এতো ঠুনকো বিচ্ছিন্ন ভঙ্গুর

অতিথি পাখির দিনও শেষ হয়ে আসে

মনে ঢেউ চিরচেনা স্বদেশে ফেরার

বাড়ির নিজস্ব টান আলুথালু আবেগমিশ্রণ

রোদ্দুর ছড়াতে ছড়াতে ক্লান্ত

   সূর্যের বিশ্রাম চাই

সুতরাং রাত্রি নামো, আপাতবিস্মৃতি দিয়ে

    ঢেকে ফ্যালো চরাচর

   ক্ষুদ্র জীবিকার চিন্তা

   হানাহানি বিপণন

   রক্তপুঁজ ঘেমো গাদ

   কষ্ট ক্লেশ সূক্ষ্ম অভিমান!

নির্দিষ্ট আয়ুর শেষ, ওই তো কাছেই

   দেখা যাচ্ছে

   গন্তব্যের চিহ্ন দাগ

স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে

   অবসান

   সমাপ্তির স্পর্শরেখা

   অচিন কাঠামো

ক্ষণিক প্রবাসই তবে সামান্য এ মানবজনম

এতো ঠুনকো এতো পলকা ভঙ্গুর বিচ্ছিন্ন একা

   এক চিলতে আয়ু-অহংকার?