প্রিয় আসবাবপত্র কুরে কুরে খায় ঘুণপোকা
বাইরের কাঠামোর আড়ালে ভেতরে ভেতরে
নিঃশেষিত হয় শৌখিনতার সমস্ত সৌকর্য –
শূন্যতার অভিজ্ঞানকে ধারণ করে
এক সময় ভেঙে পড়ে সব আবরণ ।
স্মৃতিপোকা শুরু করে গল্পের আয়োজন
ফিরে আসে অতীতের বর্ণাঢ্য সময়
শৈশবের সবুজ মাঠ, স্বচ্ছ জলের পুকুর
ঘোমটাপরা বধূর মতো পৌষের কুয়াশাভরা ক্ষেত –
স্মৃতিপোকা ঝুড়ি ভরে তুলে আনে ফল ও ফসল।
ঘুণপোকা কুরে কুরে খায় বর্তমান
শূন্য করে দেয় ভাঁড়ারের ঘর,
চাঁদ ভেঙে ভেঙে আকাশের সব আলো আত্মসাৎ করে নেয়,
মৃত্যুর বিষণ্ন পোস্টারে ঢেকে দেয় রঙের কারুকাজ;
স্মৃতিপোকা ভরে রাখে জীবনের সিন্দুক –
সূর্যোদয়ের আনন্দ-গানে মুখরিত করে মন,
দূর অতীতের ন্যাপথলিনের গন্ধে
ভরা মায়ের শাড়ির আঁচল থেকে তুলে আনে
অপার্থিব ভালোবাসা ।

Leave a Reply
You must be logged in to post a comment.