পরের আপন আছে; আপনেরও স্বার্থদুষ্ট পর।
পুরাণের কুরুক্ষেত্র আপনে আপনে হানাহানি। পরের আপনকথা জগতের সিংহভাগ প্রেম। দুদিনের পরিচয়ে জোড় বাঁধে কতশত মন। জোড়ায় জোড়ায় রোজ কত স্বপ্ন হাত-ধরাধরি। জোড়ায় জোড়ায় রোজ কত ঠোঁট প্রথম চুম্বন। কত পর এভাবেই আপনের চেয়ে বেশি আপনে গড়ায়। রক্তের সম্পর্ক তাই বন্ধনের শেষকথা নয়। একছাদ-একঘরও প্রণয়ের বায়োডাটা ছিল না কখনো। একই সূত্রে, হরেদরে বর্জ্য নয় সব পরকীয়া। ভব্য কান অসহিষ্ণু; সব সত্য মানতে নারাজ। সভ্যতাও উচ্চস্বরে ভব্যতার পক্ষে কথা বলে। স্বরের উচ্চতা নয়, বিশদ পরান বোঝে বক্তবের ধার। আকাশ সত্যের ছাদ; অপার প্রকৃতি তার বেহিসাবি ঘর।
পরের আপন আছে; আপনেরও স্বার্থদুষ্ট পর।

Leave a Reply
You must be logged in to post a comment.