আমাদের মেঘমল্লার আমাদের হাওয়াগাড়ি

কথা ছিল – বৃষ্টি আসুক বা না আসুক মেঘমল্লার হবেই

ভীমসেন যোশীই গাইবেন –

আকাশে মেঘ দেখে এসব আসরের কথা ভেবে 

          নিয়ে মিলেছি সবাই

কিন্তু নান্দীপাঠ হচ্ছে মৃত্যু ও দালান-ভাঙার

রাজনীতিতে মেতে উঠেছে ছিন্নপত্র উড়োখই

আদেখ্লেপনার পৃষ্ঠপোষক সব চামড়াসর্বস্ব মধ্যবিত্ত

নিজেদের কথাই কেবল বলে যাচ্ছি শ্রোতা পাই বা না পাই –

ভুলে গেছি আজ মেঘমল্লার হবে –

অন্তত মেঘমল্লার শোনার কথা ছিল।

প্রচণ্ড গর্জনে ফেটে পড়ল বিদ্যুচ্চমক –

শুরু হলো আজ রাতের মেঘমল্লার,

তোমার একার জন্যে এর চেয়ে ভালো আর কী?

নির্জনে রাজনীতি নেই, স্বার্থসিদ্ধি নেই –

ঘৃণা নেই – অক্ষমের আস্ফালন নেই –

হাওয়াগাড়ি আমাদের উড়িয়ে নিয়ে চলেছে

মিশে গেছে মেঘ-গাড়ি-মন-পাখিরা!

১২-০৬-২০০৪