ডায়েরি থেকে

যারা পথে বেরিয়ে পড়েছে তাদেরকে জনে জনে

প্রশ্ন করি – তোমরা আমার ছোটো ভাইটিকে

দেখেছ কি। আমার কুকুর-ছানাটাই বা গেল কোন

দিকে, বলো দেখি। আরো নানাবিধ প্রশ্ন করাতেই

আমরা দক্ষতা ও কৌশল। যেমন, জানতে চাই –

আজ কোন বার, কোন সাল, বাংলা না ইংরেজি,

পুজোর কতটা দেরি। অমাবস্যা-পূর্ণিমায় প্রশ্ন করি –

কাল উপোস দিয়েছ। ক্ষতবহ ভিখিরিদের প্রশ্ন করি –

বোরোলিন লাগাচ্ছ তো। সেদিন এক মাস্টারকে

ধরে ফেলি, বলি – ফল কেন মাটিতে পড়ে হে,

আকাশে ওড়ে না কেন। এর উত্তর সবাই জানে –

আমি ছাড়া। চিড়িয়াখানায় আমি পশুদের প্রশ্ন করি,

ঘোড়দৌড়ের মাঠে ঘোড়াদের। কুচকাওয়াজের আগে

সৈন্যদের কাছে আমি বহু তথ্য জেনে নিতে যাই।

কিন্তু হায়, বিধানসভার গেটে আমাকেও বোবা হয়ে

যেতে হলো। এত মহামূর্খদের আমি একসঙ্গে কখনো

দেখিনি। ওদেরকে কোনো কিছু প্রশ্ন করা অর্থহীন।লোকে আমাকেই পাগল বলবে।