এত কথা কেন বলো তুমি?
করো মৌনতার চাষাবাদ
ভিতরে-বাহিরে
হও কসমিক এনার্জি
হও প্রকৃতির মতো
গাছ কোনো কথা বলে না
গাছ সুন্দর
পাখি কোনো কথা বলে না
পাখি সুন্দর –
নদী কোনো কথা বলে না
নদী সুন্দর
তুমি কেন বৃথাই
করো কলরব
করো শব্দ সন্ত্রাস –
হও সূর্যের আলো
হও সোনালি বাতাস
পাথরের নদী, ধাবমান
গোলাপ বনের কারুকাজ।

Leave a Reply
You must be logged in to post a comment.