেষ করে বিখ্যাত টভভরুর এধষষবৎু-তে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সেগুলি দেখে সময় কাটাতে লাগলেন। ফ্লোরেন্স শহরে মিকেল আঞ্জোলের বিখ্যাত ভাস্কর্য ‘ডেভিড’সহ আরো অনেক ভাস্কর্য দিনের পর দিন দেখে সেগুলির ওপর একসময়ে এক রকমের আলোর খেলা দেখতে লাগলেন।

ফ্লোরেন্সের নবলব্ধ বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ জমিয়ে দিন কাটতে শুরু করার কিছু পরেই ডিসেম্বরের একরাতে সেখানে হাজির হলেন লন্ডন থেকে পুরনো বন্ধু হামিদুর রহমান আর তার বান্ধবী, ভাস্কর নভেরা আহমেদ। তাদের দুজনের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। বলা যেতে পারে এই তিনজনের মধ্যে একজনেরই নিশ্চিত আয় ছিল, আমিনুলের স্কলারশিপের টাকা। কিন্তু তাতে কিছু যায় আসেনি। বন্ধুদের আবির্ভাবে খুশি হয়ে প্রায় সঙ্গে সঙ্গেই তাদের থাকা-খাওয়ার ব্যবস্থায় লেগে গেলেন তিনজন মিলে। তারপর, বলতে গেলে, প্রায় উঞ্ছবৃত্তি করেই তিনবন্ধু রইলেন একই সঙ্গে। তিন বন্ধুতে মিলে ছবি দেখা চলল দিনের পর দিন। নানারকমের স্থাপত্য আর ভাস্কর্য দেখে, তারই মধ্যে কিছু কিছু কাজ করেও তিন বন্ধুই তাদের অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ করে তুলতে লাগলেন। আর্থিক অনটন অবশ্য লেগেই থাকল। তবে তরুণ বয়সের তিন শিল্পীর তাতে কী বা যায় আসে! আমিনুলের সেই দিনগুলির অপরূপ অভিজ্ঞতার, হামিদ ও নভেরার বিচিত্ররকমের বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে জীবনযাপনের দিনগুলির স্বাদ পেতে হলে পাঠককে এই বইটি পড়তে হবে। এই আলোচকের সেসব নানা স্বাদের (আক্ষরিক অর্থেই বোলোনিয়া চিজ, রেড ওয়াইন, পাস্টা, ম্যাকারনি, পিৎসার স্বাদ) বিচিত্র ঘটনাগুলি পড়েই, জীবনে কোনোদিন ফ্লোরেন্স শহর পা

না-দিয়েও আমিনুলের জীবন্ত বর্ণনায় শহরটির প্রাণের শৈত্য ও উত্তাপ অনুভব করা হয়ে গেছে। অবশেষে পরের বছর এপ্রিলে দুই বন্ধু বিদায় নিলেন কিছুটা হঠাৎ করেই। আমিনুল লিখলেন, ‘হামিদ ও নভেরা আকস্মিক চলে যাওয়াতে দু-একদিন খারাপ লাগলেও মনে মনে এক ধরনের স্বাধীনতার আস্বাদ পেলাম। কিছুটা কর্তব্যবোধ থেকে নিষ্কৃতি, আমার আমিত্বে ফিরে আসার এক আনন্দ হয়েছিল অবচেতনবোধে – এ-কথা অস্বীকার করব না।’ আমিনুলের যে মনুষ্য-চরিত্রের কিছু কিছু অনুদ্ঘাটিত রহস্য উপলব্ধির এক সহজাত ক্ষমতা ছিল, তা এই সময়ের কিছু কিছু ঘটনার বর্ণনায় বোঝা যায় অনায়াসে।

সে-বছরের মে মাসে আমন্ত্রণ পেলেন ইতালির বৈদেশিক মন্ত্রণালয় থেকে রোমে একটি প্রদর্শনীতে যোগ দেবার।

পাকিস্তান এমব্যাসি থেকেও সংবাদ এলো। সেই আমন্ত্রণ গ্রহণ করে এমব্যাসির মারফত ইতালি সরকারকে তাঁর স্কলারশিপের মেয়াদ আরো একবছর বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানালেন। প্রফেসর কন্তি জোরালো সুপারিশ করলেন তাঁর পক্ষে। নিজের চারটি ছবি নিয়ে রোমে পৌঁছে পেলেন সেখানে এমব্যাসিতে পোস্টেড বাঙালি অফিসার আতোয়ার রহমানকে। তাঁরই বাসায় উঠলেন গিয়ে। তাঁরই সাহায্য পেলেন স্কলারশিপের মেয়াদ আরো একবছর বাড়িয়ে নেয়ার ব্যাপারে। জুনে সেই প্রদর্শনী উদ্বোধন হলো। সেই প্রদর্শনীতে বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে আমিনুলই ছিলেন কনিষ্ঠতম। ২৩ জন শিল্পীর আঁকা ১০৩টি কাজ নিয়ে সেই প্রদর্শনীতে আমিনুলের ছবি প্রশংসিত

হলো, আমিনুল পৃথিবীর নানা দেশ থেকে আগত নতুন

শিল্পী-বন্ধুবান্ধব পেলেন বেশ কয়েকজন। অভিজ্ঞতার সঞ্চয় বাড়তে লাগল ওঁর। সে-বছরেই এক ইন্দোনেশিয়ান বন্ধুর ভেস্পার পেছনে বসে গেলেন ভেনিসের পৃথিবীবিখ্যাত দ্বিবার্ষিক ভেনিস বিয়েন্ন্যাল (Venice biennal) প্রদর্শনী দেখতে। ১৯৫৫ সালের মার্চ মাসে

আবার রোম থেকে আমন্ত্রণ পেলেন ইতালির এশিয়ান অ্যাসোসিয়েশনের আয়োজনে এশিয়ার শিল্পীদের এক প্রদর্শনীতে যোগ দিতে। সেখানে পরিচিত হলেন ভারত থেকে আগত কয়েকজন শিল্পীর সঙ্গে। সেখানে প্রদর্শনী দেখতে এসেছিলেন ইতালির বৈদেশিক মন্ত্রণালয়ের বৃত্তি বিভাগের এক কর্মকর্তা। তিনি আমিনুলের সঙ্গে কথা বলে, ওঁর কাজ দেখে এবং ওঁর মোজাইক ও ফ্রেস্কো শেখার আগ্রহের কথা শুনে নিজেই পরামর্শ দিলেন ওঁর ইতালীয় বৃত্তির মেয়াদ আরো একবছর বাড়ানোর জন্য আবেদন করতে। সেটা করে ফ্লোরেন্সে ফিরেই যোগ দিলেন কয়েকজন বন্ধুর সঙ্গে একটি গ্রুপের আয়োজিত একটি প্রদর্শনীতে। সেই প্রদর্শনীতে দুটি ছবি বিক্রি হয়ে যাওয়ার ফলে ওঁর কিছু অর্থপ্রাপ্তি হয়ে গিয়েছিল।

সে-বছরের আগস্ট মাসেই গরমের ছুটিতে আমিনুল বেরিয়ে পড়লেন সমগ্র ইউরোপ ভ্রমণে। ছবি বিক্রির অর্থে কিনে ফেললেন একটি সেকেন্ড-হ্যান্ড ভেস্পা। বেরিয়ে পড়লেন ফ্লোরেন্স থেকে পিসা, জেনোয়া হয়ে প্যারিসের পথে। এই ভ্রমণের বৃত্তান্ত আমিনুল দিয়েছেন বইয়ের

একটি অধ্যায়ে। নাম দিয়েছেন ‘ভেস্পায় ইউরোপ ভ্রমণ’। বিচিত্র সেই অভিজ্ঞতার বর্ণনায় উজ্জ্বল হয়ে উঠেছে বইটির পাতার পর পাতা। ইউরোপের এক-একটি দেশের খ্যাত-অখ্যাত সব শহরের ভিতর দিয়ে চলেছেন আমিনুল। ‘ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে’ করে কোনো শহরে একবেলা, কোনোখানে দুইরাত করে থেকে ছবি দেখে, ভাস্কর্য দেখে আর মনের সুখে স্কেচ করে এগিয়ে গেছেন দিনের পর দিন। সেইসব শহরে গরমের ছুটিতে বেড়াতে আসা তরুণ-তরুণীদের জীবনের যত আনন্দ-উচ্ছলতাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন আমিনুল। কত বন্ধু পেয়েছেন পথে পথে, ইয়ুথ হোস্টেলের ঘরে আর বারান্দায়। ছবি, কবিতা, গানের নেশায় মাতাল এইসব ছেলেমেয়েদের বাঁচার আনন্দ, যাকে বলা যেতে পারে লড়রব ফব ারাৎব তার পরিপূর্ণ বিবরণ দেওয়ার সাধ্য বা উপায় কোনোটাই এই আলোচকের নেই। শুধু এটুকু বলা যেতে পারে, এই ভ্রমণ আমিনুলের জীবনে নতুন এক মাত্রা যোগ করেছিল। ইউরোপের বিভিন্ন দেশের ছবি দেখেছেন, ভাস্কর্য দেখেছেন তো বটেই, সবচাইতে বেশি করে উপলব্ধি করেছেন সেসব দেশের শিল্পের প্রাণের স্পন্দন। ঘুরতে ঘুরতে একসময় এসে পৌঁছলেন আধুনিক ইউরোপের চিত্রকলার পীঠস্থান প্যারিস শহরে। আমিনুল লিখছেন, ‘অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ফ্রান্সসহ ইউরোপের শিল্পীরা রোমে, ফ্লোরেন্সে যেত শিল্পকলায় তালিম নিতে অথবা রেনেসাঁসের শিল্পকীর্তি-দর্শন ও অভিজ্ঞতা অর্জন করতে আর ঊনবিংশ শতাব্দীর শেষদিক থেকে ক্রমান্বয়ে প্যারিস হয়ে ওঠে সমস্ত পৃথিবীর শিল্পীদের প্রিয় শহরে।’ সেখানে তার দ্বিচক্রযানটি মেরামতের জন্য দিয়ে পায়ে হেঁটে, বাসে করে ঘুরে বেড়ালেন তিন-চারদিন। দেখা হলো ইম্প্রেশনিস্ট গ্যালারি, ল্যুভ মিউজিয়াম, নোতরদাম গির্জা ইত্যাদি। ল্যুভে ‘মোনালিসা’ দেখে লিখলেন, ‘শৈশবকাল থেকে লিওনার্দো-দ্য-ভিঞ্চির ‘মোনালিসা’ ছবির মিথ শুনে এসেছি, সত্যিকারের

মোনালিসা দেখে অতটা মোহিত হইনি, যদিও মোনালিসা সত্যিই এক মহৎ শিল্পকীর্তি।’ অবশেষে লন্ডনে পৌঁছানো এবং সেখানে হামিদুরের বাসায় গিয়ে পৌঁছলেন। সেখানে তিন-চারদিন থেকে হামিদ-নভেরা এবং হামিদের ছোটভাই সাইদ ও তাঁর বন্ধু মোহসিনের সঙ্গে আড্ডা মেরে, টেট গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি দেখে দুসপ্তাহের জন্য একটি চাকরি করতে চলে গেলেন লন্ডনের বাইরে। ইতোমধ্যে হলবেইন, কনস্টেবল, গেইন্সবরো, টার্নার, জশুয়া রেনল্ড প্রমুখ ব্রিটিশ শিল্পীর কাজ দেখলেন। বুঝলেন, ‘ব্রিটিশ জলরংই বিংশ শতাব্দীর প্রথম থেকেই ভারতীয় উপমহাদেশের অসংখ্য শিল্পীকে জলরঙে প্রাকৃতিক দৃশ্য আঁকায় উদ্বুদ্ধ করেছে।… দুশো বছরের ইংরেজ শাসনের ফল হিসেবে ভারতীয় উপমহাদেশে জলরঙের ব্যবহার এত বেশি।’ সেখান থেকে বিদায় নিয়ে আবার প্যারিস হয়ে ইতালির মিলান শহর হয়ে ফ্লোরেন্সে ফিরলেন গ্রীষ্মের ছুটির পর আবার ক্লাসে যোগ দিতে। আগে থেকেই ঠিক করা ছিল এ-বছরটিতে তিনি মুর‌্যাল শিখবেন। নতুন প্রফেসর কোলাচেক্কির কাছে তালিম নেওয়া শুরু করলেন।

একদিকে নতুন কাজ শেখার উন্মাদনা, বিশেষ করে ফ্রেস্কো কাজে মোজাইকের ব্যবহার ভালো করে শেখার জন্য কাজ করে যাওয়া, অন্যদিকে নতুন বন্ধুবান্ধবীদের নিয়ে সমস্ত ফ্লোরেন্স চষে-বেড়ানো চলতে লাগল। অধ্যাপক তাঁর কাজে খুশি হয়ে তাঁর বৃত্তি আরো একবছর বাড়ানোর সুপারিশ করলেন। রোমে একটি প্রদর্শনী করতে এসে পাকিস্তান এমব্যাসিতে তাঁর পক্ষ হয়ে ইতালিয়ান সরকারকে সুপারিশও করালেন এবং প্রস্তুত হতে লাগলেন দেশে ফেরার জন্য। প্রস্তুতিপর্ব শেষ করে বাঁধা-ছাদা সমাপ্ত করে টিকিট কিনে নেপলস্ থেকে জাহাজ ধরার পথে রোমে এসে জানতে পারলেন যে, তাঁর বৃত্তি ইতালিয়ান সরকার আরো একবছর বাড়িয়ে দিয়েছে। কিন্তু সামনে দুমাসের সামারের ছুটি থাকাতে ঠিক করলেন দুমাস দেশে থেকে আবার ফিরে আসবেন। অবশেষে জাহাজে চেপে বসলেন করাচির উদ্দেশে। করাচিতে সপ্তাহখানেক থেকে ঢাকায় ফিরে আসলেন ঠিক তিন বছর পরে।

ঢাকায় ফিরে এসে নানা কারণে আর ফিরে যাওয়া হয়নি আমিনুলের। এখানেই শেষ হয়েছে আমিনুলের বাংলাদেশের শিল্প আন্দোলনের পঞ্চাশ বছর বইয়ের এই খণ্ডটি।

আসলে এই বইতে আমরা পেয়েছি বাংলাদেশের শিল্প-আন্দোলনের মাত্র নয় বছরের ইতিহাস। তাও যদি লেখকের তিন বছরের ইতালি থাকার সময়টিকে এই ইতিহাসের

অন্তর্ভুক্ত করা যায়। আশাকরি আমিনুলের স্বচ্ছন্দ ও প্রাণবন্ত স্টাইলে বাকি বছরগুলির ইতিহাস পাওয়া যাবে তাঁর বইয়ের পরবর্তী খণ্ডে। আমিনুল একজন নিভৃতচারী শিল্পী বা ৎবপষঁংব ছিলেন না কখনোই। জীবনের প্রথম থেকেই বাংলাদেশের শিল্প-সাহিত্যের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার ফলে ওঁর ব্যক্তিজীবনের বিভিন্ন অভিজ্ঞতার, ওঁর শৈশব-কৈশোর-তারুণ্যের ইতিহাসই হয়ে উঠেছে এদেশের শিল্প-আন্দোলনের ইতিহাস। পাঠক সেই ইতিহাসের পরবর্তী পর্যায়ের কথা জানার জন্য উন্মুখ হয়ে রইবে বলে আমার বিশ্বাস।