সিতপুষ্পের পাশ-ঘেঁষে পথ চলি
দেখি বড়বেশি ম্লান-মুখ তার
অবনত মাথা – শরীর দুভাঁজ এই গ্রহণের দিনে –
ভূমি থেকে জল সরে গেছে বহুদূর
কে জানে তা গেছে কিনা দৃষ্টির অগোচরে
অসীম সুদূরে –
আদরে-সোহাগে তাকে কাছে পাবো
এমন ভরসা উধাও শূন্যে আজ;
গ্রহণের দিনে ভয় মানি তাই
অবিরাম ভয় মানি –
পুষ্পপ্রণয়ী চাষাদের মতো প্রাণে
সিতপুষ্পের মৃত স্বপ্নেরা
বুনো হাঁস হয়ে উড়ে গেছে সুদূর দক্ষিণে –
এই গ্রহণের দিনে
তারা আর ফিরবে না সে-কথাও জানি
নিরাশার খাতে তাই অবিরাম নিষ্ফল জল ঢালি॥

Leave a Reply
You must be logged in to post a comment.