আলোছায়ার খেলা তোমার মুখে
যতই কেন থাকি আলোর খোঁজে
মুখ ঢাকলো ছায়াই অসংকোচে
ভাগ্য হাসে বিদ্রƒপে কৌতুকে
ওষ্ঠাধরে অনেক মধু জমা
দাওনি পেতে কখনো তার স্বাদ
একটা ছোট বিচ্যুতিকে ক্ষমা
করলে জীবন হতো না বরবাদ
চাঁপার সুবাস ছিল তোমার দেহে
দূরে থেকেই উপভোগের স্নান
চেয়েছিলাম, লুকোলে সন্দেহে
সহ্য করি তীব্র অপমান
অস্নাত সেই অবস্থাতেই বাঁচি
জল পারে না মেটাতে তৃষ্ণাকে
সুখের সঙ্গে রোজই কানামাছি
মন ক্রমশ পাথর হতে থাকে
হারিয়ে গেছে যা ছিল সব প্রিয়
নিষ্প্রাণ ধনরত্ন নিয়ে থাকি
রূপান্তরে বাড়ি জতুগৃহ
পবিত্রতা কখন দিলো ফাঁকি
স্বপ্ন ছিল ঘর হবে সুখনীড়
শুদ্ধ মনের রক্ষাকবচ পরে
বিপদ ঝড়ের সামনে হবো স্থির
আসুক দুঃখ বৃষ্টি হয়ে জোরে
অশুচি মন, দিন কাটে সংকটে
মিথ্যে জীবন যশ খ্যাতি আর ভোগ
ঘর সুখনীড় হবেই যদি ঘটে
তোমার সঙ্গে আবার যোগাযোগ।

Leave a Reply
You must be logged in to post a comment.