সময়ের বাস্তবতা ও নারীশিল্পীদের ‘সাঁকো’

শিল্পকলার ইতিহাসে নারীশিল্পীদের অবস্থান কেমন? প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত শিল্পী পাদপ্রদীপের আলোয় এসেছেন, তাতে নারীশিল্পীদের সংখ্যাটাই-বা কী?

এইসব প্রশ্ন যতই মস্তিষ্কে এসে নাড়া দেয়, ততই যেন ভেবে কূল পাই না। রেনেসাঁর শিল্পী লিওনার্দো, রাফায়েল, বতিচেল্লির পাশাপাশি কোনো নারীশিল্পীর নাম উচ্চারিত হয় না কখনোই। তবে ওইসময়ে এমন কোনো শিল্পী কি ছিলেন না, যিনি একজন নারী-প্রতিনিধি। ইতিহাস বলে অন্য কথা, অবশ্যই ছিল এবং অনেকেই ছিল। চার্চের কঠিন অনুশাসন এবং পুরুষের ভয়ংকর তির্যকদৃষ্টি দেয়াল ভেদ করে নারী আসতে পারেনি পাদপ্রদীপের আলোয়। তখন নারীরা ছিল শৃঙ্খলিত, অবরোধবাসিনী, তার যা কিছু সুন্দর সৃষ্টি, কী সংগীত, কী চিত্রে, কী নৃত্যে – সবই ছিল চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ।

দুই

আধুনিক চিত্র অনেক বদলে গেছে। পৃথিবীতে ঘটে গেছে ফরাসি বিপ্লব, নারী-স্বাধীনতা কথাটি কখনোই ভিনগ্রহের শব্দ মনে হয় না। নারীরা এগিয়ে গেছে অনেক দূর। সমস্ত কল্যাণ ও মঙ্গলের জন্যে নারীদের লড়াই চলছে অবিরাম, পুরুষের পাশেই। তবে কেন এত বিভাজন নারী ও পুরুষের। কেন কাচের দেয়াল তুলে দেওয়া হয় দুই ধরনের এই মানবকুলের মাঝে। বিষয়টি অবশ্য স্পষ্ট, আমাদের এই পরিমণ্ডলের কথাই যদি ভাবি, এখানে যেমন আকাশ আছে, তেমনি জমিন, রুক্ষ পাহাড়ের পাশ দিয়ে বয়ে যায় শান্ত নদী। আসলে পার্থক্যটি হচ্ছে রূপের – নারীরূপ আর পুরুষরূপ।

তিন

পুরুষরা নারীদের ছবি আঁকে, নারীরা নারীদের ছবি আঁকে। তবে কি এখানে সেই বিপরীত লিঙ্গের তত্ত্বটি অচল। বিষয়টি বোধহয় সে-রকম নয়। পুরুষরা নারীদের আঁকে দূর থেকে সুন্দর পাহাড়ের মতো অথবা মেঘের মতো। অনেক অনেক দূর থেকে। এ শুধুমাত্র এক ধরনের রূপের অন্বেষা। আর নারীরা আঁকে আত্মপ্রতিকৃতি, কষ্টের প্রতিকৃতি। নারীরা আত্মসচেতন, এবং তা হতে বাধ্য হয়। অসংখ্য লকলকে ছড়ি, অসংখ্য অ্যাসিডের বোতল, অসংখ্য জোড়া কামুক চোখ আর অনবরত পুরুষবাদিতার চাবুক। তাই নারীশিল্পীদের বিষয় নারীই, নিজেদের জমে-থাকা অসংখ্য গল্প, যা বলে শেষ করা যায় না। নিজেদের কষ্ট-বেদনা আর ছাইচাপা আগুন যেন ঠিকরে বেরোয় ক্যানভাসে। এত অপমান, বেদনা, নিষ্পেষণ যেন অনুষঙ্গ হয়ে আসে ক্যানভাসে। এই দেশের নারীশিল্পীরা যেন বলতে চায় নিজেদের কথা। বাসিফুলের গাঁথা মালা, স্বপ্নের কথা, আর স্বপ্নভঙ্গের নানা উপাখ্যান। শুধুই যন্ত্রণাচ্ছন্নতার দীর্ঘশ্বাস? নাকি পাশে ভালোবাসাও আছে। আমাদের মেয়েরা ভালোবাসার ছবিও আঁকে। যেখানে ঘৃণা, সেখানেই ভালোবাসা। ভালোবাসা আর ঘৃণা যেন হাত ধরাধরি করে হাঁটে। তাই যেমন নারীদের ছবিতে দেখা যায় ক্ষতবিক্ষত রমণীর প্রতিচ্ছবি, অ্যাসিড-দগ্ধা, কাঁটার বেষ্টনী, পাশাপাশি ক্যানভাস জুড়ে থাকে ফুলের বৃষ্টি অথবা দিগন্ত জুড়ে প্রকৃতি – তার মাঝে একটি নৌকো, ফুল-হাতে রমণী অথবা জোৎস্নারাতের গান। নারীর তুলিতে যেমন ঝড় ওঠে প্রতিবাদের ঘৃণার, তেমনি অবিরাম গেয়ে যায় রোমান্টিকতার জয়গান।

চার

সম্প্রতি বাংলাদেশের নারীশিল্পীদের সংগঠন ‘সাঁকো’র একটি প্রদর্শনী শুরু হয়েছে বেঙ্গল শিল্পালয়ে। দেখতে দেখতে সাঁকো বেশ কয়েকটি প্রদর্শনী করে ফেলল। আমাদের দেশের শিল্পীরা প্রায়শ কয়েকজন মিলে এরকম দল গড়েন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আগেই আবার ভেঙে পড়েন। শিল্পীরা বোধহয় কিছুটা ঈর্ষাপরায়ণ। তাই একত্রে থাকতে পারেন না বহুদিন। ইতিহাসেও আছে এরকম নমুনা অনেক।

সাঁকোর শিল্পীরা হচ্ছেন – ফারেহা জেবা, ফরিদা জামান, ফারজানা ইসলাম মিল্কী, কনকচাঁপা চাকমা, কুহু, লায়লা শার্মিন, নাইমা হক, নাসরীন বেগম, রেবেকা সুলতানা মলি, সুলেখা চৌধুরী। এই প্রদর্শনীতে অতিথিশিল্পী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আরো তিনজনকে। তাঁরা হচ্ছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, ট্রিনা বোহান টাইরি এবং প্রতিবন্ধী শিল্পী সেলিমা শারমিন ফারজানা রুমা। সর্বমোট তেরোজন শিল্পীর কাজ। বেশ জমজমাট প্রদর্শনী। সবার তিনটি করে কাজ স্থান পেয়েছে। ব্যতিক্রম শুধু রুমা, ওর চারটি। বেঙ্গল গ্যালারির চমৎকার পরিসরে হয়তো আরো কিছু কাজ এঁটে যেত, তাতে চোখ হয়তো স্বস্তি পেত না। হারিয়ে যেত ডিসপ্লের নান্দনিকতা। অতএব এ-কথা বলতেই হয়, সাঁকো আমাদের উপহার দিয়েছে চোখ-স্বস্তিকর এক মনোরম প্রদর্শনী।

পাঁচ

এই প্রদর্শনীর একটি বিষয় খুবই লক্ষণীয়, তা হচ্ছে, প্রত্যেক শিল্পীর নিজস্ব স্টাইল বা ভঙ্গিমা। ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের যুগে এটিই বোধহয় সবার অন্বেষা। নিজেকে অনবরত খোঁজা আর মেলে ধরা। ফারেহা জেবার ছবিতে বরাবরই থাকে যন্ত্রণার প্রতিচ্ছবি। তাঁর প্রদর্শনী ‘হোমেজ টু ফ্রিডা কালো’-তেও দেখেছি সেই রূপ। এই প্রদর্শনীর ছবিতেও সে-রকমই সুর। জেবার ছবি নীরব নয়, সবসময়ে কিছু বলতে চায় এবং তা জোরালোভাবেই। এবারের সিরিজের নাম ওংড়ষধঃরড়হ, বিচ্ছিন্নতা অথবা একাকিত্ব, যা এ-সময়েরই প্রতিচ্ছবি। আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা বিভাজিত হচ্ছি। হৃদয়ে ঘটে চলেছে অবিরাম ক্ষরণ, তবুও আমরা একাকী, সময়ই আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে একাকিত্বের পথে।

ফরিদা জামানের কাজে এসেছে পরিবর্তন। তিনি বেছে নিয়েছেন নতুন বিষয় ও আঙ্গিক। আমরা তাঁকে চিনি ‘মাছ ধরার জাল’ সিরিজের কল্যাণে। তাঁর ছবিতে তিনি এনেছেন নতুন চরিত্র ‘সুফিয়া’। সুফিয়ার জীবনালেখ্যই তুলে ধরেছেন ছবিগুলোতে। লাল টকটকে জমিনের ওপর সাদার ড্রয়িং নিঃসন্দেহে নতুনত্বের দাবিদার।

ভাস্কর ফারজানা মিল্কী বয়সে কিছুটা নবীন। ইতোমধ্যে ভাস্কর্য মাধ্যমে কাজ করে সুধীজনের প্রশংসা কুড়িয়েছেন। মিল্কী মূলত ব্রোঞ্জ কাস্টিংয়ে ছোট ছোট কাজ করে থাকেন। এই প্রদর্শনীতে সে-রকমই তিনটি কাজ স্থান পেয়েছে। ভাস্কর্য মাধ্যমে কিছুটা গল্প বলার প্রবণতা, কিংবা কিছু চিত্রগুণ তুলে ধরাই যেন মিল্কীর কাজের বৈশিষ্ট্য।

ফেরদৌসী প্রিয়ভাষিণী আমাদের দেশের প্রথিতযশা শিল্পী। তিনি সাঁকোর অতিথিশিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তাঁর ভাস্কর্যকর্মের বিষয় প্রকৃতি, আর উপকরণও বেছে নেন প্রকৃতি থেকে। গাছের শেকড়-বাকরের মধ্যে লুকিয়ে থাকে অনেক আকৃতি। ফেরদৌসী যেন তা আবিষ্কার করেন, আর মেলে ধরেন কলারসিকদের কাছে। অদ্ভুত শিল্পরসে সমৃদ্ধ ফেরদৌসীর কাজ আমাদের দেশের সুধীজনদের আকৃষ্ট করেছে অনেক আগেই।

কনকচাঁপা চাকমা আমাদের শিল্পাঙ্গনে কিছুটা ব্যতিক্রমী, তিনি এসেছেন চাকমা আদিবাসী গোষ্ঠী থেকে। বলা যায়, একমাত্র আদিবাসী শিল্পী। তাঁর ক্যানভাস জুড়ে থাকে আদিবাসী গল্প, আমাদের অজানা-অচেনা জগৎকে যেন মেলে ধরেন অনবরত। তাঁর জবংঃ ও সড়ড়হষরমযঃ ছবিদুটি দৃষ্টিনন্দন। আমাদের দেশে অ্যাকাডেমিক রীতিতে সবাই আঁকা শিখে। শেখার ধরন অবশ্যই বেশ বাস্তবধর্মী। তবে পরে কেউ আর এই ধাঁচে আঁকে না। কুহুর ছবিতে সেই অ্যাকাডেমিক প্রভাব প্রকট, যা নিজস্ব ধারায় পরিণত হয়েছে। তাঁর বিষয়ও নারী। খুবই সহজ-সরল নারীচিত্র।

‘এরৎষ রিঃয ভষড়বিৎ’ ছবিটি উল্লেখযোগ্য। লায়লা শার্মিন বেশ কাব্যিক ঢঙে ছবি আঁকেন। তাঁর ছবিতে কবিতা খুঁজে পাওয়া যায়। ছবির নামকরণও বেশ কাব্যিক। আর্কেডিয়া ছবিটিতে একটি ভিন্ন আমেজ পাওয়া যায়। লায়লা সাধারণত ছাপচিত্রে কাজ করেন। তাঁর স্নিগ্ধ-সুন্দর কাজগুলো ইতোমধ্যে সুধীজনের নজর কেড়েছে।

নাইমা হক আমাদের শিল্পাঙ্গনে একটি বিশিষ্ট নাম। তাঁর সৃষ্টিকর্মে নতুন ধরনের কিছু করার যে-প্রবণতা থাকে, তা-ই তাকে এই অঙ্গনে বিশিষ্টতা এনে দিয়েছে। এই প্রদর্শনীতে স্থান পাওয়া তাঁর ‘ঈড়ষফ ঝঃববষ’ ছবিটি নিঃসন্দেহে চমকপ্রদ। নাসরীন বেগম দীর্ঘদিন যাবৎ প্রাচ্যধর্মী আঙ্গিকে ছবি এঁকে যাচ্ছেন। ধোয়া-পদ্ধতি তাঁর মাধ্যম। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ‘এৎববহ ডধঃবৎ’ সিরিজের কাজ। সবুজাভ নস্টালজিক ঝিলের পাড়ে স্থাপনা, কিছুটা ল্যান্ডস্কেপ কায়দায় আঁকা, যা নাসরীন বেগমের নতুন সিরিজ।

রেবেকা সুলতানা মলিও নবীনদের দলে। মলিও একটি নিজস্ব ধারা তৈরিতে ব্যস্ত। এখানেও নারী-অবয়ব, তবে সাজানো-গোছানো নারী। এর মাঝে মলি খুঁজে পেতে চায় ‘ঝঢ়রৎরঃঁধষ নবধঁঃু’। সুলেখা চৌধুরী এই শিল্পীগোষ্ঠীর আরেক নবীন সদস্য। তবে চিন্তা-চেতনায় যথেষ্ট পরিপক্ব। এই প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো তাঁর দীর্ঘদিন ধরে আঁকা ‘আমার সময়’ সিরিজ থেকে নেওয়া। সুলেখার ছবিও বেশ জোরালো, বক্তব্যপ্রবণ। ক্ষতবিক্ষত নারীর মুখচ্ছবিই তুলে ধরতে চান ক্যানভাসে – যা আমাদের দেশের নারীদেরই প্রতিচ্ছবি।

সাঁকোর ডাকে সাড়া দেওয়া আরেক অতিথিশিল্পী ট্রিনা বোহান টাইরি, যিনি একজন বিদেশিনী। বাস্তবধর্মী কায়দায় ছবি আঁকেন ট্রিনা। মূলত প্রতিকৃতি, যাতে তাঁর দক্ষতার ছাপ স্পষ্ট। বাস্তবধর্মী ছবির মধ্যেও পাওয়া কাব্যিক দ্যোতনা, যা শিল্পী বিকাশ ভট্টাচার্যের কথা মনে করিয়ে দেয়। তাঁর আঁকা মহিলার প্রতিকৃতিটি নিঃসন্দেহে অসাধারণ।

পরিশেষে যে-শিল্পীর কথা লিখব, তার নাম রুমা। রুমা একজন প্রতিবন্ধী, ওর চারুকলায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নিজের আনন্দে ছবি আঁকে। ওর ছবিতে হয়তো নেই কোনো অ্যাকাডেমিক দক্ষতা, কিন্তু আছে ভালোবাসা আর আন্তরিকতা। হুইল চেয়ার যার নিত্যসঙ্গী, পারে না ছুটে যেতে বন্ধুদের মতো, তবে মনের আকাশে উড়াল দেয় অবিরত। রংতুলিতেই ওর সমস্ত ইচ্ছাপূরণের স্বাধীনতা। যে-লক্ষ্যকে সামনে রেখে সাঁকোর অভিযাত্রা তার অন্যতম হচ্ছে – কিছুটা সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করা, তাই বিশিষ্ট শিল্পীদের কাজের পাশে ঠাঁই পেয়েছে রুমার ছবি। একজন পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে তাঁর প্রতিভাবিকাশের সুযোগ করে দিয়ে সাঁকো ধন্যবাদার্হ হলো।

ছয়

সাঁকো যে শিল্প-অভিযাত্রা শুরু করেছে, তা নিঃসন্দেহে মহৎ, কিছুটা বাংলাদেশের পিছিয়ে-পড়া নারীশিল্পীদের সামনে এগিয়ে দেওয়া। এ-পর্যায়ে অবশ্যই সংঘবদ্ধ চর্চার মধ্য দিয়েই সিদ্ধিলাভ সম্ভব। প্রতিনিয়ত একত্রিত হয়ে কাজ করা এবং প্রদর্শনীর আয়োজন নিঃসন্দেহে আমাদের দেশের শিল্পচর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। ‘সাঁকো’ সত্যিকার অর্থেই সবার মধ্যে সাঁকো গড়ে তুলবে এবং মঙ্গলের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবে – এটাই হোক কামনা।