কে কাকে মধ্যে রেখে না ঘুরে যায়
কী না ঘোরে, ঘোরে সবকিছু, আমি ও তুমি
মানুষ পতঙ্গ জন্তু-জীব পাখি জলকণা,
ঘোরে গ্রহতারা, কবে থেকে কেন ঘোরে
আখড়ার উঠানে বসে বৃদ্ধ বাউল দিশাহারা।
দেখি সূর্য ঘোরে, পৃথিবী নিশ্চল
শনি মঙ্গল বুধ সমুদ্রে অস্ত যায় প্রতি সন্ধ্যায়,
অথচ মূলকথা পৃথিবী সূর্যের বলয়ে ঘোরে
তবু আজো কারো কারো খটকা
সূর্যই পৃথিবীর চারদিকে ভোর থেকে দিনান্তে
গ্যালিলিকে বনমানুষেরা তাড়িয়ে বেড়ায়
আমাদের অমল ও নীলার ছয় মাস
নতুন সংসার, মিনি-ফ্ল্যাট, বার্নিশে পেইন্টে ভুরভুর
কে কাকে মধ্যে রেখে ঘুরেছে,
এই নিয়ে রাত দুপুরে গস্নাস-ভাঙা, রক্তারক্তি
নৈঃশব্দ্যের বাজনায় নাচছে ব্যালেরিনা।
ভোরে শূন্য বিছানা। অমল পড়ে নীলার চিঠি।

Leave a Reply
You must be logged in to post a comment.