পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো ফুটে আছে

পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো ফুটে আছে বঙ্গদেশে –

ঝ’রে যায় তারা প্রভুদের ইচ্ছায় বা অনিচ্ছায়;

ফ্যাক্টরিতে ঝিকঝিক শব্দে একটানা কাজ হয় সূর্যোদয় থেকে

তারপর সারাদিন উৎপাদনের খেলা

বয়ে যায় বেলা ।

সন্ধ্যায় কুয়াশা দল বেঁধে এ শহরে নামে

 ছুঁয়ে যায় মাঠ-ঘাট-প্রান্তর ও নদী

হৃদয়ের অন্তহীন কান্না নিরবধি ।

পোশাকশিল্পের মেয়েরা ক্লান্তির ভারে অবসন্ন –

পথে পথে বাসে বাদুড়ের মতো ঝুলে গৃহযাত্রা

অবশেষে মাথা গুঁজে রাত্রি কাটে

আবার সকাল–

কেটে যায় এইভাবে জীবনের কাল।

পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো ফুটে আছে বঙ্গদেশে –

রামপুরা মিরপুর তেজগাঁও মুগদাপাড়া সাভারে

তারা সব দল বেঁধে কাজ করে চাবিআঁটা নিস্তব্ধ ভাগাড়ে ।

 এ নাকি বড়ই লাভের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে প্রভুগণ

২০০৫ সালে কোটা লুপ্ত হবে তাই হয়তো চিন্তিত কেউ–

তাই শুধু ছাঁটাই ছাঁটাই খেলা আর অনিশ্চিত ঢেউ…

পোশাকশিল্পের যত পুষ্টিহীন ফ্যাকাশে মেয়েরা কী যে বলে

অন্ধকারে বিড়বিড় করে–

তাদের রক্তিম কত স্বপ্নসাধ অনাদরে ঝরে ।

পরিবার পথে বসে- অসহায় বৃদ্ধ পিতা

অভুক্ত ভাই ও বোন জেগে থাকে সারারাত;

অনুক্ষণ ভাতের ক্ষুধায় পেটে জ্বলে আগুনের চিতা।

অনিশ্চিত অন্ধকারে প্রতিদিন ভোর হয় –

পোশাকশিল্পের মেয়েরা ফুলের মতো বঙ্গদেশে ফুটে রয়;

 নিজেকেই বারবার দুঃখের অগ্নিময় চুলায় চড়ায় ।

তাদের জীবন মূল্যহীন

তবু উন্নত দেশের সভ্য মানুষকে তারা পোশাক পরায়।