তুমি প্রথমে তোমার ওড়না দিয়ে
একটা আড়াল তৈরি করলে
তোমার সাথে আমার –
তখনো তাতে তোমার গন্ধ স্পর্শ ছিল স্পষ্ট।
তুমি বললে কারণটা সামাজিক
খানিক আড়াল করা মঙ্গলজনক।
তারপর ভারি চাদর
পাতলা ওড়নাটাকে প্রতিস্থাপন
করলো, তুমি বললে অতটুকু
বিভেদ এক্ষেত্রে দুজনের জন্যেই ভালো।
তারপর খুব দ্রুতই মোটা চাদরকে
প্রতিস্থাপন করলো ছ’ইঞ্চি দেয়াল
বারো ইঞ্চি আঠারো ইঞ্চি করে করে একসময়
তা চীনের পাঁচিলের মতো দুর্ভেদ্য
উঁচু আর দুর্লঙ্ঘ্য হয়ে গেল।
আমরা দুজন চিরকালের জন্য বিচ্ছিন্ন
হয়ে গেলাম। তুমি দুর্লঙ্ঘ্য দেয়ালের
ওপারে থাকায় জিজ্ঞাসা করা হলো না –
কেন এমন করলে, কেন এমন হলো?

Leave a Reply
You must be logged in to post a comment.